তেল বিপর্যয় ঠেকাতে দুর্বল ব্যবস্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনের ভেতরে ছড়িয়ে পড়া তেল সংগ্রহ করছে সাধারণ মানুষ l প্রথম আলো
সুন্দরবনের ভেতরে ছড়িয়ে পড়া তেল সংগ্রহ করছে সাধারণ মানুষ l প্রথম আলো

৯ ডিসেম্বর সুন্দরবনের ভেতর দিয়ে প্রবাহিত শ্যালা নদীতে ফার্নেস তেলবাহী জাহাজ দুর্ঘটনার কারণে প্রায় সাড়ে তিন লাখ তেল নদীতে পড়ে ছড়িয়ে-ছিটিয়ে যায় এবং মাত্র কয়েক দিনের মধ্যেই তা সুন্দরবনের বিরাট এলাকাকে ভয়ংকরভাবে দূষিত করে। দুর্ঘটনাটি এমন একটি সময়ে ঘটেছে, যখন সুন্দরবনের পরিবেশ রক্ষা নিয়ে সরকারি চিন্তাভাবনা ও কার্যক্রম দেশের ভেতরে ও বাইরে সমানভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে। ইতিমধ্যে সুন্দরবনের সন্নিকটে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিরোধিতা করে বিশেষজ্ঞ পরিবেশবিদেরা সরকারকে দোষারোপ করছেন যে সুন্দরবনের পরিবেশ রক্ষায় সরকার নির্লিপ্ত, উন্নাসিক ও অজ্ঞ। দেশের বাইরে থেকে বাংলাদেশের কাছে আন্তর্জাতিক সংস্থা ইউনেসকো জানিয়েছে যে তার সংস্থা কর্তৃক যে সুন্দরবনকে ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’ বা বিশ্ব ঐতিহ্য স্থান মর্যাদা দেওয়া হয়েছে, সেটির পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কায় সংস্থাটি উদ্বিগ্ন।
এ বিষয়ে সরকারি ভাষ্য, সুন্দরবনের পরিবেশের কোনো ক্ষতি হয় এমন কাজ সরকার কখনো করবে না এবং পরিবেশ সুরক্ষায় সরকারি দৃষ্টি ও ব্যবস্থাপনা সজাগ ও সক্ষম। সুন্দরবনের ইতিহাসে সর্ববৃহৎ এই শ্যালা নদীর তেলদূষণ ঘটনাটি সরকারি ভাষ্যের অসারতা কেবল প্রমাণই করেনি বরং দুর্ঘটনা-পরবর্তী ব্যবস্থাপনা এবং তা জড়িয়ে সরকারি কিছু উচ্চপর্যায়ের কর্তাব্যক্তির বক্তব্য-বিবৃতি সবাইকে হতভম্ব করেছে। সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা যখন তেলের দূষণে ব্যাপকভাবে দূষিত হয়ে চলেছে, প্রাণিকুল, উদ্ভিদ ও মানুষ যখন সমভাবে বিপর্যস্ত, পরিবেশ বিশেষজ্ঞরা যখন ভবিষ্যতে এক বিরাট সময়ব্যাপী এই দূষণের ব্যাপ্তি অব্যাহত থাকবে বলে অনুমান করছেন, তখন নৌপরিবহনমন্ত্রী আবিষ্কার করলেন যে সুন্দরবনের তেলদূষণ বিশেষ কোনো ক্ষতি করবে না। এহেন নানা বক্তব্য কাকে আশ্বস্ত করার লক্ষ্যে দেওয়া হয় তা বোধগম্য নয়, তবে সুন্দরবনের এই দূষণ এ কথা প্রমাণ করেছে যে সুন্দরবনের পরিবেশ রক্ষার লক্ষ্যে কর্তৃপক্ষের না ছিল কোনো সাবধানতা, না ছিল কোনো প্রস্তুতি, না আছে দূষণ রোধের জরুরি ব্যবস্থা।
বিশ্বের অন্যান্য স্থানে এ রকম তেল দুর্ঘটনা কোনো সাগর, নদী বা স্থলভূমিকে যখন দূষিত করে, তাৎক্ষণিক দূষণ প্রতিরোধী নানা যন্ত্র যেমন তেল ছড়িয়ে পড়া রোধে ‘কনটেইনমেন্ট বুম’ এবং ছড়িয়ে পড়া তেল উঠিয়ে ফেলার জন্য নানা ‘অয়েল স্কিমার’ ব্যবহার করে যথেষ্ট সুফল পাওয়া যায়। আর এসব যন্ত্রপাতি বিশ্ববাজারে সহজলভ্য, অপেক্ষাকৃত ছোট আকারের হয়ে থাকে এবং তা কারও কাছে না থেকে থাকলে সহজেই তাৎক্ষণিকভাবে ক্রয় ও জোগাড় করা যায়। অথচ আমরা লক্ষ করি যে কোনো রকম যান্ত্রিক বা কারিগরি পন্থা অবলম্বনের পরিবর্তে সুন্দরবনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া তেল পরিষ্কার করতে কেবল স্থানীয় জনগণকে কাপড় বা স্পঞ্জের টুকরো দিয়ে তেল ওঠানোর কাজে লাগানো হয়েছে, যা কিনা বিশ্বের যেকোনো তেল দুর্ঘটনা প্রতিকার পদ্ধতির মানদণ্ডে হাস্যকর। কোনো বিদেশি সংবাদমাধ্যম যখন সুন্দরবনে তেলে দূষিত শ্যালা নদীর বিস্তর তীর বরাবর দুটি ছোট কিশোর ও কিশোরী কর্তৃক কাপড় নিংড়িয়ে তেল পরিষ্কার করার চিত্রটি ‘তেলদূষণ প্রতিরোধ—বাংলাদেশ স্টাইল’ শিরোনামে ছাপায়, তখন বাংলাদেশের হাতে বিশ্বের অনন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কতটা নাজুক, তার একটি ব্যঙ্গচিত্রই ফুটে ওঠে বটে। সামগ্রিকভাবে সুন্দরবনের তেল দুর্ঘটনাটি পর্যালোচনা করলে আরও কয়েকটি বিষয়ে আলোকপাত করা যায়।
১. সুন্দরবনের ভেতর দিয়ে বয়ে যাওয়া শ্যালা নদী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল যে মোটেই উচিত নয়, তা খোদ সরকারের পরিবেশ মন্ত্রণালয়ের অবস্থান থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে। আন্তমন্ত্রালয়ের সভায় পরিবেশ প্রতিমন্ত্রী সুস্পষ্ট করে উল্লেখ করেন যে তাঁদের পক্ষ থেকে বারবার নৌপরিবহন মন্ত্রণালয়কে বিষয়টির গুরুত্ব বুঝে এ নদী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ করার জন্য বলা হলেও তা মানা হয়নি। তাই এ দুর্ঘটনার দায় পরিবেশ মন্ত্রণালয়ের নয়, বরং নৌপরিবহন মন্ত্রণালয়ের।
২. মংলা বন্দর থেকে যাতায়াত করতে ইতিপূর্বে যে নৌপথটি ব্যবহার করা হতো, তাতে পলি পড়ে নাব্যতা কমে যাওয়ায় ২০১১ থেকে শ্যালা নদীটি ব্যবহার করা হচ্ছে বলে জানানো হয়। পূর্বেকার নদীটিতে ড্রেজিং করে নাব্যতা বাড়িয়ে পুনরায় পথটি খোলা হবে। প্রশ্ন হলো, এ কাজটি করতে এই দীর্ঘ সময় ব্যয় করতে হচ্ছে কেন? বিষয়টির গুরুত্ব অনুধাবন করে এটি ত্বরান্বিত করার উদ্যোগ নেওয়া হয়নি। দুর্ঘটনা সময় নিয়ে আসে না, তা আমলে না নেওয়ার ফলে এটি কি প্রমাণ হয় না যে বর্তমানে সুন্দরবন নেহাতই অরক্ষিত?
৩. এ কথা সবাই স্বীকার করেন যে সুন্দরবনের শ্যালা নদী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পরিবেশের জন্য বিপজ্জনক পরিস্থিতি বয়ে আনতে পারে, যার প্রমাণ বর্তমান ফার্নেস তেল দুর্ঘটনা। নৌপরিবহন মন্ত্রণালয়ের সূত্রে বিকল্প অস্থায়ী পথ হিসেবে ব্যবহার করার অনুমতি দেওয়ার সময় পরিবেশ রক্ষার পক্ষে জরুরি সাবধানতা বা বিপৎকালীন ব্যবস্থাপনা কেন রাখা হয়নি, তার সদুত্তর পাওয়া যায় না। বিশেষ করে এ পথে তেলবাহী পুরোনো অরক্ষিত জাহাজ চলাচলের অনুমতি দিয়ে সম্ভাব্য তেল দুর্ঘটনার জন্য কোনো রকম প্রস্তুতি না রাখাটা সরকারি ব্যবস্থা বহরের দায়িত্বহীনতার সাক্ষ্য বহন করে। আর সর্বোপরি দুর্ঘটনা যখন ঘটেই গেল, তখন চট্টগ্রাম থেকে জাহাজ দিয়ে ‘ডিসপারসেন্ট’ রাসায়নিক নিয়ে গিয়ে তা ব্যবহার করা ঠিক হবে কি হবে না—এই দোটানায় দুই মন্ত্রণালয়ের পরস্পরবিরোধী অবস্থান জনগণকে বিভ্রান্ত করেছে মাত্র।
তেল দুর্ঘটনা দূষণ রোধে কর্তৃপক্ষের অদক্ষতা ও কচ্ছপ গতি সব মহলকেই বিস্মিত করেছে। পৃথিবীতে এ ধরনের তেল দুর্ঘটনা যেখানে হয়েছে, ত্বরিত ও তৎপর ব্যবস্থাপনার মাধ্যমে তা মোকাবিলার প্রথা স্বতঃসিদ্ধ। ইতিমধ্যেই এ কাজে সাহায্য করার জন্য টেকনোলজি এগিয়েছে অনেক দূর। যখনই এ রকম কোনো তেল দুর্ঘটনা ঘটে, অনতিবিলম্বে কতগুলো কারিগরি ও আধুনিক যন্ত্রনির্ভর (কনটেইনমেন্ট বুম, অয়েল স্কিমার, সলবেন্ট ইত্যাদি) ব্যবস্থা নেওয়া হয়। যদি সেই প্রস্তুতি না–ও থেকে থাকে, বিশ্ববাজার থেকে তা তাৎক্ষণিকভাবে জোগাড় করা একটি রাষ্ট্রের পক্ষে কোনো ব্যাপারই নয়।
৫. উপরিউক্ত আধুনিক যন্ত্রনির্ভর ব্যবস্থাপনার পরিবর্তে স্থানীয় জনগণকে খালি হাতে কাপড় দিয়ে মাটি ও নদীর তেল পরিষ্কার করার পরামর্শ যে উদ্দেশ্য সাধনে অপ্রতুল কেবল তা-ই নয়, বরং তা মধ্যযুগীয়। ফার্নেস তেল একটি ঘন ও ভারী প্রকৃতির নিম্নমানের তেল, যার ভেতর অবস্থিত রাসায়নিক উপাদানসমূহ স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। বিশেষ করে শরীরে সংস্পর্শে তা চর্মরোগ, চর্ম ফাটল এমনকি চর্মের ক্যানসার রোগের কারণ হতে পারে। স্থানীয় লোকজনকে ঢালাওভাবে খালি হাতে এ কাজটি করতে পরামর্শ দেওয়া সমুচিত হয়নি। এই তেল এভাবে হাতানোর কারণে পরবর্তী কোনো সময়ে এই জনগোষ্ঠীর কেউ রোগাক্রান্ত হয়ে পড়লে তার দায় কে নেবে? প্রতি লিটার সংগৃহীত তেল ৩০ টাকা দরে কেনার ব্যবস্থা করে কর্তৃপক্ষ হতদরিদ্র এক জনগোষ্ঠীকে স্বাস্থ্যঝুঁকির দিকে ঠেলে দিয়ে নিজের স্বার্থে ব্যবহার করছে। সরকারের উচিত হবে এভাবে তেল সংগ্রহ ও ক্রয় না করে বরং এই জনগোষ্ঠীকে আপৎকালীন অর্থ সাহায্য প্রদান করা, যেমন ঝড় বা বন্যাকবলিত মানুষকে দেওয়া হয়। তেল সংগ্রহ ও পরিষ্কার করতে আধুনিক যন্ত্রের সহজলভ্যতার কথা আগেই উল্লেখ করা হয়েছে।
সরকার দেশীয় ও আন্তর্জাতিকভাবে সুন্দরবনের পরিবেশ রক্ষার ব্যাপারে দুর্বল অবস্থানের কারণে সমালোচনার মধ্যে রয়েছে। শ্যালা নদীর এই তেল দুর্ঘটনা সরকারের দুর্বল অবস্থানকে আরও দুর্বল করে তুলেছে। এ কথা প্রমাণিত হয়েছে যে সুন্দরবন মোটেই সুরক্ষিত নয়, বরং তা পরিবেশহানির ক্ষেত্রে ব্যাপকভাবে অরক্ষিত। উপরন্তু কোনো দূষণকারী দুর্ঘটনা ঘটালে তা মোকাবিলায় সরকারি প্রস্তুতি খুবই অপ্রতুল। সুন্দরবনের সন্নিকটে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুকেন্দ্র হওয়ার পর তাকে কেন্দ্র করে নানা শিল্প গড়ে উঠবে, তা স্বাভাবিকভাবেই ধরা যায়। এর সূত্র ধরে নৌপরিবহন, নৌ–চলাচল সুন্দরবনকে ব্যাপকভাবে স্পর্শ করবে। যে পরিবেশবাদী বিশেষজ্ঞ দল রামপালের কারণে পরিবেশ বিনষ্টের আশঙ্কা ব্যক্ত করছে, তাদের কণ্ঠে শ্যালা নদীর তেল দুর্ঘটনা বাড়তি আওয়াজ জোগাবে তা নিশ্চিত। সরকারের জন্য এটি একটি চ্যালেঞ্জ হতে পারে, কিন্তু এ চ্যালেঞ্জকে বিরোধ আর সংঘাতের মাধ্যমে মোকাবিলার প্রয়োজন নেই, বরং তা পারস্পরিক বোঝাবুঝির মাধ্যমে সম্মিলিতভাবে মোকাবিলার মাধ্যমেই সমাধান করতে হবে।
ড. বদরূল ইমাম: অধ্যাপক, ভূতত্ত্ব বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।