তিনিই দল, তিনিই সরকার, তিনিই নিত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

জনমত জরিপ বিনা বাক্যে মেনে নিলে তিন বছর আগে নরেন্দ্র মোদির ভাবমূর্তি যা ছিল, তিন বছর প্রধানমন্ত্রী থাকার পরও সেই জৌলুশ কমেনি। ভারতের একাধিক সংস্থা এসব জরিপ করেছে, যেগুলোর অন্তর্নিহিত অর্থ, এই মুহূর্তে নরেন্দ্র মোদির বিজয়রথের সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা কারও নেই। জরিপের নির্যাস, এই মুহূর্তে লোকসভার ভোট হলে মোদির নেতৃত্বে এনডিএ ৩৩১টি আসন পাবে।

জরিপে যাঁদের বিশ্বাস নেই, তাঁদের কাছে একমাত্র মাপকাঠি হলো কিছুদিন আগে হয়ে যাওয়া পাঁচ রাজ্যের বিধানসভা ভোট। মনে রাখতে হবে, সেই ভোট হয়েছিল ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত গ্রহণের খানিক পর। সেই ভোটে উত্তর প্রদেশে বিজেপি কাউকে ধারেকাছে ঘেঁষতে দেয়নি। উত্তরাখন্ড ছিনিয়ে নিয়েছিল কংগ্রেসের কবজা থেকে। আসন কিছু কম পেলেও গোয়া ও মণিপুরে তারা সরকার গড়েছে দল ভাঙিয়ে। ভারতীয় গণতন্ত্রে দল ভাঙানো আজব কিছু নয়। ‘আয়ারাম-গয়ারাম’ শব্দবন্ধের উৎপত্তি এই প্রবণতা থেকেই। পাঞ্জাবে অবশ্য বিজেপি কিছু করতে পারেনি। পঞ্চনদের রাজ্যে হার যতটা তাদের ব্যর্থতা, তার চেয়েও বেশি দায়ী অবশ্য প্রধান শাসক হিসেবে অকালি দলের অপদার্থতা। বিজেপি তাই এই হারটা বিশেষ গায়ে মাখছে না।

আজ শুক্রবার, ২৬ মে, নরেন্দ্র মোদির সরকারের তৃতীয় বর্ষপূর্তি। এই উপলক্ষকে বেছে নিয়ে আজই তিনি আসামে যাচ্ছেন। ব্রহ্মপুত্রকে বেড় দিয়ে আসাম ও অরুণাচল প্রদেশের মধ্যে যোগাযোগ ঘটিয়েছে যে সেতুটি, যা কিনা ভারতের দীর্ঘতম, মোদি আজই তার উদ্বোধন করছেন। এর পাশাপাশি আজই তিনি জাতির উদ্দেশে এক ভাষণে তাঁর সরকারের তিন বছরের সাফল্য তুলে ধরে মেয়াদ শেষের পরবর্তী দুই বছরের ইতিকর্তব্যগুলো ব্যাখ্যা করবেন। আজ থেকেই শুরু হচ্ছে বিজেপির তৃতীয় বর্ষপূর্তি উদ্‌যাপন।

গত তিন বছরে ভারতের অর্থনীতির হাল কেমন ছিল? মোদি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম মুখ থুবড়ে পড়ে। তেলের মাজা সেই যে ভাঙল, তিন বছর পর আজও তা সোজা হয়নি। এটা যে কত বড় আশীর্বাদ, তা তিনি ও তাঁর অর্থমন্ত্রী অরুণ জেটলি এখনো প্রতিপলে টের পাচ্ছেন। এই আশীর্বাদ মাথায় নিয়েই মোদি দেশের বার্ষিক প্রবৃদ্ধির হার ৭ শতাংশের ওপর রাখতে পেরেছেন, যা কিনা তাঁর পূর্বসূরি শেষ দুই বছরে পারেননি। গত তিন বছরে মূল্যবৃদ্ধি তেমন ঘটেনি, ফলে মুদ্রাস্ফীতিও মোটের ওপর নিয়ন্ত্রণে। মাঝে কিছু সময়ের জন্য ডালের দাম আকাশ ছুঁয়েছিল। কিন্তু ওটুকু ছাড়া বাজারের ছেঁকা ছা-পোষা গৃহস্থের গায়ে ফোসকা ফেলতে পারেনি।

