ত্বকীর একুশ বছর ও ঘাতকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তানভীর মুহাম্মদ ত্বকী
তানভীর মুহাম্মদ ত্বকী

আজ ত্বকীর জন্মদিন। একুশ বছর আগে যে জীবনের শুরু হয়েছিল, আঠারো না পেরোতেই তার নির্মম পরিসমাপ্তি ঘটেছে। ‘জীবন এত ছোট কেন? এ ভুবনে?’ কথাটি আক্ষরিক অর্থে ত্বকীর ক্ষেত্রে খাটে। দীর্ঘ এক যাত্রার প্রস্তুতিতেই তাকে থেমে যেতে হলো। না, তাকে থামিয়ে দেওয়া হলো।
রাজনীতির নিষ্ঠুর খেলা ত্বকী বুঝে উঠতে না পারলেও বুঝেছিল, এ এক অনতিক্রম্য বৃত্ত। যে বৃত্তে প্রতিনিয়ত ছুটে চলেছে অসংখ্য ঘোড়া; আর তার পিঠে চোখ বেঁধে চড়িয়ে দেওয়া হয়েছে সাধারণ মানুষকে। ত্বকী এ নিয়ম ভাঙার স্বপ্ন দেখেছিল। একটা কবিতায় সে বলেছে, ‘সমগ্র মানবজাতি আজ এক কাতারে দাঁড়াবে/ হিংসা বিদ্বেষের ঊর্ধ্বে উঠে,/ জলাঞ্জলি দিয়ে হিসেব কষা, ছড়িয়ে দেবে ভালোবাসার গান—/ বলবে মানুষ চাই সমানে সমান।’ আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখেছিল। স্যাঁতসেঁতে জমিনে দাঁড়িয়ে সে ডানা ছড়াতে চেয়েছিল আকাশে। কিন্তু ক্রূর-দানব আকাশে তার ছড়িয়ে দিয়েছে একরাশ অন্ধকার।
তলস্তয় তাঁর ওয়ার অ্যান্ড পিস গ্রন্থে বলেছেন, ‘সন্তানেরা যখন পিতাদের কবর দেয়, তখন দেশে শান্তি থাকে, পিতারা যখন সন্তানদের কবর দেয়, তখন দেশে যুদ্ধাবস্থা বিরাজ করে।’ দুর্ভাগা এ দেশে প্রায়ই কোনো না কোনো পিতার কাঁধে তুলে দেওয়া হচ্ছে সন্তানের লাশ। হিমালয় পর্বতের মতো ভারী এসব লাশ। সাগর-রুনি, রাজীব হায়দার, অভিজিৎ, বিশ্বজিৎ, ওয়াশিকুর, দীপন, তনু, মিতু, আফসানা, রিসা—অসংখ্য নাম। প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। আর এসব নতুন নামের ভিড়ে ধুলো আচ্ছাদিত হচ্ছে পুরোনো নাম। এসব হত্যার কারণ ভিন্ন ভিন্ন হলেও এসবের বিচার না হওয়াটাই রাজনীতির নিয়ম। আর দু-একটির যা-ও হয়, তা-ও রাজনীতির প্রয়োজনে।

একটা কবিতায় ত্বকী বলেছে, ‘আমি হব তা-ই, যা ছিল না কখনো কারও কল্পনা চিন্তায়...’। যা ছিল আমাদের কল্পনারও অতীত ত্বকীর ক্ষেত্রে তা-ই ঘটেছে। নিভৃতচারী এক কিশোর কীভাবে ছাড়িয়ে গেল দেশ ও কালের সীমানা। আমাদের চোখের সামনে মেলে ধরল আমাদের অক্ষমতা, দুর্বলতা, অসহায়ত্ব, জানিয়ে দিল, মানুষ, মানবতা ও জীবনের বিরুদ্ধে যে যন্ত্র, তার বদল ছাড়া কারও মুক্তি নেই।

 ১৯৭১ সালে বহুবার শীতলক্ষ্যা নদী পাড়ি দিয়েছি। নদীতে অসংখ্য লাশ। শত শত। চারদিক নিস্তব্ধ। বইঠার ঢেউ ভাঙা জলের শব্দের ফাঁকে ফাঁকে মাঝেমধ্যে ভেসে আসত কাক-শকুনের চিত্কার। নদীর অন্তর্লীন অশ্রুপাত তখন দেখেছি, শুনেছি তার অন্তর্গত কান্না। ২০১৩ সালের ৮ মার্চ যখন ত্বকীর ক্ষতবিক্ষত দেহ শীতলক্ষ্যার খালের পাড়ে আমরা পেলাম; সেদিনও শীতলক্ষ্যার জলে একাত্তরের সেই কান্না আমি দেখেছি, দেখেছি মানুষের প্রতি নদীর তীব্র ঘৃণা।

