তুর্কি সুলতান ও রুশ জারের হঠাৎ মৈত্রী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুতিন ও এরদোয়ানের মৈত্রী ভূরাজনীতির নতুন চমক
পুতিন ও এরদোয়ানের মৈত্রী ভূরাজনীতির নতুন চমক

ঘটনা চমৎকার এবং অদ্ভুত। তুরস্কে জিতল এরদোয়ান কিন্তু আনন্দের বাজি ফুটল রাশিয়ায়। পুতিনের মতো খুশি সিরিয়ার বাশারও। দূর থেকে সন্তোষ প্রকাশ করছে ইরান। এদিকে বাশারকে উচ্ছেদে যুক্তরাষ্ট্রের পাঁচ বছরের আয়োজনও হুমকিতে। সিরিয়ায় কী হবে এখন তা অনেকটা ঠিক হচ্ছে রুশ চাহিদা অনুসারে। কয়েক দিন আগে যিনি ছিলেন বাশারের বিরুদ্ধে ন্যাটোর খুঁটি, এখন সেই এরদোয়ানকে না সরিয়ে বাশারকে সরানো কঠিন। ক্যু-পরবর্তী গত ১০ দিনে আগাগোড়া বদলে গেছে ন্যাটো বনাম রাশিয়ার শক্তি প্রতিযোগিতার চালচিত্র। অভ্যুত্থানকে সহযোগিতার দায়ে এরদোয়ান আঙুল তুলেছেন এত দিনের মিত্র ওবামা প্রশাসনের বিরুদ্ধে। অথচ তুরস্ক এখনো ন্যাটোভুক্ত দেশ এবং কয়েক মাস আগেই রুশ বিমান ভূপাতিত করে রাশিয়ার সঙ্গে শত্রুতা বাড়িয়েছিল দেশটি।
পরিবর্তনের ইঙ্গিতটা হাজির হয়েছিল অভ্যুত্থানের দুই দিন আগে, ১৩ জুলাই। তুরস্কের প্রধানমন্ত্রী সেদিন ঘোষণা দেন, ‘আমি নিশ্চিত, সিরিয়ার সঙ্গে আমাদের বন্ধন স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে...এটা আমাদের দরকার। আমরা ইসরায়েল ও রাশিয়ার সঙ্গেও সম্পর্ক স্বাভাবিক করেছি।’ (দ্য গার্ডিয়ান, ১৩ জুলাই) অথচ তুরস্কই ছিল বাশারবিরোধীদের অস্ত্র, প্রশিক্ষণ এবং ঘাঁটি জোগানো দেশ। কেন এই রদবদল, তা বুঝতে সিরীয় যুদ্ধের ভেতরের সমীকরণ বোঝা দরকার। বাশার চলে যাওয়া মানে সিরিয়া কয়েক টুকরো হওয়া, ইতিমধ্যে ইরাক সেই প্রক্রিয়ার ভেতর দিয়ে যাচ্ছে। কিন্তু এতে করে সিরিয়া ও ইরাকের কুর্দিদের দ্বারা তুরস্কের সীমান্তে স্বাধীন কুর্দি অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাবনা দেখা দেওয়ায় বিগড়ে যান এরদোয়ান। এটা হলে তুরস্কের কুর্দিদেরও ঠেকিয়ে রাখা যাবে না। কুর্দি–নিয়ন্ত্রিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের (এসডিএফ) সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কও ঘনিষ্ঠ। সম্ভবত এ পরিস্থিতিই তুরস্ককে রুশ শিবিরের দিকে ঠেলে দেয়। রাশিয়াও জানে তুরস্কের সামনে বাশারের চেয়েও বড় হুমকি কুর্দিরা।
জুনের শেষ সপ্তাহে এরদোয়ান রুশ প্রেসিডেন্টের কাছে চিঠি লিখে রুশ বিমান ভূপাতিত করার জন্য দুঃখ প্রকাশ করায় পশ্চিমারা নড়েচড়ে বসে। ভারতের সাবেক রাষ্ট্রদূত ও নিরাপত্তা বিশ্লেষক এম ভদ্রকুমারসহ অনেকেই মনে করেন, তুরস্ক-মার্কিন সম্পর্কের এই ফাটলই এরদোয়ানের বিরুদ্ধে সেনা অভ্যুত্থানের ক্ষেত্র তৈরি করে দিয়েছিল (এশিয়া টাইমস, ২৩ জুলাই)।
বাস্তবে ক্যুতে ব্যবহৃত দুটি এফ-১৬ যুদ্ধবিমান তুরস্কের মার্কিন সেনাঘাঁটি থেকেই উড়েছিল। এবং আকাশে তাদের জ্বালানি সরবরাহ করেছিল ওই ঘাঁটিরই আরও দুটি বিমান। শুধু তা-ই নয়, এফ-১৬ দুটির একটি চালাচ্ছিলেন রুশ বিমান ভূপাতিত করা সেই পাইলট। তুরস্কের অভিযোগ, মার্কিন ওই সামরিক ঘাঁটির উচ্চ প্রযুক্তির যোগাযোগব্যবস্থা দিয়েই অভ্যুত্থানকারীরা নিজেদের মধ্যে যোগাযোগ করতেন। প্রতিক্রিয়ায় তুরস্ক ওই বিদ্রোহী পাইলটকে আটক করে এবং মার্কিন সেনাঘাঁটির বিদ্যুৎ–সংযোগ ও গোয়েন্দা যোগাযোগব্যবস্থা বন্ধ করে দেয়। অভ্যুত্থানের পরিকল্পনাকারী হিসেবে ফেতুল্লা গুলেনকে তুরস্কের হাতে তুলে দেওয়া অথবা যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের দাবি তোলা মানে সম্পর্কের মাঝে লাল দাগ টেনে দেওয়া।
ওবামার ওপর এরদোয়ানের ক্ষোভের কারণ যথেষ্ট। ওবামা প্রশাসনই একেপি সরকারকে সিরিয়ায় টেনে নিয়েছে বাশারকে উচ্ছেদের নিশ্চয়তা দিয়ে। সিআইএ–প্রধান ডেভিড পেট্রাউস কয়েকবার তুরস্ক সফর করে সিরিয়ায় হস্তক্ষেপের চাপ দেন। কিন্তু বাশার টিকে থাকছেন রুশ সহযোগিতায় কিন্তু তুরস্ক একদিকে কুর্দি বিদ্রোহী অন্যদিকে সিরীয় উদ্বাস্তুর ভার আর জঙ্গি হামলায় বিপর্যস্ত। মড়ার উপর খাঁড়ার ঘা হয়েছে স্বাধীন কুর্দিস্তানের হুমকি। এ পরিস্থিতিতে তুরস্ক সিরিয়া ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করায় পদক্ষেপ নিল।
অভ্যুত্থানের চেষ্টাটা হলো তখনই। বেছে নেওয়া সময়টা তাই বিশেষ ইঙ্গিতবহ। ইরানের ফার্স ও রাশিয়ার স্পুটনিক সংবাদ মাধ্যম জানাচ্ছে, অভ্যুত্থানের ষড়যন্ত্রের কথা রাশিয়া আগাম জানিয়েছিল এরদোয়ানকে। অভ্যুত্থান সম্পূর্ণ ব্যর্থ হওয়ার আগেই রুশ প্রেসিডেন্ট পুতিন ও ইরানের প্রেসিডেন্ট রুহানি ফোন করে এরদোয়ানকে দৃঢ় সমর্থন জানান। ওয়াশিংটন ও ইউরোপ তখনো মুখ খোলার জন্য সময় নিচ্ছিল। বিপদের দিনে কীভাবে বন্ধু চিনতে হয়, এরদোয়ান নিশ্চয়ই সেটা এখন শিখছেন।

দুই.
