তারাও বাংলাদেশের সন্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গিবাদের বিরুদ্ধে মাঠে নেমেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও
জঙ্গিবাদের বিরুদ্ধে মাঠে নেমেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও

কলেজজীবনে আমার এক ব্যাচ জুনিয়র ছিল মাসুদ আর রুহুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো বিভাগে ভর্তি না হতে পেরে মন খারাপ করে থাকত। হঠাৎ একদিন শুনি তারা সাইপ্রাসে চলে গেছে পড়তে। আশির দশকের মাঝামাঝি সময়ের কথা। বিদেশে পড়ার তখন হিড়িক চলছে বাংলাদেশে। সুদূর পাপুয়া নিউগিনি বা মরিশাসে গেছে পড়তে—এমন খবরও তখন পাওয়া যেত।
সাইপ্রাসে মানুষ যেত মূল ইউরোপের কোনো এক দেশে চলে যাওয়ার জন্য। কিন্তু মাসুদের শেষ পর্যন্ত যাওয়া হয় না ইউরোপে। আধা পাগলবেশে সে ফিরে আসে দেশে। বহুদিন পর আমাকে পেয়ে কেঁদেকেটে জানায় বাটপারের পাল্লায় পড়েছিল তারা। সাইপ্রাসের ইউনিভার্সিটি বলতে তিন রুমের এক ঘিঞ্জি চারতলা। সেখানে পড়াশোনার বালাই নেই, পার্টটাইম কাজে টাকা নেই, অন্য দেশে ক্রেডিট ট্রান্সফারের সুযোগ নেই। মাসুদের কাছেই জানলাম তার মতো অনেক তরুণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ না পেয়ে সাইপ্রাসের বিভিন্ন নামকাওয়াস্তে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। কারও কারও এমন অবস্থা যে দেশে ফেরার সামর্থ্য নেই, যেভাবে পারে গ্রিস বা তুরস্কে অবৈধভাবে পালিয়ে যেতে উন্মুখ হয়ে আছে তারা।
আমি জানি না তাদের শেষ পর্যন্ত কী অবস্থা হয়েছিল। তবে এটুকু খুব নিশ্চিতভাবে জানি বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রসারের কারণে সাইপ্রাসের মতো ‘বিদেশে’ পড়তে যাওয়ার বেপরোয়া প্রবণতা পরবর্তী সময়ে অনেকাংশে কমেছে। এসব বিশ্ববিদ্যালয়ের কারণে দেশে উচ্চশিক্ষা লাভের সুযোগ অনেক গুণ বেড়েছে, বহু মানুষের কর্মসংস্থান হয়েছে, মানসম্পন্ন মানবসম্পদ সৃষ্টি হয়েছে। এর মধ্যে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার মান যথেষ্ট উন্নত। উচ্চশিক্ষার মানদণ্ডগুলোতে এদের কারও কারও অবস্থান এমনকি বাংলাদেশের কিছু পাবলিক ইউনিভার্সিটির থেকে শ্রেয়তর।
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো তবু এ দেশে প্রাপ্য মর্যাদা পায়নি। এখানে বেসরকারি-সরকারি বিভাজনটা উচ্চকিত রয়েছে মূলত দুই ধারায় ব্যয়ের আকাশ-পাতাল পার্থক্যের জন্য। এই পার্থক্যের মাত্রা উন্নত এমনকি সমান অবস্থানের অনেক দেশেও অকল্পনীয়। অনেক ক্ষেত্রে শিক্ষার মান নয়; বরং এই বিশাল ব্যয়বৈষম্যই এ দেশে সিংহভাগ মেধাবী ছাত্রছাত্রীকে সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য মরিয়া করে তোলে। তাদের এই প্রবণতার কারণেই কি না জানি না, আমাদের সমাজের কিছু লোক বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং এর শিক্ষার্থীদের সম্পর্কে ঢালাওভাবে নেতিবাচক ধারণা পোষণ করেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিম্নমানের, পড়াশোনা বলতে কিছু হয় না সেখানে, দেশজ সংস্কৃতিচর্চার কোনো সুযোগ নেই, মননশীলতা বিকাশের কোনো চেষ্টা নেই, গবেষণা বলতে কিছু হয় না—এসব পুরোনো অভিযোগ। গুলশান আর শোলাকিয়ার ঘটনার পর এখন এমন ইঙ্গিতও দেওয়া হচ্ছে যে, কোনো কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নাকি জঙ্গিবাদচর্চার সহায়ক পরিস্থিতি বিরাজ করছে!
কিন্তু আসলে কি তা সত্যি? বহু ক্ষেত্রে চিত্রটা কি বরং ভিন্ন নয়?

দুই.
সংখ্যায় কম হতে পারে, তবে ভালো বেসরকারি বিশ্ববিদ্যালয়েও অনেক মেধাবী ছাত্রছাত্রী ভর্তি হয়। কখনো সরকারি বিশ্ববিদ্যালয়ে প্রার্থিত সাবজেক্ট না পেয়ে, আবার কখনো সেশনজট ও ছাত্ররাজনীতি এড়ানোর জন্য স্বেচ্ছায় তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আসে। তা ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অন্যদের অধিকাংশের মধ্যে থাকে আরও ভালো করার চেষ্টা। এই চেষ্টার কারণেই সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে অনেক ক্ষেত্রে সমানতালে চলতে পারে তারা।
আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যেকোনো একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে খণ্ডকালীন কাজ করার সুযোগ রয়েছে। সেভাবে বছর কয়েক আগে আমি স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) আইন বিভাগের সঙ্গে সম্পর্কিত হই। আমাদের ছাত্রদের মধ্যে কেউ কেউ সচ্ছল পরিবারের। অনেকের পিতা-মাতাকে আবার খুব কষ্ট করে তাদের পড়াশোনার এবং ঢাকায় রাখার খরচ জোগাতে হয়। সরকারি বিশ্ববিদ্যালয়ের অভিভাবকদের তুলনায় তাদের খরচ বহু বহুগুণ বেশি। শুধু এটি বিবেচনায় নিলেই, মা-বাবার প্রতি দায়িত্ববোধ থেকে হলেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পড়াশোনায় অনেক বেশি যত্নবান হওয়ার কথা। বহু ক্ষেত্রে তারা তা হয়ও।
এসইউবির আইন বিভাগ থেকেই কিছু উদাহরণ দিই। স্টেট ইউনিভার্সিটিতে এখনো মুট-কোর্ট (একধরনের আদালতি বিতর্ক) করার জন্য আলাদা কোনো সুবিধা নেই, মুট-কোর্ট সোসাইটি পর্যন্ত নেই। তারপরও মাত্র দ্বিতীয়বারের অংশগ্রহণেই, বাংলাদেশের বেশ কটি বহু পুরোনো পাবলিক বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে তারা গত বছরের আন্তবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতার (মোট অংশগ্রহণকারী ২৩টি বিশ্ববিদ্যালয়) সেমিফাইনালে যাওয়ার সাফল্য অর্জন করে। শুধু পড়াশোনা বা সহশিক্ষা কার্যক্রম নয়, এসবের পাশাপাশি দেশভাবনাও ভালোভাবে হয় এখানে। ড. কামাল হোসেন, আইনজীবী রফিক-উল হক, শাহ্দীন মালিক এবং সাউথ এশিয়ান ফর হিউম্যান রাইটসের প্রখ্যাত নারী অধিকার নেত্রীরা অতিথি বক্তৃতায় এসে তাই এখানকার ছাত্রছাত্রীদের উচ্ছ্বসিত প্রশংসা করে গেছেন। এখানে নাচ-গান, আবৃত্তি আর সংস্কৃতিচর্চাও হয় পুরোদমে। আমার মতো রোবায়েত ফেরদৌসও স্টেট ইউনিভার্সিটির সঙ্গে সম্পর্কিত। নিজ বিভাগে মিডিয়া ল্যাব প্রতিষ্ঠার পাশাপাশি তিনি এসইউবিতে ঋতুভিত্তিক যেসব সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেন, তার নজির বহু প্রতিষ্ঠিত পাবলিক বিশ্ববিদ্যালয়ে নেই।
আমি শুধু নিজের জানাশোনা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কথা বললাম। এ রকম আরও বহু এবং কিছু ক্ষেত্রে আরও অনেক বড় সাফল্য রয়েছে দেশের অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের। আমি দু-এক সময়ে ব্র্যাক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক পরিবেশ আইন বিষয়ে বক্তৃতা দিতে গিয়ে তাদের মেধা ও পড়াশোনার গভীরতা দেখে মুগ্ধ হয়েছি। আমি একসময় যেখানে পড়িয়েছি, সেই ইস্টার্ন ইউনিভার্সিটির কিছু ছেলেমেয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষায় টিকে গিয়ে এখন বিচারক হিসেবে প্রশংসনীয় দক্ষতার সঙ্গে কাজ করছে। পড়াশোনা আর জ্ঞানচর্চার পাশাপাশি দেশের অধিকাংশ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা হয়, সমাজ নিয়ে চিন্তাভাবনা হয়, পয়লা বৈশাখ আর একুশে ফেব্রুয়ারির মতো দিনগুলো যথাযথভাবে পালিত হয়।
খুব খারাপ মানের বা যেনতেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ও আছে এ দেশে। কিন্তু ভালোর সংখ্যাটা বেশি, এটা অনেকের চোখে পড়ছে না আজকাল।

তিন.
বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমার এসব ওকালতির একটি বিশেষ কারণ আছে। লক্ষ করেছি, গুলশান আর শোলাকিয়ায় নারকীয় জঙ্গি হামলার পর নির্বিচারে বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পর্কে অপপ্রচার ও তুচ্ছতাচ্ছিল্য চলছে। গুলশান আর শোলাকিয়ার জঙ্গিদের মধ্যে দু-একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জনা পাঁচেক ছাত্র ছিল। নিন্দুকদের চোখে তাতেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সবাই খারাপ হয়ে গেল, মাদ্রাসাতুল্য হয়ে গেল, কূপমণ্ডূকতা আর জঙ্গিবাদচর্চার ব্রিডিং গ্রাউন্ড হয়ে গেল! অথচ চট্টগ্রাম আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাম্প্রদায়িক শক্তির হাতে একসময় বহু খুনের ঘটনা ঘটেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাসীন ছাত্রসংগঠনগুলো এ পর্যন্ত কয়েক ডজন হত্যাকাণ্ড ঘটিয়েছে। তখন বা এখন আমরা কি এ জন্য এসব বিশ্ববিদ্যালয়কে ঢালাওভাবে দোষারোপ করেছি? আমেরিকায় যেসব মাস কিলিংয়ের ঘটনা ঘটে, তার জন্য দায়ী ব্যক্তিদের শিক্ষাপ্রতিষ্ঠানকে কি আমরা দায়ী করি?
আমাদের বুঝতে হবে বিশ্ববিদ্যালয়গুলোর কোনো বিভাগের কারিকুলামে জঙ্গিবাদচর্চার কোনো সুযোগ নেই। কোনো সিলেবাসে কূপমণ্ডূক, সাম্প্রদায়িক ও কুসংস্কারাচ্ছন্ন কোনো বিষয় নেই। হতে পারে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক চিন্তাচেতনায় কূপমণ্ডূক বা সাম্প্রদায়িক। কিন্তু এটি একইভাবে সত্যি হতে পারে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষকের ক্ষেত্রেও। কে এমন, কে এমন না—তা তো আমরা বিশদ গবেষণা করে দেখিনি! কাজেই তথ্য–প্রমাণ ছাড়া ঢালাওভাবে নির্দিষ্ট বা সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে দায়ী করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
আমি বিশ্বাস করি, আমাদের তরুণদের পৃথিবী এখন আটকে আছে মোবাইল বা ট্যাবের ছোট্ট স্ক্রিনে। এই স্ক্রিন ছোট হতে পারে, কিন্তু তারপরও তার ব্যাপ্তি অসীম। এসব আছে বলে ইরাক, আফগানিস্তান, সিরিয়া, লিবিয়ায় আর্তমানবতার আহাজারি দেখতে তাদের কোনো বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হতে হয় না, আইএসের অপপ্রচার দেখতে তাদের কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের ছাত্র হতে হয় না। মোবাইল-ইন্টারনেটের জগতে ডুবে গিয়ে তাই যেমন জাকারবার্গের মতো হওয়ার চিন্তা করা সম্ভব, তেমনি বিভ্রান্তিকর প্রচারণার বলি হয়ে জঙ্গি হওয়াও সম্ভব।
আমাদের তাই উচিত, ভার্চ্যুয়াল পৃথিবীতে সীমাবদ্ধ না করে ফেলে, এসব তরুণের বিচরণের জগৎটাকে আরও অনেক বড় করে দেওয়া। আমাদের উচিত, খেলার মাঠ আর উদ্যানকে নব্য ধনীর লকলকে জিব থেকে মুক্ত রাখা, সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নেতৃত্ব, ভিন্নমত আর মননশীলতা বিকাশের সুযোগ উন্মুক্ত রাখা, কর্মসংস্থান আর ন্যায়বিচার পাওয়ার সুযোগের সমতা নিশ্চিত রাখা। আমাদের উচিত, ‘শিষ্টের লালন আর দুষ্টের দমনের’ এক সমাজ গড়ে তুলে তরুণদের সুস্থ মানসিকতা সৃষ্টিতে সাহায্য করা। আমাদের উচিত, মাদক, ভুয়া জিপিও-৫ আর কদর্য রাজনৈতিক সংস্কৃতির দাসত্ব থেকে তাদের মুক্ত করা।
আমরা এসব করতে পারলে ধর্মীয় জঙ্গিবাদ, ক্ষমতাকেন্দ্রিক জঙ্গিবাদ এবং রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ থেকে তরুণদের দূরে রাখা আরও সহজ হবে। এসব না করে ঢালাওভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে দায়ী করলে আমাদের তরুণদের একটি বড় অংশ হতাশ হয়ে পড়বে, ভবিষ্যতে সাইপ্রাস বা প্রতিবেশী রাষ্ট্রের ভুয়া বা নিম্নমানের বিশ্ববিদ্যালয়গুলোর বলি হবে, এমনকি বিপথগামিতার খপ্পরে পড়ে যাবে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়, ইংরেজি মিডিয়াম স্কুল, ব্যাচেলরদের থাকার মেস বা অন্য যেকোনো প্রতিষ্ঠান সম্পর্কে ঢালাওভাবে নেতিবাচক কথা বলার আগে আমাদের সবার তাই আরও অনেক বেশি সতর্ক হওয়া উচিত। কারণ, সেখানে যারা পড়ছে, যারা থাকছে তারাও আমাদেরই সন্তান, বাংলাদেশেরই ভূমিপুত্র!
আসিফ নজরুল: অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।