তৃতীয় বছরে পা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সা​িকব আল হাসানের মতো বড় তারকাদের মুখোমুখি হয়েছে কিশোর আলোর পাঠকেরা
সা​িকব আল হাসানের মতো বড় তারকাদের মুখোমুখি হয়েছে কিশোর আলোর পাঠকেরা

ছোটদের পত্রিকা বের করা হয়তো সহজ, চালানো কঠিন, টিকিয়ে রাখা আরও কঠিন।
বছর তিনেক আগে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান কথা প্রসঙ্গে বলেছিলেন, ‘আমরা কিশোরদের জন্য একটা পত্রিকা বের করতে চাই, আপনি তাতে সহযোগিতা করলে খুশি হব।’ বলেছিলাম, করব।
২০১৩ সালের অক্টোবরে কিশোর আলোর প্রথম সংখ্যা বাজারে এল। তাতে আমার একটি লেখাও ছাপা হয়েছিল। তারপর থেকে বৈশাখী সংখ্যা, ঈদ সংখ্যা, বিশেষ সংখ্যার জন্য অনুরোধ আসতে থাকে—লেখা দিতে হবে। দিয়েছিও। মাঝে মাঝে এমন সময় লেখা চাওয়া হয়, যখন আমি লেখালেখির কাজে আকণ্ঠ ডুবে আছি, প্রকাশক চেপে আছেন ঘাড়ের ওপর, দম ফেলার অবকাশ নেই। তখনো লেখা দিয়েছি, সময় দিয়েছি কিশোর আলোকে। তার একটাই কারণ, এটি ছোটদের পত্রিকা। আর ছোটদের পত্রিকার প্রতি আমার বিশেষ আকর্ষণ আছে।
বর্তমানে আমাদের দেশে ছোটদের ভালো মানের পত্রিকা খুব একটা নেই। বেরোয়নি বা বেরোয় না, তা নয়। আসলে টিকতে পারে না। বন্ধ হয়ে যাওয়ার মূল কারণ, পাঠককে খুশি করতে না পারা। ছোটদের নিয়ে কাজ করে চলেছি দীর্ঘ চল্লিশ বছর। বহুদিন আমি ছোটদের পত্রিকার সঙ্গেও জড়িত ছিলাম। আমার সেই অভিজ্ঞতা থেকে কিছুটা আন্দাজ করতে পারি, পত্রিকাগুলো কেন বন্ধ হয়। সোজা জবাব, পত্রিকাগুলো মানসম্পন্ন হয় না।
বড়দের পত্রিকার বিষয়বস্তু অনেক। কিন্তু ছোটদের পত্রিকার সীমাবদ্ধতা আছে। গল্প-উপন্যাস, ছড়া-কবিতা, ভ্রমণকাহিনি, কৌতুক, জ্ঞানচর্চার বিষয়, চিঠিপত্রসহ আরও কিছু টুকিটাকি জিনিস—এ সবই শিশু-কিশোরদের জন্য পত্রিকার মূল বিষয়। বছরের পর বছর একই জিনিস দিয়ে পাঠক ধরে রাখা খুবই কঠিন। তাই সব সময় লেখা বাছাই করার ব্যাপারে সম্পাদককে সজাগ থাকতে হয়, নিত্যনতুন ভাবনা বের করতে হয়। কাজটা এত কঠিন, মাথা ঘামাতে ঘামাতে শেষে আগ্রহই হারিয়ে ফেলেন অনেকে। পত্রিকাও চলে না, এদিকে মাথা ঘামানো আর লোকসান দেওয়াই সার। শেষ পর্যন্ত পত্রিকা বন্ধ করে দিতে বাধ্য হন।
লেখা জোগাড় করাও রীতিমতো একটা যুদ্ধ। অনেকেই ছোটদের লেখায় আগ্রহী নন। আর যাঁরা লেখেন, তাঁদের কেউ কেউ এমন সব লেখা লেখেন, যেগুলো পড়ে যতটা না মজা পাওয়া যায়, তার চেয়ে বেশি লাগে বিরক্ত। ছোটদের তাঁরা এতই ছোট ভাবেন, লিখতে বসেই শুরু করেন ন্যাকা ন্যাকা কথা। সেই সঙ্গে চলে অনবরত উপদেশ। কেউ বা আবার লিখতে বসে মাস্টার বনে যান। চলে শেখানোর চেষ্টা। এসব পড়ার ধৈর্য অনেক ছেলেমেয়েরই থাকে না। উপদেশ তো আরও বিরক্তিকর। সুতরাং যেসব পত্রিকা এ ধরনের লেখা ক্রমাগত ছাপে, তাদেরও ভরাডুবি হতে খুব বেশি সময় লাগে না।
কেউ কেউ আবার ছোটদের গুরুত্বই দিতে চান না। কিছু ‘টোনাটুনি’ মার্কা গল্প-উপন্যাস লিখে, কয়েকটা উপদেশমূলক কট্টর বিভাগে বিরক্তিকর ভাষায় ভালো ভালো উপদেশ বিতরণ করে, কিছু ছড়া-কবিতা, কিছু কৌতুক, অতি স্থূল মানের চিঠিপত্রের বিভাগ চালু করে, অদক্ষ আর্টিস্টকে দিয়ে রংচঙে বাজে ছবি আঁকিয়ে পৃষ্ঠা ভরাট করে ছেপে দেন। ভাবেন, কিশোর পাঠক তো, ভালোমন্দ কিছু বুঝবে না। আমরা যা দিচ্ছি, তা–ই নেবে। তাঁরা এখানেই ভুলটা করেন, ছোটদের ছোট করে দেখেন। ফলে তাঁদের পত্রিকাও চলে না।
তবে অনেকেই ভালো জিনিসই দিতে চান, দিতে জানেনও। এত দিনে যা দেখলাম, তাঁদের সংখ্যা বড়ই সীমিত।
যাই হোক, কিশোর আলো তৃতীয় বর্ষে পা রেখেছে। খুব ভালো কথা। চব্বিশ মাস পার করা মোটেও সহজ নয়, একই সঙ্গে নিজের জনপ্রিয়তা বাড়ানো। আশা করব, চব্বিশ বছরও পার করবে। এবং তারপরও চলবে, চলতে থাকবে।
বাংলা ভাষায় আমাদের দেশে একটা ভালো মানের কিশোর ম্যাগাজিন অন্তত ইতিহাস সৃষ্টি করুক।
রকিব হাসান: শিশুসাহিত্যিক।