একসময় বলা হতো, কনস্টান্টিনোপলে যাঁর দখল থাকবে, তিনিই হবেন মধ্য এশিয়ার শাসক। পনেরো শতকে সুলতান মেহমেত কনস্টান্টিনোপল দখল করে যে মুসলিম শাসনের সূত্রপাত করেন, আজকের এরদোয়ান তারই ধারাবাহিকতা। সেই কনস্টান্টিনোপলই এখনকার ইস্তাম্বুল এবং এখান থেকেই উসমানিয়া সুলতানেরা বিরাট সাম্রাজ্য চালাতেন। তুরস্কের সুবিধা হলো তা ইউরোপ ও এশিয়ার মধ্যকার সেতু। যুক্তরাষ্ট্রের তুরস্ককে দরকার কয়েকটি কারণে: ১. কাতার থেকে ইউরোপ পর্যন্ত জ্বালানির পাইপলাইন টানতে এবং ২. কৃষ্ণসাগরে (এবং ভূমধ্যসাগর) ন্যাটোর স্থায়ী নৌঘাঁটি বসিয়ে ওই সমুদ্রে রাশিয়ার ঐতিহাসিক আধিপত্যকে চ্যালেঞ্জ করতে। এটা দিতে পারে তুরস্ক। ১৯৩৬ সালের আন্তর্জাতিক চুক্তি অনুসারে, কৃষ্ণসাগর তীরের দেশ ছাড়া অন্য কারও স্থায়ী অবস্থান সেখানে নিষিদ্ধ। ওই চুক্তি বসফরাস প্রণালি ও দারদানেলেস প্রণালির নিয়ন্ত্রণ তুরস্কের হাতে দিয়েছে।
আগামী মাসের গোড়াতেই পুতিন ও এরদোয়ান মুখোমুখি বসবেন। ইরানের সঙ্গে তুরস্কের যোগাযোগও বাড়ছে। ইতিমধ্যে আলেপ্পো থেকে তুর্কি গোয়েন্দাদের সরে আসার নির্দেশ বোঝায় যে বাশারবিরোধীদের সঙ্গ ছাড়া শুরু করেছে তুরস্ক। এসব ঘটনায় সিরীয় ফ্রন্টে আমেরিকার সুযোগ কমে গেল। আজকের যুগে আন্তর্জাতিক ক্ষমতার যুদ্ধের অপর পিঠে থাকে অভ্যন্তরীণ ক্ষমতার যুদ্ধ। অভ্যন্তরীণ যুদ্ধে এরদোয়ান বিজয়ী হয়েছেন। কিন্তু যদি সত্যি সত্যিই, রাশিয়ার নেতৃত্বে তুরস্ক, ইরান, সিরিয়া+হিজবুল্লাহ মিলে কোনো মৈত্রী গড়ে উঠলে কী হবে ন্যাটোর প্রতিক্রিয়া, তা একটা প্রশ্ন। এদিকে দক্ষিণ চীন সাগর থেকে শুরু করে প্রশান্ত মহাসাগর অঞ্চলেও চীন বনাম পাশ্চাত্য শক্তির উত্তেজনা বাড়ছে।
যুদ্ধ ও রাজনীতি মতবাদ, আদর্শ বা ধর্ম দিয়ে হয় না। তা হয় রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের স্বার্থের মিল বা অমিলের ভিত্তিতে। তুরস্কের সঙ্গে রাশিয়া, চীন ও ইরানের স্বার্থ মিললে, এরদোয়ান আরও শক্তিশালী ভূরাজনৈতিক খেলায় ঢুকবেন। দেশে-বিদেশি নতুন মিত্র পেলেও, অভ্যুত্থানপন্থীদের যে কঠোরতা দেখাচ্ছেন, তা তাঁর একিলিস হিল তথা নাজুক গোড়ালি হয়েই থাকবে।
ফারুক ওয়াসিফ: সাংবাদিক ও লেখক।
[email protected]