তরুণেরা রাজনীতি বিমুখ হয়ে উঠছে

সাধারণ নাগরিক হিসেবে আমি উদ্বিগ্ন। দুই দলের বিরোধ থেকে বিদ্বেষ, সেই বিদ্বেষ গেল কয়েক বছরে সহিংসতায় রূপ নিয়েছে। এটি দেশের জন্য শুভ নয়। না গণতন্ত্রের জন্য, না উন্নয়নের জন্য।
দুই দলের কর্মকাণ্ডে মানুষও হতাশ। সহিংস কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ সমাজ দুই দল এবং রাজনীতির প্রতি বিমুখ হয়ে উঠছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণেরা সে রকম মন্তব্যই করে যাচ্ছে। বিষয়টি দেশের রাজনীতির জন্য ভালো কোনো সংবাদ বহন করে না। সবচেয়ে বড় কথা, আমাদের রাজনীতিতে বর্তমানে অনুকরণীয় কেউ নেই। সেই অবস্থায় দুই দলের সংঘাত দেশকে আরও বেশি করে নেতৃত্বশূন্যতার দিকে ঠেলে দেবে।
এ অবস্থা চলতে থাকলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। এ মাসে স্কুল-কলেজ খোলার কথা। কেউই খুলতে পারেনি। এতে শিক্ষার্থীরা পড়াশোনায় পিছিয়ে পড়ছে। বিশেষ করে সাধারণ পরিবারের শিক্ষার্থীদের এ ক্ষেত্রে বেশি সমস্যায় পড়তে হয়। উচ্চবিত্তদের যাঁদের সন্তানেরা বিদেশে পড়াশোনা করে, তাঁদের সেই দুশ্চিন্তা থাকে না।
সবচেয়ে বড় আশঙ্কার কথা হলো, প্রধান দুই দলের বিরোধের সুযোগ নিয়ে যদি প্রতিক্রিয়াশীল শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কোনো শক্তি যদি দেশের নেতৃত্বে এসে পড়ে, সেটা এ জাতির জন্য কষ্ট ছাড়া ভালো কিছু নিয়ে আসবে না।
তবু আমি আশাবাদী। ৫ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানের সমস্যাটি রাজনৈতিক। যে কারণে রাজনৈতিক নেতৃত্বকে এই সমস্যার সমাধান করতে হবে। দুই দলের মধ্যে আলোচনার ক্ষেত্র তৈরি করতে হবে। দুই দলকেই কিছু না কিছু ছাড় দিয়ে সমঝোতায় যেতে হবে। এ ক্ষেত্রে
সরকারি দলের ওপর দায়িত্বটা বেশি বর্তায়।
রাশেদা কে চৌধূরী: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা