এ দেশের সামাজিক-সাংস্কৃতিক ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, মানবমুক্তির যেকোনো কাজে বা আন্দোলনে গোঁড়া মুসলিম সমাজের দিক থেকে বাধা এসেছে। এ কারণে মুসলিম সমাজ আশানুরূপ এগোতে পারেনি, আজও নানা সংকটের আবর্তে ঘুরপাক খাচ্ছে। এটা একটা আশ্চর্য বৈপরীত্যের ব্যাপার। কারণ, হজরত মুহাম্মদ (সা.) আরবে ইসলাম ধর্ম প্রবর্তন করে তাঁর সমকালের মানুষকে ঐক্যবদ্ধ করে প্রগতি ও মুক্তির পথ দেখিয়েছিলেন। ইসলাম আল্লাহর ধর্ম, তিনিই এর রক্ষক। মানুষকে বুদ্ধি ও বিচক্ষণতার সমন্বয় ঘটিয়ে ইহকালের জীবন সার্থক করে তুলতে হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যথাযথ বুদ্ধি ও বিচক্ষণতার অভাবে মুসলিম সমাজ আজ বিভ্রান্ত, বিশৃঙ্খল ও স্থবির হয়ে পড়ছে।আমরা এ দেশেরই ইতিহাস থেকে কয়েকটি দৃষ্টান্ত টানব। ইংরেজ প্রবর্তিত আধুনিক শিক্ষা গ্রহণে অনীহার কারণে উপমহাদেশের মুসলমানরা প্রায় শত বছরের জন্য পিছিয়ে পড়েছিল। কিন্তু বিস্ময়কর হলেও সত্য, এই অনীহা সাধারণভাবে কেটে গেলেও মুসলিম সমাজের গোঁড়া একটি অংশ এখনো পুরোনো ধ্যানধারণা আঁকড়ে আছে এবং সমাজকে অচলায়তনে বেঁধে রাখার প্রয়াস চালিয়ে যাচ্ছে।১৯২৬ সালে ঢাকায় মুসলিম সাহিত্য সমাজ যে বুদ্ধির মুক্তি আন্দোলন শুরু করেছিল, তা ছিল বাঙালি মুসলিম সমাজে জ্ঞানচর্চায় অনুসন্ধিৎসা এবং যুক্তিবিচারের ধারা শুরু করার প্রথম প্রয়াস। এর উদ্যোক্তা চিন্তাবিদের সবাই ধর্মবিশ্বাসী ও ধর্ম পালনকারী মুসলমান ছিলেন। তাঁদের নেতা কাজী ওদুদ কোরআন শরিফ অনুবাদ করেন এবং হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনী রচনা করেছেন। কিন্তু তখন ঢাকার নবাব পরিবারের নেতৃত্বে রক্ষণশীল সমাজপতিরা এ আন্দোলনের বিরুদ্ধে প্রবল বাধা সৃষ্টি করেন এবং মুসলিম সমাজ সংস্কারের এই প্রয়াসের তখনকার মতো সেখানেই অবসান হয়। গোঁড়া মুসলিম নেতাদের পক্ষ থেকে কাজী নজরুল ইসলামকেও কাফের-নাস্তিক বলে অভিযুক্ত করা হয়েছিল।এরপর পাকিস্তান আমলে বাংলা ভাষার দাবিতে যে আন্দোলন শুরু হয়, গোঁড়া মুসলিম সমাজ থেকে এর বিরুদ্ধেও অপপ্রচার হয়েছে তীব্র ভাষায়। বাংলা ভাষা হিন্দুর ভাষা, এমনকি ভাষা আন্দোলন ভারতের ইন্ধনে হচ্ছে আর এ দেশীয় যারা যুক্ত আছে তারা নাস্তিক, কাফের ইত্যাদি অভিযোগ তোলা হয়েছিল। সেদিন বহুভাষাবিদ সর্বজন শ্রদ্ধেয় ড. মুহাম্মদ শহীদুল্লাহ্র নেতৃত্বে দেশের শ্রদ্ধাভাজন সাহিত্যিক ও ভাষাবিদেরা বাংলা ভাষা ও সাহিত্যের পক্ষে অবস্থান নিয়েছিলেন। মুহাম্মদ শহীদুল্লাহ্ নিজে একজন বড় আলেম ছিলেন। পাশাপাশি রাজনৈতিক অঙ্গন থেকেও আওয়ামী লীগসহ প্রগতিশীল দলগুলো বাংলার পক্ষে অবস্থান নেয়। ফলে যা ছিল শুরুতে ছাত্রদের প্রতিবাদ মাত্র, তা অচিরেই ভাষা-সংস্কৃতিভিত্তিক বাঙালি জাতীয়তাবাদী চেতনা বিকাশের উৎস হয়ে উঠেছিল। গোঁড়া ধর্মান্ধ গোষ্ঠী কিন্তু বায়ান্নর মতোই চুয়ান্নর নির্বাচনের সময়ও যুক্তফ্রন্টের বিরুদ্ধে নাস্তিক-কাফেরের অভিযোগ তুলেছিল। তত দিনে জাতীয়তাবাদী চেতনা এতটাই বেগবান হয়েছিল যে তাদের এসব প্রচারণা অবশ্য ধোপে টেকেনি। পরে মুসলিম লীগ, জামায়াত, নেজামে ইসলাম প্রভৃতি ক্ষুদ্র দল ও গোঁড়া ধর্মান্ধ গোষ্ঠী মুক্তিযুদ্ধের সময় একইভাবে পাকিস্তানের পক্ষে অবস্থান নেয় এবং একইভাবে আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধাদের ভারতের চর, কাফের-নাস্তিক হিসেবে আখ্যায়িত করেছিল। তবে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মমতা এত বেশি ছিল যে সাধারণ ধর্মপ্রাণ বাঙালি মুসলমান সেদিন মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছিলেন। কেবল যারা ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে এবং তাদের প্রচারণায় বিভ্রান্ত সরলপ্রাণ কিছু ধর্মভীরু মানুষ সেদিন রাজাকার-আলবদর বাহিনীতে যোগ দিয়ে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছিল।১৯৭১-এর মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে অতীতের সব ভুলভ্রান্তি ঘুচিয়ে একটি সত্যিকারের গণতান্ত্রিক দেশ গড়ে তুলতে পারব বলে আমাদের বিশ্বাস হয়েছিল। মনে হয়েছিল ধর্মান্ধতার পাশাপাশি প্রগতিশীল চিন্তাচেতনাকে নাস্তিক-কাফেরের কাজ আখ্যায়িত করার মানসিকতারও অবসান হয়েছে; বাংলাদেশ হবে বিশ্বের ইতিহাসে প্রথম সত্যিকারের গণতান্ত্রিক মুসলিমপ্রধান দেশ। কিন্তু দেখা গেল, সমাজমানস খুব বেশি বদলায়নি। জিয়াউর রহমান তাঁর ক্ষমতার ভিত মজবুত করতে গিয়ে রক্ষণশীল ও দক্ষিণ পন্থার রাজনীতির ওপর নির্ভর করলেন। আবারও রাজনীতিতে ধর্মের অপপ্রয়োগ শুরু হলো।আবার একটু মনে করিয়ে দেব যে হজরত মুহাম্মদ (সা.)-এর প্রচারিত ইসলাম হলো প্রগতিশীল ধর্ম, যা তাঁর সমকালে সব অন্ধ কুসংস্কার ও অচলায়তনকে ভেঙে মানুষকে মুক্তি দিয়েছে। কলামের সংক্ষিপ্ত পরিসরে শুধু এটুকু বলি যে চতুর্দশ শতাব্দীতে আব্বাসীয় খলিফাদের হাত থেকে বাগদাদ ও কর্দোভার পতনের পর ধীরে ধীরে গোঁড়া কট্টরপন্থীদের হাতে এক প্রতিক্রিয়াশীল ইসলামের উদ্ভব হয়। উপমহাদেশেও প্রথম যুগে ধর্ম প্রচারকদের মাধ্যমে উদার মানবিক ইসলামের বিকাশ ঘটলেও মোগল সাম্রাজ্যের অবক্ষয়ের হাত ধরে মুসলিম নেতৃত্বেও অবক্ষয় দেখা দেয়। আর ইংরেজের হাতে শাসনক্ষমতা হারানোর পর প্রতিক্রিয়াশীলতাই হয় যেন মুসলিম সমাজের আত্মরক্ষার হাতিয়ার। এতে সমাজে পুনরায় নানা অন্ধ কুসংস্কার জাঁকিয়ে বসে অচলায়তন তৈরি হয়েছে। ফলে দীর্ঘকাল ধরে মুসলিম সমাজে নানারূপ সংকটের চিত্র আমরা দেখতে পাচ্ছিলাম। সন্দেহ ও অবিশ্বাসে জর্জরিত এ সমাজ উচ্চতর জ্ঞান-বিজ্ঞানচর্চার মতো উদার মুক্ত পরিবেশ তৈরি করতে পারেনি। এরই কারণে আমরা বারবার সমাজ বিকাশের উদ্যোগে বাধা আসতে দেখেছি। এখন স্বাধীনতার ৪২ বছর পরে এই বাংলাদেশে মুসলিম তরুণসমাজের মধ্যে পুনরায় অনুসন্ধিৎসা, সত্য ও ন্যায়ের পথ খোঁজার প্রণোদনা দেখতে পাচ্ছি। উচ্চশিক্ষিত, স্বল্পশিক্ষিত, এমনকি শিক্ষাবঞ্চিত সব তরুণ-তরুণীর মধ্যে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে একটি সার্থক-সুন্দর অর্থপূর্ণ জীবনের জন্য আকাঙ্ক্ষা আমরা লক্ষ করছি। এরই ফলে রাজনৈতিক অস্থিরতা, অনিশ্চয়তা, এমনকি প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও বাংলাদেশের অগ্রগতি থেমে থাকেনি। কৃষক খাদ্যের উৎপাদন বাড়িয়েছেন, শ্রমিকেরা দেশে ও বিদেশে মূল্যবান বৈদেশিক মুদ্রা আয় করছেন। আমাদের তরুণ বিজ্ঞানীরা পাটের জীবন চক্র আবিষ্কার করেছেন, এমনকি মেয়েরা বিশ্বের সর্বোচ্চ পর্বতে আরোহণ করছেন। বাঙালি তরুণ আজ সারা বিশ্বে তার জয়রথ ছড়িয়ে দিয়েছে। আর এর মধ্যে অত্যন্ত সুন্দর ব্যাপার হলো, তারুণ্যের এই শুভজাগরণে মেয়েরা পিছিয়ে নেই, বরং অনেক ক্ষেত্রে এগিয়ে রয়েছে। তাই এত বাধাবিঘ্নের মধ্যেও এ দেশের সামাজিক সূচকে অগ্রগতির কথা বিশ্বের মনীষীরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন।আজকের বাংলাদেশের সবচেয়ে চোখ জুড়ানো দৃশ্য হলো সবুজ ধানখেতের বুক চিরে আল ধরে কিশোরীদের স্কুলে আর শহর ও শহরতলির পথ ধরে মেয়েদের কর্মক্ষেত্রে যাওয়ার দৃশ্য। এ দৃশ্য কেবল সুন্দর নয়, অত্যন্ত শালীনভাবে সুন্দর। জ্ঞানের ও কর্মের জগতে নারীর এই অংশীদারত্বের দৃশ্যকে অশালীন মনে হওয়াই বরং পাপ।সম্প্রতি এই তরুণেরা যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে যে আন্দোলনের সূচনা করেছে, তাতে আমাদের ইতিহাসের কলঙ্ক ও পাপ মোচনের যে অঙ্গীকার ব্যক্ত হয়েছে, তার মধ্যকার ন্যায় ও সততাকে অস্বীকার করা যাবে না। অন্যায়কে লালন করে কোনো জাতি বড় হতে পারে না। ক্ষমতার রাজনীতির হীন দৃষ্টিকোণ থেকে কিংবা কারও ভুলভ্রান্তিকেই সবকিছু বলে ধরে নিয়ে আন্দোলনের ন্যায়পরায়ণতার দিকটিকে ভুলে গেলে চলবে না। তরুণ-তরুণীরা একসঙ্গে ন্যায়ের পতাকা তুলে ধরে যে আন্দোলনকে জাগরণ বলছে, তা সত্যিই জাতির বিবেক ও মনুষ্যত্বের জাগরণ ঘটিয়েছে। এর সৌন্দর্য যাদের চোখে পড়ে না, তাদের জন্য সৃষ্টিকর্তার কাছে শুধু প্রার্থনা করতে পারি, তিনি যেন তাদের এই ন্যায় ও সুন্দরের প্রকাশ দেখার অন্তর্দৃষ্টিটুকু দেন।