তাহেরের স্বপ্ন ও আজকের বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্নেল আবু তাহের
কর্নেল আবু তাহের

২১ জুলাই ১৯৭৬ সাল। আমরা কজন সারা রাত নির্ঘুম কাটিয়েছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলে। ভোর থেকে ক্যানটিনে বসে আছি, জেলখানা থেকে কোনো খবর আসে কি না। তখন ছিল না কোনো বেসরকারি টেলিভিশন, সরাসরি সম্প্রচার তো ছিলই না, খবরের কাগজে ছিল কড়া সামরিক নিয়ন্ত্রণ। কখন ফাঁসি হলো তা জানতে আমাদের সকাল পর্যন্ত অপেক্ষা করতে হলো। ক্যানটিনে ছিলেন শরীফ নূরুল আম্বিয়া, আফতাব আহমেদ, খায়রুজ্জামান বাবুল, মসিউর রহমান দুলালসহ কয়েকজন; যাঁরা ছিলেন তৎকালীন গণবাহিনী ও জাসদের সংগঠক। সকাল ১০টার দিকে এলেন অ্যাডভোকেট জিনাত আলী। তিনি তাহের মামলায় অভিযুক্তদের অন্যতম কৌঁসুলি ছিলেন। তিনিই আমাদের দিলেন সেই হৃদয় ভাঙা খবর। ভোর চারটায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে কর্নেল আবু তাহেরের ফাঁসি হয়েছে। জিনাত ভাই সরাসরি জেল ফটক থেকে এখানে এসেছেন।
খবর শুনেই আমরা কয়েকজন ছুটলাম মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা সড়কে কর্নেল তাহেরের বড় ভাই আরিফুর রহমানের বাসায়, সেখানে আছেন লুত্ফা তাহের। আমরা যখন পৌঁছাই তখন নির্বাক লুত্ফা তাহের নেমে আসছেন সিঁড়ি বেয়ে, সঙ্গে জাসদের তৎকালীন প্রচার সম্পাদক শাহ আলম। বুঝলাম তিনি লুত্ফা ভাবিকে খবরটি ইতিমধ্যে জানিয়েছেন। তাঁরা তখন জেলখানার উদ্দেশে রওনা হয়েছেন, তাহের ভাইয়ের মরদেহ গ্রহণের জন্য।
ফাঁসির রজ্জুতে ঝুলিয়ে মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টরের কমান্ডার সিপাহি জনতার অভ্যুত্থানের নেতা কর্নেল আবু তাহেরকে হত্যা করা হয়। তাহেরের বিচার হয়েছিল গোপন সামরিক আদালতে। কীভাবে সেই বিচার হলো?
১৯৭৬ সালের জুন-জুলাইতে মাত্র কয়েক দিনে এত বড় গুরুত্বপূর্ণ একটা মামলার নিষ্পত্তি করে তা কার্যকরও হয়ে গেল। মামলার বিচার কার্যক্রম শুরু হয় ১৮ জুন আর শেষ হয় ১৭ জুলাই। তাহের ও তাঁর রাজনৈতিক সাথিদের বিরুদ্ধে কী অভিযোগ ছিল, মামলার রায় প্রকাশের আগে তা জানারও উপায় ছিল না। তাহেরের আইনজীবীরা বলেছেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারের ছোট্ট ঘরে যখন আদালত বানিয়ে বিচার শুরু হয়, তখন তাহেরের নামে যে অভিযোগ পড়ে শোনানো হয়, তার সঙ্গে বিচারের রায়ে যে অভিযোগ উল্লেখ ছিল, তার মধ্যে কোনো মিলই ছিল না। সবচেয়ে বড় প্রহসন হলো, তাহেরের বিরুদ্ধে বৈধ সরকার উৎখাতের অভিযোগ আনা হয়েছিল। কারা সেই অভিযোগ আনল? যারা ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে সরকার উৎখাত করেছে এবং তার ধারাবাহিকতা বজায় রেখেছে, তারা আবার কর্নেল তাহেরের নামে সরকার উৎখাতের অভিযোগ এনেছে!
১৯৭৫ সালের ৭ নভেম্বরে সিপাহি জনতার অভ্যুত্থানের মাধ্যমে সরকার উৎখাতের অভিযোগও ছিল তাহেরের বিরুদ্ধে। অথচ ৭ নভেম্বর সরকার উৎখাতের ফলে ক্ষমতা দখল করেন কে? তিনি কি তাহের, না জিয়া? যিনি ক্ষমতা দখল করেছেন, তিনিই তো সরকার উৎখাত মামলার আসামি হবেন! সে হিসাবে জিয়াউর রহমানের তো প্রধান আসামি হওয়ার কথা। হলো উল্টোটা। মেজর জলিল, আ স ম আবদুর রব, কর্নেল তাহের, হাসানুল হক ইনু, শরীফ নূরুল আম্বিয়া, মাহমুদুর রহমান মান্না, জাসদ ও বিপ্লবী সৈনিক সংস্থার অন্য নেতাদের আসামি করা হলো। মেজর জলিল এবং আ স ম আবদুর রব তো ৭ নভেম্বর কারাগারে বন্দী ছিলেন। তাঁরা ৭ নভেম্বর সরকার উৎখাত মামলার আসামি হলেন কীভাবে? এ বিচারের সবচেয়ে বড় প্রহসন ছিল আবু তাহেরকে ফাঁসি দিয়ে হত্যার ১০ দিন পরে ৩১ জুলাই সামরিক আইনের ২০তম সংশোধনী জারি। এটা করে গোপন সামরিক ট্রাইব্যুনাল কর্তৃক তাহেরের অবৈধ মৃত্যুদণ্ডকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়। অর্থাৎ তাহেরকে কোনো আইনগত যুক্তি ছাড়াই ফাঁসির আদেশ দেওয়া হয় এবং তিন দিনের মাথায় তা কার্যকর করা হয়।

