তারা বুনেছিল 'সাইক্লোন', আমরা তুলছি ঘূর্ণিবায়ু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

এখন দেশের সবচেয়ে আলোচিত বিষয় জঙ্গিবাদ। এর ভয়াবহতা কতখানি হতে পারে, তা হয়তো ১ জুলাই ২০১৬-এর আগে দেশের সিংহভাগ মানুষের ধারণায় ছিল না। ধারণায় না থাকার কারণ প্রথমত, এত দিন ছোটখাটো জঙ্গি হামলায়, এমনকি ২০০৫ সালের জেএমবির উত্থান ও তাণ্ডবে জড়িত ব্যক্তিরা সমাজের মধ্যবিত্ত ও তথাকথিত সেক্যুলার শিক্ষাঙ্গনকে জড়িত করেনি। দ্বিতীয়ত, অতীতে যা ঘটেছে তার সঙ্গে রাজনীতিকে যুক্ত করা। তৃতীয়ত, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অন্যান্য প্রান্তে অহরহ যা ঘটছে, সেগুলো নিবিড় পর্যালোচনা না করা। চতুর্থত, সম্পূর্ণ বিষয়টিকে হালকাভাবে নেওয়ার আর যেসব গুটি কয়েক জন বিশ্বে ঘটে যাওয়া জঙ্গি পুনরুত্থান বিশ্লেষণ করেছেন, তাঁদের বেশির ভাগ বাংলাদেশে বিশ্বায়িত জঙ্গিবাদের প্রভাব পড়বে বলে ভাবেননি।
পশ্চিমা বিশ্বে যেভাবে এবং যেসব কারণে জঙ্গি হামলা হয়েছে এবং হচ্ছে, সে ধরনের কারণ মুসলিমপ্রধান বাংলাদেশে এখনো খুঁজে পাওয়া দুষ্কর, যদিও ‘ইসলামি খেলাফত’ প্রতিষ্ঠাকারীদের কাছে প্রথম পছন্দের দেশগুলোই হলো সংখ্যাগরিষ্ঠ মুসলিম–অধ্যুষিত। এসব দেশ বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে ব্যাপক রাজনৈতিক ডামাডোলের মধ্যে রয়েছে। বাংলাদেশও এর বাইরে নয়। অব্যবস্থার মধ্যে সমাজে একধরনের অস্থিরতা যেমন তৈরি হয়েছে, তেমনি ব্যাপক দুর্নীতি, সুশাসনের অভাব এবং রাজনৈতিক বিভাজন বাংলাদেশকে ‘ইসলামি খেলাফত’ প্রতিষ্ঠাকারী প্রধান জঙ্গিগোষ্ঠীগুলোর কাছে আকর্ষণীয় করে তুলেছে। তাই বিগত সময়ে নানা ধরনের জঙ্গিবাদী তৎপরতার শিকার হয়ে বাংলাদেশ বর্তমান শঙ্কার পর্যায়ে এসেছে।

বাংলাদেশের এহেন পরিস্থিতি নিয়ে শঙ্কিত জাপানসহ পশ্চিমা বিশ্বের সরকার। হলি আর্টিজান আর কল্যাণপুরে একসঙ্গে এতজন জঙ্গির গোপন অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সফল অভিযানের পরও পশ্চিমা বিশ্বের দূতাবাসগুলো রক্ষার জন্য নিজ নিজ দেশ থেকে নিরাপত্তারক্ষী মোতায়েনের অনুরোধ করা হয়েছে বলে তথ্যে প্রকাশ। (প্রথম আলো ৩ আগস্ট, ২০১৬)। অবশ্য এসব দেশের বেশির ভাগ গত তিন দশক জঙ্গিবিরোধিতার নামে আফগানিস্তান ও মধ্যপ্রাচ্যে এ ধরনের জঙ্গিবাদের জন্ম এবং বিস্তারের অন্তর্নিহিত কারণ হিসেবে চিহ্নিত ও বিবেচিত। হালে জন্মগ্রহণ করা ইরাক-সিরিয়াভিত্তিক কথিত ইসলামিক স্টেট এই ধারাবাহিকতার সর্বশেষ ভয়ংকর সংস্করণ। ইসলামিক স্টেট তাদের ভাষ্যমতে, বিশ্বব্যাপী ক্রুসেডার এবং তাদের দোসরদের বিরুদ্ধে যুদ্ধরত এবং এর বলি বিভিন্ন দেশের সাধারণ মানুষ। প্রায় চার দশক আগে এ ধরনের সংগঠনের উত্থানের ক্ষেত্র তৈরিতে সহযোগী হয়েছিল বর্তমান আক্রান্ত বা আক্রান্ত হওয়ার অপেক্ষায় থাকা মুসলিমপ্রধান রাষ্ট্রগুলোও।

আমরা হয়তো ভুলতে বসেছি যে ১৯৭৩ সালে আফগানিস্তানের ‘সত্তর’ বিপ্লবের মধ্য দিয়ে কট্টর রক্ষণশীল দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করতে গিয়ে সেখানে যে রক্ত ঝরেছে, তার অনেকটার দায়দায়িত্ব ছিল পাকিস্তানের প্রয়াত নেতা জুলফিকার আলী ভুট্টোর। তিনি আফগান মধ্যম ও বামপন্থীদের বিরুদ্ধে অতি দক্ষিণপন্থী ছাত্রনেতা গুলবুদ্দিন হেকমতিয়ার, আহমেদ শাহ মাসুদ ও বোরহানউদ্দিন রব্বানীর মাধ্যমে প্রতিবিপ্লবের রাস্তা খোলেন। পাকিস্তান তখন বাংলাদেশ পূর্বতন পূর্ব পাকিস্তান হারানোর এবং সামরিক পরাজয়ের গ্লানি থেকে বের হওয়ার চেষ্টা করছিল। তখনো বিষয়টি ছিল আঞ্চলিক সমস্যা। কৌশলগত প্রতিযোগিতায় ছিল পাকিস্তান, ভারত ও চীন। এই কৌশলে আফগানসংলগ্ন ও ভূকৌশলগত সবচেয়ে সুবিধাজনক অবস্থা থাকায় সম্মুখ সারির রাষ্ট্র হিসেবে পাকিস্তানএই প্রতিবিপ্লবের সঙ্গে জড়িত হয়ে পড়ল। জড়িত হলো পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই। ওই সময়ে ব্যাপক অভিযোগ ছিল যে আফগানিস্তানের মধ্যমপন্থী বিপ্লবকে পাকিস্তান নস্যাৎ করতে ব্যস্ত ছিল।

শুরু হয় আফগানিস্তানে নতুন পর্ব। ১৯৭৮ সালে দাউদকে ক্ষমতাচ্যুত করে আফগান কমিউনিস্ট বলে পরিচিত ‘খালক’ (Khalq) পার্টি। জিয়াউল হক পশ্চিমা বিশ্বের, বিশেষ করে যুক্তরাষ্ট্রের দিকে সাহায্যের হাত বাড়ালেন। যে পারমাণবিক শক্তি সঞ্চয়ের বিষয় নিয়ে ভুট্টো যুক্তরাষ্ট্রের বিরাগভাজন হয়েছিলেন, ক্রমেই সে বিষয়টি গৌণ হয়ে যায়। আফগানিস্তানের পরিবর্তনের দিকে নজর দিতে পাকিস্তান সামরিক বাহিনী তথা গোয়েন্দা সংস্থাকে শক্তিশালী করার প্রক্রিয়া শেষ না হতেই ১৯৭৯ সালের ডিসেম্বরে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানের সোভিয়েতপন্থী সরকারকে অতি দক্ষিণপন্থীদের আক্রমণ থেকে রক্ষা করতে সরাসরি সামরিক হস্তক্ষেপ করে। বলা যায় এর পরের দিন থে​েকই যুক্তরাষ্ট্র তথা ন্যাটো শীতল যুদ্ধের ‘প্রক্সি’ যুদ্ধক্ষেত্র হিসেবে আফগানিস্তানকে বেছে নিল। স্মরণযোগ্য যে ওই বছরেই যুক্তরাষ্ট্র ইরানে তার অনুগত সরকারকে দক্ষিণপন্থী ইসলামিক রেভল্যুশন থেকে বাঁচাতে পারেনি।

আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের উপস্থিতি ঠেকাতে পাকিস্তান এবং আইএসআইকে সর্বতো সহযোগিতার পথ ধরতে বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয়েছিল যুক্তরাষ্ট্রকে। ইরানের পটপরিবর্তন এবং গোয়েন্দা বাহিনী ‘সাভাক’কে হারানো ছিল শীতলযুদ্ধের পশ্চিমা যোদ্ধাদের জন্য বড় ধাক্কা। যে ধাক্কা সামলাতে সিআইএ পাকিস্তানের আইএসআইয়ের মাধ্যমে ‘মুজাহিদীন’ বলে কথিত আফগানদের সংগঠিত এবং সাহায্য দিতে শুরু করলেও এই ‘প্রক্সি’ যুদ্ধকে আরও বিস্তৃত করতে কার্টার প্রশাসন দ্বারস্থ হলো সৌদি আরবের। সিআইএ তার এ গোপন অভিযানের নাম ‘অপারেশন সাইক্লোন’ দিলেও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জিবিগনিউ ব্রেজেনিস্কির পরামর্শে সৌদি আরবের কাছ থেকে কথিত ‘জিহাদ’-এর ডাকের বৈধতা নিয়েই শুধু ক্ষান্ত হয়নি, সৌদি আরবের পেট্রো ডলার এবং সমগ্র মুসলিম বিশ্ব বলে পরিচিত দেশগুলোকে এই ‘জিহাদ’-এ অংশগ্রহণের আহ্বান করে যুদ্ধে যোগদান করল। আরব বিশ্বের, তথা উত্তর আফ্রিকার সবচেয়ে বড় দেশ মিসর সরাসরি যোগদান করেছিল। সমগ্র মুসলিমপ্রধান দেশ, মৌরিতানিয়া থেকে ইন্দোনেশিয়া এবং অন্য দেশের মুসলিমপ্রধান অঞ্চল থেকে মুসলমানরা এ যুদ্ধে দলে দলে যোগ দিয়েছিল। বাংলাদেশও এর বাইরে যায়নি। সৌদি বংশোদ্ভূত ওসামা বিন লাদেনের নেতৃত্বে সংগঠিত হলো অ-আফগান ‘জিহাদি’ যোদ্ধা, দীক্ষিত হতে লাগল ওহাবি আর সালাফি তরিকায়।

সৌদি আরবের পেট্রো ডলার, যুক্তরাষ্ট্রে ডলার খরচে মিসর বন্ধ হয়ে যাওয়া রাশিয়ার সাহায্যে তৈরি পুরোনো অস্ত্র কারখানায় প্রস্তুত করা শুরু করল মারণাস্ত্র। প্রায় পাঁচ মিলিয়নের মতো একে-৪৭ পাকিস্তান হয়ে আফগান সীমান্তে আসার কথা থাকলেও প্রায় অর্ধেক চলে যায় বিশ্বের বিভিন্ন প্রান্তে। বর্তমানে বহু দেশে একে-৪৭ আতঙ্কের নাম। ওই সময় যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকেরা আফগানিস্তানকে ‘সোভিয়েত ইউনিয়নের’ ভিয়েতনাম বানালেও বুঝতে পারেনি যে একদিন এই অস্ত্রই প্রধানত তাদের দিকে তাক হবে। বুঝতে পারেনি যে আগুন-যুদ্ধ তারা শুরু করেছিল, তা সোভিয়েত ইউনিয়নের পরাজয় আর ভেঙে পড়ার মধ্যেই থেমে থাকবে না। বুঝতে পারেনি যে শুধু পাকিস্তানে গড়ে তোলা ৪০ হাজার মাদ্রাসা শুধু মুজাহিদীন তৈরি করবে না বরং ওসামা বিন লাদেনের পরে আল-কায়েদার হাত শক্ত করবে। বুঝতে পারেনি যে সব তথাকথিত মুসলিম রাষ্ট্র থেকে ‘জিহাদি’ যোদ্ধা জোগাড় করেছিল, তাদের অনেকের হাত দিয়ে সমগ্র বিশ্বে এক অস্থির পরিবেশ সৃষ্টি হবে।

আফগানযুদ্ধে সোভিয়েত ইউনিয়নকে যে ক্ষতি পোহাতে হয়েছিল, তার জের এখনো চলছে। চেচনিয়ার ‘জিহাদি’ যোদ্ধারা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র ৯/১১ দেখেছে। লাদেনের অনুপ্রেরণায় আল-কায়েদা ছড়িয়ে পড়েছিল যখন আফগানফেরত জঙ্গিরা নিজ নিজ দেশে ফিরে এসেছিল। এরপরে অনেক পানি প্রবাহিত হয়েছে ভলগা আর মিসিসিপি নদী দিয়ে। একক বিশ্ব দাবড়াতে গিয়ে যুক্তরাষ্ট্র ইরাক আর লিবিয়ায় যে অবস্থার জন্ম দিয়েছে, তাতে ওসামা-উত্তর আল-কায়েদা নতুন জীবন যেমনি পেয়েছে, তেমনি জন্ম দিয়েছে সবচেয়ে ভয়াবহ ইসলামিক স্টেট। কায়েম হয়েছে তাদের মতে তথাকথিত খেলাফত। শত শত তরুণ আকৃষ্ট হচ্ছে আইএসের দারুণ প্রচারে।

আফগান জিহাদ থেকে ফেরত আসা বাংলাদেশিদের সম্বন্ধে তৎকালীন কোনো সরকারই খবর রাখেনি। নেয়নি কোনো পুনর্বাসনের উদ্যোগ, যার মধ্য দিয়ে বাংলাদেশেও জন্ম নিয়েছে ‘জিহাদে’ উদ্বুদ্ধ সংগঠন। এদের কিছুসংখ্যককে ব্যবহার করা হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্যে, যার পরিণাম এখনো ভোগ করতে হচ্ছে। ১৯৯০ থেকে ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশে যে কথিত জঙ্গিদের আমরা পরিচয় পেয়েছি, সেখান থেকে আমূল পরিবর্তন হয়েছে জঙ্গি বলে কথিত সদস্যদের। বর্তমানের জঙ্গি সংগঠনের সদস্যরা বয়সে তরুণ এবং দলের একটা বড় অংশ মধ্যবিত্ত ও দামি স্কুল-কলেজের ছাত্র। সাধারণত এদের সঙ্গে গ্রামের অপেক্ষাকৃত গরিব মাদ্রাসার ছাত্রদের মিল হওয়ার কথা নয়। কিন্তু গুলশান, শোলাকিয়া ও কল্যাণপুরে যে জঙ্গিদের পরিচয় পাওয়া গেছে, তাতে এই দুই শ্রেণির যেমন সমন্বয় দেখা গেছে, আমাদের শহুরে সমাজে তা দেখা যায় না। 

বাংলাদেশ এখন জঙ্গিবিরোধী যুদ্ধে লিপ্ত। এর ভয়াবহতা অতীত থেকে বেশি। কারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার। এমনটা বাংলাদেশে হওয়ার কথা ছিল না। কিন্তু বিশ্ব পরিবেশের বাইরে বাংলাদেশ নয়। বিগত শতাব্দীর শীতলযুদ্ধের চূড়ান্ত পর্বের ফসল শুধু সোভিয়েত ইউনিয়নের পতনে সীমাবদ্ধ থাকেনি। বরং বিশ্বে উত্থান হয়েছে ধর্মীয় উগ্রবাদের, যার লক্ষ্য পশ্চিমা বিশ্ব এবং মুসলিম–অধ্যুষিত রাষ্ট্রগুলো। বাংলাদেশ যে ভয়াবহতার মুখোমুখি রয়েছে, তা তার সৃষ্ট নয়। অন্যের ভুলের মাশুল দিতে হচ্ছে বাংলাদেশের মতো দেশগুলোকে। এ মাশুল গুনতে গিয়ে বিশ্বে আরও কত রক্ত ঝরবে, তা সহজে অনুমেয় নয়। যে জিহাদ যুক্তরাষ্ট্র আর সৌদি আরব শুরু করেছিল আফগানিস্তান ‘বিধর্মী’দের দখল থেকে মুক্ত করতে আর সঙ্গে যেসব দেশকে শীতলযুদ্ধের সহযোগী বানিয়েছিল, আজ তাদেরই সবার দিকে তাক করে আছে ‘জিহাদের’ অস্ত্র।

আমাদের সমস্যা আমাদেরই মোকাবিলা করতে হবে। আফগান ‘জিহাদে’ আমাদের পরোক্ষ সম্পৃক্ততা আমাদের জন্য মোটেও সুখকর হয়নি। এখান থেকে ভবিষ্যতের জন্য শিক্ষা নেওয়া প্রয়োজন।

এম সাখাওয়াত হোসেন: অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল, সাবেক নির্বাচন কমিশনার ও কলাম লেখক৷