২০৪১ সালের মধ্যে বাল্যবিবাহমুক্ত বাংলাদেশ গঠনে সরকারের অঙ্গীকারের সঙ্গে সহযোগী হিসেবে কাজ করছে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। প্রতিবারের মতো এবারও প্ল্যান ইন্টারন্যাশনাল যথাযথ গুরুত্বের সঙ্গে জাতীয় বাল্যবিবাহ প্রতিরোধ দিবস পালন করেছে।
বাল্যবিবাহের ফলে একটি মেয়ে শুধু পড়ালেখার সুযোগ থেকে বঞ্চিত হয় না, সে মৌলিক মানবাধিকার থেকেও বঞ্চিত হয়। শিক্ষা, সুস্বাস্থ্য, পুষ্টি, সুরক্ষা—কোনোটাই তার জীবনে নিশ্চিত হয় না। সে পারিবারিক সহিংসতার শিকার হতে পারে। নানা যৌন রোগের ঝুঁকিতে পড়তে পারে। ছোট বয়সে গর্ভধারণ করলে মা ও শিশু উভয়ের জীবনের ঝুঁকি থাকে। নবজাতক শিশু কম ওজন ও পুষ্টিহীনতায় ভুগতে পারে।
অন্যদিকে মেয়েটিকে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা করতে পারলে সে পড়ালেখার সুযোগ পায়, আত্মবিশ্বাসী ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পায়, বিভিন্ন পারিবারিক ও সামাজিক বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে, পরিবারের পাশে দাঁড়াতে পারে। সর্বোপরি, শিক্ষিত ও আত্মবিশ্বাসী মেয়ে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের কল্যাণে অবদান রাখতে পারে।
বাল্যবিবাহ প্রতিরোধে সরকারের বিভিন্ন ইতিবাচক কর্মসূচি, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশসহ বিভিন্ন এনজিওর প্রচেষ্টায় এখন তৃণমূল পর্যায়ে সচেতনতা সৃষ্টি হচ্ছে। অভিভাবকের পাশাপাশি এখন মেয়েরাই এগিয়ে আসছে বাল্যবিবাহ প্রতিরোধে। অনেক মেয়ে নিজ প্রচেষ্টায় বন্ধ করছে নিজের বিয়ে। তানিয়ার (ছদ্মনাম) গল্পটাও সে রকম।
দিনাজপুরের তানিয়া নিজ প্রচেষ্টায় তার বাল্যবিবাহ বন্ধ করতে পেরেছে। তার মতে, কোনো মেয়ে বাল্যবিবাহের শিকার হলে বা শিকার হওয়ার আশঙ্কা থাকলে ওই মেয়েকেই প্রথমে এগিয়ে আসতে হবে। তথ্যপ্রযুক্তির প্রসারের এই যুগে ইচ্ছা করলেই মেয়েরা এ ব্যাপারে অনেক জায়গা থেকে সহযোগিতা পেতে পারে। বাল্যবিবাহের আশঙ্কা দেখা দিলে মেয়েদের উচিত তার বিশ্বস্ত আত্মীয়, শিক্ষক, স্থানীয় এনজিও প্রতিনিধি, ইউনিয়ন পরিষদ প্রতিনিধি, মহিলাবিষয়ক কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সম্ভব হলে পুলিশের সঙ্গে যোগাযোগ করা।
তানিয়ার গল্পটা ভিন্ন হতে পারত। ১৪ বছরের এই কিশোরীর জীবনটা হতে পারত বাল্যবিবাহের শিকার আরও দশটি মেয়ের মতো কষ্টের। তার বাবার স্বল্প আয়ে পাঁচ সদস্যের পরিবারের খাবারের সংস্থান করা খুব কষ্টের ছিল। স্কুলে যাওয়া-আসার পথে মাঝেমধ্যে বখাটে ছেলেরা তাকে বিরক্ত করত। চারদিক থেকে বিয়ের প্রস্তাবও আসতে থাকল। বাড়ন্ত বয়সের মেয়েদের নিয়ে এমনিতেই বাবা-মা ভয়ে থাকেন, কখন কী হয়ে যায়! এদিকে প্রতিবেশীরা তানিয়ার বাবা-মাকে নানাভাবে প্ররোচিত করতে লাগল মেয়েকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য। ২০১৬ সালের জানুয়ারি মাসে তানিয়ার অজান্তেই তার বাবা-মা বিয়ে ঠিক করলেন।
তানিয়া যে স্কুলে পড়ে, সেই স্কুলে প্ল্যান ইন্টারন্যাশনাল ‘প্রটেক্টিং হিউম্যান রাইটস (পিএইচআর)’ প্রকল্প বাস্তবায়ন করছে। ইউএসএআইডির সহযোগিতায় বাস্তবায়িত এই প্রকল্পের মাধ্যমে বাল্যবিবাহ ও পারিবারিক সহিংসতা রোধে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব কার্যক্রমের মাধ্যমে স্কুলে স্কুলে ছাত্রছাত্রীদের বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতন করা হয়।
তানিয়া এই প্রকল্পের স্কুল কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করে। সেখান থেকে সে বাল্যবিবাহের কুফল ও বাল্যবিবাহ প্রতিরোধ করতে হলে কোথায় যেতে হবে, তা জেনেছে। এলাকার কারও বাল্যবিবাহের সংবাদ শুনলে এগিয়ে যায় প্রতিরোধের জন্য। তানিয়া বলে, ‘আমার ভাইরাও বড় হচ্ছে, তাদের বিয়ে নিয়ে তো কোনো কথা হচ্ছে না! তবে আমি কেন! আমাকেই কেন আত্মত্যাগ করতে হবে।’
বিয়ে বন্ধের বিষয়টি নিয়ে প্রথমে সে তার বাবা-মা ও বড় ভাইয়ের সঙ্গে আলোচনা করে। তানিয়া তাঁদের বোঝায়, তার বিয়ে হলে সে পড়ালেখার সুযোগ থেকে বঞ্চিত হবে। সে পারিবারিক সহিংসতার শিকার হতে পারে। সে জানায়, উচ্চশিক্ষিত হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা এবং বাবা-মাকে সাহায্য করা তার স্বপ্ন। কিন্তু তার পরিবার তাদের সিদ্ধান্তে অনড় ছিল।
তানিয়া নিজেই তার বিয়ে বন্ধ করার উদ্যোগ নেয়। সে তার এলাকার গ্রাম পুলিশ ও স্কুলের শিক্ষকদের জানায়। পাশাপাশি সে তাদের ইউনিয়ন পরিষদের প্রতিনিধিকেও ব্যাপারটা জানায়। স্কুলের কয়েকজন শিক্ষক, গ্রাম পুলিশ ও পিএইচআর প্রকল্পের কর্মী সবাই মিলে তানিয়াদের বাড়িতে যান এবং তার বাবা-মায়ের সঙ্গে কথা বলেন। তাঁরা বাল্যবিবাহের কুফল ও এর শাস্তি সম্পর্কে জানান এবং বিয়েটি বন্ধ করার জন্য তানিয়ার বাবা–মাকে অনুরোধ করেন। তানিয়ার বাবা-মা ১৮ বছর বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না বলে সবাইকে প্রতিশ্রুতি দেন।
সবার সামনে বিয়ে না দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তানিয়ার বাবা-মা গোপনে ঠিকই তার বিয়ের আয়োজন করতে লাগলেন। মেয়েকে অন্য এলাকায় নিয়ে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। তানিয়াকে তাঁরা স্কুলে যেতে নিষেধ করলেন। এদিকে কয়েক দিন স্কুলে না যাওয়ায় তার বান্ধবীরা দেখা করতে আসে। বান্ধবীদের কাছে সে পুরো ব্যাপারটি খুলে বলে এবং স্কুলের শিক্ষকদের ব্যাপারটি জানাতে বলে।
স্কুলের শিক্ষকেরা তানিয়ার পুনরায় বিয়ে দেওয়ার চেষ্টার ঘটনা জানতে পেরে এলাকার গণ্যমান্য ব্যক্তি, ইউনিয়ন পরিষদের প্রতিনিধি ও গ্রাম পুলিশ নিয়ে তাদের বাসায় হাজির হন। তানিয়ার বাবা-মাকে বলা হয়, ১৮ বছরের নিচে কোনো মেয়ের এবং ২১ বছরের নিচে কোনো ছেলের বিয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। সন্তানকে বাল্যবিবাহ দিলে আইন অনুযায়ী জেল ও জরিমানা হবে। তাঁদের বোঝানো হয়, শিক্ষিত মেয়ে পরিবার ও দেশের সম্পদ। সরকার বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মেয়েদের ক্ষমতায়িত করছে। মেয়েদের সংসারের বোঝা ভাবার কোনো সুযোগ নেই।
তানিয়ার বাবা-মা তাঁদের ভুল বুঝতে পারেন। তাঁরা তাঁদের মেয়েকে উচ্চশিক্ষিত হয়ে প্রতিষ্ঠিত হওয়ার আগে বিয়ে দেবেন না বলে
দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তানিয়া এখন নিয়মিত স্কুলে যাচ্ছে। আমরা স্বপ্ন দেখি, তানিয়ার গল্পটি হবে বাল্যবিবাহের শিকার হতে যাওয়া প্রত্যেক মেয়ের গল্প।
মাসুদ রানা: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফর মাস অ্যাওয়ারনেস অ্যান্ড কমিউনিকেশনস ‘প্রটেক্টিং হিউম্যান রাইটস (পিএইচআর)’ প্রজেক্ট, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।