তৈরি পোশাকের ওপর নির্ভরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাকের ওপর নির্ভরতা কাটিয়ে রপ্তানি পণ্যে বহুমুখী প্রসারের কথায় জোর যতই পড়ুক, আদতে ব্যাপারটা ক্রমেই উল্টো দিকেই যাচ্ছে। পুরোনো বছরগুলোর কথা বাদ দিয়েও বলা যায় যে ২০০০-০১ অর্থবছরে বাংলাদেশ থেকে সারা বিশ্বে রপ্তানি হওয়া পণ্যের ৭৫ শতাংশেরও বেশি হিস্যা ছিল তৈরি পোশাকের। ২০১৪-১৫ অর্থবছরে সেটি দাঁড়িয়েছে প্রায় ৮২ শতাংশে। সামগ্রিক বিবেচনায় ইইউ ও যুক্তরাষ্ট্রনির্ভরতা কমে আসছে না।
তৈরি পোশাকের রপ্তানির অসংখ্য আইটেমের মধ্যে আবার সিংহভাগই হচ্ছে শার্ট, ট্রাউজার, টি-শার্ট, সোয়েটার ও জ্যাকেট। তবে বাজার অর্থনীতিতে এটাই স্বাভাবিক। এ আইটেমগুলোর চাহিদা ফ্যাশননির্ভর নয় বা নিত্যপ্রয়োজনীয় বলে আমদানির ফরমায়েশ কমে আসে না। তবে স্থানীয় বস্ত্রশিল্প আমদানিনির্ভরতা কমিয়ে আনছে, কিন্তু সেটি বেশি ঘটেছে নিট পোশাকে। সম্প্রতি ইইউর জিএসপি পেতে রুলস অব অরিজিন শিথিল করায় আশা করা গিয়েছিল যে বাংলাদেশ হাইফ্যাশন পোশাকের রপ্তানি বাড়িয়ে দামি পোশাকের বাজার বাড়িয়ে নেবে। কিন্তু দেখা গেল ২০১১ সালে রুলস শিথিল অর্থাৎ আমদানি করা কাপড়ে শুল্কমুক্ত রপ্তানির সুযোগ সৃষ্টি হলেও মূল আইটেমগুলো এখনো একচ্ছত্র ভূমিকা রাখছে। শিথিলকৃত রুলে ইইউতে ওভেন পোশাকের রপ্তানিতে বিশেষ করে শার্ট ও ট্রাউজারের ক্ষেত্রে বাংলাদেশ নাটকীয় সাফল্য অর্জন করেছে। এ খাতে ২০১০ সালের রপ্তানিমূল্যের প্রায় দ্বিগুণ রপ্তানি করেছে ২০১৪ সালে। মজার ব্যাপার হলো, রুলস শিথিল হওয়ার পর আমদানি করা বস্ত্রে শুধু তুলাজাত পোশাক রপ্তানিতে খুব ভালো অগ্রগতি হয়েছে। মেয়েদের রাত্রিকালীন পোশাকে সফলতা দারুণ। কিন্তু আগে তেমন রপ্তানি হতো না—এ ধরনের সব পোশাক রপ্তানির আয় মূল আইটেমের যেকোনো একটির আয়ের তুলনায় অর্ধেকেরও কম। সিনথেটিক বস্ত্রের রপ্তানি আয়, জিএসপির এক স্তর রূপান্তর (বস্ত্র থেকে পোশাক) সুবিধা নিয়েও এখনো অত্যন্ত নগণ্য।
প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের অন্যান্য রপ্তানি পণ্য কি তৈরি পোশাকের একচ্ছত্র ব্যবসায় ভাগ বসিয়ে এই অসাধারণ নির্ভরতা কমাতে পারবে? প্রথমেই দ্বিতীয় সর্বাধিক রপ্তানি পণ্য হিমায়িত মাছ, যার বেশির ভাগই হচ্ছে হিমায়িত চিংড়ি, এর বিষয়ে বিবেচনা করা যেতে পারে। এই পণ্যের অর্ধেকের বেশি রপ্তানি হচ্ছে ইইউতে, বাকি অংশের বেশ কিছু পরিমাণ যাচ্ছে যুক্তরাষ্ট্রে। গত কয়েক বছরের পরিসংখ্যান বলছে, এ থেকে আয় এখনো ৩৫ কোটি ইউরোর ঊর্ধ্বে কখনো পৌঁছাতে পারেনি। এ আয় শুধু ২০১৪ সালে টি-শার্ট রপ্তানি আয় আড়াই বিলিয়ন ইউরোর তুলনায় অত্যন্ত নগণ্য। এ পণ্যের রপ্তানি বাড়ানো বেশ জটিল, বিশেষ করে কাঁচামালের অভাবের কারণে। বর্তমানে যে কটি প্রসেসিং প্ল্যান্ট রপ্তানি করছে, তার প্রায় সবই উৎপাদন ক্ষমতার অর্ধেকেরও কম ব্যবহৃত হচ্ছে। সামুদ্রিক মাছের চাহিদা থাকলেও সেখানে আমাদের রপ্তানির জন্য প্রয়োজনীয় মাছ আহরণ করার প্রয়োজনীয় অবকাঠামো এখনো গড়ে ওঠেনি।
জুতা রপ্তানিতে বেশ সাফল্য দেখা যাচ্ছে ইদানীং, বিশেষ করে ইইউতে। ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত এ খাতে আয় বেড়েছে ৬১ শতাংশ। এখানে মনে রাখতে হবে, জুতা রপ্তানির ক্ষেত্রে ইইউর রুলস অব অরিজিন কিন্তু শিথিল হয়নি। আর এ ব্যাপারে রপ্তানি বৃদ্ধি আশানুরূপ না হলেও এটি শিথিল করার কোনো উদ্যোগ এযাবৎ কখনো নেওয়া হয়েছে বলে জানা নেই।
ইইউতে হালকা ইঞ্জিনিয়ারিং পণ্যের রপ্তানিতে সবচেয়ে সফল হচ্ছে বাইসাইকেল। তবে ভালো করলেও এ থেকে আয় ২০১১ সালের ৩ কোটি ২০ লাখ ইউরো থেকে ২০১৪ সালে দাঁড়িয়েছে ৫ কোটি ৬০ লাখ ইউরোতে। ইইউর রুলসের অরিজিন কিন্তু অনেক শিথিল হয়েছে এ পণ্যের জন্য। আগের ৭০ শতাংশ স্থানীয় সংযোজনের বদলে এখন ৩০ শতাংশ। তবে এর বাজার কোথাও তৈরি পোশাকের মতো বিশাল নয়।

>বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে আগামী দিনগুলোতে শ্রমিকের ও কারখানার কর্মপরিবেশ–সংক্রান্ত বিষয়গুলোই সবচেয়ে জরুরি। বিশেষ করে রপ্তানির ভৌগোলিক নির্ভরতার কারণে এবং জিএসপির মাধ্যমে শুল্কমুক্ত বাজার টিকিয়ে রাখার স্বার্থে

ওষুধ রপ্তানিতে বাংলাদেশ অনেক উন্নতি করেছে। ইউরোপ–আমেরিকার বাজারেও বাংলাদেশের ওষুধসামগ্রী রপ্তানি হচ্ছে। অত্যন্ত স্পর্শকাতর এ ব্যবসায় বাংলাদেশের অপার সুযোগ রয়েছে। তবে ওষুধের কাঁচামাল বা অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টের উৎপাদন ক্ষমতা এখনো অনেক সীমিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের ওষুধের মান নিয়ন্ত্রণের ব্যাপারে কার্যকর স্বীকৃতি দিলে বিশ্ববাজারে প্রাণঘাতী অসুখের প্রতিষেধক রপ্তানির বিশাল দরজা খুলে যাবে। বর্তমানে রপ্তানিতে ওষুধশিল্পের এ ভূমিকা বড় করে দেখার সুযোগ নেই। বিশেষ করে তৈরি পোশাক রপ্তানি মোকাবিলায়।
চামড়াজাত পণ্য ও তথ্যপ্রযুক্তি–সংক্রান্ত রপ্তানির ভবিষ্যৎ সম্ভাবনা বেশ কিছু শর্ত পূরণের ওপর নির্ভরশীল। একই কথা প্রযোজ্য বর্তমানের সীমিত পরিমাণের কৃষিপণ্যের রপ্তানির ব্যাপারেও। তবে সবচেয়ে প্রচারিত জাহাজনির্মাণ শিল্প নিয়ে বেশ অস্বচ্ছতা আছে। তৈরি পোশাকের ওপর নির্ভরতা কমাতে বাংলাদেশে নির্মিত জাহাজ নিয়ে অনেক কথা বলা হয়েছে, যদিও এখন তেমন শোনা যায় না। জাহাজ বা নৌযান রপ্তানি হয়েছে ইউরোপের দু-তিনটি দেশে গত কয়েক বছরে। এর মধ্যে একটি জাহাজনির্মাণ শিল্প ব্যাংকের ও ক্রেতাদের মামলার ফাঁদে আটকে আছে। বিলিয়ন ইউরো সম্ভাবনার কথা বলা হলেও জাহাজ রপ্তানি থেকে আয়ের যে তথ্য পাওয়া যায়, তা হতাশা ডেকে আনে। ইইউ ট্রেড ডেটা অনুসারে গত পাঁচ বছরে জাহাজ রপ্তানি থেকে সর্বমোট আয় হয়েছে প্রায় ৬ কোটি ২০ লাখ ইউরো। এর মধ্যে শুধু ২০১১ সালের আয় দেখা যাচ্ছে ৪ কোটি ২০ লাখ ইউরো।
তৈরি পোশাকের ওপর নির্ভরতা নিয়ে অনেকেরই আশঙ্কা আছে যে বাজারে মন্দাভাব অথবা ক্রেতাদের আমদানি শর্তে বাংলাদেশের জন্য মেনে চলা কঠিন এমন কিছু ঘটলে মহা বিপর্যয় হয়ে যেতে পারে। ক্রমাগতভাবে বেড়ে চলা আঞ্চলিক বা দ্বিপক্ষীয় মুক্তবাণিজ্য চুক্তিগুলোকেও ভবিষ্যতের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে। এসব চুক্তি বাংলাদেশের তৈরি পোশাকের বাজারের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে কি না, সেটা নির্ভর করছে পোশাক আমদানির রুলস অব অরিজিনের ওপর। যেমন ভিয়েতনামের সঙ্গে যুক্তরাষ্ট্রের টিপিপি চুক্তি এবং ইইউর মুক্তবাণিজ্য চুক্তি পোশাক আমদানির ক্ষেত্রে কঠোর শর্তাধীন। এটি শুভসংবাদ এ কারণে যে এখনো ভিয়েতনামের বস্ত্রশিল্প তেমন গড়ে ওঠেনি যে সে দেশ এ শর্ত পুরোপুরি মানতে পারবে। ভারতের সঙ্গে প্রায় আট বছর ধরে আলোচনা করেও ইইউ এখনো মুক্তবাণিজ্য চুক্তি করার জন্য শেষ পর্যায়ে পৌঁছাতে পারেনি। তা ছাড়া, এ চুক্তিগুলোর আওতায় তৈরি পোশাক শুল্কমুক্ত আমদানি রপ্তানি শুরু হবে পর্যায়ক্রমে চুক্তি স্বাক্ষরের কয়েক বছর পরে।
বিশ্ববাজারে ২০০৮ সালের মন্দাকালে ক্রেতাদের চাহিদা কমে কিন্তু তারা প্রতিযোগিতামূলক মূল্যে বড় জোগানদাতা হিসেবে বাংলাদেশের দিকেই ঝুঁকে ছিল। বেসিক আইটেমের রপ্তানিকারক হিসেবে বাংলাদেশের পোশাকশিল্পের ওপর মন্দার আঁচ পড়েনি।
রপ্তানিকারকদের মনে রাখতে হবে, বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে আগামী দিনগুলোতে শ্রমিকের ও কারখানার কর্মপরিবেশ–সংক্রান্ত বিষয়গুলোই সবচেয়ে জরুরি। বিশেষ করে রপ্তানির ভৌগোলিক নির্ভরতার কারণে এবং জিএসপির মাধ্যমে শুল্কমুক্ত বাজার টিকিয়ে রাখার স্বার্থে। এ ধারণা সম্ভবত ভুল হবে না যে বাংলাদেশের রপ্তানিতে তৈরি পোশাকের ওপর অতিরিক্ত নির্ভরতায় ছন্দপতন এখনই নয়।
জিল্লুল হাই রাজী: ইউরোপীয় ইউনিয়ন ঢাকা অফিসের অবসরপ্রাপ্ত বাণিজ্য উপদেষ্টা।
[email protected]