তিনি বলেছিলেন, 'জয় আমাদের হবেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

২৬ জুন, ১৯৯৪। আজ থেকে ২২ বছর আগে সমগ্র দেশ যখন একাত্তরের ঘাতক-দালালদের বিচারের দাবিতে উত্তাল, তখন এ বিচারের দায়িত্বভার জনগণের ওপর অর্পণ করে সমগ্র জাতিকে শোক সাগরে ভাসিয়ে না-ফেরার দেশে পাড়ি জমান শহীদজননী জাহানারা ইমাম। তাঁর মতো মুক্তিযুদ্ধের একজন অগ্রণী সৈনিক কিনা মৃত্যুবরণ করেন তৎকালীন শাসকদের দেওয়া রাষ্ট্রদ্রোহের মামলা মাথায় নিয়ে! বিচিত্র এই দেশ! কিন্তু তিনি বলে গিয়েছিলেন, ‘আমার মৃত্যু হতে পারে, কিন্তু যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছে, তার মৃত্যু হবে না।’ তাঁর ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে ফলে গেছে। ইতিমধ্যে মানবতার বিরুদ্ধে অপরাধকারীদের বেশ কয়েকজনের বিচার হয়েছে, কয়েকজনের শাস্তি কার্যকর হয়েছে এবং আরও অনেকের বিচার প্রক্রিয়াধীন রয়েছে। মুক্তিযুদ্ধের প্রায় চার দশক পর শুরু হলেও যুদ্ধাপরাধীদের বিচারের এই প্রক্রিয়া নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে, যার সূচনা করেছিলেন জাহানারা ইমাম।
২০০৯ সালে সরকার গঠনের পর আওয়ামী লীগ নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ গ্রহণ করে। এই নির্বাচনী প্রতিশ্রুতির পেছনে মূল চালিকা শক্তি ছিল ১৯৯২ সালে শহীদজননী জাহানারা ইমাম আহূত একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির দেশব্যাপী আন্দোলন। তাঁর এই আন্দোলন নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস, চেতনা ও গৌরব সম্পর্কে সচেতন করেছে। কিন্তু বাস্তবে বিষয়টি এত সহজ ছিল না। কেননা, যে সময়ে তিনি এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন, তখন ক্ষমতাসীন ছিল জামায়াতপুষ্ট খালেদা জিয়া সরকার। তার ওপর তিনি ছিলেন মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত। আন্দোলন শুরু হওয়ার মাত্র আড়াই বছরের মধ্যে মৃত্যুবরণ করলেও এই স্বল্প সময়ে তাঁর আশ্চর্য সাংগঠনিক ক্ষমতাবলে তিনি দেশে ও বিদেশে দেশপ্রেমিক বাঙালিদের হৃদয়ে বিশেষ স্থান করে নিতে সমর্থ হন।
ফিরে তাকালে দেখা যায় যে এই আন্দোলনের বীজ রোপিত হয়েছিল নব্বইয়ের দশকের শুরুতে। ১৯৯১ সালের ২৯ ডিসেম্বর একাত্তরের চিহ্নিত নরঘাতক গোলাম আযমকে জামায়াতে ইসলামী তাদের দলের আমির ঘোষণা করলে সচেতন দেশবাসী বিক্ষোভে ফেটে পড়ে। মৌলবাদী, ধর্মান্ধ ও সাম্প্রদায়িক অশুভ গোষ্ঠী এবং মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাবিরোধী শক্তি যখন মাথাচাড়া দিয়ে দেশে সামাজিক ও রাজনৈতিকভাবে পুনরুজ্জীবিত ও প্রতিষ্ঠিত হতে চলেছে, ঠিক তখনই এই অকুতোভয় সাহসী জননী সোচ্চার হয়ে ওঠেন একাত্তরের চিহ্নিত এ দেশীয় ঘাতক দালালদের বিচার করতে। তাঁরই নেতৃত্বে ১৯৯২ সালের ১৯ জানুয়ারি প্রতিষ্ঠিত হয় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। পরবর্তীকালে আরও বিস্তৃত কলেবরে ১১ ফেব্রুয়ারি গঠিত হয় ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটি’। সর্বসম্মতিক্রমে এই কমিটির আহ্বায়ক নির্বাচিত হন শহীদজননী জাহানারা ইমাম। তাঁর নেতৃত্বে গোলাম আযম এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে দেশব্যাপী তীব্র আন্দোলন গড়ে ওঠে। ১৯৯২ সালের ২৬ মার্চ গণ-আদালতের রায়ে উচ্চারিত হয় গোলাম আযমের ফাঁসির দণ্ড। ঘাতকদের বিচার চাইতে গিয়ে জাহানারা ইমামকে নিদারুণ কষ্ট সহ্য করতে হয়েছে। রাষ্ট্রদ্রোহের মামলা যেমন মাথায় নিয়ে ঘুরতে হয়েছে, তেমনি রাজপথে পুলিশের লাঠিচার্জের সম্মুখীন হতে হয়েছে। কিন্তু বিন্দুমাত্র দমে না গিয়ে ক্যানসারের সঙ্গে লড়াই করে চালিয়ে গেছেন সংগ্রাম।
মহীয়সী এই নারী জন্মগ্রহণ করেন ১৯২৯ সালের ৩ মে, ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সুন্দরপুর গ্রামে। পিতা সৈয়দ আবদুল আলী ব্রিটিশ সরকারের অধীনে বেঙ্গল সিভিল সার্ভিসের কর্মকর্তা সাব-ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। স্বামী শরিফ ইমাম পেশায় ছিলেন প্রকৌশলী। জাহানারা ইমাম ১৯৬৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ পাস করেন। তাঁর কর্মজীবন মূলত শিক্ষকতার মধ্য দিয়েই অতিবাহিত হয়। জাহানারা ইমাম ষাটের দশকের মাঝামাঝি সময়ে লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন। তাঁর রচিত একাত্তরের দিনগুলি, ক্যানসারের সঙ্গে বসবাস ও অন্য জীবন দিয়েছিল অসাধারণ জনপ্রিয়তা।
জাহানারা ইমামের জ্যেষ্ঠ পুত্র শাফী ইমাম রুমী বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন বীর সেনানী। একাত্তরের মুক্তিযুদ্ধে তিনি হারিয়েছিলেন মুক্তিযোদ্ধা পুত্র রুমী এবং স্বামী শরীফ ইমামকে। তাঁর পুরো পরিবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত ছিল। জাহানারা ইমাম নিজে এবং স্বামী শরীফ ইমাম দুজনে মিলে মুক্তিযোদ্ধাদের সক্রিয় সহযোগিতা করেন। নিজে গাড়ি চালিয়ে অপারেশনে ব্যবহৃত অস্ত্রশস্ত্র আনা, পানির ট্যাংকে অস্ত্র লুকিয়ে রাখা, মুক্তিসেনাদের নিজ ঘরে আশ্রয় দেওয়া, খবর আদান-প্রদান ইত্যাদি দায়িত্ব তিনি অসীম সাহসের সঙ্গে পালন করেন সে ভয়াবহ দিনগুলোতে। একাত্তরে স্বামী-সন্তানহারা এই নারী স্বাধীনতা-উত্তর বাংলাদেশে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মুক্তিযুদ্ধের মর্যাদা প্রতিষ্ঠায় নিজেকে নিবেদিত করেন। মুক্তিযুদ্ধের ডায়েরি একাত্তরের দিনগুলি তাঁর এক অনন্য সৃষ্টি, যার মাধ্যমে একজন মুক্তিযোদ্ধার মায়ের দৃঢ়তা, ত্যাগ ফুটে উঠেছে, যা তাঁকে দেশের মানুষের কাছে চিরসম্মানের আসনে পৌঁছে দিয়েছে।
এ কথা অনস্বীকার্য যে আজকের চলমান যুদ্ধাপরাধীদের বিচার শহীদজননীরই অবদান। মৃত্যুর আগে বাক্রহিত শহীদজননী জনতার উদ্দেশে কম্পিত হস্তে লিখে রেখে যান তাঁর শেষ বার্তা, ‘জয় আমাদের হবেই’। সত্যিই তাই!
ফরিদা ইয়াছমিন: সহযোগী তত্ত্বাবধায়ক, শহীদজননী জাহানারা ইমাম স্মৃতি জাদুঘর।