তেলের দক্ষ অবকাঠামো গড়া দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদের নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এ দেশের বাজারে আপাতত জ্বালানি তেলের দাম কমানো হচ্ছে না। এর কারণ হিসেবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সরকারের কাছে অপরিশোধিত বিপুল দেনার কথা তিনি উল্লেখ করেছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের উচ্চমূল্য যখন বহাল ছিল, সে সময় সরকারের দেওয়া ভর্তুকি দেশের বাজারে কম দামে ডিজেল বিক্রিতে সহায়তা করেছে। তিনি আশ্বাস দিয়েছেন, বিপিসির ধারদেনা পরিশোধিত হলে সরকার প্রয়োজনে তেলের মূল্য সমন্বয়ের বিষয় বিবেচনা করবে।
২০১৪ সালের জুনের পর থেকে বিশ্ববাজারে জ্বালানি তেলের অব্যাহত দরপতনের পরিপ্রেক্ষিতে ব্যবসায়ী সংগঠন, ক্যাব, বিভিন্ন বিশেষজ্ঞ প্রতিষ্ঠান দেশের বাজারে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের দাবি জানিয়ে আসছে। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির অনুমান, জ্বালানি তেলের মূল্য ১০ শতাংশ হ্রাস পেলে জিডিপিতে অতিরিক্ত শূন্য দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি ঘটার সুযোগ সৃষ্টি হবে। কিন্তু বিশেষজ্ঞদের মধ্যে অনেকেই সংশয় প্রকাশ করেন যে সরকার জ্বালানি তেলের (মূলত ডিজেল) মূল্য কমালে দেশের সাধারণ মানুষ তার পুরো সুফল পাবে না। পরিবহন খাতে ব্যবহৃত ডিজেলের দাম কমালেও পরিবহনের মালিকেরা নানা অজুহাতে পরিবহনের ভাড়া না–ও কমাতে পারেন। ফলে সাধারণ মানুষের সুবিধার কথা বিবেচনায় তেলের দাম কমালেও তা কিছু পরিবহন ব্যবসায়ীর বাড়তি মুনাফার সুযোগ তৈরি করতে পারে।
বিপিসি কম দামে আমদানি করা তেল স্থানীয় বাজারে বেশি মূল্যে বিক্রির ফলে বড় অঙ্কের লাভ পাচ্ছে। বিপিসি এখন তার ঋণ পরিশোধ করার পাশাপাশি তেল সংরক্ষণ, নিরাপদে ও দক্ষতার সঙ্গে তেল পরিবহন ও বিতরণের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে মনোযোগ দিতে পারে। তা ছাড়া, তেল পরিশোধনের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে অধিক ক্ষমতার দক্ষ রিফাইনারি নির্মাণে আশু পদক্ষেপ নিতে পারে, যাতে বেশি দামের পরিশোধিত তেল কম আমদানি করতে হয়।
বিশেষজ্ঞদের মধ্যে কেউ কেউ বিপিসির বাড়তি মুনাফা থেকে বিশেষ আপৎকালীন তহবিল গঠন করার পক্ষে। বিশ্ববাজারে আবারও জ্বালানি তেলের দাম অতিরিক্ত বেড়ে গেলে ওই তহবিল অভ্যন্তরীণ বাজারে ভর্তুকি দেওয়ার ব্যবস্থা করার সুযোগ দেবে।
অনিশ্চিত বিশ্ববাজার সত্ত্বেও অর্থনীতির স্বাভাবিক নিয়মে তেলের বর্তমান অস্বাভাবিক নিচু (প্রতি ব্যারেলে উৎপাদন মূল্যেরও ৩০ থেকে ৩৩ মার্কিন ডলার কম) মূল্য দীর্ঘদিন বহাল থাকবে না। তেলের বাজার কবে ঊর্ধ্বমুখী হবে, তার সময় নিয়ে ভিন্নমত থাকলেও দীর্ঘ সময় বর্তমান বাজারমূল্য অপরিবর্তিত থাকবে না—এ নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে দ্বিমত নেই। দীর্ঘ সময়জুড়ে তেলের অতি উৎপাদন এবং সংকুচিত চাহিদার কারণে বাজারে বাড়তি সরবরাহের চাপ তৈরি হয়েছে এবং ক্রমাগত দরপতন অবশ্যম্ভাবী হয়েছে।

>সৌদি আরব তেলের সরবরাহ কতটুকু সংকুচিত করবে, নাকি আরও কিছুদিন নিজের মজুত সঞ্চয় ভেঙে অভ্যন্তরীণ ব্যয় মেটাবে, তা লক্ষ করার বিষয়

২০১৪ সালের আগে দীর্ঘ সময়জুড়ে তেলের উচ্চমূল্য বহাল (ব্যারেলপ্রতি ১০০ মার্কিন ডলারেরও বেশি) থাকায় দুর্গম আর্কটিক, আলাস্কা, গভীর সমুদ্রের বিভিন্ন ব্যয়বহুল তেলক্ষেত্র, অপ্রথাগত তেলের উৎপাদন উৎস, যেমন: কানাডার টার স্যান্ড, যুক্তরাষ্ট্রের শেল ফরমেশন থেকে তেল উৎপাদনে বিপুল বিনিয়োগ ও উৎপাদন সম্ভব হয়েছে। অপ্রথাগত ব্যয়বহুল (ব্যারেলপ্রতি প্রায় ৫০ মার্কিন ডলার) তেল উৎপাদন সম্ভব করার উদ্যোক্তারা অধিক উৎপাদন ব্যয় সত্ত্বেও আশা করেছিলেন যে, তেলের তেজি বাজারে ঠিকই মুনাফা উঠে আসবে। কিন্তু বিশ্ব অর্থনীতির মন্দা, বৃহৎ বাজার চীনের চাহিদা হ্রাস, যুক্তরাষ্ট্রের (সবচেয়ে বড় তেলের বাজার) তেল আমদানি চিত্রের নাটকীয় পরিবর্তন (২০১০ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অপরিশোধিত তেল উৎপাদন দৈনিক প্রায় ৫ দশমিক ৫ মিলিয়ন ব্যারেল থেকে বেড়ে ২০১৫ সালের জুলাই মাসে দৈনিক ৯ দশমিক ৬ মিলিয়ন ব্যারেলে উন্নীত হয়েছে), প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোর উৎপাদন সংকুচিত করতে অনীহাসহ অন্য ঘটনাবলি চাহিদা ও সরবরাহের মধ্যেকার ভারসাম্য নষ্ট করেছে। দীর্ঘদিন পর বড় উৎপাদনকারী ইরাক ও ইরানের তেল বাধাহীনভাবে বিশ্বের তেল সরবরাহ পরিস্থিতির নাটকীয় পরিবর্তন এনেছে। তবে তেলের অব্যাহত দরপতন ‘অলাভজনক’ তেলক্ষেত্রের উন্নয়ন, নতুন অনুসন্ধান কার্যক্রম, তেল পরিবহনের ট্যাংকার নির্মাণ, ড্রিলিং রিগ নির্মাণসহ তেল উৎপাদন ও পরিবহনের প্রয়োজনীয় যন্ত্রপাতি নির্মাণে বিনিয়োগ নিরুৎসাহিত করেছে। ফলে, ভবিষ্যতে চাহিদার দ্রুত বৃদ্ধি তেল উৎপাদনের সামর্থ্যের সীমাবদ্ধতায় হোঁচট খাবে।
বিশ্লেষকেরা মনে করেন, তিনটি কারণে দ্রুত তেলের বাজারে চাহিদা ও সরবরাহের ভারসাম্যহীনতা এবং তেলের মূল্যবৃদ্ধি হবে। এক. প্রধান তেল উৎপাদন অঞ্চল মধ্যপ্রাচ্যে কোনো কারণে বড় আকারের যুদ্ধ লাগলে; দুই. সৌদি আরব তেল উৎপাদন উল্লেখযোগ্য মাত্রায় সংকুচিত করার পদক্ষেপ নিলে এবং তিন. বিশ্ববাজারে তেলের চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে গেলে। এই কারণগুলো পর্যায়ক্রমে বা কাছাকাছি সময়ে সক্রিয় হয়ে ওঠা অসম্ভব নয়। তবে বিশ্ববাজারে হঠাৎ তেলের নাটকীয় চাহিদা বৃদ্ধির আশু সম্ভাবনা ক্ষীণ। কেননা, তেলের ভোক্তা প্রধান প্রধান বাজারে প্রলম্বিত শ্লথ প্রবৃদ্ধি বা মন্দার প্রভাব স্পষ্ট। তা ছাড়া, জ্বালানি-সাশ্রয়ী প্রযুক্তির বিকাশ, উন্নত অর্থনীতির দেশগুলোয় নবায়নযোগ্য জ্বালানির ব্যাপক সম্প্রসারণের উদ্যোগ, নগরে উন্নত ও আরামদায়ক গণপরিবহন-ব্যবস্থার সম্প্রসারণের মাধ্যমে ব্যক্তিগত মোটরগাড়ির ব্যবহার নিরুৎসাহিতেও তেলের ব্যবহার হ্রাস পাচ্ছে।
প্রধান তেল রপ্তানিকারক সৌদি আরবের জমানো সঞ্চয়ে হাত পড়েছে এবং তেল বিক্রি থেকে আয় না বাড়লে তার অভ্যন্তরীণ জনকল্যাণমূলক বিপুল ব্যয় ও ভর্তুকি অব্যাহত রাখা কঠিন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অপ্রথাগত ‘শেল ফরমেশন’ থেকে তেল উৎপাদন নিরুৎসাহিত করতে তেলের মূল্য ৫০ মার্কিন ডলারের ওপরে উঠতে দেওয়া তার জন্য দীর্ঘ মেয়াদে ঝুঁকিপূর্ণ। তা ছাড়া, ইরান ও রাশিয়ার সঙ্গে আঞ্চলিক স্বার্থের সংঘাতে সৌদি আরব দেশ দুটির প্রধান আয়ের তেল রপ্তানিকে অলাভজনক রাখতে আগ্রহী। এ পটভূমিতে সৌদি আরব তেলের সরবরাহ কতটুকু সংকুচিত করবে, নাকি আরও কিছুদিন নিজের মজুত সঞ্চয় ভেঙে অভ্যন্তরীণ ব্যয় মেটাবে, তা লক্ষ করার বিষয়।
বিশ্ববাজারে তেলের মূল্য ও সরবরাহের প্রবণতা কী, সেটার ওপর নির্ভর না করে আমাদের উচিত জাতীয় প্রয়োজনে দেশের বাজারে তেলের দক্ষ ব্যবহার, বিপিসির সামর্থ্য ও দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া। তেমন সক্ষমতা বৈরী পরিস্থিতিতে আমাদের উন্নয়ন অব্যাহত রাখার অন্যতম পূর্বশর্ত পূরণ করবে।
ড. মুশফিকুর রহমান: খনি প্রকৌশলী, জ্বালানি ও পরিবেশ-বিষয়ক লেখক।