
যেকোনো অভ্যুত্থানের পর যে তিনটি প্রশ্ন অবশ্যই ওঠে তা হলো—কেন এই অভ্যুত্থান? কারা এই অভ্যুত্থানের পরিকল্পনাকারী বা দৃশ্যমান নেতা? এই অভ্যুত্থানের প্রতিক্রিয়া কী হবে? গণ-অভ্যুত্থান বা সেনা অভ্যুত্থান, সফল বা ব্যর্থ—কোনো ক্ষেত্রেই এ প্রশ্নগুলোর ব্যত্যয় ঘটে না। তুরস্কে নির্বাচিত রিসেপ তাইয়েপ এরদোয়ান সরকারের বিরুদ্ধে সেনাবাহিনীর একটি ক্ষুদ্র গোষ্ঠীর ব্যর্থ অভ্যুত্থানের পরেও এ প্রশ্নগুলো উঠেছে এবং তা নিয়ে আলোচনা-বিতর্ক-বিশ্লেষণ চলছে সারা বিশ্বের গণমাধ্যমে, চলছে বিভিন্ন দেশের রাজধানীতে নীতিনির্ধারকদের মধ্যে, সাধারণ মানুষের চায়ের টেবিলে। অধিকাংশ অভ্যুত্থানের ক্ষেত্রে অভ্যুত্থানকারীদের ঘোষণা থেকেই প্রথম দুই প্রশ্নের একধরনের উত্তর পাওয়া যায়, যদিও সব সময় সেটাকেই সত্য বলে মেনে নেওয়ার অবকাশ থাকে না। কেননা, অভ্যুত্থানকারীরা যাকে ‘কারণ’ বলেন, তা তাঁদের কাজের বৈধতা দেওয়ার ‘যুক্তিও’ হতে পারে। কোনো অভ্যুত্থান সফল হলে অভ্যুত্থানের ‘নায়ক’দের বিষয়ে আমরা জানতে পারি; তাঁদের ভাষ্যে আমরা ‘কারণ’ শুনতে পাই। সাধারণত ব্যর্থ অভ্যুত্থানের ক্ষেত্রেও আমরা একটা ব্যাখ্যা পাই, কিন্তু সেই বক্তব্যের অবশ্যম্ভাবী পরিবর্তন ঘটে তাঁদের পরাজয়ের পর। কেননা, ইতিহাস—অন্ততপক্ষে ইতিহাসের প্রথম খসড়া—বিজয়ীরাই লেখেন।
অনেক সময়ই ব্যর্থ অভ্যুত্থান হয়ে পড়ে পরিচয়হীন, নামগোত্রহীন; ইংরেজিতে প্রচলিত কথাটা আমরা মনে করতে পারি, ‘ভিক্টরি হ্যাজ অ্যা থাউজেন্ড ফাদারস, ডিফিট ইজ অ্যান অরফ্যান’ (বিজয়ের রয়েছে হাজার জনক, পরাজয় হচ্ছে পিতৃ–মাতৃহীন অনাথ)। এতিম অভ্যুত্থানের ব্যবচ্ছেদ হয় অনেকভাবে, সম্ভবত সফল অভ্যুত্থানের চেয়ে কম নয়; তবে এই ব্যবচ্ছেদ হয় ঘটনার পরপরই। কেননা, সাধারণত এসব ঘটনা আপাতত হলেও কেবল ইতিহাসের ফুটনোটে পরিণত হয় এবং ভবিষ্যতে ইতিহাসের ধারায় বদল না এলে তা ইতিহাসবিদ বা রাষ্ট্রবিজ্ঞানীদের গবেষণার উপকরণ হয় মাত্র। কিন্তু সব ব্যর্থ অভ্যুত্থানের পরিণতি তা হয় না, কোনো কোনো ব্যর্থ অভ্যুত্থান ওই দেশের ও বিশ্বের সমকালীন ঘটনাপ্রবাহকে এমনভাবে প্রভাবিত করে যে তা ভবিষ্যতের পথরেখা নির্ধারণ করে দেয়।
তুরস্কে শুক্রবার সংঘটিত ব্যর্থ অভ্যুত্থান এতটাই বিশৃঙ্খল ও স্বল্পস্থায়ী ছিল এবং তার অবসান হয়েছে এতটাই নাটকীয়ভাবে যে কেন এই অভ্যুত্থান আর কারাই বা এই অভ্যুত্থানের নেতা, তা জানা সম্ভব হয়নি। ফলে আমাদের এখন সাময়িকভাবে হলেও নির্ভর করতে হচ্ছে বিজয়ী ক্ষমতাসীন একেপি এবং প্রেসিডেন্ট এরদোয়ান সরকারের ভাষ্য ও কার্যক্রমের ওপর। কিন্তু তুরস্কের ইতিহাস ও ঘটনাপ্রবাহ দেখে এ কথা সহজেই বলা যায় যে এই ব্যর্থ অভ্যুত্থান ইতিহাসের পাদটীকা হবে না।
এই অভ্যুত্থানের বিষয়ে আমাদের জানা কথাগুলো স্মরণ করা যেতে পারে—এরদোয়ান সরকারের বিরুদ্ধে পরিচালিত একটি অভ্যুত্থান চালানো হলে প্রেসিডেন্ট এরদোয়ানের ডাকে লক্ষ লক্ষ মানুষ পথে নেমে এসে রক্ত ও প্রাণের বিনিময়ে ষড়যন্ত্রকারীদের পরাস্ত করেছে। এই অভ্যুত্থানের বিরুদ্ধে কেবল ক্ষমতাসীন একেপি নয়, সব রাজনৈতিক দলই অবস্থান নিয়েছিল। এতে করে দেশে নির্বাচিত সরকারব্যবস্থা ও নির্বাচিত সরকার রক্ষা হয়েছে। যে দেশে পুনঃ পুনঃ সেনাশাসন জারির এবং তা মেনে নেওয়ার ইতিহাস রয়েছে, সেখানে এই পরিস্থিতি অভূতপূর্ব। দেশের বিভিন্ন জায়গায়, বিশেষত ইস্তাম্বুলে যে ধরনের বিক্ষোভ দেখা গেছে, তাতে একেপির সাংগঠনিক শক্তি এবং এরদোয়ানের ব্যক্তিগত জনপ্রিয়তা ও আবেদন প্রমাণিত হয়েছে। কিন্তু এই ঘটনাবলির অভ্যন্তরীণ প্রতিক্রিয়া কী হবে, দেশের রাজনীতির ভবিষ্যৎ পথরেখায় তার কী প্রভাব পড়বে?
এ প্রশ্নের উত্তরে যাওয়ার আগে দুটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্রথমত, সংকটকালে দেশের বিরোধী দলগুলো সরকারের প্রতি সমর্থন দিয়েছে। আমরা জানি যে মোটা দাগে তুরস্কের রাজনীতি ও সমাজ দুই ভাগে বিভক্ত এবং সেই বিভক্তি গত কয়েক বছরে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এই বিভক্তিকে সাধারণত এভাবে দেখা হয় যে একদিকে আছে ইসলামপন্থী নির্বাচিত একেপি; অন্যদিকে আছে দেশের অন্য দলগুলো, যাদের পশ্চিমা গণমাধ্যম ‘সেক্যুলার’ বলে বর্ণনা করে। এ ধরনের সহজ বিভাজন যে সমাজের অনেক ধরনের টানাপোড়েনকে ধরতে পারে না বা আড়াল করে কিংবা অন্য রাজনৈতিক শক্তিকে অবমূল্যায়ন করে তা–ও আমরা জানি। যেমন এই হিসাবে দেশের কুর্দি জনগোষ্ঠীর আত্মনিয়ন্ত্রণাধিকারের সংগ্রাম এবং আদর্শিক পার্থক্যনির্বিশেষে কুর্দিদের ওপর সরকার ও রাষ্ট্রের নির্বিচার নিপীড়নের প্রশ্নটি অদৃশ্য হয়ে যায়। অভ্যুত্থানের মুখে লিবারেল সেক্যুলার বলে পরিচিত দলগুলো যে ইসলামপন্থী সরকারকে সমর্থন দিয়েছে, সেটা অন্ততপক্ষে একটি বিষয়ে তাদের ঐকমত্যের ইঙ্গিত দেয়। এটি বিশেষভাবে উল্লেখ্য এ কারণে যে প্রায় একই রকম পরিস্থিতিতে মিসরের সেক্যুলার, উদারপন্থী দলগুলো সেনাবাহিনীকেই তাদের আশ্রয় ভেবেছিল; তার পরিণতি তাদের বা মিসরের জন্য ইতিবাচক হয়নি।
তুরস্কের সেক্যুলার রাজনীতিবিদেরা অভ্যুত্থানের অনিবার্য পরাজয়, আদর্শিক বিবেচনা কিংবা অতীতে সামরিক শাসনের অভিজ্ঞতা—যে কারণে এ সিদ্ধান্ত নিয়ে থাকুন, হোক সেটি ইতিবাচক এ কারণে যে তাঁরা রাজনীতির পক্ষেই সিদ্ধান্ত নিলেন। দ্বিতীয়ত, অনেকেই এ অভ্যুত্থানকে ব্যাখ্যা করছেন নিজস্ব পূর্বধারণার আলোকে যে এটি হচ্ছে একেপি ও এরদোয়ানের ইসলামপন্থী রাজনীতি এবং তুরস্কের সমাজের ইসলামীকরণের বিরুদ্ধে ‘আধুনিক তুরস্কের জনক’ কামাল আতাতুর্কের আদর্শের উত্তরসূরি সেনাবাহিনীর বিদ্রোহ। সেনাবাহিনীর বিরুদ্ধে গত কয়েক বছরে এরদোয়ান সরকারের গৃহীত ব্যবস্থার কারণে সেনাবাহিনী এখন আর এই শক্তি কি না, সেটা প্রশ্নসাপেক্ষ। তার চেয়েও বড় বিষয় হচ্ছে, সেক্যুলারিজমের আদর্শকে রক্ষা করা একটি রাজনৈতিক সংগ্রাম প্রতিকূল পরিবেশের মধ্যেও উদারপন্থী রাজনীতিবিদেরা তা চালিয়ে যাচ্ছেন। যাঁরা এ লক্ষ্য অর্জন করতে চান এবং যাঁরা গণতন্ত্রে আস্থা রাখেন, তাঁরা কেন সেনাবাহিনীকে দিয়ে এ লক্ষ্য অর্জন করতে চান, সে প্রশ্নের উত্তর তাঁদের স্পষ্ট করা দরকার।
২০১৫ সালের পার্লামেন্ট নির্বাচনে একেপি পার্টি আগের চেয়ে ভালো করলেও দলের পাওয়া ভোট ছিল ৫০ শতাংশের নিচে। ২০১৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ান ৫১ শতাংশ ভোট পেয়েছিলেন। তার অর্থ হলো রাজনৈতিকভাবে এই সংগ্রামকে জোরদার করার জায়গা আছে। ২০০২ সাল থেকে একেপি ও এরদোয়ান যে ইসলামপন্থী সমাজের কর্মসূচি নিয়ে এগোচ্ছেন, তাকে মোকাবিলা করা যদিও কঠিনতর হচ্ছে, তথাপি এই সংগ্রামের কোনো সংক্ষিপ্ত পথ নেই। প্রকৃতপক্ষে এই ব্যর্থ অভ্যুত্থান সেই সংগ্রামকে আরও কঠিন করে তুলল। শুধু তা-ই নয়, এই অভ্যুত্থান সামরিক বাহিনীর একটি ক্ষুদ্র গোষ্ঠীর আক্রমণ থেকে নির্বাচিত সরকারকে রক্ষা করেছে, কিন্তু তুরস্কের গণতন্ত্রের ভবিষ্যতের জন্য তার বার্তা কী, সেটি ভাববার বিষয়।
কেন নির্বাচিত সরকার রক্ষা সত্ত্বেও গণতন্ত্রের সংগ্রাম আরও কঠিন হলো, সেটা গত বছরগুলোর দিকে তাকালেই বোঝা যায়। একেপি ও এরদোয়ানের সরকার গত কয়েক বছরে একটি কঠোর কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা তৈরি করেছে, যাকে আমার সহজেই লোকরঞ্জনবাদী কর্তৃত্ববাদ বা পপুলিস্ট অথারিটারিয়ানিজম বলে চিহ্নিত করতে পারি। এ ধরনের সরকারের প্রতি সমাজের একাংশের মানুষের সমর্থন থাকে, অনেক ক্ষেত্রেই তারা নির্বাচনের মধ্য দিয়েই ক্ষমতায় আসে, কিন্তু তাদের আচরণে প্রকাশিত হয় স্বৈরতান্ত্রিক মনোভাব। প্রতিষ্ঠানকে তারা ক্ষমতা প্রয়োগের হাতিয়ার হিসেবে এবং বিরোধীদের নির্বিচারভাবে দমনের কাজে ব্যবহার করে। আমরা তার প্রমাণ তুরস্কে দেখতে পেয়েছি—সরকার ভিন্নমত প্রকাশের পথ কার্যত বন্ধ করে দিয়েছে, গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, এমনকি বিরোধীদের মালিকানাধীন গণমাধ্যম জোর করে বা কৌশলে সরকারের সমর্থকদের দখলে তুলে দেওয়া হয়েছে, বিদেশি সাংবাদিকেরা প্রতিনিয়ত লাঞ্ছনার শিকার হয়েছেন অথবা তাঁদের জোর করে বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে।
ক্ষমতাসীনদের এই বলদর্পী আচরণের পাশাপাশি ঘটেছে ক্ষমতার এককেন্দ্রীকরণের প্রয়াস। তার সবচেয়ে বড় প্রমাণ, সাংবিধানিকভাবে প্রেসিডেন্ট হচ্ছে একটি আলংকারিক পদ। কিন্তু এরদোয়ানের আচরণ বা তাঁর ক্ষমতা প্রয়োগ থেকে কারোরই এ কথা বোঝার উপায় নেই। এই প্রেক্ষাপটে গত শনিবার থেকে আটকের ঘটনাগুলো লক্ষ্য করলেই স্পষ্ট যে এখন এরদোয়ান তাঁর ক্ষমতাকে পাকাপোক্ত করার পথে আর কোনো বাধাই রাখতে চাইবেন না। এত দিন ধরে তিনি যে নির্বাহী প্রেসিডেন্ট পদ তৈরির ইঙ্গিত দিচ্ছিলেন, এখন তা তিনি বাস্তবায়িত করবেন। এই অভ্যুত্থানের উসকানিদাতা হিসেবে ফেতুল্লাহ গুলেনের দিকে অঙ্গুলিসংকেত এবং তাঁর অনুসারীদের দলে দলে আটক করা থেকে বোঝা যায় তিনি এই সুযোগে শুধু সেনাবাহিনী, বিচার বিভাগই নয়, সমাজের অন্যত্রও তাঁর প্রতিদ্বন্দ্বী যেসব সংগঠন আছে সেগুলোকে একেবারে নিঃশেষ করতে চেষ্টা করবেন।
এসব মোকাবিলা করে নাগরিকদের শক্তিকে একত্র করতে তুরস্কের বিরোধীরা সক্ষম হবেন কি না, সেটাই এখন দেখার বিষয়। ১৫ জুলাই শুক্রবার রাতে যে রাজনীতিবিদেরা সামরিক বাহিনীর হাত থেকে রাজনীতি ও গণতন্ত্রকে টিকিয়ে রাখার পক্ষে সিদ্ধান্ত নিয়েছিলেন, তাঁদের কাজ সেদিন বা আজও শেষ হয়নি, এখন তাঁদের কাজ হচ্ছে গণতন্ত্রকে উগ্র লোকরঞ্জনবাদী কর্তৃত্ববাদ থেকে রক্ষা করা। তুরস্কের ইতিহাসে এই মোড় ফেরানো ঘটনা সে কারণেই ইতিহাসের পাদটীকা হবে না।
আলী রীয়াজ: যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক।