আফগানিস্তানে অনেকগুলো অঞ্চল ও শহর তালেবানরা দখলে নেওয়ায় অনেকে ভাবতে পারেন, শিগগিরই তারা কাবুলের ক্ষমতায় আসতে যাচ্ছে। কিন্তু আমরা অনেকে মনে করি, এটা এতটা সহজ কাজ নয়। পাকিস্তান একমাত্র দেশ, যারা আর্থিক, কূটনৈতিক, অস্ত্র ও গোলাবারুদ, প্রশিক্ষণ এবং তথ্যের মাধ্যমে তালেবানকে সমর্থন করছে। তালেবানকে শিয়া বিরোধিতার কারণে ইরান সমর্থন করবে না। কয়েক দিন আগেও তালেবান কাবুল ও অন্যান্য স্থানে শিয়াদের (হাজারা) মসজিদ এবং অন্যান্য স্থানে হামলা চালিয়েছে। চীনও তাদের বিশ্বাস করবে না। কেবল তখনই সম্ভব, যখন যুক্তরাষ্ট্র চাইবে তালেবান শিগগিরই ক্ষমতায় আসুক। কিন্তু তারা কি আরেকটি বড় ভুল করবে?
এখন পৃথিবী সেখানে নেই, যেখানে একটি সশস্ত্র গোষ্ঠী হাজার হাজার মানুষকে হত্যা করে ক্ষমতায় আসতে পারে এবং ক্ষমতায় থাকা একটি সরকারকে ছুড়ে ফেলতে পারে। যদি এ রকম হতো, তাহলে আমরা সিরিয়ায় আইএসআইএস, ইয়েমেনে আল-কায়েদা, শ্রীলঙ্কায় তামিল টাইগারসহ অন্যদের সাফল্য দেখতে পেতাম। আবার আন্তর্জাতিক সম্প্রদায়কে বোঝা উচিত যে যদি তারা তালেবান, আল-কায়েদা ও অন্যদের মতো কোনো সশস্ত্র গোষ্ঠীর রাজনৈতিক ক্ষমতা অনুমোদন করে, তাহলে বিশ্বের অন্য সব বিদ্রোহী গোষ্ঠী এ ধারণার সঙ্গে ক্ষমতায়িত হবে যে তারাও শিগগিরই বাকি বিশ্বের অনুমোদন পাবে।
জেনারেল সামি সাদাত, যিনি দক্ষিণ হেলমান্দ প্রদেশে তালেবানের বিরুদ্ধে যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন, সম্প্রতি বিবিসিকে বলেছেন, বিশ্বব্যাপী নীতিনির্ধারকদের বোঝা উচিত যে এটি আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ নয়, এটি স্বাধীনতা এবং মানবতার বিপক্ষে যুদ্ধ। তিনি আরও বলেছিলেন, এটি ছোট চরমপন্থী গোষ্ঠীর ইউরোপ ও আমেরিকার শহরে তাদের একত্র করার আশা বাড়াবে এবং বৈশ্বিক নিরাপত্তার ওপর বিধ্বংসী প্রভাব ফেলবে। পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল হামিদ গুলের মতে, পাকিস্তান যুক্তরাষ্ট্র ও তালেবানের সাহায্যে আফগানিস্তানে রাশিয়াকে পরাজিত করেছে। তাঁর কথার একটু পরিবর্তন করে বলা যেতে পারে, পাকিস্তান আফগানিস্তানে তালেবানের সাহায্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে।
অনেকেই এখন ভবিষ্যদ্বাণী করছেন, বৈশ্বিক রাজনীতির কারণে চীন, রাশিয়া এবং অন্যরা যুক্তরাষ্ট্রকে আফগানিস্তান থেকে বের করে দিতে তালেবানকে সাহায্য করছে। কিন্তু এ সমীকরণও মিলবে না। যুক্তরাজ্য, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র অন্তত এখন বুঝতে পারছে যে বৈশ্বিক রাজনীতিতে একটি নির্দিষ্ট দেশকে নামিয়ে আনার কৌশল নিজেদেরও সমানভাবে বা খুব খারাপভাবে বিপর্যস্ত করতে পারে। বিখ্যাত চীনা যুদ্ধ কৌশলবিদ সান তু বলেছিলেন, আপনি যদি নিজেকে চেনেন কিন্তু আপনার শত্রুকে না চেনেন, তাহলে প্রতিটি বিজয়ের জন্য আপনি পরাজয়ের শিকার হবেন।
গত সপ্তাহে আমি আমাদের প্রকল্পের ২০ জন কর্মীর ওপর একটি নমুনা জরিপ করেছি এবং শনাক্ত করতে পেরেছি যে মাত্র একজন তালেবানকে সমর্থন করছে। বাকিরা তালেবানের ক্ষমতায় আসার বিরুদ্ধে। একই সময়ে কাবুলে যেখানে আমি থাকি, তালেবানের ব্যাপারে আমার হোটেলে কর্মীদের মতামতের জন্য একটি নমুনা জরিপও করেছি। হোটেলের ১০ জন কর্মচারী ইঙ্গিত দিয়েছেন যে তাঁরা তালেবানকে আফগানিস্তানের ক্ষমতায় আসতে পছন্দ করেন না। যদিও এই জরিপগুলো আফগানিস্তানের সম্পূর্ণ চিত্র দেয় না; কিন্তু এটি তালেবান সম্পর্কে সাধারণ মানুষের মতামত সম্পর্কে অন্তত কিছু ধারণা দেয়।
আমরা এটা বুঝতাম যে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যুদ্ধের অভিজ্ঞতার কারণে আফগানরা একটি সাহসী জাতি। কিন্তু এখন সম্পূর্ণ একটি ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি, যেখানে সব আফগানরা দেশ ত্যাগ করতে আগ্রহী এবং পশ্চিমা দেশগুলোয় বসতি স্থাপন করতে আগ্রহী। শুধু ২০১৫ থেকে ২০১৬ সালের মধ্যে তিন লাখ আফগান দেশ ছেড়ে ইউরোপে চলে গেছে। অন্যদিকে তালেবানরা শুধু ক্ষমতা নিয়ে আগ্রহী, আছে নারীবিরোধী চরমপন্থা আর মাদক-বাণিজ্যে সম্পৃক্ততা।
যুক্তরাজ্য, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র অন্তত এখন বুঝতে পারছে যে বৈশ্বিক রাজনীতিতে একটি নির্দিষ্ট দেশকে নামিয়ে আনার কৌশল নিজেদেরও সমানভাবে বা খুব খারাপভাবে বিপর্যস্ত করতে পারে। বিখ্যাত চীনা যুদ্ধ কৌশলবিদ সান তু বলেছিলেন, আপনি যদি নিজেকে চেনেন কিন্তু আপনার শত্রুকে না চেনেন, তাহলে প্রতিটি বিজয়ের জন্য আপনি পরাজয়ের শিকার হবেন।
শন ম্যাকফেট নামের একজন আমেরিকান যুদ্ধকৌশলীর লেখা বই, আমি খুব মনোযোগ দিয়ে পড়তাম। তাঁর একটি মহান বই হলো, গোলিয়াথ-হোয়াই দ্য ওয়েস্ট ইজন্ট ওইনিং, এন্ড হোয়াট উই মাস্ট ডু এবাউট ইট। এ বইয়ে তিনি বলেছেন, যুদ্ধের গতানুগতিক কৌশলের কারণে আফগানিস্তান, সিরিয়া, ইরাক, লিবিয়া ও ভিয়েতনামের সব দেশেই মার্কিন যুক্তরাষ্ট্র পরাজিত। কারণ, বর্তমানে যুদ্ধ সম্মুখযুদ্ধ নয়। বর্তমানে যুদ্ধ গরিলার মতো কিছু লোককে আকস্মিক আক্রমণ করা। আমেরিকার ইতিহাসে এ যুদ্ধগুলো যদিও নীতিনির্ধারকেরা শুরু করেছেন; কিন্তু শেষ পর্যন্ত এগুলো সামরিক জেনারেলদের দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। এই জেনারেলরা অস্ত্র ব্যবসায়ীদের স্বার্থান্বেষী গোষ্ঠী এবং অন্যান্য আগ্রহী দলের সহায়তায় তাদের নিজস্ব পরিকল্পনার মাধ্যমে পুরো যুদ্ধ নিয়ন্ত্রণ করছে। এমনকি তিনি আমেরিকায় ‘মিলিটারি-ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স’-এর দূষিত প্রভাব সম্পর্কে তাঁর বইয়ে জাতির উদ্দেশে বিদায়ী ভাষণে প্রেসিডেন্ট আইজেনহাওয়ারের বিখ্যাত সতর্কতার কথা উল্লেখ করেছেন।
আফগানিস্তান থেকে আমেরিকানদের প্রত্যাহার সম্পর্কে সম্প্রতি মন্তব্যগুলো পর্যালোচনা করলে আমরা দেখতে পাব যে অধিকাংশ উদ্বেগই সেনা জেনারেলদের কাছ থেকে আসছে, যাঁরা ইতিমধ্যেই আফগানিস্তানে কাজ করেছেন বা বর্তমানে পরিচালনার পদে আছেন। কিছু কিছু ক্ষেত্রে আমরা তথ্য পেতাম যে আফগান যুদ্ধবাজেরা আমেরিকান সেনাবাহিনী এবং অন্যদের কাছ থেকে নিয়মিত অর্থ গ্রহণ করে, যাতে তাদের গ্রাম ও অঞ্চলগুলো সব সময় অশান্ত থাকে। দুজন আফগান যুদ্ধবাজ এমনকি স্পষ্টভাবে আমার কাছে এটা স্বীকার করেছে। মূলত আফগানিস্তানকে যুদ্ধের দেশে রাখা অনেক স্বার্থান্বেষী গোষ্ঠীর জন্য একটি কৌশল। জন সপকো, যিনি ২০১২ সালের জুলাই থেকে আফগানিস্তান পুনর্গঠনের জন্য বিশেষ মহাপরিদর্শক ছিলেন, একটি ডিফেন্স রাইটার্স গ্রুপের অনুষ্ঠানে সাংবাদিকদের বলেছিলেন যে আমেরিকা আফগানিস্তানে সাফল্যের জন্য বারবার ‘গোলপোস্ট সরিয়েছে’।
আফগান জনগণ সাধারণভাবে তালেবানকে পছন্দ করে না এবং এমনকি আলোচনার মাধ্যমে ক্ষমতায় এলেও এই পর্যায়ে তাদের শর্তের সঙ্গে একমত হবে না। তাহলে আফগানিস্তানে সাধারণ নির্বাচন হলে তালেবান কীভাবে ক্ষমতায় থাকবে? তাহলে এটা বোঝা যাচ্ছে যে এসব ব্যবস্থার পরও একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিগণিত হতে পারে দেশটি। তালেবান যেসব এলাকা এখন দখলে রেখেছে, সেসব এলাকার জনগণকে বন্দুকের মুখে তাদের ভোট দিতে বাধ্য করবে। আমরা আমাদের স্মৃতি থেকে এটা মনে করতে পারি যে লাইবেরিয়ার যুদ্ধবাজ চার্লস টেলর সব অশুভ শক্তির মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন। জোর করে ক্ষমতায় আসার পর তিনি তাঁকে গণতান্ত্রিক করার জন্য নির্বাচন দিয়েছিলেন। তিনি তাঁর বাহিনীর মাধ্যমে সব ব্যানারে যে স্লোগান লিখেছিলেন, সেখানে লেখা ছিল, ‘আপনি আমার মাকে হত্যা করেছেন, আপনি আমার বাবাকে হত্যা করেছেন এবং আমি আপনাকে ভোট দেব’। শেষ পর্যন্ত তিনি ৭৫ শতাংশ জয়ের মাধ্যমে নির্বাচনে জয়ী হন।
আফগানিস্তানে গত ২০ বছরে বিশাল সাহায্য পেলেও তার অধিকাংশই হরিলুট হয়েছে। দুর্নীতিপরায়ণ নেতা, কর্মকর্তা ও মধ্যস্থতাকারীদের পকেটে গেছে সেসব। আফগানিস্তান এমন একটি দেশ, যেখানে বিদ্যুতের জন্য প্রতিবেশী দেশ তাজিকিস্তান ও ইরানের ওপর পুরোপুরি নির্ভরশীল থাকতে হচ্ছে। ওষুধের জন্য পাকিস্তান, ইরান ও ভারতের ওপর পুরোপুরি নির্ভরশীল থাকতে হচ্ছে। আফগানিস্তানের রাজধানী এমন একটি জায়গা, যেখানে পাবলিক পয়োনিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। পানীয় জল সরবরাহে সরকারি ব্যবস্থা নেই। বিশ্বের অন্যতম দুর্নীতিগ্রস্ত দেশ আফগানিস্তান। এখানে টাকাপয়সা ছাড়া কোথাও কোনো কাজ হয় না। এ রকম হাজারো সমস্যায় জর্জরিত দেশ হলো আফগানিস্তান।
একটি গল্প দিয়ে শেষ করি, যেখানে একজন পশ্চিমা সাংবাদিক তাঁর দায়িত্বের অংশ হিসেবে আফগানিস্তানকে কভার করার জন্য ২০ বছর আগে এসেছিলেন। তিনি দেখতে পেলেন যে নারীরা স্বামীর অন্তত ১০ গজ পেছনে হাঁটেন। তারপর তিনি তাঁর দোভাষীকে জিজ্ঞাসা করেছিলেন যে তাঁরা একই ঘরে থাকা সত্ত্বেও কেন এমনটি ঘটছে। তখন দোভাষী উত্তর দিলেন, এটি তাঁদের সংস্কৃতি। ১০ বছর পর আবার এসে দেখলেন, নারীরা স্বামীর ২০ গজ পেছনে হাঁটেন। তিনি বিস্মিত হয়ে নারীদের জিজ্ঞাসা করেছিলেন, কেন এই উল্লেখযোগ্য উন্নয়ন? নারীরা উত্তর দিয়েছিলেন, এটি হলো স্থলমাইন।
মৃদুল কান্তি বিশ্বাস আফগানিস্তানে বেসরকারি খাতের উন্নয়ন উপদেষ্টা হিসেবে কাজ করছেন।