আপনার মেয়ে পাড়ার বখাটে ছেলের পাল্লায় পড়েছে। বখাটের দাবি, মেয়েকে তার হাতে তুলে দিতে হবে। আপনার আদরের মেয়ে, তিল তিল করে বড় করেছেন ওকে, আঁচড় লাগতে দেননি গায়ে, ওকে তুলে দিতে হবে সেই হাতে—যে হাতে ফুল কিংবা ভ্রমর নয়, বরং ইয়াবা, হেরোইন আর রিভলবার খেলা করে! আপনার মেয়ে, যার মুখে আধো আধো বোলের শব্দ এখনো আপনার কান থেকে মুছে যায়নি, যার ডায়াপার বদলে দিতে গিয়ে আপনার শেষরাতের ঘুম পাতলা হয়ে গেছে কত দিন, যাকে আঙুলে ধরে স্কুলে নিয়ে গেছেন এই সেদিনও, তাকে বউ সাজিয়ে হাসিমুখে তুলে দিতে হবে কালো এক মোটরসাইকেলের পেছনে! ঝরাপাতার মতো কাঁপছে আপনার মেয়ে শোবার ঘরের দরজার আড়ালে লুকিয়ে, আর বসার ঘরে ‘বরযাত্রী’ অপেক্ষমাণ মারণাস্ত্রসমেত, কী করবেন আপনি? বাংলাদেশের মতো দেশে যেখানে সমাজের রন্ধ্রে রন্ধ্রে অবক্ষয়, যেখানে জীবনের সামান্য নিরাপত্তাটুকু নেই, সে রকম একটি দেশের অসহায় বাবা-মা হিসেবে আপনারা তা-ই করলেন, যা ন্যূনতম বিবেচনাবোধ থেকে করা যেতে পারত। পুলিশ ডাকলেন না (কারণ ডেকে লাভ নেই), বরং ওই বখাটে যুগলের সঙ্গে কথা বললেন। বুঝিয়ে দিতে চাইলেন যে এটা কেন অসম্ভব। আলাপচারিতার একপর্যায়ে ওরা পিস্তল বের করে গুলি করল, লুটিয়ে পড়লেন আপনারা। আর আমরা পত্রিকায় পড়লাম এই হত্যাকাণ্ডের ইতিবৃত্ত। পড়লাম, মেয়েকে তুলে না দেওয়ার ‘অপরাধে’ বাবা-মা খুন হয়ে যাওয়ার ভয়ংকর কাহিনি। আমরা এই হত্যাকাণ্ডের সঙ্গে সমাজের অবক্ষয়, মাদকাসক্তি, রাজনৈতিক দুর্বৃত্তায়নকে মিলিয়ে ব্যাখ্যা একটা দাঁড় করিয়ে তড়িঘড়ি দায়মুক্ত হয়ে গেলাম!আর খুনিরা যখন ধরা পড়ল, আমরা অবাক বিস্ময়ে দেখলাম এরা কেউ মনস্টার নয়, বিশ্ববিদ্যালয়ে পড়া ছাত্র, মধ্যবিত্ত/উচ্চমধ্যবিত্ত পারিবারিক কাঠামোর মধ্যেই বড় হয়ে উঠেছে! এদের আশপাশের সবাই চেনে, তারা বাসে-রিকশায় চড়ে, ইন্টারনেট ব্রাউজ করে, ফেসবুকে অ্যাকাউন্ট আছে। আমরা কেউ ভেবেই দেখলাম না, তাদের উদ্দেশ্য কী ছিল? তাদের হাতে যখন পিস্তল, তারা তো মেয়েটিকে রাস্তা থেকেও অপহরণ করতে পারত, বাসা থেকেও পিস্তলের মুখে নিয়ে যেতে পারত। কিন্তু সেটা তারা করল না, এমনকি বাবা-মাকে খুন করার পরও বরং বলে গেল, ‘তোর বাবা-মাকে মেরে ফেললাম, এখন একলা একলা থাক!’ আপনার মেয়ে যদি আসা-যাওয়ার পথে অপহূত হয়ে যেত, কিংবা পিস্তলের মুখে বাসা থেকে তুলে নিয়ে যেত ওরা, তাতে আপনার বিশ্বাস ও মূল্যবোধ অন্তত জিম্মি হতো না। কিন্তু এরা তা চায়নি। এরা চেয়েছিল, আপনি এদের বখাটে জেনেও হাসিমুখে কন্যা সম্প্রদান করেন! হূষ্টচিত্তে মোটরসাইকেলের পেছনে তুলে দেন আদরের মেয়েকে! সেই অর্থে, এরা শুধু আপনার মেয়েকে বলপূর্বক তুলে নিতে আসেনি; আপনার স্বাধীনতা, মূল্যবোধ আর বিশ্বাসকে ধর্ষণ করতেও এসেছিল। সেটা করতে দেননি বলেই খুন হতে হলো আপনাকে।কড়াইল বস্তিতে একটি গান শুনতাম প্রায়ই: ‘কোনো অস্ত্রধারীর হাতে আমার বোনকে দেব তুলে/ সে সন্ত্রাসী হোক কিংবা ক্যাডার, কার কি যায় আসে?/ আমার বোনটি নিরাপত্তা পাবে থাকলে যে তার পাশে।’ মনির খানের সেই গানের শ্রোতা তো আপনি নন। এই গান বলছে শহরের সেই জনগোষ্ঠীর কথা, যারা বস্তিতে থাকে শহরের আবর্জনা হিসেবে, যাদের পক্ষে কোনো থানা-পুলিশ কোর্ট-কাচারি নেই, যারা ঘুমায় কিংবা জেগে থাকে আগুন আর বুলডোজারের দুঃস্বপ্নের মধ্যে প্রতিদিন। সেই বস্তিতে বড় হয়ে ওঠা একটি বোনের জন্য উদ্বিগ্ন ভাই এর চেয়ে বেশি কি নিরাপত্তা চাইতে পারে? কারণ, সে জানে তার হাত আইনের দরজা পর্যন্ত কোনো দিন পৌঁছাবে না। তো, আপনি কেন সেভাবে ভাববেন? সমাজে আপনার প্রতিষ্ঠা আছে, সাংগঠনিক পরিচয়ও আছে খানিকটা, ছেলেমেয়েরা দেশে-বিদেশে ভালো করছে, আপনি তো মনির খানের সেই গানের শ্রোতা হবেন না! আপনি আইনের শাসনে বিশ্বাস করেন, ভোট দেন, কর দেন, এমনকি সমাজের ভালোমন্দ নিয়ে বন্ধুমহলে মতামতও দিয়ে থাকেন। এভাবে নিজের ক্ষমতায়ন সম্পর্কে আপনার একটি বায়বীয় ধারণা জন্মায়। আপনি ভাবেন যে সমাজের সার্বিক পচন থেকে আপনার বিত্ত, সক্রিয়তা, বিশ্বাস আর মূল্যবোধ আপনাকে বাঁচিয়ে রাখবে। আর নিরাপত্তার যে ব্যূহ আপনি নিজের চারপাশে অনুভব করছিলেন, আপনি খুন হয়ে যাওয়ার পর আমরা বুঝলাম, এটা ছিল নেহাত কাচের দেয়াল!খুন হওয়ার আগের মুহূর্তে যাই, যেখানে দেখব যে দুই বখাটে আপনার বাড়ির গেটে দাঁড়িয়ে আছে কোমরে রিভলবার গুঁজে, আপনার মেয়েটিকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যাওয়ার জন্য নয়; বরং আপনারা হাসিমুখে মেয়েকে ‘সুপাত্রে’ সম্প্রদান করবেন, সেই আবদার নিয়ে! এবার অন্য পৃষ্ঠায় যাই, দেখব, আপনার মেয়ের দীর্ঘদিনের ‘বন্ধু’ তার অন্যত্র প্রেমের দেনা শোধ করতে গিয়ে ছুরি কিনছে আপনাকে রক্তাক্ত করে দেবে বলে। কারণ, তার ২০ লাখ টাকা লাগবে এবং সেই টাকা কোনো কার্যকারণ ছাড়াই আপনাকে দিতে হবে! মেয়ের এই বন্ধুটিকে নেহাত বখাটে ভাবার কোনো সুযোগ ছিল না আপনার, আপনি তো একে সুশীল ছাত্র এবং মেয়ের বন্ধু হিসেবেই চেনেন। এবার আরেক পৃষ্ঠায় যাই, যেখানে আপনার ছাত্রীর প্রেমিক আপনারই বাড়ির সামনে ছুরি নিয়ে অপেক্ষা করছে আপনাকে খুন করার জন্য। আপনার চোখের আড়ালে আপনার চেনা-পরিচিত মানুষজন কী ভয়ংকরভাবে বদলে যাচ্ছে, সে হিসাব আপনি কীভাবে রাখবেন? কিন্তু হিসাব না রাখতে পারলেও দায় আপনাকেই নিতে হবে! খড়্গ আপনার ওপরই ওঠানো, পচন যেখানেই থাকুক।আপনার বেঘোরে খুন হয়ে যাওয়ার জন্য এসব অছিলাই যথেষ্ট। আপনি শুধু বেশুমার নৌ কিংবা সড়ক দুর্ঘটনায় পটল তুলবেন, লাগাতার ভূমিকম্পে থরহরিকম্প থাকবেন তা তো হবে না! আপনাকে শুধু ক্রসফায়ার, রাজনৈতিক প্রতিপক্ষের বুলেট, ছিনতাইকারীর ছুরি বা অজ্ঞান পার্টির ধুতরার বিষ খুঁজে বেড়াচ্ছে ভাবলে ভুল হবে। আপনি খুন হতে পারেন নিজ মেয়ের বখাটে প্রণয়প্রার্থীর হাতে স্রেফ তার আবদার ফিরিয়ে দেওয়ার অপরাধে। আরও তুচ্ছ অজুহাতে আপনাকে খুন করতে পারে আপনার সন্তানের বহুদিনের চেনা কোনো বন্ধু কিংবা আপনার ছাত্রীর প্রেমিক কিংবা আপনাকে খুন করার জন্য বিদেশে বসেও খুনি ভাড়া করতে পারে কোনো অনলাইন ফ্যানাটিক।এখন নিশ্চয়ই হেসে উঠবেন আপনি। বলবেন, আরে দূর, এসব ঘটনা তো হরহামেশা ঘটে না, সরলীকরণ করছ তুমি! ঠিক। এসব ঘটনা কালেভদ্রেই ঘটে। তাই বলে কি এর ভয় থেকে আপনি মুক্ত থাকতে পারছেন? জমাটবাঁধা ভয় হয়তো আপনার দম বন্ধ করে দিচ্ছে না, আপনি দিব্যি খাচ্ছেন-দাচ্ছেন, ঘুরেও বেড়াচ্ছেন। কিন্তু শিরার ভেতর, রক্তপ্রবাহের সঙ্গে অবয়বহীন তরল একটা ভয় ঠিকই বয়ে চলেছে। এই ‘তারল্য’ পাতলা অর্থে মোটেও নয়, বরং এর অবয়বহীনতা একে সর্বগামী করে তুলছে, যেন সর্বভূতে বিরাজিত সে! কিন্তু এই ভয়কে বহন করে বেঁচে থাকার সামর্থ্য আপনাকে দিচ্ছে আমাদের ‘তরল আধুনিক’ সমাজব্যবস্থা, সমাজতাত্ত্বিক জিগম্যান্ট বম্যান যেমন বলেন। আপনি পালিয়ে যাবেন না, আতঙ্কে চিৎকার করে উঠবেন না, ঘরে খিল লাগিয়ে কাঁপতে থাকবেন না, কিন্তু অবশ্যম্ভাবী ভয়ের স্রোত আপনাকে একটু একটু করে গিলে ফেলবে। নীরবে টহল দিয়ে বেড়াবে আপনার শিরায়-উপশিরায়। এভাবে ভেতরে ভেতরে আপনি অন্য মানুষ হয়ে উঠবেন ধীরে ধীরে।