তাঁতির খেয়াল ও পূর্ণিমাদের হাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ণিমা ও তাঁতির কাহিনি মনে এল। কিন্তু তা শোনাব একেবারে শেষে। আগে ভারতে নোট-বন্দীর সাতকাহন। সৌজন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নোট-বন্দীর পাঁচ সপ্তাহ কেটে গেল, আর মাত্র দুই সপ্তাহ বাকি। এই ৫০টা দিনই মোদি দেশবাসীর কাছ থেকে চেয়ে নিয়েছেন। দেশবাসী সেই সময় তাঁকে দিয়েছে। বছরটা কাবার হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু শুরু হয়ে যাবে সব ধরনের কাটা-ছেঁড়া। নোট-বন্দীর হিসাব নিতে মুখিয়ে আছে সবাই।
গরিব মানুষের মধ্যে একচিলতে আশা: প্রধানমন্ত্রী বলেছেন, দেশ থেকে কালোটাকা হাপিস করে গরিব মানুষের জীবন বদলে দেবেন। কালোটাকা কতটা হাপিস হবে, বুঝতে পারছি না। কেননা, ৮ নভেম্বর মোদির নোট-বন্দীর কথা ঘোষণার সময় বলা হয়েছিল, ৫০০ ও ১ হাজার টাকার বাতিল নোটের পরিমাণ মোট নগদের ৮৬ শতাংশ। অর্থাৎ, কমবেশি ১৪ লাখ কোটি। সেই সময় সরকারি হিসাব ছিল, ওই পরিমাণ নগদের দেড় থেকে দুই লাখ কোটি টাকা ব্যাংকে ফেরত আসবে না। যেটা ফিরবে না, ধরে নেওয়া যেতে পারে, সেটাই কালোটাকা। তার কোনো দায়ভার রিজার্ভ ব্যাংকের থাকবে না। ওটা লাভ বলে ধরে নেওয়া হবে। এখন মনে করা হচ্ছে, হয়তো পুরো নগদই সরকারের ঘরে ফেরত চলে আসবে। যৎসামান্য ফেরত না এলে প্রশ্ন উঠতেই পারে, এইটুকু লাভের জন্য এত মানুষকে হয়রানি, কষ্ট, চিন্তা ও দুশ্চিন্তার মধ্যে কেন ফেলা হলো? কেন কোটি কোটি গরিব মানুষকে অসহায় করে দেওয়া হলো? ৫০ দিনের পর প্রধানমন্ত্রীকে সেই জবাবদিহি করতে হবে।
প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠদের বিশ্বাস, নোট-বন্দীর এই সিদ্ধান্তেই তিনি থেমে যাচ্ছেন না। এটা যদি প্রথম সিঁড়ির প্রথম ধাপ হয়, পরের ধাপে তাহলে রয়েছে রিয়েল এস্টেট ও সোনার বাজার। কালোটাকা লগ্নি করা হয় জমি-বাড়ি ও সোনা-জহরতে। নোট-বন্দীর আগে থেকেই অবশ্য রিয়েল এস্টেটের বাজার মন্দা। বেনামে সম্পত্তি কেনার ফাঁকফোকরগুলোও নাকি বন্ধ করার কথা মোদি ভেবে রেখেছেন। এই ধাপটা পেরোলে তিনি নাকি হাত দেবেন নির্বাচনী সংস্কারে, যা এ দেশে কালোটাকা বা সমান্তরাল অর্থনীতির মূল ধারক ও বাহক।
নরেন্দ্র মোদিকে যাঁরা বিশ্বাস করতে চাইছেন, তাঁরা অবশ্য হঠাৎই একটু থতমত খেয়ে গেছেন সরকারের সাম্প্রতিকতম দুটি সিদ্ধান্তে। ভারতের রাজনৈতিক দলগুলো ২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা নগদে নিতে পারে। ব্যাংকে কোনো খাতায় ৫০ হাজার টাকা নগদে জমা দিতে গেলে অ্যাকাউন্ট হোল্ডারকে ‘প্যান’ নম্বর দিতেই হবে। সন্দেহ হলে আয়কর বিভাগ এই নম্বর ধরে তদন্ত করতে পারে। কিন্তু রাজনৈতিক দলের ক্ষেত্রে নগদে ২০ হাজার টাকা পর্যন্ত চাঁদায় দাতা ও গ্রহীতা কারও কোনো দায়বদ্ধতা নেই। কাজেই নগদে চাঁদার নামে দেদার কালোটাকা সাদা করানো রাজনৈতিক দলগুলোর কাছে জলভাত। সরকার জানিয়েছে, রাজনৈতিক দলগুলোও বাতিল ৫০০ ও ১ হাজার টাকার নোট ৩০ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের খাতায় জমা দিতে পারবে। এবং যেহেতু বর্তমান আইন অনুযায়ী রাজনৈতিক দলগুলোকে আয়কর দিতে হয় না, সেহেতু বাতিল টাকা জমা দিলেও তারা থাকছে ধরা-ছোঁয়ার বাইরে।
প্রশ্নটা এই ঘোষণা নিয়েই। অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছেন, প্রচলিত আইন অনুযায়ী রাজনৈতিক দলগুলো আয়করের আওতার বাইরে। অতএব, রাজনৈতিক দলগুলোকে সরকার কোনো বাড়তি সুবিধা পাইয়ে দিচ্ছে না। ভালো কথা। কিন্তু মোদি কেন সেই প্রথা বাতিলের চেষ্টা করলেন না? অথবা কেন তিনি এই বিষয়ে সর্বদলীয় সিদ্ধান্ত গ্রহণের দিকে এগোলেন না যে রাজনৈতিক দলে পাঁচ হাজার টাকার বেশি চাঁদা দিতে গেলে তা ব্যাংক চেকের মাধ্যমে দিতে হবে? নির্বাচনী সংস্কারের কথা বারবার বলেও কেন এই দ্বিচারিতা?
