তরুণদের নিয়ে কি রাজনীতিকেরা ভাবেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের নেতা-নেত্রীদের মুখে যখন মুহুর্মুহু তারুণ্যের জয়গান উচ্চারিত হচ্ছে, তখন বাংলাদেশের তরুণদের প্রকৃত অবস্থান কোথায়, তার একটি খণ্ডিত চিত্র পাওয়া গেল বৈশ্বিক যুব উন্নয়ন সূচক বা ইয়ুথ ডেভেলপমেন্ট ইনডেক্সে (ওয়াইডিআই)।
বিশ্ব মানবসম্পদ উন্নয়ন সূচকের আদলে এই সূচক তৈরি করেছে সাবেক ব্রিটিশ সাম্রাজ্যের অধীন ৫২টি স্বাধীন দেশের সংগঠন কমনওয়েলথ। সংগঠনের লন্ডন সচিবালয় থেকে গত শুক্রবার এই প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদন প্রকাশ উপলক্ষে কমনওয়েলথের মহাসচিব ব্যারনেস প্যাট্রিসিয়া স্কটল্যান্ড এক বিবৃতিতে বলেন, ‘নীতিনির্ধারকদের জন্য এই সূচক একটি চ্যালেঞ্জ। এই সূচক দেখে প্রতিটি দেশের নীতিনির্ধারকেরা তরুণদের ক্ষমতায়ন, কর্মসংস্থান, রাজনৈতিক কর্মকাণ্ডসহ সব বিষয়ে নতুন করে ভাবতে পারেন।’
১৮৩টি দেশের তরুণদের কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য এবং নাগরিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ওপর ভিত্তি করে এই প্রতিবেদন করা হয়েছে। এই পাঁচটি থিমের মোট ১৮টি সূচকের ওপর ভিত্তি করে দেশগুলোর অবস্থান তৈরি করা হয়েছে। এ ক্ষেত্রে সবচেয়ে ভালোকে এক এবং সবচেয়ে মন্দকে শূন্য ধরে প্রতিবেদন করা হয়েছে। উচ্চ, মধ্যম ও নিম্ন—এই তিনটি অবস্থানে দেশগুলোকে ভাগ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, পৃথিবীর বিভিন্ন দেশে ডিজিটাল কার্যক্রম, প্রতিবাদ ও স্বেচ্ছা কার্যক্রমে তরুণদের অংশগ্রহণ বাড়লেও রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ কমছে। রাজনীতি নিয়ে তরুণদের হতাশা বাড়ছে। জঙ্গিবাদসহ বিভিন্ন অপরাধের শিকারও তরুণেরা।
সূচকের শীর্ষে আছে জার্মানি। আর সবচেয়ে খারাপ অবস্থা মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে এই মুহূর্তে ১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণের সংখ্যা ১৮০ কোটি। অর্থাৎ, প্রতি চারজনে একজন তরুণ। এই যে বিপুলসংখ্যক তরুণ এবং তাদের অমিত শক্তি ও সম্ভাবনাকে আমরা কতটা কাজে লাগাতে পেরেছি? বাংলাদেশ সবচেয়ে পিছিয়ে আছে তরুণ বা যুবকদের কর্মসংস্থানে। বিশ্বের ১৮৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭৭তম।
আর রাজনীতি, শিক্ষা, স্বাস্থ্য, নাগরিক কর্মকাণ্ডসহ সব বিষয় যুক্ত করলে ১৪৬তম অবস্থান নিয়ে বাংলাদেশ নিচের সারিতে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান পাকিস্তান (১৫৪) ও আফগানিস্তানের (১৬৭) চেয়ে ভালো। তবে শ্রীলঙ্কা (৩১), মালদ্বীপ, (৬৩), ভুটান (৬৯), নেপাল (৭৭) ও ভারতের (১৩৩) নিচে। ১০ বছর আগেও যেকোনো সূচকে আমরা পাকিস্তান ও আফগানিস্তান থেকে এগিয়ে ছিলাম, এখনো আছি। কিন্তু সেটাই যথেষ্ট নয়। দুর্বল অর্থনীতির দেশ নেপাল, মালদ্বীপ ও ভুটানের সঙ্গে প্রতিযোগিতায় যদি আমরা হেরে যাই, তাহলে কতটা এগোলাম?
আমাদের প্রচলিত শিক্ষা, সমাজ, রাজনীতি কোনোটাই তরুণদের প্রাণিত করে না। তরুণদের একটি অংশ বিপথগামী। আগে থেকেই তারা মাদক ও সন্ত্রাসের শিকার হয়েছিল। এখন নতুন উপদ্রব জঙ্গিবাদ। সংখ্যায় যত কম হোক না কেন, তাদের কেউ কেউ জঙ্গিবাদে দীক্ষা নিয়েছে; যাকেই ভিন্নমতের ও ধর্মের বলে মনে করছে, তাকে হত্যা করছে। জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান ও অভিযানের কথা স্বীকার করেও বলব, শুরু থেকে সরকার এ ব্যাপারে সক্রিয় হলে জঙ্গিবাদের বিষবৃক্ষ উপড়ে ফেলা সহজ হতো।
প্রতি চারজনে একজন তরুণ হলে ১৬ কোটি মানুষের দেশে এই সংখ্যা দাঁড়ায় চার কোটি। এই চার কোটি তরুণের মধ্যে আমরা কতজনকে উপযুক্ত শিক্ষা দিতে পেরেছি? যদি না পেরে থাকি, তাহলে উন্নয়নের বুলি কি বাগাড়ম্বর নয়? শত প্রতিকূলতা সত্ত্বেও লাখ লাখ তরুণ নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে, দেশের ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও শ্রম দিতে প্রস্তুত। কিন্তু আমরা তাদের মেধা ও শক্তিকে কাজে লাগাতে পারছি না। আমাদের রাজনীতি পশ্চাৎপদ, আমাদের শিক্ষা যুগের চাহিদা মেটাতে অপারগ। আমাদের নেতা-নেত্রীদের কেউ অর্থনীতির বাঘ হওয়ার স্বপ্ন দেখান, কেউ ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন; কিন্তু তরুণদের নিয়ে ভাবেন না। রাজনীতি ও রাষ্ট্রের নীতিনির্ধারণ এমনকি উন্নয়ন প্রক্রিয়ায়ও তাদের সম্পৃক্ত করেন না।
বাংলাদেশে প্রতিবছর ১৫ থেকে ১৬ লাখ তরুণ শ্রমবাজারে প্রবেশ করছে। সরকারি বা বেসরকারি খাত মিলে তাদের কতজনের কর্মসংস্থান করতে পারছে? খুব বেশি হলে সাত-আট লাখ। আর লাখ পাঁচেক বিদেশে যাচ্ছে কর্মসংস্থানের খোঁজে। বাকিরা বেকার বা ছদ্মবেকার। যার যা করার কথা নয়, বেঁচে থাকার জন্য সেই ধরনের কাজ করতে বাধ্য হচ্ছে। বিদেশে গিয়েও অনেকে চাকরি না পেয়ে দুর্বিষহ জীবন যাপন করছে। আমরা নারীশিক্ষার বিস্তার নিয়ে বড়াই করি, কিন্তু সেই শিক্ষিত নারীদের একাংশ যে পরবর্তী সময়ে কীভাবে ও কোথায় হারিয়ে যায়, সেই খোঁজ রাখি না। নিরাপত্তাহীনতা, সামাজিক ও পারিবারিক বাধার কারণে অনেক নারী যোগ্যতা থাকা সত্ত্বেও চার দেয়ালের মাঝে বন্দী হয়ে আছেন।
যেকোনো দেশে উন্নয়নের দিকনির্দেশনা দেয় রাজনীতি। কিন্তু আমাদের রাজনীতিটাই সবচেয়ে পশ্চাৎপদ, যা সামনে এগোতে সাহায্য করে না, পেছনে টেনে নেয়। ক্ষমতায় যাওয়ার জন্য এবং থাকার জন্য হেন কাজ নেই যে রাজনীতিকেরা করতে পারেন না।
এই যে সম্প্রতি মহাসমারোহে আওয়ামী লীগের ২০তম সম্মেলন হয়ে গেল, সেখানে তরুণদের ব্যাপক উপস্থিতি থাকলেও তাদের কর্মসংস্থানের কোনো দিকনির্দেশনা ছিল না। ছিল না রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের আভাস। প্রধানমন্ত্রী গ্রামে গ্রামে গিয়ে দরিদ্র, ভূমিহীন ও দুস্থ মানুষের তালিকা তৈরি করতে বলেছেন। তাদের সহায়তা করার, ঘরহীনকে ঘর করে দেওয়ার এবং ভূমিহীনকে ভূমি দেওয়ার আশ্বাস দিয়েছেন। কিন্তু সরকার বা ক্ষমতাসীন দলটি এমন কোনো অর্থনৈতিক পরিকল্পনা দিতে পারেনি, যাতে প্রতিটি মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারে। বরং তারা বৈষম্যপূর্ণ অর্থনীতিকে আরও বেলাগাম করে টেকসই উন্নয়ন ঘটাতে চায়, যা সোনার পাথরবাটি ছাড়া কিছু নয়।
কমনওয়েলথের প্রতিবেদনে রাজনীতি নিয়ে তরুণদের হতাশা বাড়ছে বলে জানানো হয়েছে। বাংলাদেশে এই হতাশার মাত্রা অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। মেধাবী তরুণদের রাজনীতি আকৃষ্ট করতে পারছে না। তাহলে মেধাবী ও সৃজনশীল রাজনীতি আসবে কীভাবে?
উন্নত কিংবা উন্নয়নশীল সব দেশেই কর্মসংস্থান একটি বড় সমস্যা। বাংলাদেশে এই সংকট এতই প্রকট যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীদের বিরাট অংশ বেকারত্বের অভিশাপ বয়ে বেড়াতে বাধ্য হচ্ছে। কয়েক বছর আগে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট এক প্রতিবেদনে জানিয়েছিল, বিশ্বে বাংলাদেশেই শিক্ষিত বেকারের হার সবচেয়ে বেশি। অর্থনীতিবিদ সেলিম জাহান বলেছেন, ‘বাংলাদেশের তরুণেরা অনেক সৃজনশীল। কিন্তু এখানে কর্মসংস্থান একটা সমস্যা। নারীরা যেন পিছিয়ে না পড়ে, সে জন্য সম-অধিকার নিশ্চিত করা উচিত।’ কমনওয়েলথ পুরস্কারপ্রাপ্ত শওগাত নাজবীন খানের মতে, বাংলাদেশের তরুণদের সম্ভাবনা অনেক। কিন্তু তাদের যথাযথ ক্ষমতায়ন করা হচ্ছে না। সিদ্ধান্ত গ্রহণে তরুণদের ভূমিকা কম। বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের সভাপতি ইজাজ আহমেদ মনে করেন, ‘বাংলাদেশের লেখাপড়া একেবারেই মুখস্থনির্ভর। এখানে তরুণেরা স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সর্বত্র শুধু সনদ নিয়ে বের হচ্ছে। ফলে ভিন্নভাবে বা সৃজনশীলভাবে তারা চিন্তা করতে পারছে না।’
এই না পারার জন্য নিশ্চয়ই তরুণেরা দায়ী নয়। দায়ী হলো সেই রাজনৈতিক নেতৃত্ব, যাঁরা তরুণদের কথা ভাবেন না। আর ভাবলেও যেভাবে ভাবেন, সেটি মোটেই তরুণদের বিকাশে ও প্রকাশের সহায়ক নয়।