
পেশোয়ারের স্কুলে পাকিস্তানি তালেবান যে বর্বরোচিত হামলা চালিয়েছে, তা অত্যন্ত পরিকল্পিত, সংগঠিত এবং ঠান্ডা মাথায় বিভিন্ন বিষয় বিচার-বিবেচনা করেই চালানো হয়েছে; সে কথা ঘটনার পরে তালেবানের মুখপাত্রের দেওয়া বক্তব্যেই স্পষ্ট। তেহরিক-ই-তালেবানের মুখপাত্র মুহাম্মদ খোরাসানি বিভিন্ন সংবাদমাধ্যমকে বলেছেন যে এ হামলা হচ্ছে প্রতিশোধ। জুন মাস থেকে উত্তর ওয়াজিরিস্তানে পাকিস্তানি সেনাবাহিনীর জিঙ্গবিরোধী সেনা অভিযানে নিহত ব্যক্তিদের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্যই এ হামলা। তাঁর ভাষায়, ‘আমরা চাই তারা আমাদের কষ্ট বুঝতে পারুক।’ তাঁরা মানে সেনাবাহিনীর সদস্যরা আর সে কারণেই বেছে নেওয়া হয়েছে সেনানিবাসের দোরগোড়ায় সেনাবাহিনীর সদস্যদের সন্তানদের স্কুলকে।
তালেবানের মুখপাত্রের এ কথাও লক্ষণীয় যে যে দলটিকে পাঠানো হয়েছিল, তারা ছিল আত্মঘাতী স্কোয়াড; এ কথার সত্যতা আমরা দেখতে পাই নিহত আক্রমণকারীদের ছবিতে। তিনি এ দাবিও করেন যে ছোট শিশুদের হত্যা না করে বের করে দেওয়ার নির্দেশ ছিল হত্যাকারীদের ওপর। কিন্তু তুলনামূলকভাবে বড়দের কোনোভাবেই রেহাই না দেওয়ার নির্দেশ আক্রমণকারীরা যতক্ষণ পেরেছে অক্ষরে অক্ষরে পালন করেছে।
তালেবান অন্য অনেক সময় তাদের কার্যকলাপের যে ধরনের ব্যাখ্যা দিয়ে থাকে, এবার একার্থে তা থেকে ভিন্ন ব্যাখ্যাই দিয়েছে। তাদের বক্তব্য হচ্ছে, এটা তারা যুদ্ধের কৌশল হিসেবে বেছে নিয়েছে। এর মধ্য দিয়ে তারা একটা বার্তা দিতে চেয়েছে আর তা হলো তারা এখন যুদ্ধে নতুন কৌশল গ্রহণ করেছে, যা লড়াই কেবল ওয়াজিরিস্তানে সীমাবদ্ধ থাকবে না। তালেবান তাদের কার্যক্রমের বৈধতার জন্য এখন আর ধর্মের অপব্যাখ্যার দ্বারস্থ হয়নি; কেননা ধর্ম নয়, রাজনৈতিক ইসলামের মোড়ক নয়, আদর্শিক বিবেচনা নয়, তারা প্রত্যক্ষ যুদ্ধে প্রবৃত্ত এবং প্রতিহিংসাই তাদের লক্ষ্য। এখন থেকে তালেবানকে এ বিবেচনায়ই বিচার করতে হবে, এমনকি যদি আমরা একে অসম যুদ্ধ বলেও বর্ণনা করি।
সন্ত্রাসের বিরুদ্ধে এককাট্টা হওয়ার এটাই সময়গ্রীষ্মকাল থেকে চলা সেনা অভিযানের লক্ষ্য কেবল যে পাকিস্তানি তালেবান তা নয়; ওই এলাকায় লস্কর-ই-জংভি, জুনাদ-আল্লাহ, আল-কায়েদা, আফগান তালেবানের হাক্কানি নেটওয়ার্ক পর্যন্ত সব ধরনের জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধেই চলছে অভিযান। সেনাবাহিনী তাতে যথেষ্ট সাফল্যের দাবি করছিল, যদিও অনেকে এ দাবিকে অতিরঞ্জন বলেও সমালোচনা করেছে। কিন্তু সেনা অভিযানের পর তালেবানের হামলার সংখ্যা যে হ্রাস পেয়েছিল, সেটা সত্য। এখন তালেবানের এ পরিকল্পিত হামলা প্রমাণ করে যে প্রায় ছয় মাস ধরে চলা সেনা অভিযানে তালেবানের শক্তি ক্ষয় হলেও তাদের ক্ষমতা একেবারে নিঃশেষিত হয়ে যায়নি।
বিপরীতক্রমে এভাবেও এ হামলাকে ব্যাখ্যা করা যায় যে তাদের ঘাঁটি বলে পরিচিত এলাকায় ক্রমাগতভাবে দুর্বল হয়ে পড়ার ফলে তালেবান এখন যুদ্ধকে সেনাবাহিনীর দরজায় হাজির করতে চাইছে। এটা তাদের বেপরোয়া হয়ে ওঠারই লক্ষণ। তারা এখন চাইছে, সেনাবাহিনী যদি অন্যত্র নিরাপত্তা রক্ষায় ব্যস্ত হয়ে পড়ে, তবে ওয়াজিরিস্তানে তাদের শক্তি কমাতে হবে, তারা মানসিক চাপের মুখেও পড়বে। কিন্তু যে অঙ্ক করেই এ আক্রমণ চালানো হোক না কেন, এ হামলা থেকে তালেবান লাভবান হতে পারবে না। কেননা এ হামলা আকারে অন্য হামলা থেকে বড় হোক অথবা না হোক, এমনকি তালেবানের অতীত সব নৃশংসতার বিবেচনায়ও নৃশংস। কোনো যুক্তিতেই এ ধরনের হামলা জনসমর্থন পায় না। ২০০৪ সালে রাশিয়ার বেসালনে চেচেন বিচ্ছিন্নতাবাদীদের একটি স্কুলে অবরোধ এবং ৩০০ জন শিক্ষার্থীকে হত্যার ঘটনা, তাদের জন্য মোটেই ইতিবাচক হয়নি।
এ হত্যাকাণ্ড, তার প্রকৃতির কারণে পাকিস্তানের রাজনীতি বদলে দেওয়ার একটি সুযোগ তৈরি করেছে। পাকিস্তানের রাজনীতিবিদেরা—প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ থেকে ইমরান খান—এর নিন্দা করেছেন। বলেছেন, তাঁরা ঐক্যবদ্ধ। বুধবার সব সংসদীয় দলের যৌথ বৈঠকের ব্যবস্থা হয়েছে। কিন্তু এ পরিস্থিতি সৃষ্টির দায় থেকে রাজনীতিবিদেরা নিজেদের মুক্ত ভাবতে পারেন না। জঙ্গিগোষ্ঠী হিসেবে তালেবান দমনের কৌশল এবং তালেবানের প্রতি সমর্থন তৈরির জন্য যে সামাজিক-অর্থনৈতিক-রাজনৈতিক অবস্থা খাইবার পাখতুনখাওয়ায় কয়েক দশক ধরে বিদ্যমান, সেগুলো মোকাবিলা করার উপায় নিয়ে রাজনীতিবিদদের অনৈক্য যে এ পরিস্থিতিতে ইন্ধন জুগিয়েছে, তা অস্বীকারের উপায় নেই। অতীতেও এ ধরনের আক্রমণের পর আশা করা হয়েছে যে রাজনীতিবিদেরা পথ খুঁজে পাবেন, কিন্তু তা হয়নি। এবারও ঠিক তা-ই হবে এমন আশঙ্কা যেমন আছে, তেমনি মনে রাখা দরকার যে এবার আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছে সেনাবাহিনী কেবল প্রতিষ্ঠান হিসেবে নয়, পারিবারিকভাবে। এ যুক্তিতে যদি সেনাবাহিনী এখন সীমাহীন ক্ষমতার দাবি তুলে বেসামরিক শাসক রাজনীতিবিদদের ওপর চাপ প্রয়োগ করে, তবে যেসব প্রতিষ্ঠান গড়ে উঠতে শুরু করেছে, সেগুলোও ভেঙে পড়বে।
মনে রাখা দরকার যে এ অবস্থা তৈরিতে সেনাবাহিনীর দায় রাজনীতিবিদদের চেয়ে কোনো অংশেই কম নয়। কেবল এ কারণে নয় যে তারা তাদের ঘরের দরজায় নিজের সন্তানদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, এ কারণেও যে সেনা অভিযানের সময় তারা জবাবদিহির ব্যবস্থাকেও পদদলিত করেছে। তদুপরি সেনাবাহিনীর কর্মকর্তাদের, বিশেষ করে গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের একাংশের সঙ্গে তালেবানের সম্পর্কের অভিযোগকে তাঁরা কখনোই দূর করতে পারেননি। এমনকি সাম্প্রতিক কালে সেনা অভিযানের সময়ও তাঁদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠেছে। ফলে সেনাবাহিনীকেও সিদ্ধান্ত নিতে হবে যে প্রাতিষ্ঠানিকভাবে তারা কতটা বদলাতে প্রস্তুত আছে। এসব প্রশ্ন যতই অপ্রীতিকর হোক না কেন, তালেবানের হামলা এসব প্রশ্নকে নগ্নভাবে তুলে ধরেছে, এখন পাকিস্তানের শাসকগোষ্ঠীর সামনে এগুলোই চ্যালেঞ্জ হিসেবে উপস্থিত হয়েছে।
প্রকৃতপক্ষে এ চ্যালেঞ্জ এক দিনে বা গত কয়েক বছরে তৈরি হয়েছে এমন মনে করাও ঠিক নয়। দীর্ঘমেয়াদি সামরিক ও বেসামরিক অগণতান্ত্রিক শাসন, নিয়ন্ত্রণহীন সেনাবাহিনীর কার্যকলাপ ও তার ওপরে রাজনীতিবিদদের নির্ভরতা, জাত্যভিমানের কারণে ছোট জাতিসমূহকে অস্বীকার, কোনো কোনো অঞ্চলের যৌক্তিক দাবির প্রতি অবহেলার যে কাঠামো পাকিস্তান রাষ্ট্র তৈরি করেছে এবং টিকিয়ে রেখেছে, তার সঙ্গে উগ্র ধর্মবাদী আদর্শের সংমিশ্রণের ফলেই তালেবানের মতো শক্তির উদ্ভব ও বিকাশ সম্ভব হয়েছে। ফলে পাকিস্তানে ও পাকিস্তানের বাইরে যাঁরা তালেবান তৈরির খণ্ডিত ইতিহাসকে আশ্রয় করে অন্যকে দোষারোপ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাঁরা এক বিচারে এ ব্যবস্থাকেই টিকিয়ে রাখতে চান, যা তালেবানের জন্ম দেয়, তাদের লালন করে।
পাকিস্তানের সাধারণ নাগরিকেরাই এ ব্যবস্থার সবচেয়ে বড় ভিকটিম, তাঁরাই প্রতিদিন এ কারণে প্রাণ দিচ্ছেন। পাকিস্তান রাষ্ট্র তাঁদের কেবল নিরাপত্তা দিতেই ব্যর্থ হয়েছে তা নয়, তাঁদের ভবিষ্যৎকেও করে তুলেছে সংকটাপন্ন। তালেবান সেই অনিশ্চয়তার একটি দিক। তাদের ক্রমবর্ধমান নৃশংসতা নাগরিক ও রাষ্ট্র উভয়ের জন্যই ভয়াবহ ইঙ্গিতবাহী।
আলী রীয়াজ: যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক।