তুরস্কের সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা উত্তর সিরিয়ায় কুর্দিশ পিপলস প্রোটেকশন ইউনিটসের (ওয়াইপিজি) যোদ্ধাদের ওপর নজর রাখছে, অন্যদিকে রাজকীয় সৌদি বিমানবাহিনী তুরস্কের ইনসারলিক বিমানঘাঁটিতে জেট বিমান নামিয়েছে, ফলে সিরিয়ায় সৌদি আরব ও তুরস্কের যৌথ আক্রমণের সম্ভাবনা বেড়েছে। আঙ্কারার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ভবিষ্যদ্বাণী করতে হলে তুরস্কের প্রশাসনের ভূ-রাজনৈতিক পরিপ্রেক্ষিত ও হুমকি সম্পর্কে তাদের ধারণার ব্যাপারটি উপলব্ধি করতে হবে।
রুশ বিমান হামলার সহায়তা নিয়ে সিরীয় সেনাবাহিনী দেশটির বিপুল অংশের ভূমি শুধু পুনরুদ্ধারই করেনি, তারা যুদ্ধের গুরুত্বপূর্ণ স্থানগুলো থেকে বিদ্রোহীদের ঘাঁটি উৎখাত করে ক্ষমতার ভারসাম্য বদলে দিয়েছে। তুরস্কের জন্য আরও উদ্বেগের ব্যাপার হলো, যুদ্ধক্ষেত্রের সাম্প্রতিক ঘটনাপ্রবাহের কারণে অনেক তুর্কি বিশ্লেষকই বিস্মিত হয়ে গেছেন।
বাশার আল-আসাদের সেনারা যখন আলেপ্পো দখলের জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন আঙ্কারা শরণার্থীদের বিপুল স্রোত ঠেকানোর চেষ্টা করছিল। অন্যদিকে আরেকটি সাংঘাতিক ব্যাপার ঘটেছে, কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সঙ্গে সম্পর্কিত সিরিয়ান কুর্দিশ ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টির (পিওয়াইডি) সশস্ত্র শাখা ওয়াইপিজি তাল রিফাত ও আজাজের মধ্যকার বিপুল এলাকা দখল করে নিয়েছে, এর মধ্যে মেনাঘ বিমানঘাঁটিও আছে, যেখান থেকে তারা নতুন অভিযান শুরু করতে পারে।
তুরস্কের নীতিনির্ধারকেরা মনে করছেন, আজাজে যদি নতুন কোনো সরকার প্রতিষ্ঠিতও না হয়, তাহলে সিরিয়ার সঙ্গে তার সীমান্তে পিওয়াইডির পূর্ণাঙ্গ করিডর গড়ে উঠবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, ওয়াইপিজি যোদ্ধারা রাশিয়ার কাছ থেকে ব্যাপক বিমান সহায়তা পাচ্ছে, এটা তুরস্কের পরিস্থিতি বদলে দিতে পারে। প্রথমত, বিমান সহায়তা নিয়ে অভিযান চালাতে হলে স্থল, সেনা ও সহায়ক বিমান শক্তির মধ্যে সমন্বয় প্রয়োজন হবে। বিশেষ করে যখন বিবদমান শক্তিগুলোর মধ্যে কাছাকাছি জায়গায় যুদ্ধ হবে, তখন বন্ধু শক্তিগুলো একে অপরের ওপর গুলিবর্ষণ করতে পারে, ফলে তাদের মধ্যে সমন্বয় থাকতে হবে। ওয়াইপিজি যে সম্প্রতি রাশিয়ার কাছ থেকে ব্যাপক বিমান সহায়তা পেল, তাতে বোঝা যায়, ওয়াইপিজির সঙ্গে রুশ বিমানবাহিনীর ভালো যোগাযোগ আছে।
দ্বিতীয়ত, বাশারের সেনাদের উত্তরাঞ্চলের অভিযান এবং তাল রিফাত ও আজাজের মধ্যাঞ্চলে ওয়াইপিজির গুরুত্বপূর্ণ অবস্থান নেওয়ার ব্যাপারটির মধ্যে সামরিক ভূকৌশলগত সমন্বয় রয়েছে, যার ফলে আঙ্কারার বিপদের ষোলোকলা পূর্ণ হবে। তুরস্কের ঘরের দরজায় ওয়াইপিজি ও রুশ সেনাদের মধ্যে ঐক্য হয়েছে, তুর্কি সরকার খুব পরিষ্কারভাবেই তা দেখতে পাচ্ছে। আর্টিলারির গোলাবর্ষণের মধ্যে তুরস্কের সাম্প্রতিক পদক্ষেপ ও সীমিত পরিসরের সামরিক অভিযানকে যুদ্ধের শুরুর সময়ের আঙ্কারার ‘মহান প্রত্যাশার’ সঙ্গে গুলিয়ে ফেলা যাবে না।
এটা পরিষ্কার যে আরব বসন্ত শুরু হওয়ার পর তুরস্কের অভিজাতরা মনে করেছিল, মিসর, তিউনিসিয়া ও সিরিয়ায় মুসলিম ব্রাদারহুডের মতো রক্ষণশীল গোষ্ঠীর উত্থান হওয়ায় তুরস্কের প্রভাববলয় বাড়ানোর সুযোগ এসেছে। আঙ্কারা যে সিরিয়ার আকাশে নো-ফ্লাই জোন ও সেখানে মধ্যপন্থী বিরোধীদের সমর্থন দিচ্ছে, সেটা কিন্তু মুরসি সরকারের প্রতি তুরস্কের রাজনৈতিক সমর্থনের চেয়ে তেমন একটা ভিন্ন নয়, অন্তত বৃহৎ কৌশলের পরিপ্রেক্ষিতে।
>রুশ বিমান হামলার সহায়তা নিয়ে সিরীয় সেনাবাহিনী দেশটির বিপুল অংশের ভূমি শুধু পুনরুদ্ধারই করেনি, তারা যুদ্ধের গুরুত্বপূর্ণ স্থানগুলো থেকে বিদ্রোহীদের ঘাঁটি উৎখাত করে ক্ষমতার ভারসাম্য বদলে দিয়েছে
বর্তমান পরিস্থিতি কিন্তু অটোমান সাম্রাজ্যের ঐতিহাসিক সীমানা পুনরুদ্ধার করার জন্য অনুকূল নয়, উল্টো তুরস্ককে নিজের বিদ্যমান ভৌগোলিক অবস্থান বজায় রাখতে হবে। খুব সহজভাবে বললে, আঙ্কারার কৌশল নির্ভর করছে ভূরাজনীতির পরিবর্তনশীল সমীকরণের ওপর, তারা হিসাব করছে, একদিকে সাইকস-পাইকট চুক্তি ভেঙে পড়ার সম্ভাবনা, অন্যদিকে দেশের মাটিতে পিকেকের ক্রমবর্ধমান সন্ত্রাস, এ দুটি মিলে যে চাপ সৃষ্টি হবে সেটা মোকাবিলা করা তুরস্কের জাতীয় নিরাপত্তাব্যবস্থার পক্ষে সম্ভব হবে না।
সে কারণেই তুরস্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে বাগাড়ম্বরপূর্ণ আলোচনা করার ঝুঁকি নিয়েছে, আর দৃশ্যত পশ্চিমা সমর্থন ছাড়াই রুশ বিমান ভূপাতিত করেছে। এই পরিপ্রেক্ষিতে আমাদের প্রাসঙ্গিক প্রশ্নটি করতে হবে, তুরস্ক ও সৌদি আরব কি সিরিয়ায় যৌথ অভিযানে যেতে পারে?
এর সঠিক উত্তর পেতে হলে আমাদের গুরুত্বপূর্ণ রাজনৈতিক-সামরিক মানদণ্ড বিচার-বিশ্লেষণ করতে হবে। এ অঞ্চলের সেনাবাহিনীর মধ্যে তুর্কি সেনাবাহিনীর আর্টিলারি বিভাগ সবচেয়ে উন্নত। আর সাম্প্রতিক সেনা ইতিহাস থেকে দেখা যায়, মেনাঘ বিমানঘাঁটি থেকে বিদ্রোহী ওয়াইপিজিদের হটাতে স্রেফ আর্টিলারি বিভাগই যথেষ্ট নয়। সে জন্য যথাযথ বিমান সহযোগিতাসহ স্থল আক্রমণের দরকার হবে।
স্বাভাবিকভাবেই রুশ এসইউ-২৪ বিমান ভূপাতিত করার পর আঙ্কারা সিরিয়ার আকাশে বিমান ওড়াতে একটু ইতস্তত বোধ করবে। ঠিক এই অবস্থায় সৌদির সঙ্গে জোট করার ব্যাপারটি চলে আসে। যদিও সৌদি রাজকীয় বাহিনী অভিযানে যাওয়ার মতো অতটা প্রস্তুত নয়, সে কারণে রাজকীয় সৌদি বিমানবাহিনী এই সীমিত অভিযানে সমর্থন দিতে পারে।
আর সেটা করতে হলে ক্রমবর্ধমান সৌদি-তুর্কি জোটকে ইনসারলিক বিমানঘাঁটিতে শুধু ওই চারটি এফ-১৫ এসএ আঘাতকারী বিমান নামালে চলবে না, আরও বেশি কিছু করতে হবে তাকে। তা ছাড়া, উত্তর সিরিয়ায় সৌদি বিমান চালাতে হলে তাকে রুশ বিমানের মাঝ দিয়ে তা চালাতে হবে, ফলে রিয়াদ হয়তো প্রত্যক্ষ সংঘাতে যেতে চাইবে না। একই সঙ্গে সৌদিরা পিওয়াইডিবিরোধী অভিযান চালালে যুক্তরাষ্ট্র হয়তো সেটা সহ্য করবে না। ফলে সেটা গুরুতর রাজনৈতিক দুর্বলতা হিসেবেই চিহ্নিত হবে। কারণ, একই সঙ্গে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মতো দুটি পরাশক্তির বিরোধিতা করার মূল্য অনেক বেশি হবে।
এসব সত্ত্বেও তুরস্ক ও সৌদি আরব আইএসবিরোধী অভিযানের পরিসর বাড়াতে পরিকল্পনা করতে পারে। এই পরিপ্রেক্ষিতে তুরস্ক ওয়াইপিজির আজাজমুখী অগ্রযাত্রা রোখার জন্য সীমিত পরিসরে অভিযান চালাতে পারে, আর শরণার্থীদের আগমনের পরিপ্রেক্ষিতে নিরাপদ অঞ্চল গড়ে তুলতে পারে, ওদিকে সৌদি আরব নিয়মকানুন মেনে ‘বন্ধুস্থানীয় স্থলসেনাদের রক্ষা’ করতে পারে।
সেই পরিপ্রেক্ষিতে ক্রেমলিন ও তেহরানের কৌশল ও যুক্তরাষ্ট্রের অবস্থানের ওপরই সব নির্ভর করছে অর্থাৎ আঞ্চলিক যুদ্ধ শুরু হবে, নাকি সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক ঐকমত্যের ভিত্তি প্রস্তুত হবে।
আল–জাজিরা থেকে নেওয়া, অনুবাদ: প্রতীক বর্ধন
চ্যান কাসাপোলু: ইস্তাম্বুলভিত্তিক চিন্তক প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড ফরেন পলিসি স্টাডিজের প্রতিরক্ষা বিশ্লেষক।