এই প্রহসনমূলক গোপন বিচারকে চ্যালেঞ্জ করে ২০১০ সালের ২৩ আগস্ট হাইকোর্টে রিট আবেদন পেশ করা হয়। ২০১১ সালের ২২ মার্চ রায় ঘোষণা করেন বিচারপতি শামসুদ্দীন চৌধুরী ও জাকির হোসেন। রায়ে বলা হয়, ১৯৭৬ সালের বিশেষ সামরিক আদালতের বিচার ছিল লোক দেখানো এবং কর্নেল তাহেরের ফাঁসি ছিল ঠান্ডা মাথায় পরিকল্পিত হত্যা।

কর্নেল আবু তাহের ছিলেন এমন একজন সচেতন মানুষ, যিনি বাংলাদেশকে স্বাধীন করতে সামরিক প্রশিক্ষণ নেওয়ার উদ্দেশ্যেই তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। তাঁর প্রমাণ মেলে, প্রশিক্ষণের সর্বোচ্চ সুযোগ তিনি কাজে লাগিয়েছেন, সেটা দেশ-বিদেশ যেখানেই হোক। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি পাকিস্তানে আটকা পড়েন, পাকিস্তানিদের চোখ এড়িয়ে তিনি বেশ কয়েকবার পাকিস্তান থেকে পালানোর চেষ্টা করেন এবং অবশেষে ২৭ জুলাই ১৯৭১ পাকিস্তানের অ্যাবোটাবাদ থেকে ভারতের দেবীগড়ে যান মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার জন্য।

কর্নেল তাহের দীক্ষিত ছিলেন কার্ল মার্ক্সের সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার কালজয়ী দর্শনে। তাহের মনে করতেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সদ্য স্বাধীন দেশে প্রথম দিনগুলোতেই ঔপনিবেশিক রাষ্ট্রকাঠামো বদলে দিয়ে শোষণ-বৈষম্যের উৎসগুলো উপড়ে ফেলা সম্ভব ছিল। মুক্তিযুদ্ধের পরপরই মুক্তিযুদ্ধে অংশ নেওয়া সব রাজনৈতিক দলের সমন্বয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে বিপ্লবী জাতীয় সরকার গঠনের মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে তুলে সেটা করা যেত। নরম কাদামাটি দিয়ে প্রতিমা গড়ার মতো সদ্য স্বাধীন বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ ও শোষণ-বঞ্চনামুক্ত করে গড়ে তোলা যেত। আমাদের দুর্ভাগ্য, তা সম্ভব হয়নি। কিন্তু মুক্তিযুদ্ধবিরোধী শক্তিগুলো বসে থাকেনি, তারা সংঘবদ্ধ হয়ে সব শক্তি নিয়ে পুনর্বাসিত হয়েছে। তবে দেরিতে হলেও বাংলাদেশ আবার ঘুরে দাঁড়িয়েছে। মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তিকে পুরোপুরি পরাজিত করতে হলে মুক্তিযুদ্ধের মতো আবার ঐক্যবদ্ধ হয়ে তাহেরের মতো দৃঢ়তার সঙ্গে নিঃশঙ্ক চিত্তে এগিয়ে যেতে হবে মুক্তিযুদ্ধের আদর্শ তথা তাহেরের স্বপ্ন পূরণের পথে।

মুশতাক হোসেন: সাবেক সাধারণ সম্পাদক, ডাকসু।