
একজন আধুনিক তরুণ হিসেবে নিজেকে প্রথম সারিতে স্থাপন করার জন্য অপরিহার্য একটি মাসিক বিজ্ঞান ম্যাগাজিন সম্প্রতি বাজারে এসেছে। বিজ্ঞানচিন্তা। গত অক্টোবর থেকে প্রকাশ হচ্ছে। প্রতি মাসের ১৫ তারিখ বের হয়। তরুণদের জন্য অপরিহার্য এই পত্রিকাটি প্রতি মাসে এমন কিছু বিষয় সামনে নিয়ে আসে, যা শুধু নতুন নয়, হয়তো বিজ্ঞানচিন্তা না পড়লে ওই সব বিষয় জানাই হতো না।
যেমন ধরা যাক এ মাসের সংখ্যা। ১৫ ডিসেম্বর বাজারে আসছে। বিদায়ী ২০১৬ সাল রেখে যাচ্ছে বিজ্ঞানের ক্ষেত্রে অন্তত দুটি গুরুত্বপূর্ণ অর্জন। একটি হলো, এ বছরের ১১ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লাইগো টিমের সদস্য বিজ্ঞানীদের বিশ্ব কাঁপানো সেই ঘোষণা। সেদিন তাঁরা মহাকর্ষ তরঙ্গের অস্তিত্ব শনাক্ত করেছেন। এই মহাকর্ষ তরঙ্গের কথা ১০০ বছর আগে, ১৯১৬ সালে আলবার্ট আইনস্টাইন বলেছিলেন। অনেকে বলতেন ওটা কল্পকথা, বাস্তবে এর অস্তিত্ব নেই। কিন্তু লাইগোর বিজ্ঞানীরা জানালেন, ১ হাজার ৩০০ কোটি বছর আগে দুটি ব্ল্যাকহোলের সংঘর্ষের ফলে সৃষ্ট মহাকর্ষ তরঙ্গ মাত্র মাস পাঁচেক আগে পৃথিবীতে এসে পৌঁছেছে! এভাবে লুসিয়ানা// ও ওয়াশিংটন স্টেটে স্থাপিত লেজার ইন্টার ফেরোমিটার গ্র্যাভিটেশনাল ওয়েভ (লাইগো)-এর বিজ্ঞানীরা শতবর্ষের রহস্য সমাধানে অসাধ্য সাধন করলেন।
একই সঙ্গে মনে পড়বে এ বছরটি মহা বিজ্ঞানী আইনস্টাইনের কালজয়ী আবিষ্কার, সাধারণ আপেক্ষিকতা সূত্রের ১০১ বছর। তাই বিজ্ঞানচিন্তা আইনস্টাইনকে সামনে নিয়ে এসেছে। আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা সূত্রের আবিষ্কারের শেষ দিকে এক অকল্পনীয় পরিস্থিতির উদ্ভব হয়েছিল। হয়তো সামান্য এদিক-ওদিক হলে আইনস্টাইনের কৃতিত্ব অন্য কোনো বিজ্ঞানীর কাছে চলে যেতে পারত। আবিষ্কারের শেষ সপ্তাহটা আইনস্টাইনের এক রুদ্ধশ্বাস পরিস্থিতিতে কেটেছিল। এই সব ঘটনা সত্যিই রোমাঞ্চকর। তা ছাড়া আমরা জানি, মৃত্যুর পর আইনস্টাইনের মস্তিষ্ক যুক্তরাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক চুরি করে নিয়ে গিয়েছিলেন। তারপর কত স্থান ও কত হাত ঘুরে সেটা শেষ পর্যন্ত একটি বিজ্ঞানাগারে স্থান পেয়েছে। সে এক বিরাট কাহিনি। এই সব মজার কথা আমরা জানতে পারব বিজ্ঞানচিন্তার ডিসেম্বর সংখ্যা থেকে।
এই ডিসেম্বর মাসেই শুরু হচ্ছে জাতীয় গণিত উৎসব ও অলিম্পিয়াড। আমরা তাই এ সংখ্যাটিকে বলছি গণিত অলিম্পিয়াড বিশেষ সংখ্যা। দেশের প্রায় ৩০ হাজার তরুণ শিক্ষার্থী গণিত অলিম্পিয়াড ও প্রতিযোগিতায় অংশ নেয়। তাদের জন্য ডিসেম্বর সংখ্যাটি হতে পারে বিশেষ আকর্ষণের ম্যাগাজিন।
আমাদের দেশে বিজ্ঞান ম্যাগাজিন কম। তা ছাড়া, উন্নত মান ও নির্ভুল তথ্যের লেখার সমস্যাও আছে। বিজ্ঞানচিন্তা বিশেষজ্ঞ লেখকদের লেখায় সমৃদ্ধ। যাঁরা বিজ্ঞান বিষয়ে সবকিছু সহজে জানতে চান, তাঁদের কাছে বিজ্ঞানচিন্তা অনায়াসে অগ্রাধিকার পেতে পারে। প্রকাশের সময় পত্রিকাটি জানিয়েছে যে বিজ্ঞানমনস্ক তরুণ প্রজন্ম গড়ে তোলাই তাদের সম্পাদকীয় নীতিমালার অন্যতম প্রধান উদ্দেশ্য।
আমরা অনেকে হয়তো বিজ্ঞান জানি-বুঝি, কিন্তু সেটাই যথেষ্ট নয়। আমাদের জীবন ও জগতে, আমাদের চারপাশে যত ঘটনা ঘটছে, তার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা উপলব্ধি করা প্রয়োজন। বিজ্ঞানীরা বলেন, প্রশ্ন করা ও উত্তর জানার চেষ্টা করাই হলো বিজ্ঞানমনস্কতার প্রথম ও প্রধান বৈশিষ্ট্য। কারণ, যখন একজন তরুণ জানতে পারবেন ২৪ ঘণ্টা চাঁদ পৃথিবীকে মাত্র একবার প্রদক্ষিণ করলেও দিনে কেন দুবার করে জোয়ার হয়, তখন তাঁকে চাকরির জন্য কোনো ভাইভা পরীক্ষায় প্রশ্ন শুনে হতবিহ্বল হতে হবে না। চট করে বলে দিতে পারবেন, একবার জোয়ার হয় আকাশে চাঁদের উপস্থিতিতে, আরেকবার হয় যখন চাঁদ পৃথিবীর উল্টো পিঠে থাকে তখন, পৃথিবীর আহ্নিক গতির ফলে সৃষ্ট কেন্দ্রাতিগ (কেন্দ্রবিমুখী) বলের কারণে।
অথবা, ধরা যাক, একটি সহজ বিষয়। মা শিশুদের ছড়া শুনিয়ে ঘুম পাড়ান। অনেক সময় মা কোনো ছবির বই শিশুদের চোখের সামনে ধরে গল্প শোনান। হয়তো শিশুর তখন পড়ার বয়সই হয়নি। এমনকি বসা বা হাঁটতেও শেখেনি। অতি সম্প্রতি আমেরিকার বিজ্ঞানীরা বেশ কিছু মা-শিশুর ওপর সমীক্ষা চালিয়ে দেখেছেন, শিশুদের ছবির বই দেখিয়ে গল্প শোনালে তারা বড় হয়ে অনেক বেশি স্মার্ট হয়। ক্লাসে পড়াশোনায় অনেক বেশি ভালো করে। কারণ, ছবির সঙ্গে গল্পের কথাগুলো মিলিয়ে বোঝার চেষ্টা করার সময় তাদের মস্তিষ্কে নতুন নতুন নিউরনের সংযোগ স্থাপিত হয়। তাদের আইকিউ বাড়ে। আমাদের মা-বাবারা হয়তো এত কিছু না জেনেই তাঁদের অভিজ্ঞতা থেকে শিশুদের স্মার্ট করে তুলছেন। এখন এর পেছনের বিজ্ঞানসম্মত কারণ বোঝার পর হয়তো সচেতন প্রচেষ্টা আমাদের শিশুদের আরও অনেক দ্রুত আধুনিক ও অগ্রসর বিশ্বের সামনের সারিতে নিয়ে যেতে সাহায্য করবে।
একজন শিশু বা তরুণ দুটি ভাষা জানলে তার চিন্তাশক্তি অনেক বেশি বাড়ে। যেকোনো বিষয়ে মন দিতে, বুঝতে ও দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। এমনকি প্রবীণ বয়সে ডিমেনশিয়া বা স্মৃতিলোপ রোগ প্রতিরোধ করা সহজ হয়। আর কী চাই? এই অসাধারণ তথ্যটিও জানা গেছে বিজ্ঞানীদের গবেষণায়। দ্য নিউইয়র্ক টাইমস পত্রিকা সম্প্রতি এ বিষয়ে লিখেছে (৩০ নভেম্বর ২০১৬, কিনডল এডিশন)।
বিজ্ঞানচিন্তা তরুণদের আরও বেশি স্মার্ট করে তোলায় বিশেষ যত্নবান। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান ও অন্যান্য বিষয়ে প্রতিষ্ঠিত অধ্যাপকদের লেখায় সমৃদ্ধ এই ম্যাগাজিন। এই ম্যাগাজিনের কয়েকটি ব্যতিক্রমী বৈশিষ্ট্য সহজেই নজরে পড়বে। প্রধান বৈশিষ্ট্য হলো: এটা রসকষহীন, বিজ্ঞানের ভারী ও জটিল বিষয়ের ম্যাগাজিন নয়। সাহিত্য, ইতিহাস, দর্শনের তরুণেরাও বিজ্ঞানের লেখাগুলো খুব সহজে বুঝতে পারেন। আরেকটি বৈশিষ্ট্য হলো ম্যাগাজিনে বিজ্ঞান-ছড়া স্থান পেয়েছে। ছড়ার মধ্য দিয়ে বিজ্ঞানের বিভিন্ন জটিল বিষয় বুঝিয়ে দেওয়ার এক অভিনব উদ্যোগ। আবার প্রতি সংখ্যায় একটি করে কার্টুনও থাকে। যেমন, ডিসেম্বর সংখ্যায় রয়েছে, আইনস্টাইন কীভাবে দুই তরুণ-তরুণীকে খুব সহজে রিলেটিভিটির জটিল তত্ত্ব বুঝিয়ে দিচ্ছেন। এর মধ্যে অবশ্য একটু কৌতুকও আছে। আবার কমিক স্ট্রিপের মাধ্যমে বিজ্ঞানের বিভিন্ন প্রশ্নের উত্তরও বুঝিয়ে দেওয়ার একটি নিয়মিত বিভাগ রয়েছে।
বিজ্ঞানের প্রতি নিবেদিত একদল তরুণ বিজ্ঞান শিক্ষার্থী কাজ করছেন বিজ্ঞানচিন্তায়। আজকের তরুণদের হাতে হাতে বিজ্ঞানচিন্তা ম্যাগাজিনটি থাকলে কাল তাঁরাই হয়ে উঠবেন সবচেয়ে স্মার্ট একটি প্রজন্মের নায়ক।
পরিবেশক প্রথমা প্রকাশন। পত্রিকার হকারদের আগে থেকেই বলে রাখুন। বুকস্টলেও পাওয়া যায়।
আব্দুল কাইয়ুম: সাংবাদিক।
[email protected]