প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে গত সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যা বলেছেন, তা যেমন বালখিল্য, তেমনি দায়িত্বহীন। তিনি বলেছেন, নির্বাচনে কোনো গোলযোগ হলে তার দায় পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।
ভাবখানা এমন যে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, সে কথাটি সম্ভবত তিনিই প্রথম আবিষ্কার করলেন। স্বাভাবিক অবস্থায় আইনশৃঙ্খলা নিয়ে সিইসি বা নির্বাচন কমিশনের কোনো দায় নেই। কিন্তু নির্বাচনের সময়ে নির্বাচন-সংক্রান্ত এবং নির্বাচনী এলাকার সব দায় যে কমিশনকেই নিতে হয়, সেই সরল সত্যটিও তিনি বেমালুম ভুলে গেছেন। নির্বাচনের সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা জনপ্রশাসন ইসি যা বলবে, সেটাই মানতে বাধ্য।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন সিইসি বা ইসির হুকুমে চলে, তখন গোলযোগের দায়িত্বটিও তাদের নিতে হয়। নির্বাচনের সময় ভ্রাম্যমাণ আদালত কিংবা স্ট্রাইকিং ফোর্স মোতায়েনও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বেচ্ছায় করে না; নির্বাচন কমিশনের চাহিদা ও নির্দেশ মোতাবেক করে থাকে। কিন্তু সিইসির এই মন্তব্য মাস্তানদের উৎসাহিত করবে।
তাঁর দ্বিতীয় উক্তি—নির্বাচন এখন টাকার খেলায় পরিণত হয়েছে। ভোটের খেলাকে যাতে কেউ টাকার খেলায় রূপ না দিতে পারে, সেটি দেখার দায়িত্ব তো নির্বাচন কমিশনের। এ ব্যাপারে কঠোর আইন ও বিধি আছে। ভঙ্গ করলে তার জন্য শাস্তির বিধানও আছে। প্রার্থীদের পোস্টার ছাপা থেকে পথসভা বা জনসংযোগই সবই করতে হয় ইসির অনুমতি নিয়ে। প্রার্থী নির্বাচনী কাজে কত টাকা খরচ করতে পারবেন, তাও বেঁধে দেওয়া আছে। তাহলে টাকার খেলা বন্ধের দায়িত্বও ইসির ওপর বর্তায়। সিইসি নির্বাচন টাকার খেলায় পরিণত হয়েছে বলেই দায়িত্ব শেষ করতে পারেন না। তাঁকে অবশ্যই জবাবদিহি করতে হবে।
নির্বাচনে প্রধান দুটি পক্ষ ভোটার ও প্রার্থী। নির্বাচন কমিশনের দায়িত্ব ভোটার যাতে তাঁর পছন্দসই প্রার্থীকে ভোট দিতে পারেন, সেই নিশ্চয়তা দেওয়া এবং সব প্রার্থীর জন্য সমতল মাঠ তৈরি করা। কিন্তু আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করলাম, ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনেকে প্রার্থীই হতে পারেননি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাস্তানির কারণে। আর ইসি এ ব্যাপারে মূক ও কালার ভূমিকা পালন করেছে, দু-একটি ব্যতিক্রম ছাড়া। ফলে যা হওয়ার তা-ই হয়েছে। যে দেশে মানুষ নির্বাচনের কথা শুনলেই চনমন করে ওঠে, সে দেশে ৭১৭টি ইউনিয়ন পরিষদের মধ্যে অর্ধশতাধিকে চেয়ারম্যান পদে কোনো প্রতিদ্বন্দ্বী না পাওয়া কেবল অস্বাভাবিক নয়, অসুস্থতারও লক্ষণ। আগে আন্দোলন হতো সৎ ও যোগ্য প্রার্থীর জন্য। কালোটাকা ও পেশিশক্তির হাত থেকে নির্বাচনকে মুক্ত করার জন্য। বর্তমান নির্বাচন কমিশন নতুন উপসর্গ যোগ করেছে। এখন প্রার্থী হওয়ার জন্যও কাঠখড় পোহাতে হয়। আটক বা জিম্মি হতে হয়। অনেক ক্ষেত্রে ক্ষমতাসীন দল ও ইসির ভূমিকা এক হয়ে যায়।
এ অবস্থায় ইউপি নির্বাচনের প্রথম পর্বের ভোটে যেসব হাঙ্গামা ও সহিংসতা হয়েছে, তার দায় ইসি কিংবা সিইসি কেউ এড়াতে পারেন না। দায়িত্বে থাকলে নির্বাচনটি ঠিকমতো করুন। আর সেটি না পারলে সরে দাঁড়ান।
নির্বাচনের নামে যদি টাকার খেলাকেই তাঁরা প্রশ্রয় দেন এবং গোলমালের দায় যদি পুলিশের ওপর চাপিয়ে পার পেতে চান, তাহলে ইসি বা সিইসির কী দরকার?