বম্যান তিন ধরনের ভয়ের কথা বলছেন তাঁর লিকুইড ফিয়ার (২০০৬) নামক বইতে। কিছু ভয় আছে আদিম বা প্রাকৃতিক। এর প্রতিক্রিয়ায় মানুষ আর জানোয়ারের পার্থক্য বিশেষ নেই: পারলে রুখে দেওয়া, নয়তো পালানো। কিছু ‘ডেরাইভেটিভ’ অর্থাৎ সামাজিক-সাংস্কৃতিক: যেমন চাকরি হারানোর ভয়, স্ট্যাটাস নেমে যাওয়ার ভয়। আর কিছু ভয় আছে, যা পুরো প্রাকৃতিকও নয়, আবার পুরো সাংস্কৃতিকও নয়। এদের কোনো নাম নেই, এরা থাকে মাঝখানে ধূসর এলাকায়। এরা প্রাকৃতিক হলেও পুরোপুরি নয়, আবার মানবসৃষ্ট হলেও পুরোপুরি নয়। এই জোনে আপনার বিবেক-বুদ্ধির বিশেষ ভূমিকা নেই, সমাজ কিংবা রাষ্ট্রও এখানে কখনো বধির কখনো বা অকেজো, নৈতিকতা কিংবা কোনো রামসুন্দর বসাকের আদর্শ দিয়ে এর সামান্যই মোকাবিলা করা সম্ভব। একেই ‘তরল ভয়’ নাম দিচ্ছেন বম্যান। আপনি ভ্রমণ করছেন ট্রেনে, বোমা হামলা হতে পারে; শেয়ারবাজারে বিনিয়োগ করেছেন, স্টক এক্সচেঞ্জে ধস নামতে পারে; ঘুমিয়ে পড়েছেন, ভূমিকম্পে চিরকালের মতো আটকে যেতে পারেন বিধ্বস্ত ভবনের ভেতর; মেয়ে বড় হয়েছে, তার প্রণয়প্রার্থীর হাতে খুন হয়ে যেতে পারেন; ছেলে স্কুলে গেছে, অপহূত হতে পারে; পাড়ার বখাটেদের উৎপাতে মেয়ে বিষ খেয়ে মরে যেতে পারে; স্কুটারে বাড়ি ফিরছেন, চোখে মলম লাগিয়ে আপনাকে ট্রাকের নিচে ফেলে দেওয়া হতে পারে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই ভয় তরল, শ্রেণী-লিঙ্গ-বর্ণভেদে আগের মতো জমাট বাঁধছে না। নাগরিক মধ্যবিত্ত, দেখুন না আপনার সম্ভাব্য খুনি শুধু নিম্নবর্গ থেকেই আসছে না, সে বেড়ে উঠছে আপনারই ড্রয়িংরুমে। তাকে আপনি চেনেন, রাস্তায় সালাম নিয়েছেন বহুবার, পালা-পার্বণে হয়তো বাড়িতে ডেকে খাইয়েছেনও। তাকে এখন আর শ্রেণী দিয়ে, বর্ণ দিয়ে, ধর্ম দিয়ে আলাদা করে চেনা যাচ্ছে না, যাবেও না। তো, আপনি যখন আপনার মেয়ের প্রণয়প্রার্থীর গুলিতে খুন হয়ে যাবেন, তাকে আমরা কী নাম দেব? সমাজের অবক্ষয় বা সহিংসতার বিস্তার যা-ই বলি, হাতের মুঠোয় যেন পুরোটা আসে না। যতই আমরা বিস্মিত না হওয়ার ভান করি, যতই হাজির করি রেডিমেড ব্যাখ্যা-বিশ্লেষণ, এই খুন যেন সেসবের ঊর্ধ্বে উঠে থাকে! ‘সহিংসতা’ কিংবা ‘অবক্ষয়’-জাতীয় শব্দগুলোকেই খুব ক্লিশিত লাগে, এদের সংজ্ঞাগুলো যে মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে! এই যে ভয়াবহ গতিশীলতা, যার জন্য অশুভ কোনো নাম আমরা ঠিক করতে পারছি না। তার সঙ্গে পাল্লা দিয়ে দৌড়াতে দিনে দিনে আরও অক্ষম হয়ে উঠছে আমাদের রাষ্ট্র ও শাসনব্যবস্থা, বিবেচনা, মূল্যবোধ ও শুভবুদ্ধি। ফলে ভয় অবয়ব হারাচ্ছে আরও, পরিপুষ্ট হয়ে উঠছে আমাদের তরল ভয়ের স্বরলিপি!সুমন রহমান: কবি, কথাসাহিত্যিক। [email protected]