তিউনিসিয়ার বিক্ষোভ ও চুরি হওয়া আরব বসন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তি তো আসেনি, তবে কি আরব বসন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছিল? ছবি: এএফপি
মুক্তি তো আসেনি, তবে কি আরব বসন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছিল? ছবি: এএফপি

তিউনিসিয়ার জনগণ আবারও বিক্ষোভ করছে। সর্বশেষ হিসাবমতে, সাত শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে দেশটির সরকার। সেনা মোতায়েনও করা হয়েছে বিভিন্ন শহরে। বিক্ষুব্ধ জনতা থালা শহরে জাতীয় নিরাপত্তা ভবনে আগুন দিয়েছে। বিক্ষোভকারীদের পক্ষ থেকে বলা হচ্ছে, ক্রমাগত দ্রব্যমূল্য বৃদ্ধি ও বর্ধিত কর জনগণের ওপর চাপিয়ে দেওয়াতেই তারা মাঠে নেমেছে। স্মার্তব্য, এই তিউনিসিয়া থেকেই আরব বসন্তের সূচনা হয়েছিল। ২০১০ সালের ১৭ ডিসেম্বর দেশটির অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বোয়াজিজি নামের এক যুবক গায়ে আগুন দিয়ে আত্মাহুতি দিয়েছিলেন। এরপরই তিউনিসিয়ায় বিক্ষোভের দাবানল ছড়িয়ে পড়ে। ২০১১ সালের ১০ জানুয়ারি স্বৈরাচারী শাসক জয়নুল আবদিন বেন আলী পালিয়ে যান এবং তাঁর সরকারের পতন হয়। শুধু তিউনিসিয়াই নয়, আরব বসন্তের প্রভাব লিবিয়া, মিসর, বাহরাইন, সিরিয়া, ইয়েমেনসহ অগণতান্ত্রিক আরবকে ছুঁয়ে যায়। তবে এর মধ্যে কেবল তিউনিসিয়াতেই গণতান্ত্রিক সরকার ক্ষমতায় টিকে আছে। যদিও বেন আলীর পতনের পর নয়টি সরকার তিউনিসিয়ায় ক্ষমতায় এসেছে।

কিন্তু প্রশ্ন হচ্ছে, একমাত্র তিউনিসিয়ায় গণতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকার পরও জনসাধারণ বিক্ষোভ করছে কেন? সরল করে বলা যায়, আরব বসন্ত তিউনিসিয়ায় কাঙ্ক্ষিত অর্থনৈতিক পরিবর্তন আনতে পারেনি। আরব বসন্তের পর তিউনিসিয়ায় একাধিকবার জঙ্গি হামলা হয়েছে। এ কারণে বিদেশি বিনিয়োগ হ্রাস পেয়েছে। কমে গিয়েছে বিদেশি পর্যটকের আগমনও। অর্থনীতির প্রধান দুটি খাতের মন্দাবস্থার প্রভাব পড়েছে অর্থনীতিতে। মানুষের অর্থনৈতিক ভাগ্যের চাকা খুব একটা ঘোরেনি তিউনিসিয়ায় আরব বসন্তের পরও।

তিউনিসিয়ায় কমবেশি একটি গণতান্ত্রিক সরকার রয়েছে। কিন্তু আরব বসন্তের ছোঁয়া পাওয়া অন্য দেশগুলোর অবস্থা আরও শোচনীয়। লিবিয়ায় আরব বসন্ত মুয়াম্মার গাদ্দাফির চার দশকের স্বৈরশাসনের পতন ডেকে আনলেও দেশটি এখন ব্যর্থ রাষ্ট্রের কাছাকাছি। দেশটিতে জাতিসংঘ-সমর্থিত সরকার ক্ষমতায় থাকলেও সারা দেশে সরকারের কার্যত কোনো নিয়ন্ত্রণ নেই। সরকার, জঙ্গিগোষ্ঠীসহ কমবেশি ১০টি দল বা উপদল লিবিয়ার বিভিন্ন অঞ্চল নিয়ন্ত্রণ করছে। মূলত তেলক্ষেত্রের দখল নিয়েই সরকার, বিভিন্ন গোষ্ঠী ও জঙ্গিরা দ্বন্দ্ব-সংঘাতে লিপ্ত। এ ছাড়া কোনো ধরনের কেন্দ্রীয় সরকারের পুরোপুরি নিয়ন্ত্রণ না থাকার কারণে ইতিমধ্যেই লিবিয়া মানব পাচারের নিরাপদ রুটে পরিণত হয়েছে। আফ্রিকা থেকে হাজারো অভিবাসন প্রত্যাশী লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশ করছে। শুধু আফ্রিকা নয়, বাংলাদেশসহ এশিয়ার অনেক দেশ থেকেও অভিবাসন-প্রত্যাশীরা ইউরোপে প্রবেশ করার জন্য লিবিয়ায় জড়ো হচ্ছে।

আরব বসন্ত-পরবর্তী মিসরের বর্তমান পরিস্থিতিকে অনেকেই হোসনি মোবারকের আমলের থেকেও শোচনীয় বলে মনে করছেন। মিসরে জাতীয় নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তাব্যক্তিদের বাইরে আর কারও সরকার পরিচালনায় অংশ নেওয়ার সুযোগ নেই। সেনাশাসক আবদেল ফাত্তাহ এল সিসি এক হাতেই দেশের শাসন কাজ পরিচালনা করছেন। ব্যাপকসংখ্যক রাজনৈতিক কর্মীকে জেলে ঢোকানো হয়েছে। মানবাধিকার ও গণমাধ্যমকর্মীদের ওপর দমন-নিপীড়ন চালানো হচ্ছে। অর্থনৈতিক অবস্থাও খুব একটা সুবিধার না। মধ্যবিত্ত ক্রমেই কঠিন অবস্থার দিকে যাচ্ছে। অর্থনৈতিক দুরবস্থার সঙ্গে সিসি সরকারকে আবার সিনাই অঞ্চলে জঙ্গিদের সঙ্গে লড়তে হচ্ছে। এ ছাড়া ইসরায়েলের নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে। সিসি-পূর্ববর্তী মুরসির নেতৃত্বাধীন ব্রাদারহুড সরকারের অনেক সমালোচনাই আছে। তবে মিসরের সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসি সম্ভবত সবচেয়ে বড় ভুলটা করেছিলেন গাজার রাফা সীমান্ত উন্মুক্ত করে দিয়ে। মুরসি হয়তো এড়িয়ে গিয়েছেন বা হিসাবে আনেননি যে ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি, এমন কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করে মিসরের ক্ষমতা টিকে থাকা বর্তমান পরিস্থিতিতে সম্ভব না; বিশেষ করে যেখানে মার্কিন প্রভাবিত সেনাবাহিনী রয়ে গিয়েছে মিসরে। এর কারণে যা হওয়ার তাই হয়েছে। আরব বসন্তের মধ্য দিয়ে ক্ষমতায় এলেও বেশি দিন তা ধরে রাখতে পারেনি ব্রাদারহুড সরকার। মিসরে আবারও ফিরে এসেছে একনায়ককেন্দ্রিক শাসনব্যবস্থা।

আরব বসন্তের প্রভাবে বাহরাইন ও ইয়েমেনেও গণতন্ত্রের আকাঙ্ক্ষায় জনসাধারণ রাস্তায় নেমে এসেছিল। কিন্তু ছয় বছর পর ইয়েমেন এখন ইরান ও সৌদি আরবের প্রক্সি যুদ্ধের ক্ষেত্রে পরিণত হয়েছে। বাহরাইনেও একই পরিস্থিতি হয়েছিল। ইয়েমেনে আমজনতাকে দুর্বিষহ এক অবস্থার মধ্যে সময় পার করতে হচ্ছে।

সবচেয়ে খারাপ অবস্থা হয়েছে সিরিয়ায়। ক্ষমতা পরিবর্তনের ডাক দিয়ে সিরীয়রা যে আন্দোলনের সূচনা করেছিল, শেষ পর্যন্ত তা রক্তক্ষয়ী গৃহযুদ্ধে রূপ নেয়। বিস্তীর্ণ অঞ্চল জঙ্গিদের দখলে চলে যায়। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতন হয়নি। কমবেশি অর্ধকোটি সিরীয় এখন অন্যের দেশে আশ্রিত। কোথাও কোথাও মানবেতর জীবন যাপন করছে। হামলা, রক্তপাত, হত্যা এখন সিরিয়ার নিত্যদিনের ঘটনা। কিন্তু আসেনি কাঙ্ক্ষিত গণতন্ত্র।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে রাজনৈতিক আন্দোলন হিসেবে আরব বসন্তের চরিত্র বিশ্লেষণ করলে বলা যায়, শুরুতে এটি নেহাতই একটি জন-আন্দোলন ছিল। একনায়কত্ব, রাজতন্ত্র, পরিবারতন্ত্রের বিরুদ্ধে অত্যন্ত শক্তিশালী রাজনৈতিক পটপরিবর্তনের কর্মসূচি হিসেবে আবির্ভূত হয় আরব বসন্ত। বিশেষ করে তিউনিসিয়া ও মিসরে। কিন্তু এরপরই আরব বসন্তের চরিত্র বদলে যেতে থাকে। দুই পর্বে আরব বসন্তকে বিভাজিত করা যায়। প্রথম পর্বে তিউনিসিয়া ও মিসরে হয়েছে অপেক্ষাকৃত মার্কিন মিত্র সরকারের বিরুদ্ধে। এরপর দ্বিতীয় পর্বে মার্কিনবিরোধী সরকারগুলোর বিরুদ্ধে, যেমন: লিবিয়া ও সিরিয়া। আবার বাহরাইন ও ইয়েমেনের সরকারও ছিল মার্কিনঘেঁষা। কিন্তু তিউনিসিয়া ও মিসরের পর বড় ধরনের আরব বসন্ত তো হওয়ার কথা সৌদি আরবে। আরবের সবচেয়ে অগণতান্ত্রিক রাষ্ট্র এই সৌদি আরব। কিন্তু সেখানে হওয়ার বদলে রীতিমতো পূর্বঘোষণা দিয়ে মার্কিন ও ইসরায়েলবিরোধী বিভিন্ন দেশে জনবিক্ষোভ হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে আগে থেকেই বলা হতো, এবার লিবিয়ার আরব বসন্ত শুরু হবে। এরপর সিরিয়ায়। অনেকটা ধারাবাহিক নাটকের মতো। কোন পর্বে কী থাকছে, তা দর্শক আকর্ষণের জন্য আগে থেকেই বলা দেওয়া হতো। আরও একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে, যেসব দেশে আরব বসন্তের প্রভাব পড়েছে, কমবেশি সব দেশেই পরবর্তী সময়ে জঙ্গিবাদের ভয়াবহ বিস্তার ঘটেছে। আরব বসন্ত-পরবর্তী একটি দেশও ভালো নেই। যারা গণতান্ত্রিক শাসনের জন্য, একটি সুষম অর্থনৈতিক কাঠামো বিনির্মাণের জন্য পথে নেমে এসেছিল, তারা কি এসবের জন্য দায়ী? উত্তর হচ্ছে ‘না’।

তবে আরব বসন্তকে কি ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছিল? আরব বসন্ত তো মরক্কো থেকে শুরু করে ইরান—সব দেশেই হওয়ার কথা। কিন্তু হয়নি। বরং শেষ দিকে বেছে কিছু দেশে হয়েছে। বিশেষ করে মার্কিন ও ইসরায়েলের বিশ্বস্ত বন্ধু হোসনি মোবারকের পতনের পর। এবং সিরিয়ায় এসে আটকে গিয়েছে। এরপর আর আরব বসন্তের কোনো অগ্রগতি নেই। তবে আরব বসন্তে কি পশ্চিমা এজেন্টরা ঢুকে গিয়েছিল? আরব বসন্ত কি শেষ দিকে জনসাধারণের হাতছাড়া হয়েছিল? এসব প্রশ্নের উত্তর হয়তো অমীমাংসিতই থাকবে। কিছু কিছু প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর কখনোই পাওয়া যায় না। বরং এসব প্রশ্নের পক্ষে ও বিপক্ষে হাজারো যুক্তি উপস্থাপন করা যাবে। আরব বসন্ত কেন ব্যর্থ হয়েছে—এ নিয়ে পশ্চিমে বিস্তর গবেষণা হচ্ছে। পশ্চিমা গবেষকদের মতে, আরবের বিভিন্ন দেশের বিদ্যমান সামাজিক, রাজনৈতিক কাঠামোর ব্যবধান ও নেতৃত্বের শূন্যতাকে দায়ী করা হয়। কিন্তু যাঁরা বিষয়টিকে পশ্চিমা দৃষ্টিভঙ্গির বাইরে থেকে ভিন্ন দৃষ্টিকোণে দেখতে চান, তাঁদের অনেকেই মনে করেন, আরব বসন্ত ছিনতাই করা হয়েছে। আরব বসন্তের নায়ক বোয়াজিজির স্বপ্ন চুরি হয়ে গিয়েছে আন্তর্জাতিক আধিপত্য বিস্তার ও বজায় রাখার রাজনীতি, আঞ্চলিক নিরাপত্তা কৌশল, বিশ্ব মোড়লদের শত্রু সরকার ফেলে দেওয়া, নিজেদের পছন্দসই সরকারকে ক্ষমতায় রাখার জটিল মারপ্যাঁচে পড়ে। তাই তিউনিসিয়ার জনসাধারণকে আবারও রাজপথে নামতে হয়। বিক্ষোভ করতে হয়।

ড. মারুফ মল্লিক, রিসার্চ ফেলো, সেন্টার ফর কনটেমপোরারি কনসার্নস, জার্মানি