তেলের দাম ব্যাপক হারে ওঠানামা করায় বিশ্বের অর্থনীতি ও আর্থিক বাজার অস্থিতিশীল হয়ে পড়ছে। গত বছর যখন তেলের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলার থেকে ৫৫ ডলারে নামল, তখন তার কারণ পরিষ্কারই ছিল: উৎপাদন বাড়িয়ে পৃথিবীর তেলের বাজারে সৌদি আরবের হিস্যা বাড়ানোর সিদ্ধান্ত। কিন্তু গত কয়েক সপ্তাহে তেলের দাম আরও পড়ে গেল কেন, পৃথিবীর অর্থনীতিতে এর কী প্রভাব পড়বে? ২০০৮ সালে বৈশ্বিক আর্থিক মন্দার পর তেলের দাম এ রকম পড়ে গিয়েছিল।
এই পড়তি দামের প্রমিত ব্যাখ্যা হচ্ছে চীনের চাহিদা পড়ে যাওয়া। অনেকেই মনে করেন, এই তেলের দাম পড়ে যাওয়া মন্দার পূর্বলক্ষণ, হয় সেটা ঘটবে চীনে, নাহয় পুরো বৈশ্বিক অর্থনীতিতেই তার প্রভাব অনুভূত হবে। কিন্তু এই পূর্বাভাস প্রায় নিশ্চিতভাবেই ভুল, যদিও তেল ও ইকুইটি বাজারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে মনে হয়, এটি সত্য। ২০০৯ সালের পর এখনই তেলের দাম সবচেয়ে কম, না সেটা শুধু চীনে নয়, ইউরোপ ও অন্যান্য উদীয়মান অর্থনীতির দেশেও তেলের দাম এখন সবচেয়ে কম।
তেলের দামের পূর্বাভাসের তাৎপর্য আছে, কিন্তু সেটা বিরূপ সূচক হিসেবে। তেলের পড়তি দাম কখনোই অর্থনৈতিক মন্দার পূর্বাভাস নয়। সাম্প্রতিক সময়ে যতবার তেলের দাম অর্ধেক কমেছে, তারপর ততবারই বৈশ্বিক প্রবৃদ্ধির গতি বেড়েছে: ১৯৮২, ১৯৮৩, ১৯৮৫-৮৬, ১৯৯২-৯৩, ১৯৯৭-৯৮ ও ২০০১-০২ সালে তেলের দাম অর্ধেক কমে গেলেও তারপর প্রবৃদ্ধির গতি বেড়েছিল।
এর বিপরীতে দেখা যায়, গত ৫০ বছরে প্রতিটি মন্দার আগে তেলের দাম বেড়েছে। সর্বশেষ ২০০৮ সালের আর্থিক মন্দার আগে তেলের দাম ব্যারেলপ্রতি ৫০ ডলার থেকে তিন গুণ বেড়ে প্রায় ১৪০ ডলারে ওঠে, আর ২০০৯ সালে আর্থিক পুনরুদ্ধার শুরু হওয়ার ছয় মাস আগে সেটা ৪০ ডলারে নেমে আসে।
তেলের দাম কমে যাওয়ার পর ভোগ্যপণ্য উৎপাদনকারী দেশগুলোয় এর একটি গুরুত্বপূর্ণ ফলাফল হিসেবে দেখা যায়, শিল্পায়নে ব্যবহৃত ধাতুর দাম বেড়ে যায়, যেটা কিনা অর্থনৈতিক তৎপরতার একটি সূচক। ১৯৮৬-৮৭ সালে দেখা যায়, তেলের দাম অর্ধেক পড়ে যাওয়ার এক বছর পর ধাতুর দাম দ্বিগুণ হয়ে গিয়েছিল।
এই যে তেলের দাম ও বৈশ্বিক প্রবৃদ্ধির মধ্যকার এক বিপরীতধর্মী সম্পর্ক রয়েছে, তার মূলে কিন্তু এক অন্তর্নিহিত অর্থনৈতিক কর্মপদ্ধতি কাজ করে। পৃথিবীতে প্রতিবছর ৩৪ বিলিয়ন ব্যারেল তেল পোড়ে, ফলে তেলের দাম ১০ ডলার পড়ে যাওয়া মানে হলো বছরে তেল উৎপাদনকারীদের কাছ থেকে ৩৪০ বিলিয়ন ডলার ভোক্তাদের কাছে যাওয়া। গত আগস্ট থেকে যে তেলের দাম ৬০ ডলার কমে গেল, এর ফলে তেল ক্রেতাদের ২ ট্রিলিয়ন ডলার বেঁচে যাবে। ২০০৯ সালে যুক্তরাষ্ট্র ও চীন সম্মিলিতভাবে যে আর্থিক উদ্দীপনা দিয়েছিল, আয় বৃদ্ধির হিসাবে এটা তার চেয়েও বেশি।
তেল ক্রেতারা অতিরিক্ত টাকা বেশ দ্রুতই খরচ করে ফেলেন, আর সরকার সাধারণত ঋণ ও রিজার্ভ খরচ করে তার ব্যয় নির্বাহ করে থাকে। কিন্তু তেলের দাম কমে গেলে তা বৈশ্বিক প্রবৃদ্ধির জন্য বরাবরই ভালো। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবমতে, তেলের পড়তি দামের কারণে ২০১৬ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি শূন্য দশমিক ৫ শতাংশ থেকে ১ শতাংশ হারে বাড়বে, এর মধ্যে ইউরোপের প্রবৃদ্ধি বাড়বে শূন্য দশমিক ৩ থেকে শূন্য দশমিক ৪ শতাংশ, আর যুক্তরাষ্ট্র ও চীনের প্রবৃদ্ধি বাড়বে যথাক্রমে ১ থেকে ১ দশমিক ২ ও ১ থেকে ২ শতাংশ হারে।
কিন্তু চীনের মতো তেল ক্রয়কারী দেশগুলোর প্রবৃদ্ধি যদি আগামী বছর বাড়ে, তাহলে তেলের দাম কমে যাওয়ার ব্যাখ্যা কী? এর উত্তর চীনের অর্থনীতি ও তেল চাহিদার মধ্যে নয়, রয়েছে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি ও তেল সরবরাহের মধ্যে।
সৌদি আরবের উৎপাদননীতি পরিষ্কারভাবেই গত বছরের দাম অর্ধেক পড়ে যাওয়ার ঘটনার পেছনেই ছিল, দাম কমার সর্বশেষ প্রক্রিয়া শুরু হয় গত ৬ জুলাই, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার কয়েক দিন পর থেকেই। ইরানের চুক্তির ফলে একটি বহুবিস্তৃত ও সরল ধারণা খারিজ হয়ে যায়। সেটা হলো, ভূরাজনীতির কারণে তেলের দাম শুধু একদিকেই ধাবিত হয়। ব্যবসায়ীদের হঠাৎ করেই মনে হলো, ভূরাজনীতি তেল সরবরাহ বাড়াতেও পারে, শুধু কমাতে নয়। আর এমন সম্ভাবনাও আছে যে এই ভূরাজনীতির কারণে আগামী বছরগুলোয় সরবরাহ আরও বাড়বে।
>ব্যবসায়ীদের হঠাৎ করেই মনে হলো, ভূরাজনীতি তেল সরবরাহ বাড়াতেও পারে, শুধু কমাতে নয়। আর এমন সম্ভাবনাও আছে যে এই ভূরাজনীতির কারণে আগামী বছরগুলোয় সরবরাহ আরও বাড়বে
লিবিয়া, রাশিয়া, ভেনেজুয়েলা ও নাইজেরিয়ার অবস্থা এত খারাপ যে তাদের তেল উৎপাদন আরও কমবে, এটা কল্পনা করাও কঠিন। এর বিপরীতে পৃথিবীর তেল উৎপাদনকারী অনেকগুলো দেশ রাজনৈতিক বিশৃঙ্খলার কবলে পড়েছে। ফলত, সেখানে স্থিতিশীলতার নামমাত্র লক্ষণ দেখা গেলে সরবরাহ দ্রুতই বাড়তে পারে। গত বছর ইরাকে এটাই হয়েছিল, আর ইরান এই প্রক্রিয়াকে আরও ওপরের পর্যায়ে নিয়ে যাচ্ছে।
একবার নিষেধাজ্ঞা উঠে গেলেই ইরান তাৎক্ষণিকভাবে তেল রপ্তানি দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছে, দিনে দুই বিলিয়ন ব্যারেল, আর এই দশকের শেষের দিকেই রপ্তানি দ্বিগুণ করবে দেশটি। সেটা করতে গেলে ইরানকে তার মোট উৎপাদন বাড়িয়ে প্রতিদিন ছয় বিলিয়ন ব্যারেলে উন্নীত করতে হবে, ১৯৭০-এর দশকে তার উৎপাদন এই পর্যায়ে ছিল। আর তারপর তেল উৎপাদনের প্রযুক্তি যত উন্নত হয়েছে ও দেশটির বিপুল রিজার্ভের (বিশ্ব চতুর্থ, সৌদি আরব, রাশিয়া ও ভেনেজুয়েলার পর) পরিপ্রেক্ষিতে ৪০ বছর আগের পর্যায়ের উৎপাদনে ফিরে যাওয়াটা লক্ষ্য হিসেবে একদমই মাঝারি গোছের।
এই নতুন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে তেলের বাণিজ্য অন্য যেকোনো পণ্যের মতোই হবে। একদিকে সৌদি আরবের একচেটিয়া বাজার পড়ে গেছে, অন্যদিকে আমেরিকার তেল উৎপাদন খরচের কারণে এর দাম আরও অনেক দিন ব্যারেলপ্রতি ৫০ ডলারই থাকবে, গত জানুয়ারিতে যার কারণ সম্পর্কে আমি বলেছিলাম।
তেলের দাম কেন কমছে, তা যদি জানতে চান, চীনাদের তেল ক্রয়ের ব্যাপার ভুলে মধ্যপ্রাচ্যের উৎপাদনের দিকে নজর দিন। আর বিশ্ব অর্থনীতি বুঝতে হলে স্টক মার্কেটের কথা ভুলে যান, তেলের পড়তি দামের কারণে প্রবৃদ্ধি বাড়ে—এই সত্যে মনোনিবেশ করুন।
ইংরেজি থেকে অনুবাদ: প্রতীক বর্ধন
আনাতোলে কালেতস্কি: গ্যাভকেল ড্রাগোনোমিক্সের প্রধান অর্থনীতিবিদ।