গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রংপুর চিনিকলের বাগদা ফার্মের অধিভুক্ত জমির মালিকানা দাবি করে কয়েক হাজার সাঁওতাল-বাঙালি মিলে সেই জমিতে বাড়ি করে বসবাস শুরু করেছিল। সেই আবাসন উচ্ছেদ করার সময় গত ৬ নভেম্বর পুলিশের গুলিতে তিনজন সাঁওতাল মারা যায়। সব বাড়িঘর আগুনে পুড়িয়ে দেওয়া হয়। তখন বসতিহীন কয়েক হাজার মানুষ আশ্রয় নিয়েছিল পার্শ্ববর্তী মাদারপুর গ্রামে গির্জার মাঠে।
৯ নভেম্বর যখন তাদের দেখি, তখন তাদের ঘুমানোর জায়গা, গোসলের ব্যবস্থা কিছুই ছিল না। এমনকি পরনের পোশাকটুকু ছাড়া আর কোনো পোশাকও ছিল না। অকস্মাৎ তাদের বাড়ি পুড়িয়ে দেওয়ায় সব হারিয়ে করুণ আহাজারিতে সে সময় ভারী হয়ে উঠেছিল সেখানকার পরিবেশ। অনেকেই কাঁদতে কাঁদতে সাহায্য চাচ্ছিল।
১৯ মার্চ আবারও গিয়েছিলাম ওই এলাকায়। এর মধ্যে প্রায় সাড়ে চার মাস পেরিয়ে গেছে। এ সময় ঘটনার অনেক ডালপালা ছড়িয়েছে। ভিডিও চিত্রে দেখা গেছে, পুলিশ তাদের বাড়িতে আগুন দিচ্ছে। পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। আটক সাঁওতালদের জামিনের ব্যবস্থা হয়েছে। সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করেছে। গণমাধ্যমে এ ঘটনা অনেক আলোচিত হয়েছে। কিন্তু উচ্ছেদ হওয়া কয়েক হাজার মানুষের ভাগ্যের কোনো উন্নতি হয়নি। বরং তাদের মানবেতর জীবন আরও ভয়াবহ রূপ নিয়েছে।
ছোট ছোট তাঁবু টানিয়ে একেকটি পরিবার জীবন যাপন করছে। কোনো কোনো তাঁবু আট ফুট বাই পাঁচ ফুট। ওই একটুখানি তাঁবুর মধ্যে স্ত্রী-সন্তান, রান্নার প্রয়োজনীয় সবকিছুই। মাটির ওপর বিছানা পাতা। ভাত খেতে দেখলাম কাউকে কাউকে। কেউ শুধু আলুভাজি, কেউ শুধু শিমভাজি দিয়ে ভাত খাচ্ছে। তাদের অনেকেই এখন তিন বেলা খেতে পায় না। একটি তাঁবুর সামনে দেখলাম ঝড়ে ভেঙে যাওয়া কলাগাছ থেকে কলা নিয়ে এসেছে সেদ্ধ করে খাওয়ার জন্য। অনেক শিশু দেখলাম। দেশের আর কোথাও এ রকম অপুষ্ট শিশু দেখা যাবে না। অনেক শিশুর বুকের হাড় দেখা যাচ্ছে এবং পেট বড় বড়। বাড়ি পুড়ে যাওয়া ছিন্নমূল লোকজন পার্শ্ববর্তী কোথাও দিনমজুর হিসেবেও খাটতে পারছে না। এলাকার লোকজন অত্যাচার করে, এমনটাই অভিযোগ তাদের। ৬ নভেম্বর বুকে গুলি লেগেছিল বৃদ্ধ হপনা মুর্মুর। তিনি কোনোরকমে বাঁশ দিয়ে ডালা তৈরি করছেন। তিনি বলছিলেন, ৩০ থেকে ৪০ টাকা তাঁর দৈনিক আয়। এই দিয়ে চলতে হয় তাঁকে। কেউ কেউ দূরে কোথাও দিনমজুরের কাজ করতে গেছেন।
সরকারিভাবে তঁাদের পুনর্বাসনের ব্যবস্থার কথা বলতেই বানাবাস টুডু বললেন, ‘আমরা কেন পুন্নবাসনে (পুনর্বাসনে) যাব? আমরা তো ভূমিহীন লই। আমরা যাব না।’
গুলিতে নিহত তিনজনের একজন শ্যামল হেমব্রম। তাঁর বিধবা স্ত্রী সোনামণি কিসপাট্টা তাঁবুর পাশে আট বছরের ছেলে সনাতন হেমব্রকে নিয়ে বসে ছিলেন। তাঁকে উপার্জন করে খাওয়ানোর এখন কেউ নেই। আন্দোলনকারীরাই চাঁদা দিয়ে তাঁর খাওয়ার ব্যবস্থা করছেন। কিন্তু এভাবে কদিন চলবে তা তিনি জানেন না।
বসতি থেকে উৎখাত হওয়া সাঁওতাল ও বাঙালিরা গির্জার মাঠে, স্থানীয় সাঁওতালপল্লির বিভিন্নজনের বাড়ির উঠানে, আনাচকানাচে যেখানে যতটুকু জায়গা পেয়েছে, সেখানেই তাঁবু করে আছে। বাগদা ফার্ম-সংলগ্ন জয়পুর গ্রামে একটি নিচু জমি ২০ হাজার টাকায় কয়েক মাসের জন্য লিজ নিয়ে সেখানেও অনেকগুলো তাঁবু করা হয়েছে। সাহেবগঞ্জ-বাগদা ফার্ম আদিবাসী-বাঙালি ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান আলী প্রধান বলেন, ‘এখন সবচেয়ে বড় সমস্যা হইল ঝড়-বৃষ্টির মৌসুমে এতগুলো মানুষ কোথায় থাকবি? ২০ হাজার টাকায় নেওয়া জমিটা বৃষ্টির মৌসুমে পানিতে ডুবি যায়। গত রাতে আকাশে মেঘ দেখি খুব ভয় পাইছলাম।’
এসব তাঁবুর শিশুদের লেখাপড়ার কাজে এগিয়ে এসেছে গ্রাম পাঠাগার আন্দোলন। ভূমি উদ্ধার লড়াইয়ে জীবন দেওয়া তিনজনের নামে শ্যামল-মঙ্গল-রমেশ স্মৃতি বিদ্যানিকেতন নামের একটি স্কুল খোলা হয়েছে। এই স্কুলে যাঁরা পাঠদান করান, তাঁদের একজন সমর সরেন। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের রহনপুর উপজেলায়।
গত বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগ থেকে মাস্টার্স করেছেন। তিনি ৬ নভেম্বরের পরপরই ওই এলাকায় আসেন। তিনি বলেন, ‘ফার্মের ভেতরে স্কুলে বাচ্চারা যেতে পারে না। আমরা ১৫০ জন শিশুকে এখন পাঁচটি ক্লাসে ভাগ করে শেখাচ্ছি।’ স্কুল পরিচালনা করতে গিয়ে সমরকে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের অনেক বাধার মুখে পড়তে হয়েছে। স্কুলটির চালটুকু ছাড়া বেড়া-দরজা-জানালা করার টাকার ব্যবস্থা এখনো হয়নি।
মুঠোফোনে খবর নিয়ে জানলাম, কয়েক দিনের ঝড়ে তাদের তাঁবুগুলোর এখন লন্ডভন্ড অবস্থা। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা—মানুষের এই ন্যূনতম মৌলিক চাহিদাগুলো পূরণের যথাযথ ব্যবস্থা ওখানে নেই। জমি অধিগ্রহণের শর্ত অনুযায়ী জমিতে আখ চাষ করা না হলে সেই জমি ফিরে পাওয়া তাদের আইনি অধিকার বিবেচনা করে তারা অধিগ্রহণ করা জমিতে বাড়ি করেছিল। যদি সেই জমি থেকে তাদের উচ্ছেদ করার প্রয়োজন হতো, তারও আইনি প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। এখন বসতিহীন অবস্থায় তারা মানবেতর জীবন যাপন করছে। তাদের পাশে না আছে রাষ্ট্র, না বড় কোনো সংস্থা। তাদের পাশে রাষ্ট্র সর্বোচ্চ সহযোগিতা নিয়ে দাঁড়াবে, এটাই আমাদের প্রত্যাশা।
তুহিন ওয়াদুদ: শিক্ষক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।