যুদ্ধ যেমন নতুন নতুন মানুষ তৈরি করে, তেমনি পরিচয়েরও নতুন মাত্রা তৈরি করে দেয়। প্রতিটি ঘটনাই মানুষকে নতুন বাস্তবতার সঙ্গে সঙ্গে নতুন পরিচয়ে হাজির করে। ত্বকীর মৃত্যু তেমনি নির্মম ও অনিবার্য বাস্তবতাকে তুলে এনেছে। একদিন বাসা থেকে বেরিয়ে রিকশায় যাচ্ছি। পথে রিকশাওয়ালা বারবার পেছনে তাকাচ্ছে। যেন কিছু খুঁজছে, হিসাব মেলাতে চাইছে। বয়স তার ২৫-২৬ বছর হবে। গন্তব্যে নেমে তাকে টাকা দিলাম। সে প্রশ্ন করল, আপনি ত্বকী ভাইয়ার বাবা না? বললাম, হ্যাঁ। সে তাকিয়ে রইল। তার চোখ ছলছল করে উঠল। কিছুক্ষণ পর ‘আমি আপনার কাছ থেকে টাকা নেব না’ বলে হন হন করে চলে গেল। প্রায় প্রতিনিয়তই আমি এমনই ঘটনার মুখোমুখি হই। একটি মৃত্যু কত অপ্রতিরোধ্য হতে পারে, কতটা অজেয় হতে পারে তা আমি জেনেছি। তাকে থামিয়ে রাখা গেলেও প্রতিরোধ করার সাধ্য কারও নেই। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন-পুত্র অভিমন্যুকে নৃশংসভাবে হত্যা করা হয়। পুত্রের মৃত্যুসংবাদ শুনে ক্রুদ্ধ ক্ষুব্ধ অর্জুন ছুটে যান কুরুক্ষেত্রে। অর্জুনকে দেখে যুদ্ধে আহ্বান জানিয়ে কর্ণ বলেন, ‘যুদ্ধ শুরু করো অর্জুন।’ ক্রোধে ক্ষোভে কম্পমান অর্জুন চিত্কার করে ওঠেন, ‘আজ আমি অর্জুন নই, অভিমন্যুর পিতা।’ ত্বকীর মৃত্যুর পর আমার সব পরিচয়, বিশেষণ ছাপিয়ে যেটি সবচেয়ে ওপরে উঠে এল তা হলো, ‘ত্বকীর বাবা’।

ত্বকীর জন্মের প্রথম দিন থেকে আঠারোটা জন্মদিন ত্বকীর সঙ্গে আমরা কাটিয়েছি। তা ছিল আনন্দের, ফুলের সৌরভ ছড়ানো। ত্বকী গান গাইত, ‘এ দিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার’, গাইত, ‘ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদু বায়’। কিন্তু এখন ৫ অক্টোবর কোনো ফুলের ফোটা আমাদের চোখে পড়ে না, সৌরভ ভেসে আসে না। ভেসে আসে নীল হয়ে যাওয়া কোন পাহাড়ের অন্তর্গত-সুর।

নিহত হওয়ার কয়েক দিন আগে ত্বকী তার খেরো খাতার এক জায়গায় লিখেছে, ‘কোকিলের পাশাপাশি উড়ে চলে/ শোকের কালো পতাকা।’ কালো রং ত্বকীর প্রিয় ছিল। বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে লাশকাটা ঘরে যাওয়ার শেষ সময়টিতে ওর গায়ে ছিল কালো জামা। ঘাতকেরা কালো দাগ টেনে সবকিছুর সমাপ্তি টানতে চেয়েছিল। কিন্তু শেষটা তো হলো না। হওয়ার নয়। এই কালো চিহ্নই ফাঁসির দড়ি হয়ে তাড়িয়ে বেড়াচ্ছে ঘাতকদের। কোনোভাবেই তারা হাত থেকে তাদের রক্তের দাগ মুছতে পারছে না। নদী-সমুদ্র কোনো জলেই ধোয়া যাচ্ছে না রক্তচিহ্ন। ব্রেখ্‌টের সেই নায়কের জেলখানায় রক্ত দিয়ে ‘বিপ্লব’ লেখার মতো। কোনোভাবেই দেয়ালের সেই রক্ত-লেখা শাসকেরা মুছতে পারেনি। দেয়াল খুঁড়ে মুছতে গিয়ে যেমন খোদাই হয়ে আরও স্থায়ী করে দিল লেখা; তেমনি ত্বকীর ঘাতকদের বুকে-পিঠে খোদাই হয়ে লেখা হয়ে গেল ‘নরঘাতক’। এ থেকে তাদের নিস্তার নেই। এ হত্যাচিহ্নই তাদের টেনে নিয়ে যাবে ফাঁসির মঞ্চে।

রফিউর রাব্বি: প্রয়াত ত্বকীর বাবা।