তামাদি রাজনীতির বিষচক্র থেকে বেরোতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী যখন উত্তরোত্তর আত্মবিশ্বাসী হয়ে উঠছেন, তখন বিএনপির নেত্রীর চেহারায় দুশ্চিন্তার ভাবটা ঢাকা যাচ্ছে না। তাঁর আত্মবিশ্বাসের উৎস হতে পারতেন ভোটাররা, তাই ইদানীং কণ্ঠে জোর এনে তিনি সুষ্ঠু নির্বাচনের আওয়াজ তুলছেন। কিন্তু সেটা কীভাবে ঘটবে বা ঘটানো সম্ভব, তার কোনো পথ তাঁর ও তাঁর দলের জানা নেই। যে সহায়ক সরকারের কথা তাঁরা বলছেন, তা একে অস্পষ্ট, তার ওপর ধারণাটি বর্তমান বাস্তবতায় তামাদি হয়ে পড়েছে বলেই মনে হয়। আপাতত সনাতন পথে পশ্চিমা কূটনীতিক ও দাতা দেশের প্রতিনিধিদের এ বিষয়ে ওকালতির জন্য পাঠানো হচ্ছে। এ পথে অতীতে কাজ হয়নি, যদিও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা কিছু ব্যবস্থা নিয়ে বাংলাদেশের রপ্তানি আয়ে চাপ বাড়াতে পারে বলে আশঙ্কা ছিল। তবে পুঁজিবাদী দেশগুলো নিজেদের স্বার্থেই বেশি একটা চাপ দেবে না। তা ছাড়া বাংলাদেশের জন্য রাজনৈতিক-অর্থনৈতিক বিবেচনায় ভারত, চীন ও মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গুরুত্বপূর্ণ। শেখ হাসিনা এ ক্ষেত্রে এখনো সফল—সৌদি সরকারের সঙ্গে খালেদা জিয়ার সম্পর্ক ভালো থাকা সত্ত্বেও।

কিন্তু নির্বাচন তো এড়ানো যাবে না, তা নির্ধারিত সময়ের মধ্যেই সারতে হবে। সরকারের আচরণে ও নির্বাচন কমিশনের ভূমিকাতেও বোঝা যাচ্ছে, নির্বাচন যথাসময়েই হবে। এখন তাই জনগণের মধ্যে আলোচনার বিষয় হচ্ছে—নির্বাচনটা কেমন হবে। বিএনপি এবং নির্বাচন কমিশন উভয়েই স্পষ্ট করে বলেছে, ১৪ ফেব্রুয়ারি (১৯৯৬) এবং ৫ জানুয়ারির (২০১৪) মতো নির্বাচন তারা চায় না। এ বিষয়ে আওয়ামী লীগ কিছু বলেনি, দলের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিদেশিদের এসব বিষয়ে নাক গলানোতে বিরত থাকতে বলেছেন। এটা ঠিক পরিষ্কার নয় যে সরকার নির্বাচনের নিয়ন্ত্রণ সবটাই নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দেওয়ার ভরসা পাচ্ছে কি না।

দেশ অর্থনৈতিকভাবে এগোচ্ছে, শিক্ষা-স্বাস্থ্য-খাদ্যসহ সামাজিক সূচকের অগ্রগতি সর্বমহলে প্রশংসিত। এটাও ঠিক, বিভিন্ন সময় ক্ষমতায় অন্যান্য দল থাকলেও উন্নয়নের পেছনে আওয়ামী লীগ সরকারের অবদান অনেক। কিন্তু কথা হলো এসব উন্নয়ন সত্ত্বেও দেশের রাজনীতি আগের তুলনায় পিছিয়ে গেছে। ষাটের দশক থেকে এ দেশে মূলধারা ছিল ধর্মনিরপেক্ষ প্রগতিশীল গণতান্ত্রিক রাজনীতি। আজকে বিএনপি, জাতীয় পার্টি এবং বিএনপি-জামায়াত জোটের রাজনীতির সঙ্গে পাল্লা দিতে ও তাকে টেক্কা দিতে গিয়ে আওয়ামী লীগ নিজেই ধর্মাশ্রয়ী রাজনীতিতে অভ্যস্ত হয়ে পড়েছে। এখন যেন মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার চেতনা এ দলের জন্য উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত স্থায়ী আমানত, তার লভ্যাংশ তারাই এককভাবে খরচ করবে ও করছে!

