২০০৬ সালে জাতীয় শীতকালীন স্কুল-মাদ্রাসা প্রতিযোগিতায় কাদামাটি দিয়ে মুক্তিযোদ্ধার ভাস্কর্য বানিয়ে দেশসেরা হন কিশোরগঞ্জের তাড়াইলের দামিহা গ্রামের সুশীল আচার্যের ছেলে সুষেণ আচার্য। ২০০৭ সালে একই প্রতিযোগিতায় একই ভাস্কর্য বানিয়ে দেশসেরা হন সুষেণের অনুজ সহোদর শ্যামল আচার্য।পর পর দুই বছর দুই ভাই সারা দেশের প্রতিযোগীদের মধ্যে প্রথম হওয়ায় বেড়ে যায় আগ্রহ। মনের কোণে উঁকি দিতে থাকে ভাস্কর হওয়ার স্বপ্ন। কাজের প্রতি একাগ্রতা ও চেষ্টার কারণে তাঁরা এখন সারা দেশের মানুষের কাছে পরিচিত মুখ হিসেবে ঠাঁই করে নিয়েছেন। অথচ ভাস্করশিল্পে তাঁদের নেই কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা।ইতিমধ্যে এ দুই ভাই কিশোরগঞ্জ, ঢাকা, পঞ্চগড়, গোপালগঞ্জ, ময়মনসিংহ, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন জায়গায় একের পর এক তৈরি করেছেন ভাস্কর্য ও ম্যুরাল। এ কাজ করে নিজেদের পড়ালেখা চালিয়ে যাওয়ার পাশাপাশি ফিরিয়ে এনেছেন পরিবারের অর্থনৈতিক সচ্ছলতা। অতিদরিদ্র পরিবারে জন্ম নিয়েও নিজেদের চেষ্টায় আজ তাঁরা প্রতিষ্ঠিত।কিশোরগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে কিশোরগঞ্জ বিন্নাটি চৌরাস্তায় বাণিজ্যিকভাবে তাঁরা দুই ভাই তৈরি করেছেন ভাস্কর্য ‘বিজয়’। পঞ্চগড় শেরেবাংলা পার্কে মওলানা আবদুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরেবাংলা এ কে ফজলুল হকের ম্যুরাল (দেয়ালচিত্র) তৈরি করেছেন। পঞ্চগড় সার্কিট হাউসে তৈরি করেছেন বঙ্গবন্ধুর ম্যুরাল। ঢাকা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শিক্ষা বোর্ডে বানিয়েছেন বঙ্গবন্ধু ও হ্যানিমেনের ম্যুরাল। ময়মনসিংহ বিপিন পার্কে সামুদ্রিক কোরাল মাছের ভাস্কর্য তৈরি করেছেন তাঁরা। গোপালগঞ্জের কোটালীপাড়ায় সুকান্ত অডিটোরিয়ামে তৈরি করেছেন কবি সুকান্তের ভাস্কর্য। এ ছাড়া দেশের বিভিন্ন জায়গায় তাঁরা করেছেন অনেক ম্যুরাল ও ভাস্কর্য।২০১১ সালের অক্টোবর মাসে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালনের আখড়ায় তাঁরা তৈরি করেছেন মরমি সাধক লালন শাহর ম্যুরাল। ওই বছরের ১৬ অক্টোবর সাঁইজির মৃত্যুবার্ষিকী উপলক্ষে লালনমেলায় উদ্বোধন করা হয় ম্যুরালটি। লালনের আখড়ায় এবার তাঁরা ফাইবার (প্লাস্টিক-জাতীয়) দিয়ে তৈরি করেছেন ১৩ ফুট উচ্চতার লালনের ভাস্কর্য। ৭ অক্টোবর লালনের ভাস্কর্যটি আখড়ায় স্থাপন করা হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন এলাকার ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে চাহিদা পেয়ে কয়েকটি ম্যুরাল ও ভাস্কর্য বানাচ্ছেন তাঁরা।দামিহা গ্রামের বাসিন্দা সুষেণ-শ্যামলের শিক্ষক মো. আবুল হাশেম ভূঞা জানান, তাঁরা নিজেদের চেষ্টায় ভাস্কর্য তৈরি করে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধি এনেছেন তাঁদের পরিবারে। একই গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মো. নজরুল ইসলাম বলেন, ‘সুষেণ-শ্যামলের কল্যাণে আমাদের গ্রামের পরিচিতি অনেক বেড়ে গেছে।’সুষেণ-শ্যামলের মা পারুল রানী আচার্য বলেন, ‘জীবনে অনেক দুঃখ-কষ্ট সয়েছি, ছেলেদের কল্যাণে ভগবান আজ আমাদের দুঃখ-কষ্ট দূর করেছেন।’শ্যামল আচার্য বলেন, ‘এ কাজ আমাদের রক্তের সঙ্গে মিশে গেছে। আমরা রাতে যদি কোনো স্বপ্ন দেখি, তখনো ম্যুরাল ও ভাস্কর্য বানাচ্ছি, এমনটাই দেখি।’ সুষেণ আচার্য প্রথম আলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমরা শুরু থেকেই প্রথম আলোর সহযোগিতা পেয়েছি।’ তিনি আরও বলেন, ‘নিজেদের চেষ্টায় আমরা এতটুকু অগ্রসর হয়েছি। আগামী দিনে ভাস্করশিল্পে আমরা দেশের জন্য গৌরব বয়ে আনব, এমন প্রত্যাশা আমাদের।’দামিহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে মাইনুজ্জামান বলেন, ‘তারা আমার এলাকার পাশাপাশি সারা দেশের গৌরব। আগামী দিনে তাদের পরিচিতি আরও ব্যাপক হওয়ার পাশাপাশি সুষেণ-শ্যামল আরও সমৃদ্ধ হবে, এমনটাই আমি আশা করি।’মুঠোফোনে কথা হলে লালন আখড়া পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক মো. তাইজার আলী খান জানান, শিল্পী সুষেণ আচার্য ও শ্যামল আচার্য গত বছর সাঁইজির আখড়ায় তাঁর ম্যুরাল করেছেন। এবার ওই ভ্রাতৃদ্বয় করলেন মরমি সাধকের ভাস্কর্য। দুটি শিল্পকর্মই চমৎকার হয়েছে।আবদুস সাত্তারতাড়াইল, কিশোরগঞ্জ