তাদের জন্য, যারা নারীর সমঅধিকারে বিশ্বাসী নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শনিবারের ‘কালের পুরাণ’ কলামে নারীর সমানাধিকার নিয়ে লিখেছিলাম, যার প্রতিপাদ্য বিষয় ছিল জীবনের সব ক্ষেত্রে নারীর সমান অংশীদারত্ব। যেহেতু জনসংখ্যার অর্ধেক নারী, সেহেতু শিক্ষা, সম্পত্তি, ব্যবসা-বাণিজ্য তথা কর্মক্ষেত্রে তাঁদের সমান অংশীদারত্ব থাকা চাই। জাতীয় সংসদে আসনের বিষয়টি এসেছে উদাহরণ হিসেবে; কোটা হিসেবে নয়। কিন্তু অনেক পুরুষ পাঠক বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করেছেন, সেই সঙ্গে নারীদের ওপর একহাত নিতেও কসুর করেননি। কিন্তু কেউ দেশের মোট সম্পদের ওপর নারীর কত ভাগ হিস্যা আছে, সে সম্পর্কে একটি কথাও বলেননি।

প্রসঙ্গক্রমে আমরা জাতীয় সংসদে নারীর জন্য আসন সংরক্ষিত না করে সমান সুযোগ দেওয়ার কথা বলেছি। কোটা হিসেবে নয়। আমরা এমন সমাজ তৈরি করতে চাই, যেখানে কোটার প্রয়োজন হবে না, নিজের যোগ্যতায়ই নারী সব ক্ষেত্রে নিজের সমান হিস্যা আদায় করে নিতে পারবেন। বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক ও রাজনৈতিক কাঠামোয় বিষয়টি কারও কারও কাছে অবাস্তব মনে হতে পারে। ভবিষ্যতে যে সেটি বাস্তব রূপ নেবে না, তা কে বলতে পারে। যাঁরা সংসদের নারীর অর্ধেক আসনের কথা শুনে ভিরমি খাচ্ছেন, তাঁদের কাছে কয়েকটি উদাহরণ তুলে ধরছি।

বর্তমানে রুয়ান্ডায় ৬১ দশমিক ৩ শতাংশ আসন নারীদের দখলে। এরপর যথাক্রমে বলিভিয়ায় ৫৩ দশমিক ১ শতাংশ, কিউবায় ৪৮ দশমিক ৯, সিসিলিতে ৪৩ দশমিক ৮, সুইডেনে ৪৩ দশমিক ৬, সেনেগালে ৪২ দশমিক ৭, দক্ষিণ আফ্রিকায় ৪১ দশমিক ৯, ইকুয়েডরে ৪১ দশমিক ৬, ফিনল্যান্ডে ৪১ দশমিক ৫ ও আইসল্যান্ডে ৪৭ দশমিক ৬ শতাংশ নারী আসন আছে।

এর সব কটিই উন্নত দেশ নয়। আমাদের মতো উন্নয়নশীল দেশও আছে। এসব দেশে যদি অর্ধেক বা অর্ধেকের কাছাকাছি আসন নারীরা পেতে পারেন, বাংলাদেশে কেন পারবে না?

সংরক্ষিত আসনের নারী সদস্যদের কী চোখে দেখা হয়, তার একটি প্রকৃষ্ট উদাহরণ হবিগঞ্জের সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। তিনি সরকারি কর্মসূচিতে যোগ দিতে গিয়ে নিজের দল আওয়ামী লীগেরই নেতা-কর্মীদের হামলার শিকার হন। বেদে পরিবারের ২১ জন সদস্যের হাতে অনুদানের চেক দিতে গিয়েছিলেন তিনি। এর আগে উপজেলা ক্রীড়া কমপ্লেক্স উদ্বোধন করতে গিয়েও তাঁকে বাধার সম্মুখীন হতে হয়েছিল। তাঁর এলাকার পুরুষ সাংসদ জাতীয় পার্টির। আওয়ামী লীগের নেতা-কর্মীদের আওয়ামী লীগের সাংসদের সঙ্গেই থাকার কথা। কিন্তু পুরুষতন্ত্রে আওয়ামী লীগ-জাতীয় পার্টি এককাট্টা। এ বিষয়ে পরে বলছি। তার আগে পাঠকের মন্তব্য নিয়ে দুটি কথা। প্রথম আলোর অনলাইনে মোট ৫৪টি মন্তব্য দেখলাম। অনেকে নাম প্রকাশে অনিচ্ছুক। এখানে কয়েকটি মন্তব্য তুলে ধরছি:

মন্তব্য: ১. পুরো সংসদ ভবনই যদি নারীদের দেওয়া হয়, তাতেও কি নারীরা গর্বিত হবেন? হওয়া উচিত না। দান গ্রহণ করা গর্বের বিষয় না।
মন্তব্য: ২. আমাদের দেশের লোকেদের তো আর মাথা খারাপ হয়নি যে অর্ধেক আসন নারীদের জন্য সংরক্ষণ করবে।
মন্তব্য: ৩. দরদটায় কিছু কম পড়ে গেল না? ১৫০ কেন? পুরোটাই করে দিন না, গিনেস বুকে স্থান লাভ হয়ে যাবে। আর সেই সঙ্গে অর্ধপূর্ণ ‘সুলতানার স্বপ্নটা’ও পুরো হয়ে যাবে; আর কে জানে ভুলে ভালে হয়তো কিছুটা প্রাপ্তি লাভ ও...।
মন্তব্য: ৪. মনে রাখবেন, এভাবে চলতে থাকলে পুরুষ কোটা লাগবে খুব শিগগির।
মন্তব্য: ৫. না, এটা করা পুরুষ জাতির জন্য হুমকি।
মন্তব্য: ৬. নারী এখন আর আগের নারী নেই, 10G গতিতে পুরুষকে ছাড়িয়ে যাচ্ছেন।
মন্তব্য: ৭. ধরুন বাংলাদেশে ১০টি পদে কর্ম খালি আছে এবং বেকার যুবক আছে ১০ জন। এই ১০টি পদে যদি ৫ জন বেকার যুবক ও ৫ জন নারী নিয়োগ দেয়া হয়। তাহলে কিন্তু ৫ জন বেকার যুবক বেকার থেকেই গেল। হ্যাঁ, আপনারা বলতে পারেন, ১০টা পদই যদি ছেলেদের দেওয়া হয়, তাহলে তো ১০ নারীই বেকার থাকল। কিন্তু ভাই, এটা কি জানেন, ১০ জন বেকার নারীর দ্বারা সমাজের যে ক্ষতি হতে পারে, তার চেয়ে ৫ জন বেকার যুবকের দ্বারা কয়েক গুণ বেশি পরিমাণে ক্ষতি হতে পারে, অর্থাৎ অসামাজিক কর্মকাণ্ড বেশি সংগঠিত হতে পারে। তাই বলছি, ভাই, নারীদের সুযোগ দেন সমস্যা নেই, বাট আগে বেকার যুবকদের নষ্ট হওয়া থেকে ফেরানোর জন্য যোগ্যতা অনুসারে ছোট্ট হলেও কর্মের ব্যবস্থা করে তারপর নারীদের সুযোগ দেন। নইলে ভাই সমাজ আরও নষ্ট হয়ে যাবে।
মন্তব্য: ৮. সংসদের অর্ধেক আসন কেন? পুরোটা দিলেই তো ভালো হয়। সঙ্গে বড় বড় স্ক্রিনের কয়েকটা টিভি আর ইন্ডিয়ান কিছু চ্যানেল। আপ্যায়নের ব্যবস্থা তো থাকবেই। ষোলোকলা পূর্ণ হয় আরকি!
মন্তব্য: ৯. নারীনেত্রীদের অধীনে Sycophancy বা চাটুকারিতার প্রবর্তন ও প্রচলন প্রচণ্ডভাবে মাথাচাড়া দেয়, এটা একটি বহুল প্রমাণিত সত্য।
মন্তব্য: ১০. নারীর মেধা থাকলে কোটা বাদ দিয়ে নির্বাচিত হয়েই আসুক দেখি। কোটাই দেশটাকে পেছনে নিয়ে গেল। কী হয় এই সংরক্ষিত মহিলা এমপি দিয়ে? যোগ্যতা থাকলে ৫০% কেন, ১০০%-এও কোনো সমস্যা নেই। সুবিধাবঞ্চিত স্বল্পসংখ্যক লোকের জন্য কোটা এককথা, কিন্তু দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জন্য ৫০% কোঠা একটা হাস্যকর প্রস্তাব।

তবে ব্যতিক্রমী ও আশাবাদী মন্তব্যও করেছেন কোনো কোনো পাঠক। একজন লিখেছেন: নারীদের নিরাপদ চলাচলের ব্যবস্থা করতে পারলে এবং চলার পথে, অফিসে নারীদের উপযোগী টয়লেটের ব্যবস্থা করতে পারলে নারীরা আরও বেশিসংখ্যায় বাইরে বের হতে পারবেন।

আরেকজন লিখেছেন: কমেন্টগুলো পড়লেই বোঝা যায়, এদের মনমানসিকতা কতটা নিচু। অধিকাংশের আবার নাম প্রকাশে অনিচ্ছুক! এরা কখনোই বুঝবে না যে এই কোটা নারীদের কতটা এগিয়ে নিয়ে যাচ্ছে। এই কোটা কিন্তু সাময়িক একটা সিস্টেম। মেয়েদের যেদিন পূর্ণাঙ্গ সুযোগ-সুবিধা দিতে পারবেন জন্ম থেকে, সেদিন আর এই কোটা প্রয়োজন হবে না। সঙ্গে আরেকটি কথা বলে রাখি, ছেলেরা আজকাল পড়াশোনায় যেভাবে অমনোযোগী হয়ে পড়ছে, তাতে করে একসময় পুরুষ কোটা অবশ্যই রাখতে হবে।

আমরা নারী বা পুরুষ কোনো কোটার পক্ষে নই। কিন্তু তার আগে প্রতিযোগিতার সমান সুযোগ তৈরি করতে হবে। নারীর ক্ষেত্রে কোনো বৈষম্য করা যাবে না। আগে বিশ্ববিদ্যালয়গুলোতে সান্ধ্য আইন চালু ছিল। মেয়েরা আন্দোলন করে সেই আইন বাতিল করতে বাধ্য করেছেন। কিন্তু এখন তো ছাত্রলীগের একশ্রেণির নেতা-কর্মী নিজ নিজ এলাকায় অঘোষিত ‘সান্ধ্য আইন’ জারি করে দিয়েছেন। মেয়েরা ঘর থেকেই বের হতে সাহস পাচ্ছেন না। শরীয়তপুর ও পাথরঘাটায় কী করেছেন তাঁরা? এই দুর্বৃত্তদের কাউকে পুলিশ খুঁজে পাচ্ছে না। আবার কেউ আদালতে গিয়ে অপরাধ স্বীকার করছেন। যে দেশের পুলিশ দুর্ধর্ষ জঙ্গিদের ধরতে পারছে, সে দেশের পুলিশ ইউনিয়ন পর্যায়ের এক ছাত্রলীগ নেতাকে খুঁজে পাচ্ছে না! আর ছাত্রলীগ নেতৃত্ব তাঁকে বহিষ্কার করেই দায়িত্ব শেষ করেছে। এর আগে সিলেটে খাদিজার ওপর হামলাকারীকেও ছাত্রলীগ বহিষ্কার করেছিল। কিন্তু সংগঠনে এ ধরনের খুনি-ধর্ষক কীভাবে জায়গা পায়, সেই প্রশ্ন নিজেদের করেন না।

ছাত্রলীগ-যুবলীগের মাস্তান বাহিনীর হাতে কেবল সাধারণ মানুষ নন, নাজেহাল হচ্ছেন নারী সাংসদও। হবিগঞ্জের বাহুবল উপজেলার তিতারকোনা বেদেপল্লিতে দরিদ্র বেদেদের আর্থিক সহায়তার জন্য অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা সমাজসেবা অফিস। এতে প্রধান অতিথি ছিলেন আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। বাহুবল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তারা মিয়া এটি মানতে পারেননি। সাংসদ কেয়া চৌধুরী বেদেপল্লিতে যাওয়ামাত্রই উপজেলা ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে একদল লোক তাঁর ওপর এ আক্রমণ করে। আহত অবস্থায় কেয়া চৌধুরীকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু প্রশাসন বা ক্ষমতাসীন দলটি দুর্বৃত্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে বলে জানা নেই।

যে দেশে একজন নারী সাংসদ নিজ দলের কর্মীদের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত ও অপমানিত হন, সে দেশে নারীকে নিজের যোগ্যতায় নির্বাচিত হয়ে আসার কথা হাস্যকরই বটে। আসলে এই লেখাটি তাদের জন্য, যারা নারীর সমঅধিকারে বিশ্বাসী নয়।

সোহরাব হাসান: কবি, সাংবাদিক।
[email protected]