রাজনৈতিক চেতনা অবশ্য টাকাপয়সা বা স্থাবর সম্পত্তি নয়, ধর্মাশ্রয়িতা ও ক্ষমতার সুবিধাবাদের ভেজালমিশ্রিত হলে তার গুণগত পরিবর্তন ঘটে। খুব স্বাভাবিকভাবেই এই পরিবর্তনটা নজরে পড়ছে এবং স্বস্তি দিচ্ছে না সমাজে যাঁরা বুদ্ধিজীবী—সুশীল সমাজ হিসেবে সমালোচিত—নিন্দিত হচ্ছেন, তাঁদের। আওয়ামী লীগপ্রধান এবং দলীয় অন্য নেতারা যখন তাঁদের লক্ষ্য করে বিষোদ্গার করেন, তখন তাঁদের জন্য এটুকু সান্ত্বনা থাকতে পারে যে এ আসলে সত্যটা বুঝে তা আড়াল করার কৌশলমাত্র। কারণ, এটাও সত্য, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বুদ্ধিজীবী-সংস্কৃতিসেবী প্রমুখ সুশীলরা স্বস্তিতে থাকেন। আর আওয়ামী লীগ চায় এর মূল্য হিসেবে তাকে ক্ষমতার জন্য, অর্থাৎ নির্বাচনে জেতার জন্য নানা রকম আপসের স্বাধীনতা দিতে হবে। কিন্তু এর মূল্য দিতে হয় লীগ-সমর্থক হিসেবে পরিচিত বুদ্ধিজীবী-সংস্কৃতিসেবীদের—সমাজে তাঁদের মর্যাদা ও ভূমিকা ক্ষুণ্ন হয়।

আওয়ামী লীগ সুশীল সমাজকে তার স্বাভাবিক মিত্র বলেই জানে, যা সত্যও বটে, কিন্তু বাংলাদেশের সমাজবাস্তবতায় হেফাজত তার স্বাভাবিক মিত্র নয়, তাই আপস করলে তার সঙ্গেই করতে হবে। এমনকি গোপনে জামায়াতিদের দলে ভেড়ানোতেও আপত্তি হচ্ছে না। এর অর্থ হলো, চেতনার দিক থেকে সমাজে উদার প্রগতিশীল মানুষের চেয়ে হেফাজতের জন্য অনুকূল, অর্থাৎ প্রগতিশীলের জন্য অসম বাস্তবতা তৈরি হচ্ছে। এ একধরনের মুক্ত পরিবেশ বটে কিন্তু এর ফলে মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ, একাত্তরের উত্তরাধিকার ইত্যাদি ফাঁপা বুলিতে পর্যবসিত হচ্ছে। এমনটা হলে সাম্প্রদায়িক শক্তি একতরফা সুবিধা ভোগ করে। যাঁরা নারীকে ভোগের যৌন উপাদান হিসেবেই মাত্র গণ্য করেন, তাঁদের সঙ্গে মুক্তিযুদ্ধের এবং সংশ্লিষ্ট অন্যান্য চেতনার সহাবস্থান কীভাবে সম্ভব হতে পারে?

বিচার করলে দেখা যাবে, ক্ষমতার জন্য মূলধারার রাজনীতি এদের সঙ্গে সহাবস্থানের কৌশল অবলম্বন করার ফলে বাংলাদেশের সমাজের চিরকালের ধর্মীয় সহাবস্থানের উদার মানবিক সংস্কৃতির ঐতিহ্য কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। সেটা প্রায় ভেঙেই পড়েছে। এর জ্বলজ্বলে দৃষ্টান্ত হলো মোট জনসংখ্যায় সংখ্যালঘুর অনুপাত ১৯৭২ সালের ২২ শতাংশ থেকে আজ ৮-৯ শতাংশে নেমে আসা। সংখ্যালঘুর এই নীরব দেশত্যাগ আওয়ামী লীগ সরকারে থেকেও ঠেকাতে পারেনি। এ ক্ষেত্রে বিশেষভাবে বিচার্য বিষয় হতে পারে যে আওয়ামী লীগের আমলে সচিব, বিচারপতি (এমনকি প্রধান বিচারপতি), উপাচার্য, অধ্যক্ষ, প্রশাসনের সর্বস্তরে বিভিন্ন পদে সংখ্যালঘুদের ব্যাপক নিয়োগ সত্ত্বেও তাদের অব্যাহত দেশত্যাগের কোনো হেরফের হয়নি।

