তাহলে আওয়ামী লীগই বলুক নির্বাচনটি কীভাবে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

ওয়েস্ট ল্যান্ডখ্যাত আধুনিক ইংরেজ কবি টি এস এলিয়েট বলেছিলেন, এপ্রিল হলো ক্রুয়েলেস্ট মান্থ। নিষ্ঠুরতম মাস। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আগস্ট হলো নিষ্ঠুরতম মাস। শোকের মাস। বেদনা ও হারানোর মাস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাষ্ট্রপালিত কতিপয় দুর্বৃত্ত রাতের অন্ধকারে সপরিবারে হত্যা করে বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেই সঙ্গে তাঁরা হত্যা করতে উদ্যত হয় রাষ্ট্রের আদর্শগুলোকে, যার রেশ এখনো চলছে।
ধারণা করা গিয়েছিল যে বঙ্গবন্ধু হত্যার বিচারের মধ্য দিয়ে আমাদের রাজনীতির এক পর্বের দ্বন্দ্বের অবসান ঘটবে। সমঝোতার আবহ ফিরে আসবে। কিন্তু আসেনি। ২০০৪ সালের ২১ আগস্ট জঙ্গিবাদী গোষ্ঠী বঙ্গবন্ধু অ্যাভিনিউতে গ্রেনেড হামলা চালিয়ে আওয়ামী লীগের রাজনীতি ও নেতৃত্বকে শেষ করে দিতে চেয়েছিল। ঘাতকদের সেই উদ্দেশ্য সফল না হলেও আওয়ামী লীগের নেত্রী আইভি রহমানসহ ২২ জনকে জীবন দিতে হয়। এখনো অনেকে শরীরে স্প্লিন্টারের ক্ষত ও দুঃসহ যন্ত্রণা নিয়ে বেঁচে আছেন। পরের বছর ১৭ আগস্টে জঙ্গিবাদীরা একযোগে দেশের ৬৩টি জেলায় বোমা হামলা চালিয়ে আধুনিক রাষ্ট্রব্যবস্থার বিরুদ্ধে তাদের সর্বাত্মক যুদ্ধের কথা জানিয়ে দেয়।
এরা অন্ধকারের জীব, এরা চক্রান্তকারী। এদের এই চক্রান্ত ও হত্যাযজ্ঞের মোকাবিলা করতে রাষ্ট্র ও সমাজে যে শুভবুদ্ধির জাগরণ বা রেঁনেসাসের দরকার ছিল, সেদিকে আমরা কেউই নজর দিইনি। সবকিছুকে রাজনৈতিক ফায়দা লাভের উদ্দেশ্যে ব্যবহার করতে দিয়ে গণতন্ত্রের উপাদানগুলো একে একে পরিত্যাগ করেছি। আমরা ভেবেছি, অন্ধকার দিয়েই বোধ হয় অন্ধকারকে ঠেকানো যাবে। সেটি যে মোটেই সম্ভব নয়, আজকের বাংলাদেশই তার প্রমাণ। এই অন্ধকারের জীবেরা যাতে আরও দানবীয় হয়ে উঠতে না পারে, সে জন্য প্রয়োজন সব গণতান্ত্রিক শক্তি ও গণতান্ত্রিক ধ্যানধারণায় বিশ্বাসী মানুষের যূথবদ্ধ হওয়া। কোনো একক দল বা শক্তি যদি মনে করে তারা একাই দেশের ও গণতন্ত্রের রক্ষক, সেটি হবে মস্ত বড় ভুল। অতীতে দেখা গেছে, যখনই গণতান্ত্রিক শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়েছে, অন্ধকারের জীবেরা পালাতে বাধ্য হয়েছে। একাত্তর ও নব্বই তার উজ্জ্বল উদাহরণ। আর যখনই গণতান্ত্রিক শক্তি বিভক্ত হয়েছে, তখনই অপশক্তি আঘাত হানতে সাহস পেয়েছে। আমরা যদি একাত্তরের, নব্বইয়ের এবং আগস্টের অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হতে চাই, সব দলীয় সংকীর্ণতা পাশে ঠেলে গণতান্ত্রিক শক্তিগুলোকে সমঝোতায় আসতেই হবে।

দুই.
সম্প্রতি জাতীয়তাবাদী আইনজীবীদের সঙ্গে আলোচনাকালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জাতীয় নির্বাচন নিয়ে তাঁর পূর্বতন অবস্থান থেকে অনেকটাই সরে এসেছেন বলে ধারণা করি। তিনি বলেছেন, নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকারই থাকতে হবে এমন নয়, সবার কাছে গ্রহণযোগ্য একটি সরকারের অধীনেও নির্বাচন হতে পারে। তাঁর এই বক্তব্য আশা জাগাতে পেরেছে কি না, জানি না। তবে রাজনৈতিক অঙ্গনে কিছুটা উত্তাপ ছড়িয়েছে। নির্বাচন নিয়ে অনেকে নতুন করে হিসাব-নিকাশ শুরু করেছেন। আবার বিষয়টি এমনভাবে ব্যাখ্যা করেছেন যে, আন্দোলনে ব্যর্থ হয়ে খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে পিছু হটেছেন। কেউ বলেছেন, আসলে খালেদা জিয়া ভিন্ন নামে তত্ত্বাবধায়কই চাইছেন। কারও মতে, বিএনপি যখন বুঝতে পেরেছে, নির্বাচন হলে তারাই জিতবে, তখন শেখ হাসিনার অধীনে নির্বাচনে যেতেও তাদের আপত্তি থাকার কথা নয়।
বিএনপির নীতিনির্ধারকদের অনেকে এখন স্বীকার করছেন, ৫ জানুয়ারির নির্বাচনে না যাওয়া ভুল ছিল। জনপ্রিয়তা কমে যাওয়ায় ক্ষমতাসীনেরা চেয়েছিল বিএনপি নির্বাচনী মাঠ থেকে দূরে থাকুক। বিএনপির উগ্রপন্থীরা সেই ফাঁদেই পা দিয়েছিলেন। এ ছাড়া জামায়াতে ইসলামীর ভিন্ন এজেন্ডা ছিল। দেড় বছর পরও যদি বিএনপি তাদের ভুল বুঝতে পারে, সেটি গণতন্ত্রের জন্য মঙ্গল। কিন্তু খালেদা জিয়ার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের নেতারা যে প্রতিক্রিয়া জানিয়েছেন, তা অনেকটা পায়ে-পা লাগিয়ে ঝগড়া করার শামিল। তাঁরা এখন খালেদা জিয়ার সেই ‘একচুল না নড়ার’ নীতি নিয়ে সামনে এগোতে চাইছেন, যাতে আগামী নির্বাচনেও বিএনপি না আসে।
বরং আওয়ামী লীগের নেতারা যদি বলতেন, দেরিতে হলেও বিএনপি নেতার বোধোদয় হয়েছে, তিনি বাস্তবতা মেনে নিয়েছেন, আমরা তাঁর এই বক্তব্যকে স্বাগত জানাই। কিংবা তাঁরা যদি এই প্রশ্ন করতেন যে ২০১৩ সালে শেখ হাসিনা যখন সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনকালীন সরকারের একটি ফর্মুলা দিয়েছিলেন, তখন খালেদা জিয়া কেন সেটি নাকচ করেছিলেন? এমনকি আওয়ামী লীগ নেতারা বিএনপি যে চলতি বছর তিন মাসব্যাপী আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মেরেছে, তার জন্য কৈফিয়ত চাইতে পারেন। কিন্তু এর কোনোটাই একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিকল্প নয়। গণতন্ত্র চাইলে নির্বাচনও হতে হবে এবং সেটি সবার অংশগ্রহণে।
আওয়ামী লীগের নেতারা বেশ জোরেশোরে আরও একটি কথা বলেন যে, ২০১৯ সালের আগে নির্বাচন হবে না। তাঁদের এখনকার বক্তব্য ২০১৪ সালের ৫ জানুয়ারির আগে ও পরের বক্তব্যের সঙ্গে একেবারেই খাপ খায় না। তখন আওয়ামী লীগের নেতারা এই ধারণা দিয়েছিলেন যে সাংবিধানিক বাধ্যবাধকতার জন্যই একতরফা নির্বাচনটি করতে হচ্ছে। এরপর আলাপ–আলোচনার ভিত্তিতে সবার অংশগ্রহণে আরেকটি নির্বাচন করা হবে। জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত তারানকোকেও নাকি সে রকমই আভাস দেওয়া হয়েছিল। এখন আওয়ামী লীগের নেতারা কী ভাবছেন, নির্বাচন যত দেরিতে হবে, ততই তাঁদের ভোটের সংখ্যা বাড়তে থাকবে? সেই ধারণা যে একেবারে ভিত্তিহীন তাঁদের ভাষায় ‘বিএনপি-জামায়াতের তিন মাসের তাণ্ডবের’ পর দুই নগরীর তিন সিটি করপোরেশন নির্বাচনে দেখা গেল। তাঁরা যদি শীতাতপনিয়ন্ত্রিত ঘর ও শুল্কমুক্ত গাড়ি থেকে বেরিয়ে এসে ঢাকা শহর কিংবা গ্রামগঞ্জের মানুষের সঙ্গে কথা বলতেন, তাদের মনোভাব জানার চেষ্টা করতেন, তাহলে বুঝতে পারতেন কার পায়ের তলার মাটি কত দ্রুত সরে যাচ্ছে। প্রত্যহ টেলিভিশনে চেহারা মোবারক দেখিয়ে প্রতিপক্ষকে গালমন্দ করলে জনপ্রিয়তা বাড়ে না। ইতিহাসের নির্মম সত্য হলো, যে দল নির্বাচন নিয়ে যত বেশি ঘোঁট পাকায়, সেই দলের পরিণতি তত খারাপ হয়। ২০০১ ও ২০০৮-এর নির্বাচনের ফলাফল তা-ই বলে। আওয়ামী লীগের নেতারা যখন বিরোধী পক্ষের কোনো কথাকেই আমলে নেন না, সবকিছু বিরোধীদের চক্রান্ত বলে হাওয়ায় উড়িয়ে দিতে তৎপর, তখন তাদেরই উচিত নির্বাচনটি কীভাবে হবে, কখন হবে, সেটি জনগণের কাছে পরিষ্কার করা। তাঁরা যদি এরশাদ-জিয়া স্টাইলে কোনো নির্বাচন না করতে চান, তাহলে সবার কাছে গ্রহণযোগ্য একটি ফর্মুলা দিতেই হবে।

তিন.
আমরা এক অদ্ভুত সময়ে বাস করছি। দেশে এখন গণতন্ত্র আছে, কিন্তু বিরোধী দল নেই। দেশে গণতন্ত্র আছে, কিন্তু কেউ সাহস করে সত্য কথা বলতে পারছেন না। দেশে গণতন্ত্র আছে, কিন্তু গণমাধ্যমের ওপর সরকারের চোখ রাঙানিও চলছে। অথচ দুটি একসঙ্গে চলতে পারে না। বিএনপি আমলেও বিএনপি স্টাইলের একটি গণতন্ত্র ছিল, যেখানে তাদের সমালোচনা করলেই দেশদ্রোহীর কিংবা বোমাবাজের খেতাব পেতে হতো। বিএনপিও নানাভাবে বিরোধীদের কণ্ঠরোধ করেছে। সব জায়গায় ‘আমাদের লোক’ বসানোর প্রতিযোগিতা চালিয়েছে। এখন আওয়ামী লীগের আমল, তারা তাদের স্টাইলে গণতন্ত্র চালাচ্ছে। সংসদ চালাচ্ছে। প্রশাসন চালাচ্ছে। বিএনপি দলীয়করণ, আত্মীয়করণ, মাস্তানীকরণ যেখানে রেখে গিয়েছিল, ঠিক সেখান থেকে আওয়ামী লীগ শুরু করেছে। কিন্তু দেশবাসী তো এ রকম আওয়ামী বা বিএনপি স্টাইলের গণতন্ত্র চায় না। তারা এমন একটি ব্যবস্থা চায়, যা জনগণের স্টাইলে চলবে। জনগণ ক্ষমতার মালিক হবে।
বিরোধী দলহীন দেশে কেমন গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, সম্প্রতি তার একটা নজির আমরা দেখেছি মাগুরায়। আরেকটি ঢাকায়। মাগুরায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে এক অন্তঃসত্ত্বা গৃহবধূ গুলিবিদ্ধ হয়ে এখন মা ও সন্তানের জীবন সংকটাপন্ন। আর ঢাকায় ময়লার টাকার ভাগাভাগি নিয়ে বিরোধের জের ধরে ওয়ার্ড কাউন্সিলরের অফিসের সামনে এক আওয়ামী লীগের নেতা আরেক আওয়ামী লীগের নেতাকে গুলিবিদ্ধ করেছেন। বিরোধী দল সক্রিয় থাকলে অথবা তাদের সক্রিয় থাকতে দিলে ক্ষমতাসীন দলটিতে অভ্যন্তরীণ কোন্দল ও খুনোখুনির পরিমাণটা কমত। তখন বিভক্ত আওয়ামী লীগকে এক হতে হতো বিরোধী দলকে মোকাবিলায়। তাই কেবল দেশের জন্য নয়, আওয়ামী লীগের জন্যও বিরোধী দলের সরব উপস্থিতি জরুরি।

চার.
আজ ১ আগস্ট। আর কদিন পরেই পঁচাত্তরের ১৫ আগস্টের স্মৃতিবহ দিনটিকে জাতি স্মরণ করবে। আওয়ামী লীগ ৪০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধু কেবল আওয়ামী লীগের নয়, জাতির সম্পদ। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে তাঁর অনন্য ও অসাধারণ অবদানের কথা যদি আমরা অস্বীকার না করি, তাহলে তাঁর প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানো প্রতিটি নাগরিকের দায়িত্ব। ওই শোকের দিন কারও জন্মদিন হতে পারে না, তা নয়। কিন্তু সেদিন সাড়ম্বরে কেক কাটার দৃশ্যটি মোটেই শোভা পায় না। বিএনপি নেতাদের দাবি, বঙ্গবন্ধুকে তাঁর দলের নেতারাই খুন করেছেন; এর সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। তখন বিএনপি নামে কোনো দলের জন্মও হয়নি। এমনকি স্বাধীনতাযুদ্ধে অবদানের জন্য তাঁরা একবার বঙ্গবন্ধুকেও স্বাধীনতা পদক দিয়েছিল, যা এখন সম্ভবত জাতীয় জাদুঘরে সংরক্ষিত আছে। তাদের এই বক্তব্য ও পদক প্রদান যদি দুই নম্বরি না হয়, তাহলে অন্তত এ বছর বিএনপি নেত্রী কেক কেটে জন্মদিন পালন থেকে বিরত থাকবেন। খালেদা জিয়া যদি তাঁর দলের গরিষ্ঠসংখ্যক নেতা-কর্মীর মনের ভাষা পড়ার চেষ্টা করেন, দেখবেন তাঁরাও সেটি চান। কেননা, এই দলে এখনো অনেকে আছেন, জিয়াউর রহমানের মতো যাঁরা বঙ্গবন্ধুর ডাকেই স্বাধীনতাযুদ্ধে অংশ নিয়েছিলেন। খালেদা জিয়া রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনার কথা বলেছেন। এবারের ১৫ আগস্টে জন্মদিনের কেক না কাটার মধ্য দিয়েই সেটি শুরু হতে পারে।
সোহরাব হাসান: কবি, সাংবাদিক।
[email protected]