তিনটি দেশের নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপে গণতন্ত্রের জয় হয়েছে বলে বলা হচ্ছে। ঘৃণা ছড়িয়ে আর ভয়ভীতির কথা বলে যে মানুষের মন জয় করা যায় না, তা আবার প্রমাণিত হলো। নেদারল্যান্ডসের ট্রাম্প বলে খ্যাত ডানপন্থী জাতীয়তাবাদী ফ্রিডম পার্টির নেতা গিয়ার্ট ভিল্ডার্সের ক্ষমতায় আসীন হওয়ার স্বপ্ন আপাতত বিলীন হয়েছে। সামনে আসছে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন এবং সেখানে বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে কট্টরপন্থী জাতীয়তাবাদী নেতা মেরি লো পেনের। এ বছর ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাতা তিনটি দেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আর প্রথমটি ১৫ মার্চের নেদারল্যান্ডসের নির্বাচন ঘিরে সারা ইউরোপের নজর ছিল। এরপর আগামী ২৩ এপ্রিল ও ৭ মে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন এবং ২৪ সেপ্টেম্বর জার্মানির পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

‘মেক দ্য নেদারল্যান্ডস গ্রেট অ্যাগেইন’ স্লোগান সামনে রেখে নেদারল্যান্ডসের নির্বাচনেও ট্রাম্পীয় কায়দার ছাপ প্রতিফলিত হয়েছিল। অধুনা লোকরঞ্জনবাদী দাওয়াই ‘অভিবাসী, শরণার্থী, ইসলাম, সন্ত্রাস ও ইউরোপীয় ঐক্যের বিরোধিতা’ এসব বিষয়কে পুঁজি করে নির্বাচনের মাঠে নেমেছিলেন গিয়ার্ট ভিল্ডার্স। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়া, এরপর প্রেসিডেন্ট ট্রাম্পের এবং ইদানীং তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের ইউরোপীয় ইউনিয়নকে ঘিরে বিতর্কমূলক বক্তব্যের মাঝে নেদারল্যান্ডসের জাতীয়তাবাদী নেতা গিয়ার্ট ভিল্ডার্সের আস্ফালনে অনেকেই শঙ্কিত হয়েছিলেন।

নেদারল্যান্ডসের নির্বাচনে গিয়ার্ট ভিল্ডার্স দেশের অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের কথা যতটা না বলেছেন, তার থেকে বেশি উচ্চকিত থেকেছেন দেশটির অভিবাসী, ইসলাম, বর্ণবাদ আর ইউরোপীয় অনৈক্যের কথা বলে। অন্যদিকে ‘পার্টি ফর ফ্রিডম
অ্যান্ড ডেমোক্রেসি’ দলের প্রধান ২০১০ সাল থেকে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী মার্ক রুট বিগত বছরগুলোতে নেদারল্যান্ডসের অর্থনীতিতে প্রভূত উন্নয়ন ঘটিয়েছেন। তা ছাড়া, তিনি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে থেকে এই জোটকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষপাতী।

আমেরিকায় বসবাসকারী নেদারল্যান্ডসের সমাজবিজ্ঞানী ও গবেষক কাস মুডে, যিনি দীর্ঘদিন ধরে লোকরঞ্জনবাদ বা পপুলার রাজনীতি নিয়ে গবেষণাও করছেন। তিনি বলেছেন, তাঁর দেশ এখন অর্থনৈতিক, সামাজিক ও গণতন্ত্রের চর্চার দিক থেকে সব মিলিয়ে বেশ ভালো আছে। তবে অর্থনৈতিকভাবে শুধু অসচ্ছল দেশগুলোতে নয়, স্বাবলম্বী দেশগুলোতে লোকরঞ্জনবাদের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। উদাহরণ হিসেবে তিনি অস্ট্রিয়ার ফ্রিডম পার্টি অব অস্ট্রিয়া, বেলজিয়ামের ফ্লেমিশ বেলাঙ্গ অথবা ডেনমার্কের ডেনিশ পিপলস পার্টি ও নিজ দেশের ভিল্ডার্সের ফ্রিডম পার্টির মতো দলগুলোর কথা বলেছেন। তিনি আরও জানিয়েছেন, অর্থনৈতিক সংকট হলেই যে ডানপন্থী লোকরঞ্জনবাদের প্রাদুর্ভাব হবে, সেই ক্ল্যাসিক্যাল ধারণা বদলে গেছে। এখনকার জাতীয়তাবাদী নেতারা জনপ্রিয়তা পাচ্ছেন সাংস্কৃতিক বৈসাদৃশ্য, জাতিসত্তা, সন্ত্রাসবাদ ও ইসলাম ধর্মের ধুয়া তুলে। তবে এর সঙ্গে লোকরঞ্জনবাদের প্রবক্তারা দেশভেদে স্থানীয় ইস্যুগুলোও যুক্ত করছেন।

ইউরোপীয় ইউনিয়নের শুরু যাদের হাত ধরে, এর মধ্যে রয়েছে ফ্রান্স। ঐতিহাসিক ফরাসি বিপ্লব আর পুরোনো গণতন্ত্রের দেশ ফ্রান্সে এই মুহূর্তে চলছে নেতৃত্বের সংকট। ২০১২ সাল থেকে ক্ষমতাসীন সোশ্যালিস্ট দলের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ দেশটির অর্থনৈতিক উন্নয়ন, বেকারত্ব ও নানা ক্ষেত্রে সংস্কারে ততটা ভূমিকা রাখতে পারেননি। ইউরোপের দেশগুলোর মধ্যে ফ্রান্সে সব থেকে বেশি মুসলমানের বসবাস। এখানে বসবাসরতদের মধ্যে প্রায় ৮০ লাখ মুসলমান, যাঁদের অধিকাংশই এসেছেন উত্তর আফ্রিকার আলজেরিয়া, মরক্কো ও তিউনিসিয়া থেকে। ফ্রান্সে ইসলাম ধর্মের মানুষদের সঙ্গে মূলধারার ফরাসিদের একটি দূরত্ব তৈরি হয়েছে, এই ধর্মীয় ও সামাজিক দূরত্ব ফ্রান্সে সন্ত্রাসবাদসহ নানা ঘটনার জন্ম দিচ্ছে। ফ্রান্সে বারবার ইসলামি সন্ত্রাসীদের হামলাও দেশটির রাজনৈতিক স্থিতিশীলতাকে বেকায়দায় ফেলেছে।

আগামী ২৩ এপ্রিলের নির্বাচনে মধ্য বামপন্থী ও মধ্য ডানপন্থী দলগুলো থেকে মোট ১১ জন প্রার্থী প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার জন্য লড়বেন। নির্বাচনে সাম্প্রতিক কালের পরিসংখ্যানে মেরি লো পেন ২৬ দশমিক ৮ শতাংশ ভোট পাবেন বলে বলা হচ্ছে। মূলধারার রাজনৈতিক দলগুলোতে যখন অনিশ্চয়তা ও ব্যক্তিত্বের সংকট চলছে, তখন সামনে আসছেন দলনিরপেক্ষ মধ্যপন্থী ক্লিন ইমেজের ৩৯ বছর বয়সী সাবেক অর্থনৈতিক-বিষয়ক মন্ত্রী ইমানুয়েল ম্যাক্রন। ইমানুয়েল ম্যাক্রনের ‘এন ম্যারশে’ বা ‘এগিয়ে যাও’ আন্দোলনে সমর্থন জোগাচ্ছেন সোশ্যালিস্ট ও রিপাবলিক দল থেকে মুখ ফিরিয়ে নেওয়া ভোটাররা, সঙ্গে আছেন সেলিব্রিটি ও তরুণ প্রজন্মের ভোটাররা। আপাত পরিসংখ্যানে ইমানুয়েল ম্যাক্রন ২৫ দশমিক ৮ শতাংশ ভোট পাবেন বলে আশা করা হচ্ছে।

