তুরস্ককে গুরুত্ব দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্ল বিল্ড
কার্ল বিল্ড

অথচ একেপি ও গুলেনবাদীরা একসময় জোট বেঁধে কামালের ‘গভীর রাষ্ট্রের’ উপাদান দূর করার চেষ্টা করেছেন। অভিযোগ আছে, কামাল আতাতুর্ক ধর্মনিরপেক্ষ কর্মসূচি বাস্তবায়নের জন্য গণতন্ত্রবিরোধী ও জাতীয়তাবাদীদের নিরাপত্তা বাহিনীর মধ্যে ঢুকিয়েছিলেন। এই প্রক্রিয়ার অংশ হিসেবে তাঁরা তুরস্কের জ্যেষ্ঠ জেনারেলদের লোকদেখানো বিচার করেছিলেন। অনেকেই মনে করেন, এ কারণেই তুরস্ক গোল্লায় যেতে বসেছে। এরপর গুলেনবাদীরা পুলিশ, বিচার বিভাগ ও সেনাবাহিনীতে ঢুকেছে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। ফলে সরকার ধীরে ধীরে কর্তৃত্বপরায়ণ হয়েছে। আর জুলাইয়ের ব্যর্থ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই নীরব গৃহযুদ্ধ সরব হয়েছে। অনেক পর্যবেক্ষকই মনে করেন, গুলেনবাদীরা এই অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করেছিলেন। যদিও গুলেন সে অভিযোগ অস্বীকার করেছেন। অভ্যুত্থান সফল হলে তুরস্কে এক দীর্ঘ গৃহযুদ্ধ শুরু হয়ে যেত, যার কূলকিনারা দেখা যেত না। গণতন্ত্রের সব আশা নির্বাপিত হতো। এই অভ্যুত্থানচেষ্টার একটি ভালো দিক হলো, বহু বছরের বিভাজনের পর তুরস্কের গণতন্ত্রকামী শক্তিগুলো একত্র হতে পেরেছে। পশ্চিম এ সময় তুরস্কের পাশে দাঁড়ায়নি, ব্যাপারটা বিস্ময়কর। কিন্তু ভ্লাদিমির পুতিনের তুরস্কের পাশে দাঁড়ানোর ব্যাপারটা পশ্চিমা দেশগুলোর জন্য ভালো হবে না।

তুরস্ক যে এখন গুলেনবাদীদের ক্ষমতা থেকে সরাতে চাইছে, তাতে বিস্ময়ের কিছু নেই। অন্য কোনো রাষ্ট্রও ভেতর থেকে বিদ্রোহের সম্মুখীন হলে একই কাজ করত। এখন সেখানে অন্যায় হচ্ছে তা ঠিক, কিন্তু আমাদের উচিত, নিজেদের শাসকের আসনে বসিয়ে ব্যাপারটা চিন্তা করা। তবে তুরস্কের জ্যেষ্ঠ কর্মকর্তারা কাউন্সিল অব ইউরোপ সেক্রেটারি জেনারেলের সঙ্গে বৈঠকে বলেছেন, ‘কাউন্সিলের সদস্যপদের বিধান অনুসারে আমরা আইনের শাসন বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আর অস্থির পরিস্থিতির অবসান হলে কাউন্সিল যেকোনো সময় ব্যাপারটা খতিয়ে দেখতে পারে।’ তুরস্ক এক ঐতিহাসিক যুগসন্ধিক্ষণে উপনীত হয়েছে। কিন্তু দেশটি কোথায় যাচ্ছে, তা বলার সময় এখনো আসেনি। মেরুকরণ ও কর্তৃত্ববাদের ধারা যদি চলতে থাকে, তাহলে দেশটির ভেঙে পড়ার উপক্রম হবে। কিন্তু গণতন্ত্রের প্রতি অভিন্ন অঙ্গীকার নিয়ে যদি জাতীয় ঐক্য গড়ে ওঠে, তাহলে তুরস্কের রাজনৈতিক পরিবেশের উন্নতি হবে। ইউরোপের সঙ্গে একত্র হওয়ার নতুন আশা তৈরি হবে। তুরস্কের ব্যাপারে পশ্চিমের মনোভাবের গুরুত্ব আছে। পশ্চিমা কূটনীতিকদের জোর তৎপরতা শুরু করতে হবে, যাতে এমন ফলাফল বের করে আনা যায়, যার গণতান্ত্রিক মূল্য আছে, যা পশ্চিমা ও তুর্কি স্বার্থ একইভাবে রক্ষা করতে পারে।

গণতান্ত্রিক ও আধুনিক তুরস্ক মুসলিম বিশ্বের সংস্কার ও আধুনিকতার সূত্রপাত করতে পারে। কিন্তু বিচ্ছিন্ন ও কর্তৃত্বপরায়ণ তুরস্ক ইউরোপের পূর্ব সীমান্তে গোলযোগ সৃষ্টি করতে পারে।

অনুবাদ: প্রতীক বর্ধন, স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট।

কার্ল বিল্ড: সুইডেনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী।