তাণ্ডবতন্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাণ্ডব শব্দটির অর্থ উদ্দাম নৃত্য, তণ্ডু মুনি এই নৃত্যের আবিষ্কর্তা হলেও এখন বাংলাদেশের রাজনীতিতে নেতা-নেত্রীরা সবাই ভয়ংকর সব তাণ্ডব দেখিয়ে চলেছেন। কেউই নৃত্য বা খেলার নিয়মকানুন মানছেন না।সাম্প্রতিক বাংলাদেশে যেসব কাণ্ড ঘটে চলেছে, তাকে তাণ্ডব বা বিশৃঙ্খলা বললে কম বলা হয়। এটিকে আখ্যায়িত করা যায় মহাতাণ্ডব বা মহাবিশৃঙ্খলা নামে। বিগ ব্যাং বা বিশাল বিস্ফোরণ থেকে নাকি বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি। কিন্তু মাস কয়েক ধরে বাংলাদেশে যে বিশাল বিস্ফোরণ ঘটে চলেছে, তার থেকে কী সৃষ্টি হয়, গণতন্ত্র না ধ্বংসতন্ত্র, সেটাই দেখার বিষয়। ইতিমধ্যে ৭০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, যানবাহন, ট্রেন পুড়িয়ে দেওয়া হয়েছে, সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দির জ্বালিয়ে দেওয়া হয়েছে। আরও কত প্রাণ যাবে! দেশের মানুষ দেখবে আর কত খাণ্ডবদাহন?বাংলাদেশের রাজনীতির মূল সমস্যা হলো, কেউ হারার জন্য প্রস্তুত নয়। সবাই জিততে চায়, ছলে বলে কলে কৌশলে নয়, একেবারে জবরদস্তি করে। এই জবরদস্তির জন্য যেমন এক দিন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এসেছিল, তেমনি সেই জবরদস্তির জন্য তত্ত্বাবধায়কব্যবস্থা ২০০৬-০৭ সালে অকার্যকর হয়ে পড়েছিল। আবার ২০১১ সালে আরেক জবরদস্তির মাধ্যমে তা বাতিলও করা হলো। যাঁর যখন খুশি, তাঁর সুবিধামতো সংবিধান ব্যবহার করেন। আইন বদলান। কিন্তু নিজেদের বদলানোর চেষ্টা করেন না। নির্বাচন হবে আট-দশ মাস পর। কিন্তু এই মুহূর্তে দেশজুড়ে যে মহাতাণ্ডব চলছে, তার সঙ্গে সেই নির্বাচনের ক্ষীণ যোগসূত্র থাকলেও নিগূঢ় সম্পর্ক হলো যুদ্ধাপরাধের বিচারের। এই বিচারটি স্বাধীনতার পরই শেষ করতে পারলে হয়তো জাতিকে এত দুর্ভোগ পোহাতে হতো না, এ নিয়ে এত বিভক্তি দেখা দিত না। সেদিন বিজয়ী দল অপরাধীদের বিচারের চেয়ে ‘যুদ্ধ শেষের প্রাপ্য’ নিয়ে বেশি ব্যস্ত ছিল, যদিও তারা দালাল আইনের আওতায় একটি বিচার-প্রক্রিয়া শুরু করেছিল। কিন্তু পঁচাত্তরের রাজনৈতিক পটপরিবর্তন সবকিছু এলোমেলো করে দেয়। আজ যাঁরা যুদ্ধাপরাধের বিচারের দাবিতে সোচ্চার, তাঁদের একাংশ সেদিন যুদ্ধাপরাধীদের চেয়েও ‘রুশ-ভারতের দালালদের’ দেশ ও জাতির বড় শত্রু মনে করতেন। আসলে ১৫ আগস্টের ট্র্যাজেডি যে কেবল ক্ষমতার পরিবর্তন ছিল না, ছিল একাত্তরের বিপরীতে সাতচল্লিশকে পুনঃস্থাপনের চেষ্টা, সেটি আমাদের প্রগতিশীল রাজনীতিক ও বুদ্ধিজীবীদের একাংশ অনুধাবনে ব্যর্থ হয়েছেন। যখন করেছেন, তখন একাত্তরের পরাজিত শক্তি কেবল একটি রাজনৈতিক সংঘ হিসেবে আবির্ভূত হয়নি, সমাজ-অর্থনীতিতেও তাঁরা শক্ত ভিত তৈরি করে নিয়েছেন। যাঁরা ওই শক্তির বিরুদ্ধে সর্বাত্মক লড়াই চালিয়ে যেতে চাইছেন, এই বিষয়টি তাঁদের মাথায় রাখা জরুরি। লড়াইটা আসলে দীর্ঘস্থায়ী।অনেকে মনে করছেন, সরকার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা মেনে নিলেই সব রাজনৈতিক প্রশ্নের মীমাংসা হয়ে যাবে। একাত্তর ও সাতচল্লিশের দ্বন্দ্ব মিটে যাবে। আসলে বিষয়টি এত সহজ নয়। তত্ত্বাবধায়ক প্রশ্নটি মূল হলে জামায়াতে ইসলামী বিএনপির অনুসারী হতো, এখন তো বিএনপিই জামায়াতের পথে হাঁটছে। তাদের শক্তির ওপর ভরসা করেই বিএনপি আন্দোলনের কর্মসূচি দিচ্ছে।এই যে দেশজুড়ে হত্যা, লুট, অগ্নিসংযোগ, সংখ্যালঘুদের ওপর হানা—সবই কি তত্ত্বাবধায়ক সরকারের জন্য? বিশ্বাস হয় না। তাহলে একটি মামলার রায় নিয়ে কেন দেশব্যাপী এই যে ‘অঘোষিত যুদ্ধ’, তার যুক্তি কী? কার বিরুদ্ধে তাদের আক্রোশ? ক্ষমতাসীন দল বা গোটা বাংলাদেশের?ক্ষমতার রাজনীতি এতটাই অন্ধ যে রাজনীতির কুশীলবেরা আক্রান্ত মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেয়ে তাদের নিয়ে রাজনীতি করতে বেশি উৎসাহী। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের পর এখন সরকার ও বিরোধী দল কাদা-ছোড়াছুড়িতে ব্যস্ত। একে অপরের বিরুদ্ধে রণহুঙ্কার ছাড়ছে। কিন্তু সন্ত্রাসী ও দুর্বৃত্তদের হাত থেকে অসহায় মানুষকে বাঁচাতে কাউকেই তেমন পদক্ষেপ নিতে দেখা যায়নি। অর্থনীতিবিদ বিনায়ক সেনের ভাষায় ‘অতিসংখ্যালঘুদের’ ওপর যে মহাতাণ্ডব চলল, বিরোধী দল তাদের রক্ষায় কিছু করেনি, রাজনীতির হিসাব-নিকাশের কারণে তারা কিছু করবে না তা জানা কথা। কিন্তু আওয়ামী লীগ তথা মহাজোট সরকারই বা কী করেছে? কজন মন্ত্রী-সাংসদ আক্রান্ত সংখ্যালঘু সম্প্রদায়ের এলাকায় গেছেন? গত সপ্তাহের লেখায় সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন করায় একজন মন্ত্রী সংক্ষুব্ধ কণ্ঠে জানালেন, তিনি তাঁর এলাকায় গেছেন এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে ত্রাণসামগ্রীও বিতরণ করেছেন। তাঁকে পাল্টা জিজ্ঞাসা করলাম, তিনি গিয়েছেন, খুবই ভালো কথা। কিন্তু জামায়াত-শিবিরের দ্বারা আক্রান্ত সাতক্ষীরা, রাজশাহী, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট, দিনাজপুর, রংপুর, সাতকানিয়া, বাঁশখালীতে কোন কোন মন্ত্রী ও সাংসদ গেছেন, জানাবেন কি? সেই প্রশ্নের উত্তর মেলেনি। মিলবে না। সরকারে থাকলে অনেকেই অন্ধ হয়ে যান, অনেকেই সমালোচনা শুনতে চান না, আবার বিরোধী দলে গেলে তাঁরা বিনয়ের অবতার হন। রাজনীতির নামে এই কপটতা কত দিন চলবে?যেকোনো রাজনৈতিক দুর্যোগে সংখ্যালঘু ব্যক্তিরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়। পাকিস্তান ভেঙে আমরা বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি এবং সেই বাংলাদেশও ৪২ বছর পার করেছে। কিন্তু আমাদের মনের গভীরে সেই পাকিস্তানি মানসিকতাই রয়ে গেছে। ‘এ আমার পাপ, এ তোমার পাপ’। এ আমাদের সম্মিলিত ব্যর্থতা। এ রাজনীতির ব্যর্থতা, নেতা-নেত্রীদের দায়হীনতা। বাংলাদেশ পৃথিবীর একক জাতিসত্তার দেশ, যে দেশের ৯৯ ভাগ মানুষ একই ভাষায় কথা বলে, একই নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর। তাদের মধ্যে কেন এত সংঘাত-সংঘর্ষ হবে? এত শত্রুতা জিইয়ে রাখা হবে? চীনে একসময় আফিম খাইয়ে মানুষকে ঘুম পাড়িয়ে রাখা হতো। এখন দলীয় ও সংকীর্ণ রাজনীতি এবং সাম্প্রদায়িকতার আফিমে মানুষকে ঘুম পাড়িয়ে রাখা হচ্ছে। এ থেকে বেরিয়ে আসার পথ খুঁজবেন যে রাজনীতিকেরা, বুদ্ধিজীবীরা, তাঁরাই পথহারা।আমরা আক্রমণ ঠেকাই না। আক্রান্ত মানুষগুলোকে বাঁচাতে এগিয়ে যাই না। আক্রমণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আগ্রহ দেখাই না। অন্যের ওপর সব দোষ চাপিয়ে নিজে সাধু সাজার চেষ্টা করি। সংখ্যালঘু সম্প্রদায়কে দেখা হয় কেবলই ভোটার হিসেবে। ২০০১ সালের নির্বাচনোত্তর দাঙ্গার পর গাজীপুরের একটি আক্রান্ত এলাকায় গেলে সংখ্যালঘু একজন বৃদ্ধা আমাদের কাছে অনুনয় করে বলেছিলেন, ‘বাবা, ভোটার তালিকা থেকে আমাদের নামটি কেটে দাও। তাহলে আমরা বাপ-দাদার ভিটায় থাকতে পারব।’ ২০০১ থেকে ২০১৩। এই ১২ বছরেও পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি।যেসব এলাকায় জামায়াত-শিবিরের শক্ত অবস্থান আছে, সেসব স্থানে তারা তাণ্ডব চালিয়েছে। প্রাণহানি ঘটিয়েছে। পুলিশের ওপর আক্রমণ চালিয়েছে। পুলিশ ফাঁড়িতে আগুন দিয়েছে, সাঈদীর ছবি চাঁদে উঠিয়েছে। এসবের একটাই উদ্দেশ্য, যুদ্ধাপরাধীর বিচার বন্ধ করা। রায় বাতিল করা। অর্থাৎ তারা আইন মানবে না, আদালত মানবে না। যে সরকার জামায়াত-শিবিরের আক্রমণ থেকে নিজের দলের মানুষ ও পুলিশকে রক্ষা করতে পারে না, তারা কীভাবে সাধারণ মানুষের জানমাল রক্ষা করবে? নিরাপত্তা দেবে?বাংলাদেশে এখন সবাই তাণ্ডব চালাচ্ছে। সংখ্যালঘুদের ওপর তাণ্ডব চালাচ্ছে সংখ্যাগুরুরা। সরকার তাণ্ডব চালাচ্ছে বিরোধী দলের ওপর। বিরোধী দল তাণ্ডব চালাচ্ছে সাধারণ মানুষের ওপর হরতাল করে, গাড়ি ভাঙচুর করে। ছাত্রলীগ তাণ্ডব চালাচ্ছে ক্যাম্পাসে, সাধারণ ছাত্রছাত্রীদের ওপর। প্রশাসন তাণ্ডব চালাচ্ছে সেবাপ্রার্থীদের ওপর। যে দল যেখানে শক্তিমান, সেখানেই তাণ্ডব চালাচ্ছে। এসব তাণ্ডবের শিকার হচ্ছে সাধারণ মানুষ। নারায়ণগঞ্জে খুন হয়েছে তানভীর মুহাম্মদ ত্বকী, ঢাকায় খুন হলেন রাজীব, মিনহাজ। কেউ বলেছেন তিন খুন এক সূত্রে গাঁথা। কেউ বলছেন সূত্র ভিন্ন। ঘাতকের চরিত্র ভিন্ন। রাজীবের ঘাতকেরা ধরা পড়েছে। এখন সরকারের দায়িত্ব মিনহাজ ও ত্বকীর খুনিদের ধরা। যদি পারে আমরা বাহবা দেব, যদি না পারে মানুষ গুঞ্জনকেই সত্য ধরে নেবে। চুনোপুঁটি অপরাধীরা ধরা পড়লেও রাঘববোয়ালেরা ধরাছোঁয়ার বাইরেই থেকে যায়।সারা দেশে জামায়াত-শিবির তাণ্ডব চালাচ্ছে। বিএনপি হরতালের নামে জনগণের ওপর তাণ্ডব চালাচ্ছে। আর সরকার বিএনপি অফিসে তাণ্ডব চালিয়ে বলছে, ২০০৪ সালে বিএনপির পুলিশও একইভাবে তাণ্ডব চালিয়েছিল। তাহলে আমরা কতটা এগোলাম? গণতন্ত্র কতখানি বিকশিত হলো? ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এলে ফের আওয়ামী লীগ অফিসে তাণ্ডব চলবে। আবার সেই তাণ্ডবের প্রতিবাদে আওয়ামী লীগ জনগণের ওপর হরতাল নামক আরেকটি তাণ্ডব চাপিয়ে দেবে। নেতা-নেত্রীরা এভাবে গণতন্ত্রের নামে যা চালাচ্ছেন, তার নাম তাণ্ডবতন্ত্র। এটিই কি বাংলাদেশের মানুষের ভবিতব্য? তবে এই তাণ্ডবেরও রকমফের আছে। প্রতিপক্ষের হানায় যে তাণ্ডব চলে, তার প্রতিবাদ করা চলে, প্রতিকার চাওয়া যায়। কিন্তু নিজের দল বা গোষ্ঠীর ওপর যে তাণ্ডব চালানো হয়, তা শোধরানোর উপায় থাকে না। যেমন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে নিজেদের প্যানেলটি যাতে জয়ী হতে না পারে, সে জন্য আওয়ামী-সমর্থক আইনজীবী নেতা-নেত্রীরা তাণ্ডব চালিয়েছেন। এর নাম হলো আত্মঘাতী তাণ্ডব। তাণ্ডবতন্ত্রেরই জয় হোক।সোহরাব হাসান: কবি, সাংবাদিক। [email protected]