তিস্তা দিয়ে শুরু হোক আইনি লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের নদীগুলোর ৫৩টিরই উৎস হচ্ছে ভারত। উজানের দেশ হওয়ায় এবং নদী নিয়ে আন্তর্জাতিক কোনো আইন না থাকায় তারা একতরফা পানি প্রত্যাহার করে আসছিল। সে জন্য বাংলাদেশে, বিশেষ করে শুষ্ক মৌসুমে পানির তীব্র সংকট দেখা দেয়। তখন আমাদের দেশের নদী ও পরিবেশবিষয়ক সংঠনগুলো পানির জন্য আন্দোলন করতে থাকে। অভিন্ন নদীতে অভিন্ন অধিকার প্রতিষ্ঠিত হোক—এ রকম লক্ষ্য থেকে আন্দোলন করা হলেও বাস্তবে আমরা তার কোনো ফল পাই না। সরকারি পর্যায়ে যে চেষ্টা হয়, সেই চেষ্টাকে ভারত আমলে নেয় না। এই অবস্থায় আমরা অসহায় বোধ করতে থাকি। আমাদের ভাবতে হয়, কীভাবে বর্ষা মৌসুমের পানি ধরে রেখে সারা বছর পানির চাহিদা পূরণ করা যায়। আমরা যারা নদীবিষয়ক সংগঠনের সঙ্গে যুক্ত, তারা একটি দূরবর্তী সম্ভাবনার দিকে তাকিয়ে ছিলাম। সেটি হচ্ছে ১৯৯৭ সালের জাতিসংঘের গৃহীত ‘কনভেনশন অন দ্য ল অব দ্য নন-নেভিগেশনাল ইউজেস অব ইন্টারন্যাশনাল ওয়াটার কোর্সেস (আন্তর্জাতিক পানিপ্রবাহ কনভেনশন) কখন আইনে পরিণত হয়, তার দিকে।
১৯৯৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ১০৬টি দেশের ভোটে ‘আন্তর্জাতিক পানিপ্রবাহ কনভেনশন’-এর খসড়া অনুমোদিত হয়। কনভেনশনটি দুটি পর্যায়ে বিভক্ত। প্রথম পর্বে ৩৭টি আর্টিকেল এবং দ্বিতীয় পর্বে আরবিট্রেশনে ১৪টি আর্টিকেল রয়েছে। প্রথম অধ্যায়ের ৩৬তম আর্টিকেলে বলা হয়েছে, কনভেনশন আইনে পরিণত করার জন্য ৩৫টি দেশের অনুসমর্থন (র্যাটিফিকেশন, অ্যাকসেপটেনস, অ্যাপ্রোভাল বা এক্সসেশনস) প্রয়োজন হবে এবং ৩৫তম দেশ অনুসমর্থন দেওয়ার অব্যবহিত ৯০ দিন পর এ আইন কার্যকর হবে। যখন জাতিসংঘ ১০৬ ভোটে এই কনভেনশন অনুমোদন করে, তখন বাংলাদেশও ভোট প্রদান করে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশ এই কনভেনশন আইনে পরিণত করার জন্য অনুসমর্থন জানায়নি। অথচ বাংলাদেশের অনুসমর্থন করাটা ছিল জরুরি। নদী ও পরিবেশবিষয়ক অনেক সংগঠনের পক্ষ থেকে সভা-সেমিনার-মানববন্ধনসহ নানা কর্মসূচি গ্রহণ করা হলেও বাংলাদেশ অজ্ঞাত কারণে অনুসমর্থন করা থেকে বিরত থেকেছে। বাংলাদেশ অনুসমর্থন না জানালেও ৩৫তম দেশ হিসেবে এ বছরের ১৯ মে অনুসমর্থন জানিয়েছে ভিয়েতনাম। ১৯ মের পর ৯০ দিন গণনা করলে ১৭ আগস্ট থেকে কনভেনশনটি এখন আইনে পরিণত হয়। বাংলাদেশ অনুসমর্থন না জানালেও আন্তর্জাতিক আদালতে নদী-সমস্যা নিয়ে প্রতিকার চাইতে পারবে। জাতিসংঘ গৃহীত কনভেনশনটিতে নদী অধিকার নিশ্চিত করতে বিস্তারিত আলোকপাত করা হয়েছে। একাধিক দেশের ওপর দিয়ে প্রবাহিত উজানের নদীতে যেকোনো পদক্ষেপ গ্রহণ করতে হলে ভাটির দেশকে তা অবশ্যই জানাতে হবে এবং তাদেরও মতামত গ্রহণ করতে হবে। যদি ভাটির দেশের কোনো ক্ষতি হয়, সেই ক্ষতি সমঝোতা সাপেক্ষে পূরণ করবে উজানের দেশ। কনভেনশনটির ৩৩ ধারায় বিরোধ নিষ্পত্তির পদ্ধতি উল্লেখ করা হয়েছে। যদি উভয় পক্ষ সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়, তাহলে বিষয়টির প্রতিকার চেয়ে ৩৩-এর ২ ধারা অনুযায়ী আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হওয়ার নির্দেশনাও রয়েছে।
উল্লিখিত আইন বিশ্বব্যাপী নদী-সমস্যা সমাধানের একটি শক্ত হাতিয়ার বলেই বিবেচিত হবে। আন্তর্জাতিক আদালতে যে রায় পাওয়া যায়, তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের সমুদ্রজয়। হেগের সালিসি আদালতের রায়েই তো আমাদের সমুদ্রজয় সম্ভব হয়েছে। তা-ই যদি হয়, তাহলে ভারতের কাছে থেকে আমাদের নদীতে অধিকার আদায় করা কঠিন কিছু হবে না।
ভারত ‘আন্তনদী সংযোগ’-এর নামে যে ‘বেসিন সংযোগ প্রকল্প’ হাতে নিয়েছে, তাতে বাংলাদেশের নদীগুলো হুমকির সম্মুখীন হবে। শুধু তা-ই নয়, বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করার জন্য ভারতের এই এক উদ্যোগই যথেষ্ট। আন্তর্জাতিক আইন না থাকার কারণে ভারতের করুণার জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছিল। আমরা আশা করি, বাংলাদেশ সরকারও এখন নদী অধিকার প্রসঙ্গে শক্ত ভূমিকা গ্রহণ করতে পারবে। অন্যদিকে, ভারতও নিশ্চয় সমাধানমুখী আলোচনায় সাড়া দেবে। এতে করে শুধু ভারত পানি প্রত্যাহার করা থেকে নিবৃত্ত হবে না, সেই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ভারতের যে অভিন্ন নদীগুলোয় বিদ্যুৎ উৎপাদন করছে, সেখানেও বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হবে।
জাতিসংঘ যখন কনভেনশনটি হওয়া উচিত কি না মর্মে ভোট গ্রহণ করে, তখন ভারত, পাকিস্তান ও চীন ভোট দেওয়া থেকে বিরত থাকে। এর কারণ, তারা মূলত অভিন্ন নদীতে অভিন্ন অধিকার চায় না। বাংলাদেশ শক্ত অবস্থানে থেকে নতুন করে ভারতের সঙ্গে কূটনৈতিক তৎপরতা চালাতে পারে। প্রয়োজনে আন্তনদী কমিশনও বর্তমান আইনের আলোকে আলোচনার সূত্রপাত করতে পারে।
নদী নিয়ে বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত তিস্তা নদী। ভারত তিস্তার পানি একতরফা প্রত্যাহার করার কারণে উত্তরের জনজীবনে ভীষণ রকম নেতিবাচক প্রভাব ফেলেছে। শুধু পানি প্রত্যাহারই নয়, ভারতের গজলডোবার উজানে অনেকগুলো জলবিদ্যুৎকেন্দ্রও স্থাপন করেছে। বাংলাদেশ যদি তিস্তা নদী নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় অধিকার প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হয়, তাহলে উল্লিখিত কনভেনশন অনুযায়ী আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হতে পারে।
তবে আমরা বিশ্বাস করতে চাই, বন্ধুপ্রতিম দেশ হিসেবে ভারতের সঙ্গে আমাদের নদী-সমস্যা নিজেদের মধ্যে আলোচনাতেই সমাধান হবে। অনুমান করা যায়, তিস্তা নদী নিয়ে আন্তর্জাতিক আদালতে গেলেই আমরা এর প্রতিকার পাব। সে ক্ষেত্রে একটি নদীতে আইনি অধিকার প্রতিষ্ঠিত হলে অন্য নদীগুলোয় তা প্রয়োগ করা কঠিন কিছু হবে না।
নদী রক্ষার জন্য ‘আন্তর্জাতিক পানিপ্রবাহ কনভেনশন’ ১৭ আগস্ট ২০১৪ থেকে কার্যকর হচ্ছে বলে দিনটি পৃথিবীর অনেক দেশের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জন্য কিছুটা বেশিই। রিভারাইন পিপল তাই ১৭ আগস্টকে নদী অধিকার দিবস ঘোষণা করেছে এবং এ বছর ‘আমাদের নদী আমাদের অধিকার’ প্রতিপাদ্যের আলোকে নদী দিবস পালন করছে। নদী বিপর্যস্ত হলে জীবন বিপর্যস্ত হবে। আমরা উত্তর প্রজন্মের জন্য একটি পরিবেশবান্ধব পৃথিবী রেখে যেতে চাই।

তুহিন ওয়াদুদ: শিক্ষক, বাংলা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
[email protected]