রিপাবলিক দলের প্রার্থী ফ্রাঁসোয়া ফিলন নানা অনিয়ম আর সরকারি তহবিল তছরুপের অভিযোগে নির্বাচনের হালে পানি পাচ্ছেন না। ক্ষমতাসীন সোশ্যালিস্ট দলের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ নিজে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করছেন না, তবে এই দলের প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী বেনিউট হামন। সোশ্যালিস্ট দলের মধ্যে বিভিন্ন ধারার অনৈক্যের কারণে নির্বাচনে তাঁর তেমন সুযোগ নেই বলেই ভাবা হচ্ছে। ফ্রান্সের প্রত্যক্ষ নির্বাচনী ব্যবস্থায় ক্ষমতায় যাওয়ার জন্য ৫০ শতাংশ ভোটের সংখ্যাগরিষ্ঠতা নতুবা দ্বিতীয় পর্যায়ের নির্বাচন হওয়ার নিয়ম থাকায়, প্রথম দফায় মেরি লো পেন জয় পেলেও দ্বিতীয় দফায় তাঁর উত্তীর্ণ হওয়া কঠিন হতে পারে।

নেদারল্যান্ডস ও ফ্রান্সে ডানপন্থী জাতীয়তাবাদীদের যতটা শক্ত অবস্থান, সেই অবস্থা অবশ্য জার্মানিতে নেই। আগামী ২৪ সেপ্টেম্বরে জার্মানির পার্লামেন্ট নির্বাচনে ২০০৫ সাল থেকে ক্ষমতাসীন আঙ্গেলা ম্যার্কেলের বিকল্প কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এই মুহূর্তে জার্মানির দুই ঐতিহ্যবাহী দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন ও সামাজিক গণতান্ত্রিকসহ ছোট শরিক ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়নের জোট ক্ষমতায় রইলেও, নির্বাচনে দলগুলোকে এককভাবে লড়তে হবে। ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন দলের প্রার্থী হবেন আঙ্গেলা ম্যার্কেল আর ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়ন দলের প্রার্থী হতে যাচ্ছেন দলটির নবনির্বাচিত সভাপতি মার্টিন শুলজ। ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সভাপতি ও সামাজিক গণতান্ত্রিক দলের সদ্য হাল ধরা প্রার্থী মার্টিন শুলজ দলীয় সভাপতি হওয়ার পর থেকে জার্মানির সামাজিক গণতন্ত্রী দলের জনপ্রিয়তা বাড়ছে। জার্মানির অভিবাসী, শরণার্থী ও ইসলামবিরোধী অলটারনেটিভ ফর ডয়েচল্যান্ড বা জার্মানির জন্য বিকল্প দলটি বিভিন্ন রাজ্যের পার্লামেন্টে কিছু কিছু আসন পেলেও জাতীয় নির্বাচনে তাদের তেমন কোনো সুযোগ নেই। জার্মানির রাজনীতিতে খুব বড় কিছু অঘটন না ঘটলে চ্যান্সেলর পদে আঙ্গেলা ম্যার্কেলের বিজয় নিশ্চিত।

ইউরোপীয় ইউনিয়নের ৬০ বছর পূর্তির প্রাক্কালে জোটটির সংকট মোকাবিলায় ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে, ২৬ মার্চ ব্রাসেলসে ইউরোপীয় নেতারা মিলিত হবেন। জোটটির নেতা জ্যঁ ক্লদ ইউঙ্কার বলেছেন, নানা বিপত্তি এলেও ইউরোপীয় ইউনিয়ন তার বাস্তবমুখী কর্মসূচি নিয়ে ভবিষ্যতে আরও এগিয়ে যাবে।

সরাফ আহমেদ: প্রথম আলোর জার্মানি প্রতিনিধি।