দ্বিতীয় সিদ্ধান্তটি কালোটাকার মালিকদের বেশি কর দিয়ে পার পেয়ে যাওয়ার আরও একটা সুযোগ দেওয়া। কিছুদিন আগেই মোদি সরকার একটা ‘অ্যামনেস্টি স্কিম’ চালু করেছিল। সেপ্টেম্বরে শেষ হওয়া ওই স্কিমে সরকার ৬৫ হাজার কোটি টাকা ঘরে তুলেছে। তাহলে আবার কেন এই স্কিম? যা কি না ৩১ মার্চ পর্যন্ত চালু রাখা হবে?
মোদির সমালোচকেরা বলতে চাইছেন, তিনি কালোটাকা উদ্ধারে আদৌ আগ্রহী নন। নোট-বন্দীর সিদ্ধান্ত তাঁর আরও একটা রাজনৈতিক ‘চমক’।
এ নিয়ে সংসদে সরকার ও বিরোধীদের মধ্যে পক্ষে-বিপক্ষে তুমুল তর্ক হতে পারত। কিন্তু হলো না; শীতকালীন অধিবেশন
প্রায় নিষ্ফলা শেষ হলো। ভোটাভুটির দাবিতে অটল থেকে বিরোধীরা হারাল সরকারকে দুরমুশ করার সুযোগ, সরকারপক্ষও এত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে বিতর্কে অংশ নিতে না চেয়ে সৃষ্টি করল এক অনন্য নজির।
আপাতত বছর শেষের অপেক্ষা। তারপরই জনতার দরবারে নরেন্দ্র মোদির জবাবদিহির পালা। তার আগে পূর্ণিমা ও তাঁতির কাহিনি।
মতি নন্দীর বিখ্যাত গল্প ‘জলের ঘূর্ণি ও বকবক শব্দ’-এর কুশীলব বিশ্বনাথ ও তার স্ত্রী পূর্ণিমা উত্তর কলকাতার এক ভাড়াবাড়ির বাসিন্দা। সেই বাড়ির তিন ঘর ভাড়াটের ১২ জন বাসিন্দার জন্য বরাদ্দ মাত্র একটা কল। সেই কলে করপোরেশনের খামখেয়ালিপনা ও নিয়ম অনুযায়ী জল আসে, কখনো আসেই না। জল নিয়ে ঝগড়াঝাঁটি নিত্য। পূর্ণিমা অনেকবার বিশ্বনাথকে বলেছে বাড়িওয়ালাকে আরেকটা কল লাগানোর কথা বলতে। বিশ্বনাথ গা করেনি।
জলাভাবে অতিষ্ঠ পূর্ণিমা একদিন পাশের বস্তিতে যায় বালতি ও ঘড়া নিয়ে। সেখানে সে ‘শ্রেণিশত্রু’, কাজেই কথা-কাটাকাটি, ঝগড়া, মারধর। আহত, রক্তাক্ত ও বিবস্ত্র পূর্ণিমাকে কোনো রকমে উদ্ধার করে বিশ্বনাথ ঘরে নিয়ে আসে। পূর্ণিমা এরপরই বাতিকগ্রস্ত হয়ে পড়ে। সে বাজার থেকে দুটো পেল্লাই জালা কিনে আনে। রান্নাঘরে সেই জালা রেখে তাতে জল জমানো শুরু করে। জালা, বালতি, হাঁড়ি, কলসি ভরে গেলে বাসনপত্র, তারপর শিশি-বোতলেও ভরতে থাকে জল! এই বাড়তি জল তাকে এক অদ্ভুত নিরাপত্তা ও গর্বের সন্ধান দেয়। করপোরেশনের কলে জল না এলে তার দেমাক বেড়ে যায়। একদিন জল বন্ধও হয়। কিন্তু লাইন দ্রুত ঠিক হয়ে গেলে আত্মতৃপ্তি লাভে বঞ্চিত ও আহত পূর্ণিমা রান্নাঘরে ঢুকে নোড়া দিয়ে ঠুকে ঠুকে মাটির জালা ভেঙে ফেলে। থইথই জলের তোড়ে নর্দমার নালা ছাপিয়ে বকবক শব্দ ওঠে। পূর্ণিমা স্থাণুর মতো দাঁড়িয়ে থাকে।
নোট-বন্দীর জেরে আমরা সবাই হয়তো পূর্ণিমার মতো কমবেশি বাতিকগ্রস্ত হয়ে গেছি! প্রয়োজন না থাকলেও ব্যাংক বা এটিএমের লাইনে দাঁড়িয়ে টাকা মজুতের প্রতিযোগিতায় নেমেছি! এই প্রতিযোগিতা আগে কেউ কখনো দেখেনি।
আমরা ‘পূর্ণিমা’ হলে তাঁতির চরিত্রে নরেন্দ্র মোদি। তাঁতির গল্পটা অবশ্য এত বিস্তারে বলার দরকার নেই। মোটামুটি সবারই জানা। সেই তাঁতির দিন তাঁত বুনে বুনে দিব্যি কাটছিল। কিন্তু কী খেয়ালে কে জানে সে একটা এঁড়ে বাছুর কিনল। তারপর...।
সৌম্য বন্দ্যোপাধ্যায়: প্রথম আলোর নয়াদিল্লি প্রতিনিধি।