ইয়াবার ব্যাপক বিস্তার এবং সমাজে এর নেতিবাচক প্রভাব নিয়ে সবাই উদ্বিগ্ন। ইয়াবা আমদানি, প্রস্তুত, বিক্রয় ও সেবন বেআইনি। ফলে এর বিরুদ্ধে সরকারি অভিযানকে কেউই অযৌক্তিক ভাবেননি। কিন্তু অভিযানটি বিতর্ক ও সমালোচনার মুখে পড়েছে
ইয়াবা নির্মূলে পুলিশ ও র্যাবের ব্যবহৃত কৌশলটির কারণে। তার ওপর টেকনাফের ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগের সাবেক নেতা একরামুল হত্যা সামাজিক বিবেককে দারুণভাবে নাড়া দিয়েছে। এর ফলে বিচারবহির্ভূত হত্যার বিরুদ্ধতা মানবাধিকারকর্মীদের ছাপিয়ে সমাজের সংবেদনশীল অংশেও ছড়িয়ে পড়েছে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কেউই সমর্থন করে না, কিন্তু ইয়াবা সমাজে এতটাই সর্বনাশ ঘটাচ্ছিল যে অনেক সাধারণ মানুষ মাদকবিরোধী অভিযানের প্রতি সমর্থন দিয়েছে।
মাদকবিরোধী অভিযানটি চলছে মূলত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে; মাদকাসক্তদের বিষয়ে সরকার কিছু বলছে না। কিন্তু মাদক ব্যবসা তো চলছে মাদকাসক্তদের নিয়েই। তাদের কারণেই ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্যের এমন কদর। সংবাদমাধ্যমে লেখা হয়েছে, দেশে ৭৭ লাখ ইয়াবাসেবী আছে, এদের ৬০ শতাংশই তরুণ। তাহলে বলা যায়, ১৫ থেকে ৩৫ বছর বয়সী জনগোষ্ঠীর মধ্যে ৪৫ লাখ ইয়াবায় আসক্ত। এই যুবসমাজের মোট সংখ্যা ২ কোটির বেশি হবে না। তার মানে হলো, দেশের এক-চতুর্থাংশ তরুণ মাদকাসক্ত হয়ে পড়েছে। এটা গভীর দুর্ভাবনার বিষয়। কারণ, মাদকে আসক্ত হয় সাধারণত হতাশাগ্রস্ত মানুষ।
অনেক সময় নানা রকম প্রচারণার ডামাডোলে বাস্তবতা সম্পর্কে সঠিক ধারণা আমাদের হয় না। দেশে নানামুখী দৃশ্যমান উন্নয়ন হচ্ছে, মাথাপিছু গড় আয়, গড় আয়ু অনেক বেড়েছে, কৃষি উৎপাদনে চমৎকার সাফল্য অর্জিত হচ্ছে, শিক্ষা-স্বাস্থ্যসহ আরও নানা সূচকে অগ্রগতি চমকপ্রদ। কিন্তু তার মধ্যেও বিপুলসংখ্যক তরুণের এই হতাশা কেন? জীবনানন্দের ভাষায় বলা যায়, এদের মরিবার হলো কেন সাধ? মাদকাসক্তি ও জঙ্গিবাদে আকর্ষণ কার্যত মরিবার তরে সাধই বটে। জীবনানন্দ বলেছেন, ‘অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়-/আরও এক বিপন্ন বিস্ময়/আমাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে।’ সংবেদনশীল কিশোর-তরুণদের রক্তের বিপন্ন বিস্ময়ের উপাদানটি এড়িয়ে যাওয়া উচিত হবে না।
এত উন্নয়ন, ব্যক্তি ও গোষ্ঠীর নানা সাফল্যের কাহিনি, গণমাধ্যমে নিরন্তর উন্নয়নের প্রচারণার আড়ালে সমাজমানস কেন হতাশায় ডুবে আছে? ৪৫ লাখ তরুণ একভাবে তাদের হতাশা প্রকাশ করছে। আবার হয়তো অন্য আরেক গোষ্ঠী—হয়তো এর চেয়ে অনেক কমসংখ্যক তরুণ—অন্যভাবে ইসলামি বিপ্লবের জঙ্গি তৎপরতায় যুক্ত হয়ে স্বপ্নভঙ্গের প্রতিবাদে নতুন স্বপ্নের বীজ বুনতে চেয়েছে।
