তুমি রবে নীরবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা যারা বর্ডার ক্রস করে যুদ্ধে অংশ নিতে পারি নি, তাদের কিন্তু দেশে বসেও অনেক কিছু করার আছে।’—শরীফ ইমাম, ২২ মে, ১৯৭১ [একাত্তরের দিনগুলি]ডিসেম্বর—বিজয়ের মাস, পয়লা ডিসেম্বর থেকেই আমরা বিজয় উদ্যাপনের প্রস্তুতি নিই। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে আমরা স্মরণ করি আমাদের শ্রেষ্ঠ সন্তানদের, যাঁদের পাকিস্তানি বাহিনী ও তাদের এ দেশীয় দোসর আলবদর, আলশামস ঘর থেকে তুলে নিয়ে নির্মমভাবে হত্যা করে। কিন্তু একাত্তরের সেসব উত্তাল দিনে আমাদের মাঝে এমন মানুষও ছিলেন, যাঁরা নীরবে মুক্তিযুদ্ধের জন্য কাজ করে গেছেন, জীবন উৎসর্গ করে গেছেন স্বাধীনতার বেদিমূলে। তেমনই একজন ব্যক্তিত্ব শরীফ ইমাম। পুরো নাম শরীফুল আলম ইমাম আহমেদ। সে সময়কার ঢাকার প্রকৌশলজগতে কৃতী প্রকৌশলী হিসেবে পরিচিত ছিলেন। বাংলাদেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগী ইমাম পরিবারের কর্ণধার ছিলেন শরীফ ইমাম, যাঁঁর উদার মনোভাব এবং সহযোগিতার কারণে স্ত্রী জাহানারা ইমাম শিক্ষা, কর্মক্ষেত্র, সামাজিক পটভূমি—সব দিক দিয়ে নিজেকে বিকশিত করতে পেরেছিলেন। যাঁর যোগ্য নেতৃত্বে বিকশিত হতে পেরেছিল তরুণ রুমীর ব্যক্তিত্ব, মেধা ও দেশপ্রেম। শরীফ ইমাম বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ, শিবপুর, কলকাতা থেকে ১৯৪৮ সালে ইঞ্জিনিয়ারিং (সিভিল) পাস করে কমিউনিকেশন অ্যান্ড বিল্ডিংস (সিঅ্যান্ডবি), গভর্নমেন্ট অব ইস্ট বেঙ্গলের ডিজাইন বিভাগে যোগদান করেন। ১৯৬৮ সালে সরকারি চাকরি ছেড়ে দিয়ে শরীফ ইমাম ‘দি ইঞ্জিনিয়ারস লিমিটেড’-এ যোগদান করেন। পরবর্তী সময়ে তিনি ‘দি ইস্ট পাকিস্তান কনসালট্যান্টস’-এ যোগদান করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত সেখানেই কর্মরত ছিলেন।২৯ মার্চ, ১৯৭১ সালে বড় ছেলে রুমীর ২০তম জন্মদিনে তাঁকে উৎসর্গ করে দিলেন দেশের জন্য। বাবা-মায়ের আশীর্বাদ নিয়ে রুমী মুক্তিযুদ্ধে চলে গেলে শরীফ ইমাম আরও সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হন। শরীফ ইমাম তাঁর অন্যান্য বন্ধু ও সহকর্মীদের সহযোগিতায় টাকা সংগ্রহ করে অল্প অল্প করে মুক্তিযোদ্ধাদের কাছে পাঠানোর ব্যবস্থা করতেন। প্রকৌশলী শরীফ ইমাম তাঁর পেশাগত জীবনের জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগান আমাদের মহান মুক্তিযুদ্ধে। সেক্টর কমান্ডার খালেদ মোশাররফ বাংলাদেশের সব কটি ব্রিজ ও কালভার্টের তালিকা চেয়ে সেক্টর-২-এর দুজন মুক্তিযোদ্ধা হাবিবুল আলম ও শাহাদত চৌধুরীকে শরীফ ইমামের কাছে পাঠান—উদ্দেশ্য ছিল ভেতরে যতগুলো ব্রিজ আর কালভার্ট ভেঙে পাকিস্তানি সেনাবাহিনীর যোগাযোগ ও চলাচল-ব্যবস্থাকে অচল করে দেওয়া। এ প্রসঙ্গে জাহানারা ইমাম তাঁর একাত্তরের দিনগুলি গ্রন্থে বলেন ‘গত তিন দিন ধরে বাঁকা আর শরীফের নাওয়া-খাওয়া বলে কিছু নেই। সারা দেশের সবগুলো ব্রিজ আর কালভার্টের তালিকা বানানো মুখের কথা নয়। ৩,৫০০টি ব্রিজ আর কালভার্ট। বেশি লোক জানাজানি হলে চলবে না। শরীফ ও বাঁকার হাতের লেখা যাতে চেনা না যায়, সেজন্য দুজনের হাতের লেখা অংশগুলো অন্য একজনকে দিয়ে আবার কপি করানো হয়েছে।’ ইঞ্জিনিয়ারস লিমিটেডের অফিসের ওপর আইবির নজরদারি থাকায় বিচক্ষণ শরীফ ইমাম মুক্তিযোদ্ধা দুজনকে অফিসের পরিবর্তে তাঁর বাসা থেকে তালিকা সংগ্রহ করার জন্য বলেন। তাঁর এই সহযোগিতার কারণে খালেদ মোশাররফ ছেলেদের অকুস্থলে না পাঠিয়ে ম্যাপ দেখেই ব্রিজ নির্ধারণ করে অপারেশনে পাঠাতে পারতেন। শুধু তা-ই নয়, ২৫ আগস্ট ধানমন্ডিতে দুর্ধর্ষ অপারেশন সেরে আসা রুমী এবং তাঁর দলের অস্ত্রশস্ত্র নিজ বাসভবনে লুকিয়ে রাখার ব্যাপারে শরীফ ইমাম সর্বাত্মক সহযোগিতা করেন।১৯৭১ সালে শরীফ ইমামের বাসভবন ‘কণিকা’ আমাদের মহান মুক্তিযুদ্ধের অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী। বাড়িটিতে ছিল ক্র্যাক প্লাটুনের সদস্যদের নিয়মিত আসা-যাওয়া, অপারেশনের পরিকল্পনাস্থল, অপারেশন শেষে অস্ত্র লুকিয়ে রাখা হয় এই বাড়ির পানির হাউসে। এই বাড়ি থেকে ২৯ আগস্ট রাত ১২টায় পাকিস্তানি বাহিনী ধরে নিয়ে যায় শরীফ ইমাম, তাঁর দুই ছেলে মুক্তিযোদ্ধা রুমী, জামীসহ পরিবারের অন্য পুরুষ সদস্যদের। উল্লেখ্য, বর্তমানে মূল ‘কণিকা’-এর স্থলে স্থাপিত বহুতল ভবনে শরীফ ইমামের ছোট ছেলে সাইফ ইমামের ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে ‘শহীদজননী জাহানারা ইমাম স্মৃতি জাদুঘর’।পাকিস্তানি বাহিনীর বন্দিশিবিরে দুই দিন অমানুষিক শারীরিক ও মানসিক নির্যাতন শেষে ৩১ আগস্ট শরীফ ইমাম ফিরে আসেন অন্য সদস্যদের নিয়ে। কিন্তু রুমীকে ছাড়েনি পাকিস্তানি বাহিনী। রুমীকে উদ্ধার করার জন্য শরীফ ইমামের বন্ধু বাঁকা ও ফকির সাহেব মার্সি পিটিশন করার কথা বললে শরীফ ইমাম তাতে রাজি হননি। খুনি সরকারের কাছে রুমীর প্রাণভিক্ষা চেয়ে দয়াভিক্ষা করা মানেই রুমীর আদর্শকে অপমান করা, রুমীর উঁচু মাথা হেঁট করা। ছেলের জীবনের চাইতে তিনি দেশ এবং ছেলের আত্মসম্মানকেই প্রাধান্য দেন। রুমীর আদর্শকে সমুন্নত রাখার জন্য তিনি নতি স্বীকার করেননি সামরিক জান্তাদের কাছে। এমনই দৃঢ়চেতা ও প্রখর ব্যক্তিত্বসম্পন্ন দেশপ্রেমিক ছিলেন শরীফ ইমাম। তিনি সিদ্ধান্ত নেন অন্যভাবে রুমীকে বের করে আনার যত রকম চেষ্টা আছে, সব তিনি করবেন, কিন্তু মার্সি পিটিশন করে নয়। জাহানারা ইমাম বলেন, ‘স্তব্ধ পাষাণের মত চেহারা শরীফের, তারপর আর হাসেনি। হাসেনি কিন্তু মুক্তিযুদ্ধের জন্য কাজও বন্ধ করেনি। তার একরোখা চরিত্রের সবটুকু প্রতিবাদ এবং প্রতিরোধ পুঞ্জীভূত হয়ে উঠেছিল মুক্তিযোদ্ধাদের জন্য গোপন সাহায্য প্রস্তুতির মধ্য দিয়ে।’যে স্বাধীনতার জন্য বিসর্জন দিলেন প্রাণপ্রিয় ছেলেকে, নিজে সহ্য করলেন পাকিস্তানি বাহিনীর চরম নির্যাতন আর অপমান—স্বাধীনতার দ্বারপ্রান্তে উপনীত হয়েও দেখে যেতে পারলেন না কাঙ্ক্ষিত সেই দিন—১৬ ডিসেম্বর, ১৯৭১। ৪১ বছর আগে ১৯৭১ সালের এই দিনে হূদেরাগে আক্রান্ত হয়ে চিরতরে পর্দার অন্তরালে চলে যান মুুক্তিযুদ্ধের এই নেপথ্য নায়ক—শরীফ ইমাম। আমরা কি মঞ্চের অন্তরালে থাকা শরীফ ইমামের মতো নীরব কর্মীদের অবদান কখনো ভুলতে পারি? তিনি আছেন, থাকবেন, নীরবে, অন্তরালে, আমাদের সবার অন্তরে অন্তরে।মইন উল আলমশহীদজননী জাহানারা ইমাম স্মৃতি জাদুঘর