তুরস্কে গণতন্ত্র টিকে থাকুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেতুল্লা গুলেন
ফেতুল্লা গুলেন

এ মাসে যখন তুরস্কে অভ্যুত্থানের চেষ্টা হলো, তখন আমি খুব কঠোরভাবে এর সমালোচনা করেছিলাম। আমি বলেছিলাম, ‘অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে হয়, বলপ্রয়োগ করে নয়। তুরস্কের জন্য আমি দোয়া করেছি, তুরস্কের জনগণ ও যারা এ মুহূর্তে তুরস্কে আছে তাদের জন্যও, যাতে দ্রুত ও শান্তিপূর্ণভাবে পরিস্থিতির সমাধান করা যায়।’
তুরস্কের তিনটি প্রধান বিরোধী দলের মতো আমিও দ্ব্যর্থহীনভাবে অভ্যুত্থানচেষ্টার সমালোচনা করেছিলাম। কিন্তু তা সত্ত্বেও ক্রমেই কর্তৃত্ববাদী হয়ে ওঠা প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সঙ্গে সঙ্গে আমাকে অভিযুক্ত করলেন, আমি নাকি এই অভ্যুত্থানচেষ্টার নায়ক। তিনি দাবি করলেন, যুক্তরাষ্ট্র যাতে আমাকে পেনসিলভানিয়ার বাড়ি থেকে বের করে দেয়, যেখানে ১৯৯৯ সাল থেকে আমি স্বেচ্ছানির্বাসনে আছি।
এরদোয়ানের সঙ্গে আমার বিশ্বাসের দ্বন্দ্ব রয়েছে। তিনি দায়িত্বজ্ঞানহীন ও ভুল কথা বলছেন। আমার দর্শন সশস্ত্র বিদ্রোহের বিরুদ্ধে। আমি অন্তর্ভুক্তিমূলক ও বহুত্ববাদী ইসলামের কথা বলি। আজ ৪০ বছরেরও বেশি সময় ধরে আমি হিজমত আন্দোলনের সঙ্গে যুক্ত। এই হিজমত হচ্ছে সেবার তুর্কি প্রতিশব্দ। এই হিজমত আন্দোলন জনগণের সমর্থনপুষ্ট সরকারের কথা বলে, যারা সব ধর্ম, রাজনৈতিক মত ও নৃগোষ্ঠীর অধিকার সংরক্ষণের পক্ষপাতী। হিজমতের মূল্যবোধে অনুপ্রাণিত উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীরা ১৫০টিরও বেশি দেশে শিক্ষা ও সমাজসেবায় বিনিয়োগ করেছে।
পাশ্চাত্য গণতন্ত্র যখন মধ্যপন্থী মুসলিম শক্তির খোঁজ করছিল, তখন আমি ও আমার হিজমত বন্ধুরা চরমপন্থীদের সহিংসতার বিরুদ্ধে পরিষ্কার অবস্থান নিয়েছিলাম। সেই ৯/১১-এ আল-কায়েদার সন্ত্রাসী হামলা থেকে শুরু করে বোকো হারামের অপহরণ—আমরা সব ধরনের সন্ত্রাসবাদেরই বিরোধিতা করেছি। সন্ত্রাসবাদের বিরোধিতা করা ছাড়াও আমরা মুসলিম তরুণদের এতে জড়িত হওয়া থেকে বিরত রাখারও প্রতিশ্রুতি দিয়েছি। একই সঙ্গে আমরা শান্তিকামী ও বহুত্ববাদী মন গড়ে তোলায় জোর দিই।
আমি সারা জীবন ধরেই অভ্যন্তরীণ রাজনীতিতে সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করেছি। বস্তুত বহু বছর ধরে আমি গণতন্ত্রের দাবি করে আসছি। তুরস্কে গত চার দশকে চারটি সামরিক অভ্যুত্থান হয়েছে, আমি নিজেও যার নিপীড়নের শিকার হয়েছি, ফলে আমি চাই না, তুরস্কের নাগরিকেরা আবারও সেই দুর্দশা সহ্য করুক। হিজমতের কোনো সদস্য যদি অভ্যুত্থানচেষ্টার সঙ্গে জড়িত থাকেন, তাহলে তিনি আমার চিন্তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। আর এরদোয়ান যে আমার দিকে আঙুল তুলেছেন, তাতে কিন্তু বিস্ময়ের কিছু নেই। তিনি আমার সম্পর্কে কী বলেছেন, সেটা কোনো সমস্যা নয়। তাঁর কর্মকাণ্ডে বোঝা যায়, তিনি ক্রমেই এক ব্যক্তির শাসনের দিকে এগোচ্ছেন।
তুরস্কের অন্য নাগরিকদের মতো হিজমত আন্দোলনের অংশগ্রহণকারীরাও এরদোয়ানের প্রাথমিক পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছিলেন: গণতন্ত্রায়ণ ও ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ প্রাপ্তির শর্ত পূরণ। কিন্তু তিনি যখন গণতন্ত্র থেকে একনায়কত্বের দিকে হাঁটা শুরু করেন, তখন আমরা নিশ্চুপ থাকিনি। তিনি অযৌক্তিকভাবে সংবাদপত্র বন্ধ করে দিয়েছেন। একই সঙ্গে তিনি হাজার হাজার বিচারক, আইনজীবী, পুলিশ কর্মকর্তা ও বেসামরিক কর্মকর্তাদের পদচ্যুত করেছেন। তিনি বিশেষ করে কুর্দিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন। এরদোয়ান তাঁর নিন্দুকদের রাষ্ট্রের শত্রু হিসেবে আখ্যা দিয়েছিলেন।
হিজমত প্রেসিডেন্টের কোপানলে পড়েছে। ২০১৩ সালে এরদোয়ান তুর্কি আমলাতন্ত্রের মধ্যে হিজমতের প্রতি সহানুভূতিশীল ব্যক্তিদের দিকে তোপ দাগেন। কারণ, তাঁরা মন্ত্রী ও এরদোয়ানের অন্যান্য ঘনিষ্ঠ সহযোগীদের অভিযুক্ত করে এক তদন্ত প্রতিবেদন দিয়েছিলেন। ফলে বিচার বিভাগ ও পুলিশ বাহিনীর বহু সদস্যকে স্রেফ দায়িত্ব পালনের কারণে বিতাড়ন ও গ্রেপ্তার করা হয়েছিল।
এরদোয়ান যখন ২০১৪ সালে ১১ বছর প্রধানমন্ত্রী থাকার পর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন, তখন তিনি তুরস্ককে সংসদীয় গণতন্ত্র থেকে ‘এক্সিকিউটিভ প্রেসিডেন্সি’তে রূপান্তরিত করার চেষ্টা করেন, যেখানে তাঁর ক্ষমতা চ্যালেঞ্জহীন থাকবে। কদিন আগেই তিনি বলেছেন, অভ্যুত্থানটা ছিল আসলে ‘আল্লাহর উপহার’, কথাটা খুবই বিপজ্জনক। কারণ, তিনি এই সুযোগে সরকারি সংস্থাগুলো থেকে ভিন্নমতাবলম্বীদের আরও বেশি করে বিতাড়ন করতে চান: এখন পর্যন্ত ৭০ হাজার মানুষকে চাকরিচ্যুত করা হয়েছে। এ ছাড়া তিনি হিজমত ও অন্যান্য নাগরিক সংগঠনের ওপরও হামলে পড়তে চান। বন্দিশিবিরগুলোতে বন্দীদের ওপর ধর্ষণসহ নানা রকম নির্যাতন করা হচ্ছে। ফলে এরদোয়ানের সরকার যে ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইটস স্থগিত করে জরুরি অবস্থা জারি করেছে, তাতে বিস্ময়ের কিছু নেই।
প্রেসিডেন্ট এরদোয়ান আবার আইএসবিরোধী আন্তর্জাতিক জোটে তাঁর দেশের সমর্থন কমিয়ে দেওয়ার হুমকি দিয়ে যুক্তরাষ্ট্রকে ব্ল্যাকমেল করছেন। আমাকে যুক্তরাষ্ট্র থেকে তাড়ানোই তাঁর লক্ষ্য, যদিও আমার বিরুদ্ধে বিশ্বাসযোগ্য সাক্ষ্য-প্রমাণ নেই। এরদোয়ান যা চান সেটা তাঁকে দেওয়ার একটা প্রলোভন আছে, যার কারণটা বোধগম্য। কিন্তু যুক্তরাষ্ট্রকে সেই লোভ সংবরণ করতে হবে। তুরস্কে যে এরদোয়ানের সরকার একনায়কতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে, তাতে দেশটির জনগণ গোত্রে-গোত্রে, দলে-দলে, ধর্মে-ধর্মে, জাতিতে-জাতিতে বিভক্ত হয়ে পড়ছে। এতে গোঁড়া মানুষদের বাড়বাড়ন্ত হচ্ছে।
ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময়ে শান্তি পুনরুদ্ধারে ও মধ্যপ্রাচ্যের গণতন্ত্র সুরক্ষায় যুক্তরাষ্ট্রের উচিত হবে এরদোয়ানের মতো একজন একনায়ককে পাত্তা না দেওয়া, যিনি তাঁর বিরুদ্ধে পরিচালিত এক ব্যর্থ অভ্যুত্থানকে সাংবিধানিক সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানে পরিণত করছেন, যার নেতা স্বয়ং তিনি।
অনুবাদ: প্রতীক বর্ধন, নিউইয়র্ক টাইমস থেকে নেওয়া।
ফেতুল্লা গুলেন: মার্কিন প্রবাসী তুর্কি ধর্মীয় নেতা।