তরুণদের চিন্তার ধারা বদলের চেষ্টা নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর উদ্যোগে ওআরজি-কোয়েস্ট মার্চ ২০১৭-তে সারা দেশে তরুণদের ওপর জরিপ করেছে। জরিপের ফলাফলে দেখা গেছে, প্রায় ৭২ দশমিক ৬ শতাংশ তরুণই মা-বাবা আর পরিবারের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারছে না। ৬৩ দশমিক ১ শতাংশ তরুণ জীবনের লক্ষ্য স্থির করতে পারছে না। ৫৬ দশমিক ৪ শতাংশ তরুণ নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। অর্ধেকের বেশি তরুণ (৫১ দশমিক ২ শতাংশ) রাজনীতিতে অনাগ্রহী।

যেকোনো জরিপ একটি জনগোষ্ঠীর চিন্তা ও আচরণের প্রতিফলন। তারুণ্য তাদের চিন্তা আর আচরণের পরিবর্তনের মধ্য দিয়ে ব্যক্তিত্বকেও পরিবর্তন করে নিচ্ছে। এই পরিবর্তন দেখে শুরুতেই ‘গেল গেল’ রব করলে ভুল হবে। জরিপটি যদি একটু উল্টো দিক দিয়ে, মা-বাবার ওপর করা হতো তাহলে আমরা বলতাম, ‘বেশির ভাগ মা-বাবাই তাঁদের সন্তানদের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারছেন না!’ এই খাপ না খাওয়ানোর দায় কেবল তরুণদের ওপর চাপিয়ে দেওয়া যাবে না।

বড় বড় বিষয় যেমন ‘বিশ্বযুদ্ধ’, ‘গ্রেট ডিপ্রেশন’, ‘সোভিয়েত ইউনিয়নের ভাঙন’, ‘মধ্যপ্রাচ্য সংকট’, ‘বৈশ্বিক রাজনীতি’ ‘জঙ্গিবাদ আর সহিংসতা’ ইত্যাদি নানাভাবে মানুষের জ্ঞান বিকাশের জগৎকে (কগনিশন) পরিবর্তন করেছে। ফলে ১৮ থেকে ২৯ বছর বয়সী তরুণদের চেয়ে অনেক আগে মা-বাবারা তাঁদের ভাবনা আর আচরণকে পাল্টে নিয়েছেন। পূর্ব প্রজন্মের ভাবনার পরিবর্তন তারুণ্যকে সংক্রমিত করেছে। ‘নিরাপত্তাহীনতায়’ ভোগা মা-বাবার লক্ষ্য বাস্তবায়নের প্রচেষ্টায় আচ্ছন্ন তারুণ্য নিজের লক্ষ্য স্থির করতে গিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে।

আব্রাহাম মাসলো তঁার চাহিদার সোপান তত্ত্বে বলেছেন, মানুষ প্রথম তার জৈবিক চাহিদা (খাদ্য, ঘুম, যৌনতা) পূরণ করতে চায়, এরপর ধাপে ধাপে সে চায় আশ্রয়, নিরাপত্তা, ভালোবাসা, নিজের সম্মান, অপরের প্রশংসা। এসব চাহিদা পূরণ হয়ে গেলে সে চায় ‘সেলফ অ্যাকচুয়ালাইজেশন’। সেলফ অ্যাকচুয়ালাইজড মানুষের উপজীব্য হয় নৈতিকতা, সৃষ্টিশীলতা, সমস্যা সমাধানের দক্ষতা, নিজস্ব ভাবনা আর সংস্কারমুক্ত হয়ে নতুন কিছু করার প্রেরণা। কিন্তু অভিভাবকদের হিসাবি, ক্লিশে ভাবনা আর আটপৌরে পারিপার্শ্বিকতা তরুণদের এই সোপানের সর্বোচ্চ শিখরে উঠতে উৎসাহিত করে না।

মা-বাবা চান তাঁর সন্তান ভালো ফল করবে, সুন্দর ক্যারিয়ার করবে, ‘দুধে-ভাতে’ দিনাতিপাত করবে, যেটার জন্য চাহিদার সোপানের দ্বিতীয় বা তৃতীয় স্তরের ওপরে ওঠার দরকার পড়ে না। ফলে তরুণদের চেতন মনে লক্ষ্যের গণ্ডি সীমিত হয়ে পড়ছে আবার প্রাকৃতিকভাবে জিন বৈশিষ্ট্যের কারণে তার অবচেতন মন চায় ‘সেলফ অ্যাকচুয়ালাইজেশন’-এর স্তরে পৌঁছাতে। তখন চেতন আর অবচেতন মনের দ্বন্দ্বে সে হয়ে পড়ে লক্ষ্যহীন।

সুইস বিজ্ঞানী জ্যঁ পিয়্যাজের মতে, ১১ বছর বয়সের পর থেকে একজন মানুষ জ্ঞানীয় বিকাশের (কগনিটিভ ডেভেলপমেন্ট) ফরমাল অপারেশন স্তরে যুক্তির সঙ্গে সঙ্গে কার্যকারণগুলো বুঝতে শেখে, বিমূর্ত চিন্তা করার ক্ষমতাপ্রাপ্ত হয়। আরোপিত যুক্তিকে অতিক্রম করে নিজস্ব যুক্তি তৈরি করতে পারে। জ্ঞানীয় বিকাশের সঙ্গে সঙ্গে শিশুর মধ্যে নৈতিকতার বিকাশ শুরু হয়। নৈতিকতার বিকাশকে মনোবিজ্ঞানী লরেন্স কোহলবার্গ কয়েকটি পর্বে ভাগ করেছেন। কোহলবার্গ জ্ঞানীয় বিকাশের পর্যায়গুলোর সঙ্গে নৈতিক বিকাশের যোগসূত্রও তুলে ধরেন। জন্ম থেকে প্রথম কয়েক বছর শাস্তি এড়াতে শিশুরা নিয়মকানুন মেনে চলে, এরপর দ্বিতীয় পর্যায়ে বয়ঃসন্ধিতে নিজের কাজের স্বীকৃতির জন্য সামাজিক রীতিনীতির সঙ্গে একাত্ম হয় ‘ভালো ছেলে’ বা ‘ভালো মেয়ে’ অভিধায় তারা ভূষিত হতে চায়।

নৈতিকতার বিকাশের তৃতীয় স্তরটি শুরু হয় তারুণ্যে। তখন সে নৈতিকতাকে জ্ঞানীয় বিকাশের সঙ্গে মিলিয়ে ব্যাখ্যা খোঁজে। সে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখে, আরেকজনের আবেগকে ধারণ করতে শেখে। এ সময় সমাজের নিয়মকানুন থেকে সরে এসে তার নিজস্ব বিচার-বুদ্ধি, নীতিবোধ ও বিবেক দ্বারা নিজেদের পরিচালিত করে।

বিকাশের ধারার একটি অংশে দেখা যায় বেশির ভাগ তরুণ পরিবারের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারছে না। এর কারণ তারুণ্যের ভাষা না বোঝা। তারুণ্য এবং তাদের পূর্ব প্রজন্ম (মা-বাবা) মনে করেন হাতে সময় খুব কম, দ্রুততার সঙ্গে দৌড়াতে হবে। এই ভাবনা তারুণ্যকে সামাজিক দক্ষতা অর্জন করতে বাধাগ্রস্ত করে। যান্ত্রিকতা আর ‘হতেই হবে’র চাপ সামলাতে গিয়ে তারা হয়ে পড়ে আত্মকেন্দ্রিক। আত্মকেন্দ্রিকতার বলয়ে বড় হতে হতে সে শেখে কীভাবে আরেকজনকে পরাজিত করতে হয়, কীভাবে সবার আগে থাকতে হয়, তার কাছে মনে হয় আশপাশের সবকিছু খারাপ আর এই খারাপ থেকে বাঁচতে হলে তাকে থাকতে হবে ‘আলাদা’।

মা-বাবারা এই ভাবনা থেকে সন্তানদের আগলে রাখতে চান, আশপাশের তাবৎ ‘খারাপ’ থেকে সন্তানদের রক্ষা করতে চান—এভাবে তরুণেরা নিজস্ব গণ্ডিতে আলাদা থাকতে থাকতে জ্ঞানীয় ধারণার বিকাশের (কগনিটিভ ডেভেলপমেন্ট) একপর্যায়ে মা-বাবার সঙ্গে মানসিক দূরত্ব তৈরি করে ফেলে। আরেক দিকে প্রযুক্তির অতি ব্যবহারও তারুণ্যকে পরিবার বিচ্ছিন্ন করে ফেলছে। পরিবারকে সময় না দিয়ে সে প্রযুক্তিকে সময় দিচ্ছে। কখনো হতাশ তারুণ্য মাদকসহ নানা ঝুঁকিপূর্ণ নেশায় জড়িয়ে পড়ছে।

জীবনের লক্ষ্য না থাকাটা তারুণ্যের মনোসামাজিক বিকাশের বর্তমান ধারার আরেকটি বৈশিষ্ট্য। জীবনের লক্ষ্য খুঁজে পেতে তাদের নিজের মতো করে ভাবার সুযোগ তৈরি করে দিতে হবে। পারিবারিক আর সামাজিক চাপ থেকে তাদের মুক্ত করে স্বাধীনভাবে ভাবার সুযোগ করে দিতে হবে। তারুণ্যের চিন্তার স্রোতোধারাকে পরিবর্তন করতে যাওয়ার চেষ্টা সঠিক হবে না। পূর্ব প্রজন্মের চোখে যেটা আপাত ভুল মনে হচ্ছে, তা পরে ভুল নাও হতে পারে। পাশাপাশি পরিবার আর পরিবেশে কোনো স্ববিরোধিতা রাখা চলবে না। সে যখন দেখে তার অভিভাবক নিয়ত নৈতিকতার কথা বলছেন, নৈতিকতার শিক্ষা দিচ্ছেন কিন্তু নিজ জীবনে অনৈতিকতার চর্চা করছেন, ভয়ে বা লোভে অনৈতিক শক্তির কাছে আত্মসমর্পণ করছেন, তখন তরুণেরা লক্ষ্যহীন হয়ে পড়ে আর সঙ্গে সঙ্গে পরিবারের সঙ্গে খাপ খাইয়ে নিতে ব্যর্থ হয়। তাই সবার আগে দরকার পরিবারের গুণগত পরিবর্তন।

জরিপের ফলাফল তারুণ্যের বিকাশের ধারাকে প্রতিফলিত করেছে। এই ধারাকে ইতিবাচক দিকে পরিচালিত করতে পরিবার, সমাজ, অর্থনীতি, রাজনীতি ইত্যাদির গুণগত পরিবর্তন যে অবশ্যম্ভাবী, সেটাও প্রমাণ করেছে।

আহমেদ হেলাল: মনোরোগ বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক, শিশু-কিশোর ও পারিবারিক মনোরোগবিদ্যা বিভাগ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা।