তিনটি হার ও জয় উপাখ্যান

এখনই বলছি না পতন শুরু হয়ে গেল। কেননা, ‘পতন’ শব্দটির ব্যঞ্জনা ও ব্যাপ্তি বিস্তর। তা ছাড়া ওই শব্দটি জোর দিয়ে বলার সময় এখনো আসেনি। কিন্তু এটুকু বলা যেতেই পারে, এই প্রথম নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি একটা বড়সড় প্রশ্নের মুখোমুখি হলো। এই প্রথম নরেন্দ্র মোদির ‘দুর্নীতিমুক্ত দল ও সরকার’ চালানোর বিজ্ঞাপন ঘিরে একটা সন্দেহ উঠে গেল। কীভাবে তিনি ও তাঁর ‘ম্যান ফ্রাইডে’ বিজেপি সভাপতি অমিত শাহ বিশ্বাসযোগ্যভাবে এর মোকাবিলা করবেন, তা এখনো অজানা।
এই অজানা দিনযাপনের আগে-পরে পরপর কয়েকটি খারাপ খবর বিজেপিকে বিদ্ধ করছে। যেমন দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে বামপন্থীদের কাছে বিজেপি ধরাশায়ী হওয়া। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভোটে সভাপতিসহ দুটি আসন কংগ্রেসের ছিনিয়ে নেওয়া। দিল্লি বিধানসভার একটি আসনের উপনির্বাচনে আম আদমি পার্টির কাছে গোহারা হারতে হলো তাদের। এই হালে তিনটি রাজ্যে তিন ধরনের ভোটের ফলও বিজেপির কপালে চিন্তার ভাঁজ গভীর করেছে।
কিন্তু ওই যে কথায় আছে না, ভাঙবে তবু মচকাবে না। বিজেপির হাবভাব ঠিক সেই রকম। টোকা দিয়ে পোকা সরানোর মতো তাদের আচরণে এখনো বিন্দুমাত্র পরিবর্তন ঘটেনি। তাদের চলাফেরা ও বলা-কওয়া এমন যেন এগুলো আদৌ কোনো বিপর্যয়ের ইঙ্গিতবাহী নয়। এগুলো নিয়ে আলোচনা করা সময় ও শক্তির অপচয়!
তিন রাজ্যে তিন ধরনের ভোটের কথাটা একটু বিস্তারে বলি। কেননা, এই তিন ভোটে জেতার জন্য বিজেপির চেষ্টায় কোনো খামতি ছিল না। প্রথম ফলটা আসে মহারাষ্ট্রের নানদেদ থেকে। বিজেপিশাসিত এই রাজ্যের নানদেদ পুরসভার ভোটে ৮১টি ওয়ার্ডের মধ্যে কংগ্রেস জিতেছে ৭৩টিতে! বাকি ৭টির মধ্যে বিজেপি পায় ৬টি, অন্যটি শিবসেনা। হারের পর বিজেপি বলছে, নানদেদ কংগ্রেসের ঘাঁটি। সাবেক মুখ্যমন্ত্রী অশোক চৌহানের এলাকা। দুটোই ঠিক।
কিন্তু ঘটনা হলো, পাঁচ বছর আগে এই নানদেদ পুরসভায় কংগ্রেস পেয়েছিল ৪১টি আসন। এবার মোদি জামানায় কংগ্রেসমুক্ত ভারত গড়ার হাঁকের মধ্যে কংগ্রেস ৫০ শতাংশ ভোট পেয়ে বিজেপিকে নামিয়ে আনল এলেবেলে পর্যায়ে। শিবসেনার মুখপত্র সামনা লিখল, প্রমাণিত হলো বিজেপিকেও হারানো যায়। কেন জিতল কংগ্রেস কিংবা কেন হারল বিজেপি? কংগ্রেসের ব্যাখ্যা, নোটবন্দী ও অভিন্ন কর ও পণ্য পরিষেবায় (জিএসটি) জেরবার ছোট-মাঝারি ব্যবসায়ী ও যুব সম্প্রদায়ের ভোট তাদের ঝুলিতে এসেছে।
দ্বিতীয় ফলটা এল এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে। এখানেও জেএনইউ ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের ফলের পুনরাবৃত্তি যেন। সমাজবাদী পার্টির ছাত্রসংগঠনের কাছে বিজেপির ছাত্রসংগঠন অখিল ভারত বিদ্যার্থী পরিষদের প্রার্থীরা হেরে মুখ কালো করে বাড়ি ফিরেছেন। অথচ লোকসভা ও বিধানসভার ভোটে জেতার পর উত্তর প্রদেশে আপাতত বিজেপিরই মৌরসি পাট্টা!
তৃতীয় ফলটা বিজেপির কাছে কাটা ঘায়ে নুনের ছিটার মতো। বিখ্যাত অভিনেতা ও সাংসদ বিনোদ খান্নার মৃত্যুর পর পাঞ্জাবের গুরুদাসপুর লোকসভা আসনটি খালি হলে বিজেপি ভেবেছিল আরও একবার কেন্দ্রটা তাদের দখলে রাখবে। বিনোদ খান্না নির্বিবাদী ভালো মানুষ বলে পরিচিত ছিলেন। দুর্নীতিগ্রস্ত ছিলেন না। কেন্দ্রে সুনাম ছিল। সহানুভূতিও। অথচ বিনোদ খান্না যে আসন জিতেছিলেন ১ লাখ ৩৫ হাজার ভোটে, কংগ্রেসের প্রার্থী সুনীল জাখর সেই আসনে বিজেপি প্রার্থীকে হারালেন ১ লাখ ৯৩ হাজার ভোটের ব্যবধানে! সুনীলের বাবা ছিলেন নামী কংগ্রেস নেতা বলরাম জাখর। কেন্দ্রীয় মন্ত্রী তো বটেই, লোকসভার স্পিকারও হয়েছিলেন তিনি। বাবা-ছেলে কেউই গুরুদাসপুরের বাসিন্দা নন। সুনীল সেই অর্থে বহিরাগত। এ বিষয়টি বিজেপি প্রচারে খুব তুলেও ধরেছিল। তবু সেই বহিরাগতের হাতেই বিজেপিকে হেরে ভূত হতে হলো!
কংগ্রেসের প্রচার ছিল মোদি সরকারের ‘জনবিরোধী’ নীতির বিরুদ্ধে। নোটবন্দী ও জিএসটির ‘ছোবলে জেরবার’ মানুষকে তারা ‘মোক্ষম জবাব’ দিতে বলেছিল। জনতা সেই জবাব দিয়েছে বলে তাদের দাবি। বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের আপাতত মুখে কুলুপ।
রাজনীতিতে এই ধরনের হোঁচট-পর্ব সব সময়ই থাকে। এসব খুচরা জয়-পরাজয়ের ওপর ভিত্তি করে বৃহত্তর পর্যায়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করা তাই বোকামি। অবশ্য একের পর এক এ ধরনের বিপর্যয় ঘটলে রাজনীতিতে তার অন্য ব্যাখ্যা হতেই পারে। যেমন কংগ্রেস শাসনের দ্বিতীয় পর্বে হয়েছিল। মোদি সরকার সেদিক থেকে সতর্ক। কিন্তু তা সত্ত্বেও সম্প্রতি যে খবরটি প্রচারের আলোয় জায়গা পেয়েছে, নরেন্দ্র মোদির পক্ষে তা মোটেই সুখকর নয়। বরং দুশ্চিন্তার।
খবরটি আর্থিক কেলেঙ্কারির। যাঁকে ঘিরে এই প্রচার, তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর ছেলে জয়। জয় যে কোম্পানির মালিক, টেম্পল এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড, ২০১৪-১৫ সালে তাঁর আয় দেখানো হয়েছিল ৫০ হাজার টাকা। ঠিক এক বছরের মাথায়, ২০১৫-১৬ সালে সেই মুনাফা ১৬ হাজার গুণ বেড়ে দাঁড়ায় সাড়ে ৮০ কোটি টাকায়! যে সংবাদমাধ্যম খবরটি প্রচার করে, নাম দ্য ওয়্যার, তারা তাদের বক্তব্যের সমর্থনে দেওয়া যাবতীয় তথ্য সংগ্রহ করেছে ভারত সরকারের রেজিস্ট্রার অব কোম্পানিজ থেকে।
এই তথ্যের পাশাপাশি সংস্থাটি আরও একটি খবর প্রকাশ করে। তাতে বলা হয়, কুসুম ফিনসার্ভ নামে একটি কোম্পানি, যার ৬০ শতাংশ শেয়ার জয় শাহর, তারা হাওয়া থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য ১৫ কোটি টাকা খরচ করে মধ্যপ্রদেশের রতলাম জেলায় একটি উইন্ডমিল প্ল্যান্ট তৈরি করছে। সেখান থেকে ২ দশমিক ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। এ জন্য কুসুম ফিনসার্ভ একটি সমবায় ব্যাংক থেকে ঋণ নিয়েছে। তা ছাড়া, রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি থেকেও তারা ১০ দশমিক ৩৫ কোটি টাকা ঋণ নিয়েছে প্ল্যান্ট তৈরির জন্য।
বিরোধীরা এই সংবাদ লুফে নিয়েছে কয়েকটি কারণে। প্রথম কারণ জয়ের পরিচয়। বাবা অমিত শাহ দেশের দ্বিতীয় ক্ষমতাশালী ব্যক্তি।
দ্বিতীয় কারণ, এক বছরের মধ্যে তাঁর কোম্পানির মুনাফা ১৬ হাজার গুণ বৃদ্ধি! কীভাবে কোন জাদুদণ্ডের ছোঁয়ায় কোনো সংস্থা রাতারাতি এভাবে বিত্তশালী হয়ে ওঠে, কোন ম্যাজিক এতে কাজ করে, বিস্ময় তাকে ঘিরে। বিরোধীরা ‘টাইমিং’-এর বিষয়টা মনে করিয়ে দিতে ভুলছে না। মোদি ক্ষমতায় এলেন ২০১৪ সালে। পরের বছর অমিত শাহ হলেন দলের সভাপতি। জয়ের কোম্পানির আঙুলগুলো ফুলে কলাগাছ হলো ঠিক তার পরপরই।
তৃতীয় কারণ, ১৬ হাজার গুণ মুনাফা বৃদ্ধি সত্ত্বেও ২০১৬ সালের অক্টোবর মাসে কুসুম ফিনসার্ভের ব্যবসা গুটিয়ে নেওয়া! এমন প্রচণ্ড লাভজনক কোনো কোম্পানি কেন ব্যবসা বন্ধ করে দিল, সেই প্রশ্ন উঠবেই। উঠছেও। চতুর্থ কারণ, যে কোম্পানি স্টক মার্কেটে শেয়ার কেনাবেচা করে এবং আমদানি-রপ্তানি ব্যবসায় নিযুক্ত, তারা হঠাৎ কেন বিদ্যুৎ উৎপাদনের মতো ব্যবসায়? কী তার যোগ্যতা? কেনইবা তাকে রাষ্ট্রায়ত্ত সংস্থা ঋণ দেয়?
খবরটি প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গেই তিনটি ঘটনা ঘটে। জয় শাহর পক্ষ নিয়ে তাঁকে নির্দোষ প্রতিপন্ন করতে আসরে নেমে পড়েন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। সঙ্গে সঙ্গেই প্রশ্ন ওঠে, একজন ব্যক্তির হয়ে এক কেন্দ্রীয় মন্ত্রী কেন গলা ফাটাচ্ছেন? বিজেপির দিক থেকে বিশেষ সদুত্তর পাওয়া গেল না। জয়ের পক্ষ থেকে তড়িঘড়ি জানিয়ে দেওয়া হয়, সংবাদ সংস্থার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হচ্ছে।
তৃতীয় ঘটনাটিও চমকপ্রদ। অতিরিক্ত সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়ে দিলেন, তিনি আদালতে জয় শাহর হয়ে মামলা লড়বেন। দেশের আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, সরকারের অনুমতি নিয়ে কোনো ব্যক্তির হয়ে এমন মামলা লড়া যায়। তুষার মেহতা সেই অনুমতি চেয়েছেন এবং পেয়েও গেছেন!
ছেলের হয়ে রাজনৈতিক বাবাদের পাশে দাঁড়ানোটা নতুন কিছু নয়। কার্তি চিদাম্বরমের হয়ে পাশে দাঁড়িয়ে তাঁর বাবা কংগ্রেস নেতা পি চিদাম্বরম বলেন, সবটাই বিজেপির রাজনৈতিক চক্রান্ত। তেজস্বী যাদবের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগকেও ঠিক এভাবে ও এই ঢঙে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন তাঁর বাবা লালু প্রসাদ যাদব। বলেছেন, বিজেপি চক্রান্ত করছে। অমিত শাহও ব্যতিক্রমী হবেন কেন? রাজনৈতিক চক্রান্তের বুলি তিনি অবশ্য আওড়াননি। ছেলের হয়ে শুধু বলেছেন, ‘দুর্নীতির প্রশ্নই ওঠে না।’
আর বিজেপি বলছে, জয় অসৎ নন বলেই ১০০ কোটি টাকার মানহানির মামলা করেছেন। অসৎ হলে এই সাহস হতো না।
প্রশ্নটা কিন্তু মানুষের মনে গেঁথে রয়েছে। কংগ্রেসসহ বিরোধীরা একের পর এক প্রশ্নও তুলছে। নরেন্দ্র মোদি যদিও চুপ। একটি শব্দও তাঁর মুখ থেকে এখনো বের হয়নি। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরপরই মোদি সদর্পে ঘোষণা করেছিলেন, ‘না ম্যায় খাউঙ্গা, না কিসিকো খানে দুঙ্গা।’ এর সহজ বাংলা অর্থ, ‘নিজে ঘুষ খাব না, কাউকে খেতেও দেব না।’ অমিতপুত্র জয়ের বিরুদ্ধে ওঠা দুর্নীতির এই অভিযোগ সেই প্রধানমন্ত্রীকেই যেন পরিহাস শুরু করেছে!
অতঃপর দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণার সাতকাহন বড় মুখ করে বলার আগে নরেন্দ্র মোদিকে নিশ্চিতই একটু থমকাতে হবে। ভোটে একের পর এক ধাক্কা ও জয় উপাখ্যান তাঁকে চিন্তায় রাখল।
সৌম্য বন্দ্যোপাধ্যায়: প্রথম আলোর নয়াদিল্লি প্রতিনিধি।