তাঁর বিপ্লবের রেশ রয়ে যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিদেল কাস্ত্রো
ফিদেল কাস্ত্রো

নতুন বুদ্ধি বের করতে কিউবার মানুষেরা খুবই পারদর্শী। তাঁরা ছোট পুঁজি নিয়ে সম্মানের সঙ্গে ব্যবসা করতে পারেন। কিন্তু তাঁরা পরিস্থিতিটা আরও আয়াসসাধ্য করতে চান। ২০ বছরের তরুণ মিগুয়েল আমাদের বলেছিলেন, ‘আমরা ভালো জিনিস কিনতে চাই, আপনারা যেমন নিজেদের দেশে কেনেন।’

কাস্ত্রো মনে করতেন, কিউবার মানুষের এই দুঃখ-কষ্টের কারণ হচ্ছে মার্কিন নিষেধাজ্ঞা। দীর্ঘদিনের এই শত্রুতামূলক নিষেধাজ্ঞার কারণে দেশটির প্রভূত ক্ষতি হয়েছে। তবে অধিকাংশ বিশ্লেষক ও কিউবার বিপুল মানুষ মনে করেন, জোড়াতালি লাগানো কেন্দ্রীয় পরিকল্পনা ও কঠোর নিয়ন্ত্রণ অধিকতর বিপর্যয় বয়ে এনেছে। তবে দেশটিতে সর্বজনীন ও নিখরচার শিক্ষা থাকার কারণে তার সাক্ষরতা বিশ্বমানের, মানুষের গড় আয়ুও অনেক। কমানদান্তে এটা নিশ্চিত করেছেন যে, রাষ্ট্র যেন সবচেয়ে গরিব মানুষটির কাছেও যেতে পারে, লাতিন আমেরিকার অনেক দেশই যা করতে পারেনি।

জীবনের শেষ দশকটি তিনি একরকম লোকচক্ষুর আড়ালে থাকলেও কাস্ত্রো মানুষের হৃদয়ে ও মনে স্থান করে নিয়েছেন। শেষ দিকে তিনি ক্রমাগত অশক্ত হয়েছেন। এ সময়টা তিনি মূলত বাগান করেছেন। এ ছাড়া যখন তাঁর মৃত্যুর গুজব রটেছে, তখন তিনি রাষ্ট্রীয় পত্রিকা গ্রানমার নতুন সংখ্যা হাতে নিয়ে ছবি তুলেছেন। মাঝেমধ্যে কলাম লিখেছেন তিনি, এমনকি কখনো কখনো কিউবার বাজার অর্থনীতিতে প্রবেশ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নের কঠোর সমালোচনাও করেছেন। কিন্তু ফিদেলের প্রভাব যে কমে আসছিল, তা দৃশ্যমান ছিল।

হাভানাভিত্তিক এক কূটনীতিক বলেছেন, ‘ফিদেল বহুদিন ধরে একজন প্রভাবশালী চরিত্র ছিলেন, কিন্তু রাউল সিদ্ধান্ত নিতে পারেন।’ ফিদেলের মৃত্যুর যত না রাজনৈতিক তাৎপর্য, তার চেয়ে প্রতীকী তাৎপর্য বেশি। তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, ‘তাঁর উপস্থিতি কি সংস্কারের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল?’ তিনি উত্তর দিয়েছিলেন, সম্ভবত। তরুণদের ওপর এর প্রভাব পড়তে পারে, কিন্তু তাঁর মৃত্যুর পর দেশটিতে বড় রাজনৈতিক পরিবর্তন আসবে না। তবে রাউলের মৃত্যু আরও তাৎপর্যময় হতে পারে। কারণ, তিনি সংস্কারের পথে হাঁটছেন। মনে রাখা দরকার, কিউবায় িকন্তু সংস্কার শুরু হয়ে গেছে।  

২০১০ সালে রাউল অর্থনীতির যে আধুনিকায়ন পরিকল্পনা হাতে নেন, তার ফলে ১০ লাখ মানুষ চাকরি হারায়। এর সঙ্গে ছোট ব্যবসা যেমন পারিবারিক রেস্তোরাঁ ও পারিবারিক হোটেলের অনুমতি দেওয়া হয়। কৃষকদের বেশি স্বাধীনতা দেওয়া হয়েছে। খাদ্য উৎপাদন বাড়ানোর জন্য তাঁদের প্রণোদনা দেওয়া হয়েছে। সরকার বিদেশ ভ্রমণের ওপর কড়াকড়ি শিথিল করেছে, বেতনের সীমা বাড়িয়েছে; একই সঙ্গে গাড়ি বিক্রির ওপর নিয়ন্ত্রণ শিথিল করে বিদেশি সহযোগীদের সঙ্গে মুক্ত বাণিজ্য জোন গড়ে তুলেছে। তবে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে কূটনীতিতে, সরকার যেমন একদিকে ভ্যাটিকানের সঙ্গে সম্পর্কোন্নয়ন করেছে, তেমনি যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক চুক্তি করেছে।

কিন্তু এটাও মনে রাখতে হবে, এই দেশটি ফিদেল কাস্ত্রোর হাতে গড়ে ওঠা। রেভল্যুশন স্কয়ারের মার্বেল পাথরের সিঁড়িতে পা রাখুন বা ফিদেল যেখানে দাঁড়িয়ে লাখ লাখ মানুষের সামনে দীর্ঘ বক্তৃতা দিতেন সেখানে দাঁড়ান, দেখবেন, বিপ্লব এই দেশটাকে কতটা বদলে দিয়েছে।

তবে বিপ্লবের পর ফিদেল সারা পৃথিবীতে জনপ্রিয়তা পেলেও নিজ দেশে সরকার পরিচালনা শুরু করার পর তিনি অতটা জনপ্রিয় ছিলেন না। সম্পদ আত্তীকরণ, ধর্মীয় বিধিনিষেধ, সন্দেহভাজন শত্রুদের ওপর হামলে পড়া—এসব কারণে অনেকেই তাঁকে ঘৃণা করত, বিশেষ করে আগের মধ্যবিত্ত শ্রেণি।

দেশটিতে পরিবর্তন আসছে, তা ঠিক। কিন্তু কিউবা এখনো ভেনেজুয়েলারই কাছাকাছি থাকবে, যুক্তরাষ্ট্রের নয়। কিন্তু এটাও পরিষ্কার, সে ফিদেলের জমানা থেকে বেরিয়ে আসছে, ক্ষতি পুষিয়ে নিচ্ছে। এমন একসময় ছিল, যখন দেশটির মানুষ রাস্তায় গোপনে সালভাদর আয়েন্দের উদ্ধৃতিসংবলিত ফলক লাগিয়েছিল: ‘তরুণ বয়সে কেউ বিপ্লবী হবে না, তা হতে পারে না। ব্যাপারটা জৈবিক, তরুণ বয়সে বিপ্লবী হতেই হবে।’

কথা হচ্ছে, সেই সময় কিন্তু আর নেই।  

ব্রিটেনের দৈনিক দ্য গার্ডিয়ানথেকে নেওয়া।

রোরি ক্যারল: দ্য গার্ডিয়ান-এর লস অ্যাঞ্জেলেসভিত্তিক পশ্চিম উপকূলের প্রতিনিধি।

জোনাথন ওয়াটস: দ্য গার্ডিয়ান-এর লাতিন আমেরিকা প্রতিনিধি।

অনুবাদ: প্রতীক বর্ধন।