তেলের দামজনিত অনুকূল অর্থনীতি সত্ত্বেও মোদি কিন্তু গত তিন বছরে কর্মসংস্থানের প্রতিশ্রুতি পূরণের ধারকাছ দিয়েও হাঁটতে পারেননি। সেদিক দিয়ে ২০০৯ সালটা ছিল স্বর্ণযুগ। সেই বছর তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং ১০ লাখেরও বেশি কর্মসংস্থানের বন্দোবস্ত করতে পেরেছিলেন। মোদিও প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে ১০ লাখ করে নতুন কর্মসংস্থানের। অথচ ক্ষমতা লাভের পর প্রথম বছর নতুন কর্মসংস্থান হয় দেড় লাখের কিছু বেশি, দ্বিতীয় বছর আড়াই লাখের কিছু কম। সংঘ পরিবারেই এ নিয়ে চরম অসন্তোষ দেখা দিয়েছে। বিজেপির শ্রমিক সংগঠনও ক্ষুব্ধ। কংগ্রেসের বিরুদ্ধে যে অভিযোগ এনে তিন বছর আগে বিজেপি ভোটে জিতেছিল, ‘জবলেস গ্রোথ’-এর সেই অভিযোগ আজ নরেন্দ্র মোদির সরকারকেও শুনতে হচ্ছে। এ ক্ষেত্রে মোদি-মনমোহন একই নৌকার যাত্রী। কাজের বাজারের ওপর এই চাপ অন্যভাবেও বাড়ছে। বিদেশে কাজ হারিয়ে দেশে ফিরছেন বহু মানুষ। বিদেশে কাজের সুযোগও কমছে। অথচ দেশে বিকল্প রাস্তার সন্ধান নেই। পরের দুই বছর মোদিকে এ নিয়ে অবশ্যই ভাবতে হবে।

গত তিন বছরে মোদি বুঝিয়ে দিয়েছেন, দল ও সরকারে এক থেকে এক শ তিনিই। তিনিই প্রথম ও শেষ কথা। বিরোধীরা বলেন, দলে গণতন্ত্র তিনি শেষ করে দিয়েছেন, বিরুদ্ধ মত তাঁর নাপছন্দ। সত্য-মিথ্যার এই তর্কে না ঢুকেও বলা যায়, দল ও সরকারে এ নিয়ে বিশাল ঢেউ কিন্তু ওঠেনি। এই সঙ্গে তর্কাতীতভাবে বলা যেতে পারে, গত তিন বছরে কেন্দ্রীয় সরকারে সংঘটিত লুটের কোনো অভিযোগও কিন্তু কোনো মহল থেকে আসেনি। শিবসেনার সঙ্গে রাজ্যভিত্তিক খটাখটি ছাড়া অন্য কোনো জোটের শরিককেও সেভাবে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়নি। শুধু জোটই–বা কেন, অটল বিহারি বাজপেয়ির আমলে সরকারের সঙ্গে সংঘ পরিবারের যে টেনশন দেখা যেত, এই তিন বছরে তা দৃশ্যমান নয়। বরং রাস্তা, সেতু, গ্রামীণ বিদ্যুতিকীকরণের মতো অবকাঠামো সৃষ্টি এবং জনধন প্রকল্প মারফত সরাসরি ভর্তুকি দেওয়ার কর্মসূচির একটা প্রভাব গরিব মানুষের ওপর পড়েছে। মোদি জমানায় বছরে অতিরিক্ত ১০ লাখ মানুষ প্রত্যক্ষ কর দিতে শুরু করেছেন। এক টাকা খরচ না করেও প্রায় ৩০ কোটি গরিব মানুষ ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন, মোদির ভাষায় যা ‘এমপাওয়ারমেন্ট’।

ভালোর পাশাপাশি মন্দও কি নেই? অবশ্যই আছে। বড় মন্দ, অসম্ভব সামাজিক টেনশন বৃদ্ধি। সেই টেনশন কখনো গো-মাংস নিষিদ্ধ করা নিয়ে, কখনো গো-মাতা রক্ষায় নজরদারিকে কেন্দ্র করে, কখনো রোহিত ভেমুলার আত্মহত্যা, কখনো শিক্ষাপ্রতিষ্ঠানে অন্য মতের মানুষের ওপর হামলা, কখনো ‘লাভ জিহাদ’ ও ‘অ্যান্টি রোমিও স্কোয়াড’ গঠন নিয়ে, কখনো–বা ‘ভারতমাতা কি জয়’ বলা বাধ্যতামূলক করার নির্দেশ নিয়ে। এই মুহূর্তে উত্তর প্রদেশে চলছে ঠাকুর ও দলিতদের মধ্যে অবিরাম সংঘর্ষ। একজন মুসলমানকে প্রার্থী না করেও লোকসভা ও উত্তর প্রদেশ বিধানসভায় জিতে যাওয়া বিজেপির মধ্যে একটা ‘থোড়াই কেয়ার’ ভাব এনে দিয়েছে। যোগী আদিত্যনাথকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী করা যার লক্ষণ। এই মনোভাব ‘সবকা সাথ সবকা বিকাশ’ স্লোগানের পরিপন্থী এবং অবশ্যই তা ভারতের বহুত্ববাদী চরিত্রের পক্ষে অশুভ। মোদির মুখ থেকে এর বিরুদ্ধে একটা কথাও আজ পর্যন্ত শোনা যায়নি। গরু নিয়ে বাড়াবাড়িতে মাংস রপ্তানি ও চামড়াশিল্পে হাঁসফাঁস বেড়ে চলেছে। কর্মসংস্থানের করুণ চালচিত্রে যা মড়ার উপর খাঁড়ার ঘা। অথচ মোদি নীরব!

তিন বছর আগে শপথ নেওয়ার দিন প্রতিবেশীদের মনে যে ইতিবাচক বার্তা মোদি ছড়িয়ে দিয়েছিলেন, আজ তা অনেকটাই ঢিলেঢালা। পাকিস্তানের সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ। সীমান্তে নিত্য ঠোকাঠুকি চলছে। নেপাল তার স্বাধীনচেতা মনোভাবের রাস্তা থেকে সরতে নারাজ। ভারতের সঙ্গে তাদের সম্পর্কটা আজ যতটা মধুর, তার চেয়ে অনেক বেশি অম্ল। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো থেকে দুর্দান্ত ভালোয় উঠেও তিস্তার কারণে থমকে গিয়ে কিছুটা নিম্নগামী। বাংলাদেশের ভারতবিরোধীরা এর সুযোগ নেবে, এটাই স্বাভাবিক। চীন-ভারত সম্পর্ক কোন দিকে মোড় নেবে, বলা কঠিন। দালাই লামার অরুণাচল সফর এবং ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ সম্মেলনে ভারতের অনুপস্থিতি সম্পর্কের রসায়ন গুলিয়ে দিয়েছে। চীনের দোসর পাকিস্তান কোণঠাসা হয়েও কাশ্মীরে তৎপরতা বাড়িয়ে চলেছে। কাশ্মীর নিয়ে মোদির ভারত লেজে-গোবরে! তিন বছর আগে কাশ্মীর পরিস্থিতি এত খারাপ অবশ্যই ছিল না।

আগামী দুই বছরে মোদির বিজেপি ও সরকারের রোডম্যাপ কী? প্রথম কাজ রাইসিনা হিলসে রাষ্ট্রপতি হিসেবে নিজেদের আদর্শ ও নীতিতে বিশ্বাসী কাউকে বসানো। ২০২৪ সাল পর্যন্ত আরও পাঁচ বছরের জন্য দেশ শাসনের ছাড়পত্র পেতে তিনি মাছের চোখ করেছেন পশ্চিমবঙ্গ, ওডিশা, তামিলনাড়ু ও কেরালাকে। এই চার রাজ্যে ১২২টি লোকসভা আসনের মধ্যে তাঁদের রয়েছে মাত্র চারটি। তামিলনাড়ুর সুপারস্টার রজনী কান্তকে ধরতে বিজেপি ছিপ ফেলেছে। ওডিশার হাওয়াও বেশ অনুকূল। কেরালায় চেষ্টার ত্রুটি রাখছে না। পশ্চিমবঙ্গ কঠিন ঠাঁই হলেও আশায় বুক বাঁধছেন মোদি-শাহ জুটি।

মোদি ও বিজেপি গত তিন বছরে সমার্থক হয়ে গেছে। তিন বছর আগে তাঁর নামেই যাত্রা শুরু। এখন তাঁর নামেই ভোট, তিনিই দল, তিনিই সরকার। তিনিই একমাত্র সচল। তিনি চললে সব চলমান, অচল হলে ভরাডুবি। আগামী দুই বছরও দল ও সরকারে মোদি ছাড়া বাকি সব অনিত্য।

সৌম্য বন্দ্যোপাধ্যায়: প্রথম আলোর নয়াদিল্লি প্রতিনিধি।