এই বাস্তবতার ইঙ্গিতটা ধরতে পারলে আমরা সমস্যার শিকড়ে যেতে পারব। বলা যেতে পারে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কিছু সংখ্যালঘু ব্যক্তি তার প্রসাদ পান, ন্যায্যভাবেই পান এবং তাঁদের সূত্রে সম্প্রদায়ের মধ্যে তার কিছু ইতিবাচক ছাপও পড়ে। কিন্তু তা এমন নয় যে বৃহত্তর সমাজের মধ্যে আজ সংখ্যাগুরুদের সামগ্রিক আধিপত্যের যে চেহারা বিদ্যমান এবং তার যে অসহিষ্ণু সর্বগ্রাসী রূপ প্রকাশ পেয়েছে, তার কোনো প্রশমন হয়। তার সঙ্গে যখন যুক্ত হয় হেফাজতে ইসলামের মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী বিভিন্ন অন্যায় আবদার মেনে নেওয়ার ঘটনা, তখন এই সহাবস্থান নিয়ে শঙ্কা প্রকাশ করতেই হয়। কারণ, তার সঙ্গে বর্তমানের পাশাপাশি দেশের অতীত ও ভবিষ্যৎ দুটিই যুক্ত রয়েছে।

দেশটির অতীত, অর্থাৎ ঐতিহ্য হচ্ছে শাস্ত্রাচারের গোঁড়ামি থেকে মুক্ত এক উদার মানবিক চেতনাই এর আধ্যাত্মিক-সামাজিক-সাংস্কৃতিক জীবনদর্শনের ভিত্তি। এটাই আমাদের বিশিষ্টতা দিয়েছে। পাকিস্তানের কেন্দ্রীয় সরকার পূর্ব বাংলায় অর্থনৈতিক ও রাজনৈতিক উভয় দিক থেকে শোষণ চালালেও আমাদের প্রতিবাদ ও প্রতিরোধের চেতনা তৈরি হয়েছে সাংস্কৃতিক বিশিষ্টতা রক্ষার তাগিদ থেকে। তাই মুক্তিযুদ্ধের চেতনা বলতে সমাজের এই উদার মানবিক ধারা রক্ষা এবং তা রক্ষার উপায় হিসেবে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রবর্তন বোঝায়।

যে চেতনার কথা বলেছি, তা ছিল স্বতঃস্ফূর্ত। আমাদের শিক্ষাব্যবস্থা, গণমাধ্যম, বিনোদন এবং প্রাতিষ্ঠানিক ভূমিকা একে পুষ্ট করেছে কি না, এর ভিত্তিটা শক্ত করছে কি না, তা সেভাবে ভাবা হয়নি। ১৯৭৫-এ সামরিক শাসন জারি হওয়ার পর সচেতনভাবে শিক্ষাসহ সব ক্ষেত্রে পাকিস্তানি ধারার ধর্মভিত্তিক জাতিচেতনাকে লালন ও পরিপুষ্ট করার চেষ্টা চলেছে। এটা ১৯৯৫ পর্যন্ত টানা কুড়ি বছর চলেছে। অন্তত ১৯৯০ পর্যন্ত ১৫ বছর জবরদস্তি করে ক্ষমতা দখল করে রাখা হয়েছিল। শুরু হয়েছিল আওয়ামী লীগ সরকারকে উৎখাত করে এবং তারপর ক্ষমতা থেকে দূরে রেখে তা অবাধে চলে। রাষ্ট্রীয় জবরদস্তির যেমন তেমনি তার বিরুদ্ধতার রাজনীতিও সব সময় গণতান্ত্রিক রীতিনীতি মানেনি। এর ফলে গণতন্ত্র এবং এর আদর্শ ও মূল্যবোধ অনেকাংশে ফাঁপা বুলিতে পরিণত হয়। মুক্তিযুদ্ধের সারবত্তাও এভাবে হ্রাস পেয়েছে। যুদ্ধাপরাধীদের বিচারই যেন এই চেতনার প্রমাণ—বিপরীতে যদিও সংবিধান, রাজনীতি, শিক্ষা, গণমাধ্যম সবই ধর্মনিরপেক্ষ উদার মানবতার ঐতিহ্য হারিয়েছে। এটা কি উপহাসের মতো মনে হয় না?

সামনে নির্বাচন। একে গ্রহণযোগ্যতা দেওয়ার দায় আছে সরকারের। কারণ, বিএনপি জামায়াতের সঙ্গ ছাড়ছে না। আর ক্ষমতাসীন আওয়ামী লীগ পুনর্নির্বাচিত হতে চাইবে, সেটাই তো স্বাভাবিক।

কিন্তু লক্ষ করলে দেখা যাবে, বাংলাদেশে একটা নতুন বাস্তবতা তৈরি হয়েছে। মানুষ আর্থিক উন্নয়ন চায়, সন্তানের জন্য ভালো শিক্ষা চায়, উন্নত চিকিৎসার সুযোগ চায়, জীবনমানের উন্নয়ন চায় ইত্যাদি। বিজ্ঞান ও প্রযুক্তির অবদান আমাদের জীবনের সর্বস্তরে আজ বাস্তবতা। আবার আন্তর্জাতিক রাজনীতির কারণে এবং সেই সঙ্গে দেশে আপসের রাজনীতির ফলে ধর্মীয় কট্টরপন্থীরাও শক্তি সঞ্চয় করেছে ও মাঠে নেমেছে। তারা প্রযুক্তির পেছনের বিজ্ঞান এবং বিজ্ঞানের পেছনের যুক্তি মানতে পারে না। মাঠপর্যায়ে দুটো ধারার মধ্যে মতান্তর, বিতর্ক শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। ধর্মীয় কট্টরপন্থীরা এখনো পুরোনো ধারায় কাউকে মুরতাদ ঘোষণা বা হত্যা করার হুংকার দিয়ে ধর্মকে ভয়ের সংস্কৃতি তৈরির কাজে ব্যবহার করছে। আর প্রগতিচেতনার অধিকাংশ মানুষ চাপের মধ্যে পথ হাতড়াচ্ছেন।

আদতে বিতর্ক ও বিরোধের যে অসহিষ্ণু রূপ, তার মূল কারণ রাজনৈতিক। আজকের পৃথিবীতে যেহেতু আমাদের জীবনে চলাচল, যোগাযোগ, চিকিৎসা, প্রাণ ধারণ, শিক্ষা সবকিছুতেই বিজ্ঞান ও প্রযুক্তির সূত্রে, বাণিজ্য ও পেশাগত কারণে নানা দেশ, নানা ধর্মের মানুষের অবদান-অর্জনের ফল ভোগ করতে হয়; তাই আজ জীবনের দাবি হলো বিরোধ ও দূরত্ব কমানো, ধর্ম, দেশ, বর্ণ নয়, মানুষের মূল্যে মানুষকে বিচার করা।

এই দাবিটাই বাস্তব, কিন্তু পুরোনো অভ্যাসে আমরা তামাদি ধারণার বশবর্তী হয়ে নানা তর্ক, বিরোধ ও দূরত্বের সংস্কৃতিই চর্চা করে চলেছি। রাজনীতিতে যেহেতু ক্ষমতার জন্য প্রতিযোগিতা চলমান, তাই সমাজের এই বিরোধ ও দূরত্বের মানসিকতাকে সে আঁকড়ে ধরে, লালন করে। তাতে তামাদি রাজনীতি সৃষ্টি হচ্ছে এবং তার বিষচক্রে আমরা ঘুরপাক খাচ্ছি।

আজ সমকালীন রাজনীতিতে যে সুযোগটা সৃষ্টি হয়েছে, সময়ের দাবি পূরণ করতে হলে সেটা নিয়েই ভাবতে হবে।

আবুল মোমেন: কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক।