
একটা সর্বাত্মক জনযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। শুভবুদ্ধিসম্পন্ন মানুষ আশা করেছিলেন, ধর্মাশ্রয়ী রাজনীতির বুঝি অবসান হবে এবং ধর্মব্যবসা কল্কে পাবে না। কিন্তু সে আশা পূরণ হয়নি।
এ দেশের সাধারণ মানুষের মধ্যে একটা সহজিয়া ভাব আছে। তারা ধর্মপ্রাণ, কিন্তু ধর্মান্ধ নন। ধর্মীয় জাতীয়তাবাদের একটা অস্পষ্ট ধারণার ভিত্তিতেই বাঙালি মুসলমান সম্প্রদায় তৈরি করেছিল পাকিস্তান। কিন্তু মোহভঙ্গ হতে দেরি হয়নি। পাকিস্তানের ২৩ বছরের জীবনে কলকাঠি নেড়েছে মূলত পাঞ্জাবের সামরিক-বেসামরিক আমলা আর পুঁজিপতিরা। সংখ্যাগরিষ্ঠ বাঙালিদের তারা উপনিবেশ মনে করত। শাসন ও শোষণের জন্য তারা ধর্মকে বর্ম হিসেবে ব্যবহার করত। মূলত এ কারণেই রাজনীতিতে ধর্মের বন্ধন ছিঁড়ে গিয়েছিল। তার জায়গায় বাঙালি জাতীয়তাবাদের উত্থান হয়েছিল। এর নিট ফল হলো বাংলাদেশ নামের একটা নতুন রাষ্ট্র। এই রাষ্ট্র প্রতিষ্ঠা করতে লাখ লাখ মানুষকে প্রাণ দিতে হয়েছিল।
কিন্তু একাত্তরের পরাজিত কনসেপ্ট ধুয়ে-মুছে শেষ হয়ে যায়নি। এ দেশের গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনের একজন বড় অনুঘটক ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী। ১৯৫৭ সালে টাঙ্গাইলের কাগমারিতে আওয়ামী লীগের সম্মেলনে প্রকাশ্যেই তিনি পশ্চিম পাকিস্তানি এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে উচ্চারণ করেছিলেন—আসসলামু আলাইকুম। অর্থাৎ, আমরা আর তোমাদের সঙ্গে থাকব না। পরবর্তী সময়ে মওলানা ভাসানীর রাজনীতিতে দেখা গেছে নানান উত্থান-পতন। স্বাধিকার আন্দোলনের মশালটা তাঁরই শিষ্য শেখ মুজিবুর রহমানের হাতে জ্বলে উঠেছিল। তারপরও ভাসানী এ দেশের রাজনীতিতে অনেক বছর প্রাসঙ্গিক ছিলেন।
১৯৭২ সালের ১৪ এপ্রিল ভাসানীর সভাপতিত্বে ন্যাশনাল আওয়ামী পার্টির একটা সভা হয় টাঙ্গাইলের সন্তোষে। দলের সংগঠকদের এই সভায় এক প্রস্তাবে বলা হয়েছিল, ‘সংবিধান হবে ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক।’ তখন বাংলাদেশের গণপরিষদের সদস্যরা
নতুন একটা সংবিধান তৈরির কাজে ব্যস্ত। ৮ অক্টোবর ১৯৭২ ঢাকার পল্টন ময়দানে এক জনসভায় ভাসানী সবার মতামত নিয়ে সংবিধান তৈরির দাবি জানিয়ে বলেন, ‘কোরআন, সুন্নাহ, ওয়াজিব, শরিয়ত ও হাদিসের খেলাপ করিয়া কোনো শাসনতন্ত্র মুসলমানদের ওপর জোর করিয়া চাপাইয়া দেওয়া হইলে মুসলমানগণ এক বিন্দু রক্ত থাকিতে তাহা মানিবে না।’ একেই বলে উল্টোযাত্রা! স্বাধীন বাংলাদেশের রাজনীতিতে দুটি সমান্তরাল ধারা আবার চালু হলো, মুক্তিযুদ্ধের প্রস্তুতি পর্বে যা আড়ালে চলে গিয়েছিল।
জামায়াতে ইসলামী, নেজামে ইসলাম, মুসলিম লীগ ও পিডিপির মতো ধর্মাশ্রয়ী রাজনৈতিক দলগুলোর তখন সাড়াশব্দ ছিল না। একাত্তরে গণবিরোধী ভূমিকা এবং গণহত্যার মতো মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট থাকার কারণে তারা হয় আত্মগোপনে ছিল, নয়তো দেশ থেকে পালিয়ে গিয়েছিল। মানুষ তাদের সামনে পেলে শরীর থেকে হাড়-মাংস খুবলে নিত। অনেকেই গ্রেপ্তার হয়ে প্রাণে বেঁচেছিলেন।
৪ নভেম্বর ১৯৭২ গণপরিষদে সংবিধান বিল পাস হওয়ার পর গণপরিষদের নেতা প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, ‘যারা কোলাবরেশন করেছে, যারা আমাদের হাজার হাজার ছেলেকে ধরে নিয়ে গিয়ে মিলিটারির কাছে দিয়ে গুলি করে হত্যা করিয়েছে, তাদের আমরা ভাত খাওয়াচ্ছি, অনেককে ডিভিশন পর্যন্ত দিয়েছে।...জনগণ বাইরে পেলে তাদের কেটে ফেলত। আমরা তাদের জেলের মধ্যে রেখে ভাত খাইয়ে রক্ষা করেছি।’
শেখ মুজিব এসব ‘কোলাবরেটরকে’ ক্ষমা করে দিয়েছিলেন ১৯৭৩ সালের নভেম্বরে। তিনি যুদ্ধোত্তর সমাজে ‘রি-ইন্টিগ্রেশন’-এর একটা ধারার সূচনা করেছিলেন। এখন এই কনসেপ্টটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। দুনিয়ার অনেক জায়গায় গৃহযুদ্ধ চলছে। ওই সব দেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর অন্যতম কাজ হলো বিবদমান জনগোষ্ঠীর ‘ডিডিআর-ইন্টিগ্রেশন’। কোথাও কোথাও এটা সফল হচ্ছে, কোথাও হচ্ছে না। শেখ মুজিব দূরদর্শী রাজনীতিবিদ ছিলেন। কিন্তু যাদের তিনি ক্ষমা করেছিলেন, তারা তার প্রতিদান দেয়নি। বরং ষড়যন্ত্র করেছে। শেখ মুজিবও ভুল করেছেন। আদর্শগত বিরোধের কারণে মুক্তিযুদ্ধের পক্ষের দলগুলোর অনেক নেতা–কর্মীকে জেলে ঢুকিয়েছিলেন। আর আশপাশে জুটে যাওয়া চাটুকারেরা তাঁকে বিপথে নিয়ে গিয়েছিলেন। এ জন্য শেখ মুজিবকে দিতে হয়েছিল চড়া দাম, আর গোটা দেশে নেমে এসেছিল অন্ধকারের রাজত্ব। আমরা এখনো তার জের টানছি।
গুলশানের এক রেস্তোরাঁয় ঘটে যাওয়া সাম্প্রতিক ট্র্যাজেডির পর চট্টগ্রাম নিবাসী জাপানের অনারারি কনসাল জেনারেল জনাব নূরুল ইসলাম ফোন করে আমার সাম্প্রতিক একটা কলাম সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, তিনি একটা বিব্রতকর ও হতাশ অবস্থার মধ্যে আছেন। কেননা, জাপান থেকে পরিচিত বন্ধুরা অনবরত তাঁকে ফোন করে পরিস্থিতি সম্পর্কে জানতে চাইছেন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় প্রচলিত একটা কথার উল্লেখ করলেন তিনি:
সারা গর লিপি আই
দুয়ারত আই আছাড় খঅন।
এর শব্দগত অর্থ হলো, সমস্ত ঘর লেপে দরজায় এসে আছাড় খাওয়া। অর্থাৎ এত বছর ধরে তিল তিল করে আমরা যা অর্জন করলাম, এক নিমেষেই তা ধূলিসাৎ হয়ে গেল। এটা তাঁর আক্ষেপের কথা। কিন্তু বাস্তবতা তা-ই বলে। দেশ-বিদেশের অনেক মানুষ এখন আমাদের আফগানিস্তান, সোমালিয়া, পাকিস্তান, ইরাক, সিরিয়া—এই সব দেশের কাতারে ফেলতে চাইবে। আমরা কী করে দুনিয়ার তাবৎ মানুষের মুখ বন্ধ করব?
গণপরিষদে ১৯৭২ সালের ৪ নভেম্বর শেখ মুজিব আরও বলেছিলেন, ‘ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়।...আমরা আইন করে ধর্মকে বন্ধ করতে চাই না।...আমাদের শুধু আপত্তি হলো এই যে ধর্মকে কেউ রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারবে না। ২৫ বছর আমরা দেখেছি, ধর্মের নামে জুয়াচুরি, ধর্মের নামে শোষণ, ধর্মের নামে বেইমানি, ধর্মের নামে অত্যাচার, খুন, ব্যভিচার—বাংলাদেশের মাটিতে এসব চলছে। ধর্ম অতি পবিত্র জিনিস। পবিত্র ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা চলবে না।’
শেখ মুজিব বুদ্ধিজীবী ছিলেন না। তিনি রাজপথের রাজনীতিবিদ। জনসম্পৃক্ত রাজনীতি করেই তিনি পাদপ্রদীপের আলোয় এসেছিলেন। একটা জাতিরাষ্ট্রের স্থপতি হতে পেরেছিলেন। কিন্তু জনমানস বা মনস্তত্ত্ব রাতারাতি বদলানো যায় না। পদে পদে তাঁকেও আপস করতে হয়েছিল। পূর্ব পাকিস্তানে একটা ‘ইসলামিক একাডেমি’ ছিল। শেখ মুজিব বাহাত্তর সালে এটা বন্ধ করে দিয়েছিলেন। ১৯৭৫ সালে তিনিই আবার প্রতিষ্ঠা করলেন ‘ইসলামিক ফাউন্ডেশন’। আওয়ামী লীগ যে একটা মুসলমানের দল, এটা প্রমাণ করার জন্য এবং ভোটের রাজনীতিতে মুসলমান ভোটারকে আকর্ষণ করার জন্য হাল আমলের আওয়ামী নেতৃত্ব প্রায়ই বলে থাকেন যে বঙ্গবন্ধুই তো ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন! আওয়ামী লীগ এখানেই থেমে থাকেনি। আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষ সব সময় বলে এসেছে, আওয়ামী লীগ ইসলামবিরোধী দল। বিএনপির নেত্রী খালেদা জিয়া তো এমনও বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে মসজিদে আজান হবে না, উলুধ্বনি হবে। আধুনিক বিশ্বে মধ্যযুগীয় বস্তাপচা রাজনীতির এই দশা দেখছি আমরা অনেক বছর ধরে।
মুসলমান ভোটারের সেন্টিমেন্ট নিয়ে আওয়ামী লীগও কম খেলেনি। এ দেশের স্মরণকালের সেরা বকধার্মিক কিংবা বিড়ালতপস্বী হু মু এরশাদের সঙ্গে আওয়ামী লীগের সখ্য এই দলের আন্তরিকতাকেই প্রশ্নবিদ্ধ করে। খালেদা জিয়ার বিরোধী হলেই তাকে কোলে টেনে নিতে হবে, এ কেমন কথা? ২০০৬ সালে আসন্ন নির্বাচনের আগে শায়খুল হাদিসের খেলাফত মজলিশের সঙ্গে আওয়ামী লীগের পাঁচ দফা চুক্তি ছিল মুক্তিযুদ্ধের চেতনার পুরোপুরি পরিপন্থী। পরবর্তী সময়ে হেফাজতের সঙ্গে আপসরফার অভিযোগও আছে। অনেকের মতে, আওয়ামী লীগ আর আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগের কতজন নেতা তাঁর গ্রামে স্কুল বানিয়েছেন আর কতজন মাদ্রাসা তৈরি করেছেন, তার হিসাব নিলেই থলের বেড়াল বেরিয়ে পড়বে।
মহাভারতের কৃষ্ণ-কংস উপাখ্যান আমরা অনেকেই জানি। ‘তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে।’ আমাদের রাষ্ট্রের অভিভাবকেরা জেনে-বুঝেই কি ফ্রাঙ্কেনস্টাইন তৈরি করেছেন? আবারও ফিরে যেতে হচ্ছে গণপরিষদে শেখ মুজিবের ৪ নভেম্বরের (১৯৭২) ভাষণে। জাতীয়তাবাদের স্বরূপ ব্যাখ্যা করে তিনি বলেছিলেন, ‘আজ বাঙালি জাতি যে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্বাধীন নিয়েছে, যার ওপর ভিত্তি করে আমরা সংগ্রাম করেছি, সেই অনুভূতি আছে বলেই আজকে আমি বাঙালি, আমরা বাঙালি জাতীয়তাবাদ। এর মধ্যে যদি কেউ আজকে দ্বিতীয় কোনো প্রশ্ন তুলতে চান, তাহলে তাঁকে আমি অনুরোধ করব, মেহেরবানি করে আগুন নিয়ে খেলবেন না।’
দেশে আগুন নিয়ে খেলার লোকের অভাব নেই। জেনারেল জিয়াউর রহমান ক্ষমতার নিজস্ব ভিত ও বলয় তৈরি করার জন্য স্বাধীনতাবিরোধী শক্তিকে ব্যবহার করেছিলেন; ১৯৭৭ সালের ২২ এপ্রিল জিয়াউর রহমান সামরিক ফরমান দিয়ে সংবিধানের কয়েকটা অনুচ্ছেদ সংশোধন করে রাষ্ট্রধর্মের পথে এক কদম এগিয়েছিলেন। ১৯৮৮ সালে একটা রাবার স্ট্যাম্প পার্লামেন্টে সংবিধান সংশোধন করে জেনারেল এরশাদ ‘ইসলামকে’ করলেন ‘রাষ্ট্রধর্ম’। পরবর্তী সময়ে আওয়ামী লীগও এই দৌড়ে শামিল হয় ভোটারদের কাছে নিজেকে খাঁটি মুসলমানের দল হিসেবে প্রমাণ করার জন্য। লক্ষ্য সবারই এক, যেকোনো ফন্দিফিকির করে ক্ষমতায় যাওয়া এবং একবার ক্ষমতায় গেলে তা আঁকড়ে থাকা। এখানে নীতি-নৈতিকতার বালাই নেই। এটা রাজনৈতিক কৌশল। সাধারণ মানুষের সহজাত সারল্য আর ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে তাঁরা সবাই দেশটাকে ক্রমাগত জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন। ক্ষমতার লালসা এতই তীব্র যে প্রয়োজনে তারা শয়তানের সঙ্গেও আঁতাত করতে পিছপা হন না। সাড়ে চার দশক ধরে রাজনীতির যে উল্টোযাত্রা দেখছি, তা আমাদের কোথায় নিয়ে যাবে, কে জানে?
মহিউদ্দিন আহমদ: লেখক ও গবেষক।
[email protected]