তরুণদের একটি অংশ পরীক্ষায় ভালো ফল করে ভালো চাকরি বা ব্যবসায় ব্যক্তিগত সুখ-সমৃদ্ধিতেই সাফল্য খুঁজবে, খুঁজছে। কিন্তু এ কথা ভুললে চলবে না, কৈশোর থেকে তারুণ্য পর্যন্ত মানুষমাত্রই
নিজেকে ছাপিয়ে বৃহত্তর অঙ্গনে মহত্তর কোনো কাজে যুক্ত হতে চায়। সেই সুযোগটা এখন সমাজে নেই বললেই চলে।
পরীক্ষাকেন্দ্রিক কোচিং-টিউশনির চাপে ন্যুব্জ স্কুলজীবন কিশোর-কিশোরীদের জন্য হাঁপ ফেলার ফুরসতই রাখছে না, বড় কিছু করার সুযোগ কোথায়? বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি ও তার নেতা-নেত্রীদের দাপুটে নিয়ন্ত্রণ ও আধিপত্যের যেসব কাহিনি পত্রিকায় পড়ি, তাতে কিশোর-তরুণদের স্বপ্নভঙ্গের সাক্ষাৎ কারণ তো তারাই। জাতীয় রাজনীতিও তরুণদের স্বপ্ন দেখাতে ব্যর্থ, কারণ সেখানে প্রধানত বিত্ত-ক্ষমতা-আধিপত্যের গল্পই জমে উঠছে। এই আধিপত্যের রাজনীতি তারুণ্যের বিচারে আদতে রাজনীতির অবক্ষয়েরই বহিঃপ্রকাশ। আদর্শ ও নীতিবাদী কিশোর-তরুণের চোখে এ সমাজে নীতি অচল, আদর্শ মরে ভূত হয়েছে, মহত্ত্ব দুষ্টলোকের বচনমাত্র। এর বিরুদ্ধে সংঘবদ্ধ প্রতিরোধে ছাত্ররাজনীতির প্রয়োজন ছিল, কিন্তু তা হয় ক্ষমতার দাসত্বে খত দিয়ে নির্বোধ আনন্দে মেতে আছে, নয়তো দিশে হারিয়ে এবং অবশ্যই তারুণ্যের দীপ্তি ও অহংকারে হারিয়ে—কায়ক্লেশে টিকে আছে। হয়তো এ কালের কিশোর-তরুণ না জেনেই বাংলাসাহিত্যের অমর অহিফেনসেবী শ্রীযুক্ত কমলাকান্ত চক্রবর্তীর পথ ধরে নিজেরাই নেশার ঘোরে উচিত কথা বলার উপায় খুঁজে নিয়েছে, নিচ্ছে।
২.
আমরা জানি না ১৯ শতকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চীনে আফিমের বিস্তার ঘটিয়ে আর্থিকভাবে যে লাভবান হতে চেয়েছিল, তারই কোনো পুনরাবৃত্তি মিয়ানমারের দিক থেকে এ দেশে ঘটেছে কি না। কারণ, একমাত্র মিয়ানমার থেকেই ইয়াবার চালান আসছে। কম সময়ে দ্রুত এর বিস্তার ঘটেছে। টেকনাফ-উখিয়া অঞ্চলে ইয়াবা একটি সামাজিক ব্যবসা ও সংস্কৃতি হয়ে উঠেছে। এতে নারী-পুরুষ–ধর্মনির্বিশেষে সর্বস্তরের মানুষ জড়িয়ে পড়েছে। এমনকি মসজিদের ইমাম বা কোরআনে হাফেজ ব্যক্তিও অভিযুক্ত হয়েছেন। এতে বোঝা যায়, আমাদের সমাজের নিজস্ব কোনো নৈতিক প্রতিরোধ শক্তি অবশিষ্ট নেই। আমাদের হাতের সব ঐতিহ্যবাহী নিদানই ব্যর্থ হয়ে যাচ্ছে।
পত্রিকার সূত্রে জানা যাচ্ছে, ২০০৮ থেকে ২০১৬ সালের মধ্যে ইয়াবা সেবন বেড়েছে শতকরা ৮০ ভাগ হারে, কেবল ২০১৫ থেকে ২০১৬-তে এ হার প্রায় দ্বিগুণ বেড়েছে। ২০১১ সালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইয়াবা জব্দ করেছিল ১৩ লাখ ৬০ হাজার পিস, আর ২০১৬-তে তা বেড়ে হয়েছে প্রায় তিন কোটি পিস। অন্যদিকে ১০ হাজার মাদক মামলার সব আসামিই খালাস পেয়েছে। গোপনে ইয়াবা তৈরির কারখানা তৈরি হয়েছে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জসহ নানা জায়গায়। মাদকবিরোধী অভিযানের তীব্রতা বাড়া সত্ত্বেও মাদকদ্রব্য কেনাবেচা বন্ধ হয়নি, সাবধানতা ও গোপনীয়তা বেড়েছে মাত্র।
মাদকদ্রব্যের ব্যবসা হয়তো বন্ধ করা সম্ভব। কিন্তু কৈশোর ও তারুণ্যকে কেবল পরীক্ষার জোয়ালে আর বৈষয়িক সাফল্যের যূপকাষ্ঠে বেঁধে রেখে স্বপ্নের মুক্ত আকাশে বিচরণের, নিঃস্বার্থ মহৎ আদর্শিক ব্রতে নিজেকে কাজে লাগানোর সুযোগ না দিলে তার হতাশা রুখবে কে? হতাশার বহিঃপ্রকাশ নানাভাবে ঘটে, ইয়াবা সেবন যে তার একটি, সে বিষয়ে সন্দেহ নেই। কিন্তু শুধু পুলিশি অভিযানে এর চূড়ান্ত সমাধান হতে পারে না। এ ক্ষেত্রে ফিলিপাইনের মডেল সর্বোত্তম নয়। চীন ও ব্রিটেনের মধ্যে দুটি আফিম যুদ্ধ ছিল মূলত বাণিজ্যিক স্বার্থের যুদ্ধ। কিন্তু এ কথা ঠিক আফিম বাণিজ্য নিয়ন্ত্রণে বড় হিস্যাদার হয়ে ব্রিটিশ ঔপনিবেশিকেরা সে দেশে আফিম সহজলভ্য
করেছিল এবং আফিমখোরের সংখ্যাও বাড়িয়েছিল। যদিও চীনা শাসকেরা বিভিন্ন সময়ে আফিম সেবন নিয়ন্ত্রণ করতে চেয়েছিল কিংবা গ্ল্যাডস্টোনের মতো ইংরেজ প্রধানমন্ত্রী ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ধিক্কার জানিয়েছিলেন, তবু আফিমের প্রভাব থেকে চীনা সমাজকে তখন মুক্ত করা যায়নি।
এই মুক্তি ঘটেছে মাও সে–তুংয়ের নেতৃত্বে বিপ্লবের পরে। বিপ্লবের পরে ১৯৫০ সালেই ১ কোটি নেশাগ্রস্তকে রাষ্ট্রের পক্ষ থেকে বাধ্যতামূলক
চিকিৎসার আওতায় আনা হয়েছিল। এবং হ্যাঁ,
আফিম ব্যবসায়ীদের নির্মূল করাই হয়েছিল। তবে আসল কাজ কি তাতে হয়েছে? না, আসল কাজ হয়েছে মাওয়ের রাজনীতি ও সমাজতান্ত্রিক বিপ্লব তরুণদের সামনে নতুন সম্ভাবনার স্বপ্নের দুয়ার খুলে দিয়েছিল, তাদের সামনে দেশ ও জাতির জন্য
কাজের মহান ব্রত পালনের সুযোগ করে দিয়েছিল। সেই সঙ্গে বিপ্লবী সরকার সংশ্লিষ্ট এলাকার কৃষকদের পপি চাষের পরিবর্তে অন্যান্য ফসল উৎপাদনে উৎসাহিত ও বাধ্য করেছিল।
তবে হ্যাঁ, সম্পূর্ণ মাদকমুক্ত কোনো সমাজ নেই, যেমন নেই সম্পূর্ণ অপরাধমুক্ত সমাজ। কিন্তু সরকার ও সমাজের কাজ এর মহামারি রোধ করা, সামাজিক বিপর্যয় ঠেকানো এবং জাতির সংবেদনশীল অংশ কিশোর ও তরুণদের বিকাশের পথে রাখা। আমরা সে কাজে প্রায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছি। তাই শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করে সমাধান খুঁজছি। অথচ সে পথে শক্তির প্রয়োগ উত্তরোত্তর বাড়াতে হবে, যার পরিণতি হবে একটি পুলিশি রাষ্ট্রে রূপান্তর। সেটা সুস্থ পথ নয়। বুঝতে হবে, রাজনীতি ক্ষমতালাভের হাতিয়ার বটে কিন্তু ক্ষমতা তারই নিয়ন্ত্রণে থাকতে হবে। উল্টোটা ঘটলে অর্থাৎ ক্ষমতাই রাজনীতির নিয়ন্তা হয়ে উঠলে সে সমাজে অবক্ষয় ঘটবেই, তারুণ্যের অপচয় রোধ করা যাবে না।
আবুল মোমেন কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক