গুলশানের রেস্তোরাঁয় দুর্ধর্ষ সন্ত্রাসী হামলার পরও জঙ্গি তৎপরতার ব্যাপারে আমাদের সরকারি অবস্থানের কোনো পরিবর্তন ঘটেনি। স্বরাষ্ট্রমন্ত্রী পুরোনো সুরে আগের কথাই আবারও বললেন, এই হামলাকারীরা জেএমবির সদস্য, আন্তর্জাতিক কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। পুলিশের মহাপরিদর্শক অবশ্য গত রোববার সাংবাদিকদের ক্ষীণ স্বরে বলেছেন, শুক্রবারের হামলাকারীদের বিদেশি যোগাযোগ থেকে থাকতেও পারে।
হামলার দায় স্বীকার করেছে ইরাক-সিরিয়াভিত্তিক সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)—এই সূত্র ধরে দেশি ও বিশেষত আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আইএসের সংশ্লিষ্টতার সম্ভাবনাই বেশি প্রচার পাচ্ছে।
গুলশানের হামলাকারী তরুণদের আচরণের সঙ্গে আইএস জঙ্গিদের আচরণের কিছু মিল লক্ষ করা যায়। নিষ্ঠুরতা প্রদর্শনে তারা বাংলাদেশের সন্ত্রাসবাদী তৎপরতার ইতিহাসে বীভৎসতার রেকর্ড সৃষ্টি করেছে। তারা যে নরম-সরম প্রকৃতির বাঙালি-সন্তান, তা বিশ্বাস হতে চায় না। কুড়ি জন মানুষকে তারা হত্যা করেছে ধারালো ধাতব অস্ত্র দিয়ে, দীর্ঘ সময় ধরে, তিলে তিলে। অথচ তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল, রেস্তোরাঁয় ঢোকার পরই তারা গোলাগুলি করেছে। কিন্তু কুড়ি জন নিরস্ত্র-নিরপরাধ মানুষকে জিম্মি করার পর তারা আগ্নেয়াস্ত্রের বদলে ব্যবহার করেছে ছুরি, কেউ বা তরবারি। রেস্তোরাঁটির কর্মীদের চোখের সামনে তারা দীর্ঘ সময় ধরে রক্তপাতের যে বীভৎস দৃশ্য রচনা করেছে, তার বিবরণ হলিউডের হরর সিনেমাগুলোকেও হার মানাবে। শুধু তা-ই নয়, তারা সেসব দৃশ্যের ছবি তুলেছে এবং রেস্তোরাঁটির ওয়াই-ফাই সংযোগ ব্যবহার করে সেগুলো পাঠিয়ে দিয়েছে তাদের নেপথ্য পরিচালকদের কাছে। আইএসের কথিত নিউজ এজেন্সি ‘আমাক’-এর বরাত দিয়ে ‘সাইট’ নামের আমেরিকা-ভিত্তিক এক ওয়েবসাইট সেসব ছবি পরিবেশন করেছে।
রক্তপাতের বীভৎস দৃশ্য সৃষ্টি করা এবং তা বিশ্ববাসীকে প্রদর্শন করা ইসলামিক স্টেটের অন্যতম প্রধান ‘হলমার্ক’ বা বৈশিষ্ট্যসূচক লক্ষণ। আইএস জঙ্গিরা তাদের হাতে আটক লোকজনকে হত্যা করার কাজে আগ্নেয়াস্ত্রের চেয়ে বেশি ব্যবহার করে ছুরি অথবা তরবারি। শিরশ্ছেদ বা দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করা তাদের একটা প্রিয় কাজ। এটা তারা করে পণবন্দীদের ক্ষেত্রে। তারা শিরশ্ছেদের ভিডিওচিত্র ও স্থিরচিত্র ধারণ করে ইন্টারনেটের মাধ্যমে প্রচার করে।
আইএসের আরেকটি প্রবণতা আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করা। তাদের প্রতিটি হামলার উদ্দেশ্য থাকে সর্বোচ্চ মাত্রায় নিষ্ঠুরতা যথাসম্ভব দীর্ঘ সময় ধরে চালিয়ে যাওয়া, যাতে করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তা দীর্ঘ সময় ধরে প্রচারিত হয়। গুলশানের হামলাকারীরাও দৃশ্যত সে রকমই চেয়েছে, তারা হামলা শুরু করার পরই তাদের নেপথ্যের পরিচালকদের সেটা জানিয়ে দিয়েছে এবং সারা রাত ধরে তারা নৃশংসতা চালিয়েছে। ফলে সিএনএন, এনডিটিভি প্রভৃতি বিদেশি ও দেশি প্রায় সব টিভি চ্যানেলে তারা সারা রাত ধরেই প্রচার পেয়েছে। হামলাকারীরা দৃশ্যত আত্মঘাতী লড়াইয়ের প্রস্তুতি নিয়েই রেস্তোরাঁতে ঢুকেছিল, তারা সেখানকার লোকজনকে জিম্মি করে আমাদের সরকারের সঙ্গে যোগাযোগ করে কোনো দাবিদাওয়া জানায়নি। তাদের লক্ষ্য ছিল নৃশংস হত্যাযজ্ঞ সম্পন্ন করে বিশ্ববাসীকে নিজেদের অস্তিত্ব ও শক্তি-সামর্থ্য জানিয়ে দেওয়া। রেস্তোরাঁয় ঢুকেই এলোপাতাড়ি গুলি চালিয়ে হত্যাযজ্ঞ শেষ করে দ্রুত বেরিয়ে যাওয়ার চেষ্টা না করে তারা রাতভর সেখানে অবস্থান করেছে এবং তিলে তিলে মানুষগুলোকে মেরেছে বীভৎস পন্থায়।
আইএসের অতি নিষ্ঠুরতার পেছনের মোটিভ হলো প্রচণ্ড ত্রাস সৃষ্টি করা। তাদের প্রচারিত কাগজপত্রগুলোতে তাদের এই কৌশলের উল্লেখ আছে, যত দিন পর্যন্ত না ‘খিলাফত’ প্রতিষ্ঠা পাচ্ছে, তত দিন ধরে চরম নিষ্ঠুর ও বীভৎস রক্তপাত ও ধ্বংসযজ্ঞের মাধ্যমে ‘তাগুতি’ দুনিয়ার সমস্ত শান্তি-স্বস্তি-নিরাপত্তাবোধ ধ্বংস করার অভিযান চলতেই থাকবে।
গুলশানের হামলাকারীদেরও দীর্ঘ সময় ধরে অতি নিষ্ঠুর হত্যাযজ্ঞের পেছনের লক্ষ্য ছিল ভয় ছড়ানো। এই কাজে তারা যে একটুও সফল হয়নি, তা বলা যাবে না।
হামলার পদ্ধতি ও হামলাকারীদের আচরণে আইএসের অনেক স্মারকচিহ্ন থাকা সত্ত্বেও স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলছেন, এরা জেএমবির সদস্য, এদের কোনো আন্তর্জাতিক যোগাযোগ নেই, তখন এই প্রশ্নের উত্তর জানা জরুরি হয়ে উঠছে: হামলা চলাকালেই ঘটনাস্থল থেকে ডিজিটাল বার্তা ও ছবি চলে যাচ্ছিল আন্তর্জাতিক ওয়েবসাইটে, কীভাবে এটা সম্ভব হচ্ছিল? আর হামলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিদেশি ওয়েবসাইটে পাঁচ জঙ্গির ছবি প্রচার করে বলা হলো, এরা ঢাকায় হামলা চালাচ্ছে। ওই ছবিগুলো আগেই তুলে রাখা হয়েছিল এবং হামলার সময়ই সেগুলো প্রচার করা হবে—এ রকম পরিকল্পনা আগেই নেওয়া হয়েছিল। কারা এসব করেছে? আমাদের ‘ঘরের ফসল’ (হোমগ্রোন) জেএমবি? হতে পারে এরা জেএমবিরই সদস্য। তাহলে বলা যাবে না যে সেই জেএমবির কোনো আন্তর্জাতিক যোগাযোগ নেই। না থাকলে হামলার তাৎক্ষণিক তথ্য ও চিত্র সাইট ইন্টেলিজেন্সের ওয়েবসাইটে গেল কীভাবে?
অন্যভাবে দেখলে, এরা যদি আন্তর্জাতিক যোগাযোগহীন বিশুদ্ধ দেশি সংগঠন জেএমবির সদস্যই হয়ে থাকে, তাহলে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশ, র্যা ব, গোয়েন্দা, সন্ত্রাস দমন ইউনিট ইত্যাদি যা কিছু আছে, তাদের সম্মিলিত দক্ষতা-কার্যকারিতা নিয়ে গভীরভাবে ভেবে দেখতে হবে। মাত্র পাঁচটা ছেলে ভরসন্ধ্যায় দেশের সবচেয়ে সুরক্ষিত কূটনৈতিক মহল্লার ভেতরে এক রেস্তোরাঁয় ঢুকে লোকজনকে জিম্মি করল। কত অনায়াসে! তারপর পুলিশ বাহিনী সেখানে গিয়ে দুজন অফিসারকে হারাল, প্রায় ৪০ জন পুলিশ সদস্য আহত হলেন! সেনাবাহিনীর শরণাপন্ন হতে হলো! মাত্র পাঁচজন জঙ্গিকে সামলাতেই যদি সেনাবাহিনী তলব করতে হয়, তাহলে আমাদের ভবিষ্যৎ আরও অনেক বিভীষিকা নিয়ে অপেক্ষা করছে। কারণ, গভীর শঙ্কা-উদ্বেগের সঙ্গে মনে হচ্ছে, গুলশান বিভীষিকার মধ্য দিয়ে এ দেশের সন্ত্রাসবাদী তৎপরতার এক নতুন পর্যায় শুরু হলো। একটি-দুটি গুপ্তহত্যা বা টার্গেটেড কিলিংয়ের পর্যায় থেকে উত্তরণ ঘটল ম্যাস কিলিং বা গণহত্যাযজ্ঞের পর্যায়ে। হামলাকারীরা দেখিয়ে দিয়ে গেল তারা আন্তর্জাতিক যোগাযোগ রক্ষা করছিল।
উদ্বেগের আরও বিষয় হলো, ভারত উপমহাদেশ বা দক্ষিণ এশিয়ায় আল-কায়েদা ও ইসলামিক স্টেটের মধ্যে আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা আছে। সেই প্রতিযোগিতা এখন বেড়ে গেলে আমরা কি সামাল দিতে পারব?
মশিউল আলম: সাংবাদিক ও সাহিত্যিক।
[email protected]