এখানে নজরুলের প্রতি, বুদ্ধির মুক্তি আন্দোলনের প্রতি, মুক্তিযুদ্ধের প্রতি এবং সাম্প্রতিক তারুণ্যের জাগরণের প্রতি গোঁড়া মুসলিম সমাজের নেতিবাচক মনোভাব প্রসঙ্গে বলতে হয় যে সৃষ্টিশীল প্রতিভার তারুণ্যের প্রতি এ সমাজ সব সময় সন্দেহ ও অনাস্থা প্রকাশ করেছে। তারুণ্যের মধ্যে, নজরুলের মতো প্রতিভাধর ব্যক্তির মধ্যে সৃষ্টিশীলতার যে জোয়ার জেগে ওঠে, তাতে প্রচলিত সনাতন জীবন ও বিশ্বাস ঝাঁকুনি খায়। কিন্তু তাতে ভয় পেয়ে একে অস্বীকার করলে সমাজের অগ্রগতি রুদ্ধ হয়ে যাবে। যে সমাজ তার প্রতিভাধর তারুণ্যকে অস্বীকার করে, তার তো অগ্রগতির কোনো সম্ভাবনা নেই। এই মনোভাবের কারণে মুসলিম সমাজে সংকট ঘনীভূত হয়েছে, কিছুতেই কাটছে না। আজকের তরুণ-তরুণীরা ন্যায়ের পতাকা হাতে নিয়ে ইতিহাসের অসংগতি দূর করার কথা বলছে। তারা দীর্ঘ লাগাতার সংগ্রাম চালিয়ে যাচ্ছে, যাতে জ্বালাও-পোড়াও, ভাঙচুর, হানাহানি হয়নি। এ দেশে এ রকম শান্তিপূর্ণ সংগ্রামের নজির কম। তাদের মূল বক্তব্য এসেছে লিখিত, যুক্তিপূর্ণ ও উত্তেজনাহীন শান্ত কণ্ঠে। এমনকি তারা তাদের বিরোধিতাকারী সবার সঙ্গে আলোচনায় বসার সৎসাহসও প্রদর্শন করেছে, যা এ দেশে বিরল বিষয়। ধর্ম তো বিশ্বাস ও মূল্যবোধের সমন্বয়ে পালিত, আচরিত হয়। সেদিক থেকে এই তরুণদের ধর্মহীন বলা কি সংগত হবে? রাজনৈতিক অবস্থান থেকে বললে সে ভিন্ন কথা।শেষে একটি কথা বলা দরকার। যখন বহুকালের স্থবিরতা ও অচলায়তন কাটিয়ে অনুসন্ধিৎসু তরুণমন নানা জিজ্ঞাসায় মেতে ওঠে, তাতে কখনো বাঁধ ভাঙার প্রবণতা দেখা দিতে পারে, ঘটতে পারে কিছু বাড়াবাড়ি। কিন্তু তাকেই সবটা বলে ধরে নিলে অশুভ বদ্ধতাকে কাটানোর যে মুক্তির হাওয়া বইছে আজ, তাকেই বিতাড়িত করা হবে এবং এতে পুরো সমাজের দম বন্ধ হয়ে যাবে। ভুলভ্রান্তির বিচার হতে পারে, শাস্তি হতে পারে, ভুলভ্রান্তির জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের কাউন্সেলিং করা যেতে পারে। কিন্তু কয়েকজনের অবিমৃশ্যকারিতাকে সবটা ধরে নিয়ে বাঙালি মুসলমানের প্রগতিযাত্রার পথ আগলে দাঁড়ানো হবে আত্মঘাতী কাজ। তাতে প্রতিক্রিয়াশীলতার হাত শক্তিশালী হবে।আশা করি, উত্তেজনা, সংঘাত, হানাহানির পথ থেকে আমরা সরে আসতে পারব। তরুণদের নবজাগরণকে ভুল বুঝে প্রত্যাখ্যান না করে তাদের সঠিক অগ্রযাত্রা নিশ্চিত করতে সবাই তাদের দিকে নজর রাখব, তাদের পাশে থাকব।আবুল মোমেন: কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক।