তুরস্কের এই প্রতিক্রিয়া কেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশ কার্যকর হওয়ার পরপরই পাকিস্তানের পার্লামেন্টে এর তীব্র সমালোচনা হয়েছে। প্রায় সঙ্গে সঙ্গেই বাংলাদেশ এর প্রতিবাদ জানিয়েছে। দুই দেশই এরপর অপর দেশের দূতকে ডাকিয়ে একরকম শাসিয়েছেই বলা চলে। এমনটা আগেও হয়েছিল এবং এবারও যে হাজার মাইল দূর থেকে পাকিস্তানের ফাঁকা আস্ফালন ভেসে আসবে, সবারই তা জানা ছিল।
কিন্তু অবাক হওয়ার বিষয় হচ্ছে পাকিস্তান ছাড়াও আরেকটি দেশ এ বিষয়ে সোচ্চার; আর সেটা হচ্ছে তুরস্ক। আর শুধু প্রতিবাদ করেই ক্ষান্ত হয়নি তুরস্ক; তাদের দূতকে দেশে ডেকে নিয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, সৌদি আরব, কুয়েত, কাতার, যাদের আমরা প্রকৃত ও রক্ষণশীল ইসলামের ধারক ও বাহক হিসেবে জানি, তাদের ছাপিয়ে অপেক্ষাকৃত আধুনিক ও প্রগতিশীল তুরস্ক কেন এ ব্যাপারে বেশি সোচ্চার?
এর কারণটা শুধু ধর্মভিত্তিক আদর্শ নয়। আসল কারণ জানতে হলে ইতিহাসের দিকে তাকাতে হবে। বহু প্রাচীনকাল থেকেই তুরস্কের বিস্তৃত আনাতলিয়ার মালভূমিতে খ্রিষ্ট ধর্মাবলম্বী আর্মেনিয়ানদের বসবাস। অটোমান সাম্রাজ্যের ৬০০ বছর পেরিয়ে প্রথম বিশ্বযুদ্ধের প্রাক্কালে এদের সংখ্যা এসে দাঁড়ায় প্রায় ২০ লাখের কাছাকাছি। তুরস্কে ওই সময় আর্মেনিয়ান ছাড়াও প্রচুর গ্রিক এবং অ্যাসিরীয়দের বাস ছিল। এসব সংখ্যালঘুকে ‘মেলেত’ বলা হতো। এরা একপ্রকার ওই অঞ্চলগুলোর আদিবাসী বললেও ভুল হবে না। অটোমানদের সঙ্গে আর্মেনিয়ানদের সম্পর্ক ছিল শান্তির আর তারা বিশ্বস্ত হিসেবে পরিগণিত হতো।
ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে অটোমান সাম্রাজ্য দুর্বল হতে থাকে। তারা সাম্রাজ্য থেকে গ্রিস, সার্বিয়া, রোমানিয়া, বুলগেরিয়া ও মন্টেনেগ্রোকে হারায়। ১৮৭৪ সালে রাশিয়ার সঙ্গে শান্তিচুক্তি করতে একরকম বাধ্যই হয় তারা। এই জাতীয়তাবাদী বাতাসের ছোঁয়াও একসময় তুরস্কের আর্মেনিয়ানদের গায়েও লাগে। ১৮৯০-এর দিকে হিঞ্চাক এবং তাসনাক নামক দুটি স্বাধীনতাকামী সংগঠন গড়ে তোলে তারা। ১৮৯৩-৯৭ এরা সক্রিয় হলে, শেষ অটোমান সুলতান আবদুল হামিদ প্রথম দফা এদের দমন করেন। এই সময় পূর্ব আনাতলিয়াতে অনেক আর্মেনিয়ান হত্যার শিকার হয়। কিন্তু আসল ধ্বংসযজ্ঞ আসে এরপর।
১৯০৮ সালে ক্ষয়িষ্ণু অটোমান সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে তথাকথিত ‘ইয়াং টার্ক’ নামক কিছু সামরিক ‘পাশা’রা
ক্ষমতায় আসে। নামে অর্বাচীন হলেও কার্যত এরা ছিল উগ্র জাতীয়তাবাদী। এদের অন্যতম লক্ষ ছিল তুরস্ককে যতটা সম্ভব সংখ্যালঘুমুক্ত করা। ১৯১৪ সালে রাশিয়ার সঙ্গে তুর্কিরা যুদ্ধে জড়িয়ে পড়লে আর্মেনিয়ানদের স্বাধীনতার ব্যাপারটা এদের জন্য হুমকি হয়ে দাঁড়ায়।
১৯১৫ সালের প্রথম দিকে এই বিশাল জনগোষ্ঠীকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার চক্রান্ত শুরু হয় বিশ্বযুদ্ধের অজুহাত তুলে। ১৯১৫ সালের ২৪ এপ্রিল ইস্তাম্বুলে প্রায় ২০০-রও বেশি আর্মেনীয় নেতা এবং বুদ্ধিজীবীকে হত্যা করা হয়। এরপরের কয়েক মাসে তুর্কিদের হাতে অসংখ্য আর্মেনীয় পুরুষ প্রাণ হারায় বা দাসত্বের কবলে পড়ে। বহু নারীও এই সময় ধর্ষণ ও অত্যাচারের শিকার হয়। এরপর নারী, শিশু ও বয়স্কদের পায়ে হাঁটিয়ে এককাপড়ে বিতাড়িত করা হয় নিজেদের বাসভূমি থেকে। এই সময় তাদের ছিল না পর্যাপ্ত খাবার, পানি, পরিধেয় কিংবা ওষুধ। এমনকি অনেকের পায়ে এই সময় জুতো পর্যন্ত ছিল না। এই অবস্থায় এই বিশাল জনগোষ্ঠীকে মরুভূমির মতো বিস্তৃত ‘দের এল যর’ মালভূমি পাড়ি দিতে বাধ্য করা হয়।
ওই সময় এবং এর পরবর্তী সময় ঠিক কত নিরীহ আর্মেনিয়ান প্রাণ দিয়েছে, তা সঠিক জানা যায় না। তবে ধারণা করা হয়, এদের সংখ্যা ১০ থেকে ১৫ লাখ। ধারণা করা হয়, এই মৃত্যুযাত্রা থেকে রক্ষা পাওয়া লোকের সংখ্যা ছিল কেবল হাতে গোনা। সেই সময়ের নিহত ব্যক্তিদের দেহাবশেষ আজও আনাতলিয়ার বিস্তৃত মালভূমিতে ছড়িয়ে–ছিটিয়ে আছে।
ওপরে বর্ণিত ঘটনাগুলো পরিচিত লাগছে? গণহত্যা, বুদ্ধিজীবী হত্যা, ধর্ষণ? প্রিয় পাঠক, যদি মনে হয় আমাদের ’৭১-এর সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন, তাহলে অবাক হওয়ার কিছুই নেই। কারণ, নৃশংসতার চেহারা সব সময়ই একই রকম।
এখানে রাষ্ট্র হিসেবে তুরস্কের সবচেয়ে বড় হঠকারিতা হচ্ছে এই হত্যাযজ্ঞকে সম্পূর্ণ অস্বীকার করা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাৎসি নৃশংসতার গ্লানিকে স্বীকার করে অনুতপ্ত জার্মানি ঠিকই ধ্বংসস্তূপের মধ্য থেকে উঠে এসেছে। কিন্তু তুরস্ক সেই পথে হাঁটেনি। বরং এই নৃশংসতাকে যুদ্ধের ফলাফল হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছে। তারা বলতে চায় যুদ্ধকালীন উভয় পক্ষই এ ধরনের অপরাধ করেছে। তুরস্ক এ ব্যাপারে এতই স্পর্শকাতর যে ২০০৪ সালে তারা এমন একটি আইন পাস করে, যাতে ‘আর্মেনিয়ান জেনোসাইড’-এর উল্লেখমাত্রই যে কাউকে গ্রেপ্তার করা যায়। যেসব রাষ্ট্র তাদের ইতিহাসের এই অন্ধকার অধ্যায়কে স্বীকৃতি দেয়, তাদের অনেকের সঙ্গেই তারা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে পর্যন্ত।
এর মানে কি তুরস্ক সব মানবতাবিরোধী অপরাধের পক্ষে? তা তো নয়। বসনিয়ার সেব্রেনিৎসায় সংঘটিত বর্বরতাকে কিংবা ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনকে তো তারা ঠিকই ধিক্কার দিচ্ছে। এর কারণ কি এই যে সেখানে অত্যাচারিত জনগোষ্ঠীকে তারা নিজের লোক বলে মনে করছে? ব্যাপারটা তাহলে দাঁড়াচ্ছে এই যে আমাদের স্বাধীনতাযুদ্ধের সঙ্গে তুরস্ক তাদের ইতিহাসের সেই ঘটনাটির মিল খুঁজে পাচ্ছে। তাদের চোখে ফিলিস্তিনি বা বসনিয়ানদের কাতারে না পড়ে আমরা পড়ছি আর্মেনিয়ান বা গ্রিকদের কাতারে।
ইতিহাসকে অস্বীকারের এই পথ থেকে নতুন ও আধুনিক তুরস্ককে সরে আসতে হবে। স্বীকার করে নিতে হবে সত্যকে। আন্তর্জাতিক অঙ্গনে তুরস্কের ভূমিকা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রুশ– ন্যাটো সম্পর্ক, ইউরো শরণার্থী, মধ্যপ্রাচ্য, আইএস ইত্যাদি সবকিছুতেই তুরস্ক নানাভাবে জড়িয়ে আছে। তুরস্কের উচিত এই নতুন অবস্থানের সঙ্গে মানানসই আচরণ করা। সব ধরনের অপরাধ ও গণহত্যাকে একই মাপকাঠিতে দেখতে হবে। এবং এও বুঝতে হবে, পৃথিবীর সব দেশ থেকে তাদের দূত প্রত্যাহার করলেও সত্য সত্যই থাকবে।
মানবতাবিরোধী অপরাধ এমন একটি অপরাধ, যা ধর্ম, জাতি, গোত্র এসবের চাদরে ঢাকা যায় না। দ্য আর্মেনিয়ান জার্নি শীর্ষক একটি প্রামাণ্যচিত্রে চমৎকার একটি প্রাচীন উদ্ধৃতি আছে—‘স্বর্গ থেকে তিনটি আপেল পড়েছিল। একটি যে গল্প বলেছিল তার জন্য, একটি যে গল্প শুনেছিল তার জন্য আর একটি যে গল্পটা বুঝেছিল, তার জন্য।’
সহস্র যোজন দূরের, প্রায় শত বছর আগের ঘটে যাওয়া এই ঘটনা আমাদের দেশের বেশির ভাগ লোকেরই অজানা।
কিন্তু যখনই কোনো বাঙালি আর্মেনিয়ানদের সেদিনের করুণ আর্তির কথা শুনবে, তখনই তা হৃদয় দিয়ে উপলব্ধি করবে। কারণ, একটি জাতিকে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত কী, তা আমরা ভালো করেই জানি।
নিয়াজ মোরশেদ: দাবা খেলোয়াড়। উপমহাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার।