
ড. নুরুননাহার ফয়জননেসা একজন আত্মপ্রত্যয়ী ও আলোকিত নারী। একজন প্রিয়তমা সহধর্মিণী, একজন স্নেহময়ী মা। তাঁর জীবদ্দশায় মানুষকে ছুঁয়ে গেছেন, দিয়ে গেছেন অনেক কিছু। তিনি ১৯৩২ সালের ২১ মে কলকাতায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর মা বেগম রুতুবননেসা ছিলেন জমিদার পরিবারের মেয়ে। বাবা খান সাহেব কাজী সদরুল ওলা ছিলেন নদীয়া জেলার চাগদা থানার পাঁচনুর গ্রামের সম্ভ্রান্ত পরিবারের ছেলে। তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে ১৯১৮ সালে বিএ পাস করেন। নানা কাজী সিরাজুল হক মুর্শিদাবাদের জমিদার ছিলেন। তাঁর পূর্বপুরুষের মধ্যে ইতিহাসখ্যাত মির্জা ইহতেশামউদ্দিন মোগল সম্রাট শাহ আলমের দরবারে ওমরাহ ছিলেন। প্রথম শিক্ষিত ভারতীয় মুসলমান হিসেবে মোগল সম্রাটের প্রতিনিধি হয়ে তিনি ব্রিটেন ও ফ্রান্সের রাজার সঙ্গে সাক্ষাৎ করেন। সেটা রাজা রামমোহন রায়ের প্রথম ব্রিটেন সফরেরও প্রায় ৪০ বছর আগের কথা।
মা বেগম রুতুবননেসা বিয়ের পর স্বামীর সাহচর্যে প্রগতিশীল চিন্তার সঙ্গে যুক্ত হন। ছেলেমেয়েদের লেখাপড়া ও সাংস্কৃতিক চর্চায় মায়ের প্রচণ্ড উৎসাহ ছিল। কলকাতার পার্ক সার্কাসে বাড়ির ছাদে বাবার উৎসাহে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। সে সময় দৈনিক আজাদ পত্রিকার সম্পাদক মোহাম্মদ মোদাব্বের (বাগবান ভাই) সব মুসলিম পরিবারের ছেলেমেয়েদের নিয়ে ‘মুকুল মেলা’ সংগঠন শুরু করেন।
নুরুননাহার ফয়জননেসা কলকাতার বেগম রোকেয়া প্রতিষ্ঠিত সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাইস্কুলে ভর্তি হন। স্কুলে যেতেন কালো পর্দায় ঢাকা বাসে চড়ে। সেই স্কুল থেকেই ১৯৪৬ সালে ম্যাট্রিক পাস করে কলকাতার লেডি ব্রাবোর্ন কলেজে ভর্তি হন। সে সময়ে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়। ব্রাবোর্ন কলেজে রিলিফ ক্যাম্প চালু করা হয়। সেখানে মিসেস রশিদ, তাহেরা কবীর, সায়েস্তা একরামুল্লা প্রমুখের নেতৃত্বে রিলিফ ওয়ার্ক করেন।
১৯৪৭ সালে তিনি লেডি ব্রাবোর্ন কলেজে ক্লাস করতে গিয়ে বোর্ডে উর্দুতে লেখা দেখে ক্লাসের অন্য মেয়েদের সংগঠিত করে ক্লাস বর্জন করেন। প্রতিবাদ ও প্রতিরোধের মুখে কলেজ প্রশাসন শিক্ষা পরিচালনার জন্য বাংলা, উর্দু দুই ভাষারই প্রচলন করে। পরিবারের সদস্যরা সবাই প্রগতিশীল রাজনীতির সঙ্গে জড়িত থাকায় তিনিও প্রচ্ছন্নভাবে সেসব চিন্তার সঙ্গে যুক্ত হন।
১৯৫০ সালে বিএ পাস করে পলিটিক্যাল সায়েন্সে এমএ ক্লাসে ভর্তি হন। সে বছর অধ্যাপক সৈয়দ মো. মকসুদ আলীর সঙ্গে তাঁর বিয়ে হয়। স্বামী পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির ডিন হন।
১৯৫৪ সালে তিনি এমএ পাস করেন। ১৯৫৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে বিএড পাস করেন। ১৯৬২ সালে ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে আমেরিকা যান। ফিরে এসে প্রিন্সিপাল হিসেবে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে যোগ দেন। সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআরে অধ্যাপনা শুরু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকাকালে প্রায় আট বছর তিনি অত্যন্ত সাফল্যের সঙ্গে রোকেয়া হলের প্রভোস্টের দায়িত্ব পালন করেন। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় রোকেয়া হলে ১৯৮৪ সালে রোকেয়া ফাউন্ডেশন গড়ে ওঠে। হলে মেয়েদের মধ্যে নারী জাগরণসহ বিভিন্ন পর্যায়ে অবদানের জন্য গোল্ড মেডেলসহ অন্যান্য পুরস্কার দেওয়া হয় তাঁকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতিফলক এবং রোকেয়া হলের শহীদ স্মৃতি বেদি তাঁরই বিশেষ উদ্যোগে নির্মাণ করা হয়। স্মৃতিফলক নির্মাণে তাঁকে সহযোগিতা করেন বিশিষ্ট স্থপতি মাজহারুল ইসলাম।
নুরুননাহার ফয়জননেসা ১৯৮৮ সালে অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন।
তাঁর বড় ছেলে সৈয়দ সাদ আন্দালিব বর্তমানে ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হিসেবে কর্মরত। বড় মেয়ে আমি, সাদিয়া আফরিন মল্লিক সংগীতশিল্পী, বর্তমানে ডেইলি স্টার-এর কালচারাল এডিটর। ছোট মেয়ে নাজিয়া জাবীন মায়ের একান্ত ভালোবাসায় গড়ে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র শিশু যত্নœকেন্দ্র ‘ছায়ানীড়’-এর কার্যকরী নির্বাহী পরিষদের সদস্য এবং স্পর্শ ব্রেইল প্রকাশনার প্রধান উদ্যোক্তা। ছোট ছেলে সৈয়দ জিয়া আরাস্তু কম্পিউটার ইঞ্জিনিয়ার, বর্তমানে কানাডাপ্রবাসী।
১৯৫৩ সালে আজিমপুর লেডিস ক্লাব গঠন করা হয়। সেই ক্লাবের সভানেত্রী ছিলেন বেগম শামছুন্নাহার মাহমুদ। তাঁরা সবাই মিলে সেই ক্লাবের মাধ্যমে অগ্রণী স্কুল প্রতিষ্ঠা করেন। নুরুননাহার ফয়জননেসা শিক্ষার মাধ্যমে নারী আন্দোলনের সঙ্গে জড়িত হন। প্রাথমিক শিক্ষার বিষয়, শিক্ষার স্বরূপ কী ইত্যাদি নানা বিষয়ে তিনি অনেক প্রবন্ধ লেখেন। বিভিন্ন সেমিনার-সিম্পোজিয়ামে তাঁর প্রবন্ধ পাঠ করা হয়। কুদরত-এ-খুদা শিক্ষা কমিশনসহ মোট তিনটি শিক্ষা কমিশনে তিনি প্রাথমিক শিক্ষার ওপর কাজ করেন। আইয়ুববিরোধী আন্দোলনের সময়ে তিনি শিক্ষকদের প্রতিবাদ মিছিলে যোগ দেন। ১৯৭০ সালে তিনি পপুলেশন এডুকেশনের ওপর কাজ করেন। সে বছরই নারী উন্নয়নের লক্ষ্যে উইমেন ফর উইমেন নামে সংগঠনের জন্ম।
নুরুননাহার ফয়জননেসা প্রায় ১৫টি গবেষণামূলক গ্রন্থ লেখেন। এর মধ্যে চিলড্রেন ওয়ার্ল্ড অব ইফেক্টিভ বিহেভিয়ার উল্লেখযোগ্য। এই সংগ্রামী নারী বাংলাদেশের মেয়েদের শিক্ষিত হওয়ার স্বপ্ন দেখতেন। তাঁরা যেন অধিকার আদায় করে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করতে পারেন এবং আত্মনির্ভরশীল হয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারেন, এটাই ছিল তাঁর স্বপ্ন।
নুরুননাহার ফয়জননেসা তৎকালীন রেডিও পাকিস্তান এবং পরবর্তী কালে বাংলাদেশ বেতারে বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা ও নাটকে অভিনয় করতেন। তাঁর পরিচালনায় খেলাঘর ও মহিলা মহফিল নামে দুটি অনুষ্ঠান জনপ্রিয়তা লাভ করে। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের প্রিন্সিপাল থাকাকালে এই স্কুলেই ‘ছায়ানটের’ সব ক্লাস ও কর্মকাণ্ড পরিচালনার জন্য অনুমতি প্রদান করে দেশের সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখেন। তিনি ছায়ানটের নির্বাহী কমিটির সদস্যও ছিলেন। এ ছাড়া তিনি আরও বহু সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে বিশেষভাবে জড়িত ছিলেন। তিনি মহিলা পরিষদের ঢাকা বিভাগের সভানেত্রী ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এবং সিনেটের প্রথম নির্বাচিত মহিলা সদস্যও ছিলেন।
২০০৪ সালের ৩১ মার্চ তাঁর এই বর্ণাঢ্য জীবনের পরিসমাপ্তি ঘটে।
সাদিয়া আফরিন মল্লিক বিশিষ্ট সংগীতশিল্পী, ডেইলি স্টার-এর কালচারাল এডিটর