তারার মেলা কুঁড়ি থেকে কুড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজীবন সম্মাননা ২০১৬–এর চেক কবরীর (মাঝে) হাতে তুলে দেন অঞ্জন চৌধুরী। পাশে সৈয়দ হাসান ইমাম
আজীবন সম্মাননা ২০১৬–এর চেক কবরীর (মাঝে) হাতে তুলে দেন অঞ্জন চৌধুরী। পাশে সৈয়দ হাসান ইমাম

জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার। বিশটা বছর পেরিয়ে গেল। আজ মেরিল-প্রথম আলো পুরস্কারের কুড়িতম আসরটি বসছে। অনুষ্ঠানটি অবশ্য শুধু আমন্ত্রিতদের জন্য, আমন্ত্রণপত্র ছাড়া প্রবেশ করা যাবে না। নামীদামি তারকাদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানটি শুরু করা হয় একেবারে নির্ধারিত সময়েই। আজ আসন গ্রহণ বিকেল ৫টায়, লালগালিচা ৫টা ১০, অনুষ্ঠান শুরু হবে ৬টায়। ৬টা মানে ৬টাই।

১৯৯৯ সালে প্রথম মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠান হয়েছিল হোটেল শেরাটনে। উপস্থাপনা করেছিলেন আফজাল হোসেন ও সুবর্ণা মুস্তাফা। পরের বছর উপস্থাপনা করেন হানিফ সংকেত। তাঁর কাছে আমরা কৃতজ্ঞ, তিনি বহুবার মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে উপস্থাপনা করেছেন।

কত-কী যে করা হয়েছিল! একবার অভিনয় করলেন শাহাদত চৌধুরী, মতিউর রহমান, মাহ্ফুজ আনাম প্রমুখ সাংবাদিক। তাঁদের সঙ্গে একজন করে অভিনেত্রী। আর সমালোচনা করলেন তৌকীর আহমেদ, শহীদুজ্জামান সেলিম, জাহিদ হাসান। সাংবাদিকদের অভিনয় দেখে হাসতে হাসতে আমাদের পেটে খিল ধরে গিয়েছিল।

তারও অনেক বছর পর ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, নাসির হোসেন প্রমুখকে রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে বলা হলো। মাশরাফিকে একজন মডেল বললেন, ‘ও গো, আমাকে তোমার পায়ে ঠাঁই দাও।’ মাশরাফি বললেন, ‘আমার পায়ে তো ইনজুরি, ছয়বার অপারেশন হয়েছে!’ উফ্, হাসির কী হররাই না পড়েছিল মিলনায়তনে।

শেরাটন থেকে আমরা চলে এলাম বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। একেক বছর একেকজন কিংবা একেক জোড় অনুষ্ঠান উপস্থাপন করেন। আমার এই মুহূর্তে মনে পড়ছে আনিসুল হকের কথা। পরে তিনি মেয়র হয়েছিলেন। এই অনুষ্ঠানের পরিকল্পনার জন্য আমরা তাঁর বনানীর বাসায় নিয়মিত সান্ধ্য-আড্ডায় মিলিত হতাম। আবদুল্লাহ আবু সায়ীদ স্যার, আব্দুন নূর তুষার, ছড়াকার রোমেন রায়হান থাকতেন আমাদের সঙ্গে। ঠিক হলো জুয়েল আইচ হাত কেটে ফেলার জাদু দেখাবেন। কার হাত কাটা হবে? হুমায়ুন ফরীদির। তিনি সেদিন যে এক্সপ্রেশন দিয়েছিলেন, সেটা এখনো আমার চোখে লেগে আছে। আহা! আনিসুল হক ভাই আজ আমাদের মধ্যে নেই, হুমায়ুন ফরীদি ভাইও নেই।

মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা পেয়েছেন এ পর্যন্ত সোহরাব হোসেন, সুভাষ দত্ত, আবদুল লতিফ, শাহ আবদুল করিম, ফেরদৌসী মজুমদার, কলিম শরাফী, ফেরদৌসী রহমান, বেবী ইসলাম, সুধীন দাশ, ফিরোজা বেগম, মুস্তাফা মনোয়ার, রামকানাই দাশ, অভিনেতা রাজ্জাক, ফাহমিদা খাতুন, কবরী ও সৈয়দ হাসান ইমাম। তাঁদের অনেকেই আমাদের মধ্যে আর নেই। এ অনুষ্ঠান দেখতে প্রায় নিয়মিত আসতেন বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান কিংবা ফারুক চৌধুরী। দর্শক সারিতে তাঁদের অভাব আমরা অনুভব করব।

প্রথম দিকে শুধু জনপ্রিয়তার ভিত্তিতে পুরস্কার দেওয়া হতো। এখন তো ডাকযোগে ভোট নেওয়া হয়, খুদে বার্তা ও অনলাইন ভোটের ব্যবস্থা যোগ করা হয়েছে। এ ক্ষেত্রে দর্শকদের ভোটই চূড়ান্ত। তবে একজনের একটা ভোটই গণনা করা হয়। একই নম্বর থেকে একাধিক ভোট দিয়ে তাই লাভ হয় না।

তারপর এল সমালোচক পুরস্কার। প্রতিবছর বিচারকমণ্ডলী গঠন করা হয়, তাঁরা স্বাধীনভাবে মনোনয়ন দেন, বিজয়ী নির্বাচন করেন। বিজয়ীর খাম সম্পাদকের জিম্মায় থাকে, অনুষ্ঠানের আগে খোলা হয়। প্রথম আলোর সঙ্গে সংশ্লিষ্ট কেউ পুরস্কারের জন্য বিবেচিত হন না, পুরস্কার কে পাবেন তা নিয়ে কোনো রকমের প্রভাবও খাটান না। শুধু আজীবন পুরস্কার কমিটিতে আনিসুজ্জামান স্যার, আসাদুজ্জামান নূর, রেজওয়ানা চৌধুরী বন্যার সঙ্গে প্রথম আলোর সম্পাদক থাকেন। প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ এবং আমিও সেই বৈঠকে উপস্থিত থাকি। এই কমিটিতে এর আগে নিলুফার ইয়াসমিন, সেলিনা হোসেন, রামেন্দু মজুমদারও কখনো কখনো ছিলেন। সমালোচক পুরস্কার প্রবর্তিত হওয়ার পরে আমরা অনেক গুণী নতুন ধারার নির্মাতাকে পাদপ্রদীপের আলোয় আনতে পেরেছিলাম। তারিক আনাম, সাইদুল আনাম, সালাহউদ্দীন লাভলু, মোস্তফা সরওয়ার ফারুকী, অমিতাভ রেজা, গিয়াসউদ্দীন সেলিম, নুরুল আলম আতিক, অনিমেষ আইচ এবং আরও অনেকে।

মেরিল-প্রথম আলো অনুষ্ঠান আয়োজন নিয়ে নানা মজার স্মৃতি আছে। একবার আমি আর সহকর্মী এ কে এম জাকারিয়া রিকশায় যাচ্ছি আফজাল হোসেনের বাড়িতে, তিনি অনুষ্ঠানের উপস্থাপক। পথে শুরু হলো ঝড়বৃষ্টি, দুজনে ভিজে চুপচুপা হয়ে হাজির হলাম আফজাল ভাইয়ের দুয়ারে। ১৯৯৯ সালে প্রথম মেরিল-প্রথম আলো অনুষ্ঠানের শুরুতে আবদুল্লাহ আবু সায়ীদ একটা কৌতুক বলেছিলেন: এক ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসে। ভীষণ সুন্দরী। কিন্তু তার বিয়ে হয়ে গেল অন্য ছেলের সঙ্গে। আমাদের নায়ক তো উদাস। সেই ব্যর্থ প্রেমিককে সান্ত্বনা দিচ্ছে তার এক শুভাকাঙ্ক্ষী, দুঃখ কোরো না, একটা সান্ত্বনা তো আছে, তুমি তাকে পাওনি, তাতে কী, তোমার কোনো ‘পুরুষ’ বন্ধু তো পেয়েছে। আফজাল হোসেনের সঙ্গে সুবর্ণা মুস্তাফা ছিলেন সেবার উপস্থাপনায়। কেউ পুরস্কার না পেলেই তাঁকে সুবর্ণা আপা সান্ত্বনা দিচ্ছিলেন, দুঃখ কোরো না, তোমার কোনো পুরুষ বন্ধুই তো পেয়েছে!

এই কথাটা বলে ফেলার এই সুযোগ। তিনজন বা চারজন করে একটা ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন, একজন পুরস্কার পাবেন, আমাদের তো ইচ্ছা করে প্রত্যেকের হাতেই পুরস্কার তুলে দিই। তা তো হওয়ার নয়। কিন্তু মেরিল-প্রথম আলোয় মনোনয়ন পাওয়াই আমি মনে করি অনেক বড় পুরস্কার। সারা দেশে হাজার হাজার শিল্পী গান করেন, রেডিও-টিভি-সিনেমা-মঞ্চে সংগীত পরিবেশন করেন, এর মধ্যে প্রথম চারজনের মধ্যে থাকা কি চাট্টিখানি কথা!

পৃথিবীর কোনো পুরস্কারই সবার মনমতো হয় না। একজন হয়তো ২৫ হাজার ভোট পেয়েছেন, আরেকজন পেয়েছেন ২৩ হাজার, ওই ২৩ হাজারের কাছে তো মনে হবেই, যোগ্য লোক তো পুরস্কার পেল না। কাজেই আমরা মনে করি, বছরে একবার আমরা, বাংলাদেশের পারফর্মিং শিল্পের মানুষেরা, একসঙ্গে হই, দেখা-সাক্ষাৎ করি, একজনকে আজীবন সম্মাননা দিই, বাকিদের কেউ পুরস্কার পাই, কেউ পাই না, অনেকেই অনুষ্ঠানে অংশ নিই, এটাই বড় ঘটনা। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে স্কয়ার ও প্রথম আলো বাংলাদেশের সংস্কৃতি জগতের সব শিল্পীকে, কলাকুশলীকে অভিবাদন জানায়। আপনারা আমাদের এই ভালোবাসাটুকু গ্রহণ করুন।

আর বিশেষ ধন্যবাদ স্কয়ারকে, মেরিলকে, অঞ্জন চৌধুরীকে। তাঁরা কোনো দিনও জানতে চাননি বিচারক পরিষদে কে আছেন, কে পুরস্কার পাবেন। নক্ষত্রের দূরত্বে থেকে শুধু পথ দেখাবেন, কিন্তু হস্তক্ষেপ করবেন না-এ রকম স্পনসর পাওয়া সত্যি সৌভাগ্যের বিষয়। আমরা অঞ্জন চৌধুরীর প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। মেরিল-প্রথম আলো রানা প্লাজা তহবিল গঠন করা হয়েছিল, সেই কার্যক্রম অব্যাহত আছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর চিকিৎসা, পুনর্বাসন, শিক্ষাবৃত্তি ইত্যাদি সহায়তায় এ পর্যন্ত প্রায় দেড় কোটি টাকা ব্যয় করা হয়েছে। তাঁদের সন্তানদের লেখাপড়ার খরচ এই তহবিল থেকে দেওয়া অব্যাহত আছে।

প্রসঙ্গক্রমে আর একটা কথা। বাংলাদেশের চলচ্চিত্রে সুবাতাস আসি আসি করে, কিন্তু স্থায়ী বা কার্যকর হয় না। সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে। অন্যদিকে দর্শকেরা বিদেশি টেলিভিশনের অনুষ্ঠান দেখছেন। গানের শিল্পীরা রয়্যালটি পাচ্ছেন না। সবাই মিলে বসে কিংবা আলাদাভাবেই ব্যাপারটা নিয়ে গুরুত্বের সঙ্গে ভাবতে হবে, সমাধানের পথ বের করতে হবে এবং বাংলাদেশের চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীতজগতের পুনর্জাগরণের জোয়ার আনতে হবে।

আজ কুড়িতম মেরিল-প্রথম আলো অনুষ্ঠানের দিনে সে কথাটাই জোরের সঙ্গে বলি।

অন্ধকারের বিরুদ্ধে ছড়ি ঘুরিয়ে লাভ নেই। অন্ধকার দূর করতে হয় আলো জ্বেলে। সংস্কৃতির আলো পারে মানুষে মানুষে মৈত্রী স্থাপন করতে, মনের কালিমা দূর করতে, আলোকিত ভবিষ্যৎ গড়তে। আমাদের পথ বা মাধ্যম ভিন্ন হতে পারে, কিন্তু সবার লক্ষ্য তো একটাই-সুসংস্কৃত আলোকিত ভবিষ্যৎ, সুন্দর বাংলাদেশ, বিজয়ী বাংলাদেশ।

আনিসুল হক: প্রথম আলোর সহযোগী সম্পাদক ও সাহিত্যিক