
যুক্তরাজ্য কি আবার কখনো এই সত্য মেনে নিতে পারবে যে সে ইউরোপের অংশ ছিল? ২৩ জুনের গণভোট নিয়ে ব্রিটিশ সংবাদপত্রের শিরোনামের দিকে যদি তাকান, তাহলে খুব পরিষ্কারভাবেই এর উত্তর হবে, ‘না’। ব্রিটেনের যাঁরা ইউরোপীয় ইউনিয়ন ছাড়তে চান, তাঁরা বলছেন, অভিবাসন ও নৌকা বা বোমার হাত থেকে ব্রিটিশ জীবনধারা বাঁচাতে এই ব্রেক্সিট করতে হবে। তাঁদের বিরোধীরা যাঁরা ইউরোপের অংশ হিসেবে থাকতে চান, তাঁরা আরেকটি ভীতির কথা বলেন, ব্রেক্সিট হলে ইউরোপের সঙ্গে বাণিজ্যনির্ভর চাকরি হারাতে হবে।
এই প্ল্যাটফর্ম-কেন্দ্রিক যে অনবরত স্লোগান দেওয়া হচ্ছে, তাতে এক সাংঘর্ষিক বিশ্বদৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে। যাঁরা ইউরোপীয় ইউনিয়ন ‘ত্যাগ’ করতে চান, তাঁরা ১৯৪০-এর ডানকার্কের চেতনার দোহাই দিচ্ছেন, সে সময় ব্রিটিশ জাতি ইউরোপের ওপর নির্ভরশীল না থেকে আক্রমণকারী শক্তিকে রুখে দিয়েছিল।
ওদিকে যাঁরা ইউরোপীয় ইউনিয়নে থাকতে চান, তাঁরা আসলে এক ভিন্ন ব্রিটেনের স্বপ্ন দেখেন: ভবিষ্যৎমুখী, সক্রিয় ও আন্তর্জাতিক মানসিকতাসম্পন্ন। কিন্তু কনজারভেটিভ পার্টির মধ্যে এ নিয়ে তিক্ত বিভাজন রয়েছে। কারণ, ইউরো সম্পর্কে সন্দিহান গণমাধ্যম এ দলটির অনেক গুরুত্বপূর্ণ মুখপাত্রের ওপর চড়াও হয়েছে। ফলে তাঁরা আসলে ইউরোপের সঙ্গে একধরনের আধাখেঁচড়া সম্পর্ক রাখার কথা বলছেন, যে ব্রিটেন হবে ইউরোপ থেকে আধা বিচ্ছিন্ন, তার সঙ্গে পুরোপুরি সম্পর্কিত নয়। ব্রিটেন আসলে কেন ইউরোপীয় ইউনিয়নে থাকবে, তার কোনো ইতিবাচক ও নীতিভিত্তিক কারণ এখনো হাজির করা হয়নি।
যাঁরা চান ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নে থাকুক, তাঁদের উচিত হবে, ইতিবাচক যুক্তি পেশ করা। ২১ শতকে ব্রিটিশ জনগণের চাহিদা মেটাতে হলে অতীতকে ঝেড়ে ফেলতে হবে, একই সঙ্গে এটা স্বীকার করতেই হবে যে বর্তমান যুগ বিশ্বায়নের জমানা এবং স্বীকার করতে হবে, ভবিষ্যৎ নানা সম্ভাবনায় পূর্ণ। আমাদের ক্রমবর্ধমান আন্তনির্ভরশীলতা থেকে বোঝা যায়, ইউরোপীয় ইউনিয়ন আমাদের বৃহত্তর আন্তর্জাতিক সহযোগিতা ও সমন্বয়ের সুযোগ দিচ্ছে।
আর যাঁরা ইউরোপীয় ইউনিয়ন ‘ত্যাগ’ করতে চান, তাঁরা বিশ্বায়নকে বোঝা মনে করেন, তাঁরা সুরক্ষা চান। তাঁদের দাবি হলো, ‘নিয়ন্ত্রণ’ ঘরে ফিরিয়ে আনতে হবে। সাম্প্রতিক একটি জরিপে জানা যায়, যাঁরা ভোট দেবেন, তাঁদের মধ্যে নিশ্চিতভাবে ৪৩ শতাংশ চান, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করে নিয়ন্ত্রণ নিজের হাতে আনা উচিত, এমনকি তাতে অর্থনৈতিক ক্ষতি হলেও। শুধু ২৩ শতাংশ তা চান না, যদিও এই জরিপ হয়তো প্রতিনিধিত্বমূলক নয়।
আমজনতা যদি মনে করে, গণভোটের পর ইউরোপের ভবিষ্যৎ নিয়ে জাতীয় মতৈক্য করা সম্ভব নয়, তাহলে তাদের মার্জনা করাই যায়। কিন্তু সামনে এগোনোর পথ আছে। আমাদের এটা স্বীকার করে নিয়েই শুরু করতে হবে যে প্রতিটি দেশকে তার কাঙ্ক্ষিত জাতীয় স্বায়ত্তশাসন ও প্রয়োজনীয় আন্তর্জাতিক সহযোগিতার মধ্যে ভারসাম্য আনতে হবে।
ব্রিটেনের কোনো চরম পন্থার দিকে যাওয়া ঠিক হবে না। অর্থাৎ তার যেমন পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসনের দিকে যাওয়া ঠিক হবে না, যেখানে ঘনিষ্ঠতম প্রতিবেশীদের সঙ্গে সহযোগিতার বিষয়টি উপেক্ষিত হবে। আবার ইউরোপের সুপার স্টেটের মধ্যেও তার ঢুকে যাওয়া উচিত হবে না, যেখানে জাতীয় পরিচয় ও সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি উপেক্ষিত হবে।
প্রতিটি বিষয় ধরে ধরে ব্রিটেন ও ইউরোপের অগ্রসর হওয়ার সুযোগ আছে, যার মধ্য দিয়ে তারা আরও প্রতিযোগিতামূলক, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক হবে। আমরা যদি দেখাতে পারি, ইউরোপের সুযোগ, ন্যায্যতা ও নিরাপত্তা বাড়বে এবং আমরা ইউরোপীয় ইউনিয়নের সংস্কার কর্মসূচির গর্বিত নেতা হতে পারব, তাহলে ব্রিটেনের একধরনের মতৈক্য গড়ে উঠতেই পারে।
অর্থনীতির কথাই ধরুন। স্বায়ত্তশাসন ও সহযোগিতার সমন্বয় করে ব্রিটেন আগামী এক দশকে আরও পাঁচ লাখ লোকের কর্মসংস্থান করতে পারে। আর ইউরো গ্রহণ না করায় সুদের হার নির্ধারণ করার স্বাধীনতা তার হাতে আছে। কিন্তু ইউরোপের বাজারে অন্তর্ভুক্ত হওয়ার মাধ্যমে প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের ক্ষেত্রে পরিষ্কার অগ্রগতি ঘটেছে। একইভাবে, ব্রিটেন যদি ডিজিটাল জগৎ, জ্বালানি ও সেবা বিশেষ করে আর্থিক সেবার ক্ষেত্রে সমান সুযোগ সৃষ্টির প্রচেষ্টায় নেতৃত্ব দেয়, তাহলে সে ইউরোপের জন্য বৃহত্তর প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি করতে পারে।
অর্থনৈতিক সংস্কার স্রেফ শুরু মাত্র। ব্রিটেনের উচিত হবে, এমন এক এজেন্ডা সামনে নিয়ে আসা, যেটা জ্বালানি সক্ষমতা (জ্বালানি ও পরিবেশ ইউনিয়নের মাধ্যমে), ন্যায্য কর ব্যবস্থা (কর স্বর্গের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া) ও নিরাপত্তার (সীমান্তে গোয়েন্দা তৎপরতা বাড়ানো এবং সন্ত্রাসবাদ ও অবৈধ অভিবাসন রুখতে পুলিশি তৎপরতা বাড়ানো) প্রশ্ন আমলে নিতে পারে।
ইউরোপের সংস্কারের জন্য ব্রিটেনের উচিত হবে একটি সাহসী ও দূরদৃষ্টিসম্পন্ন পরিকল্পনা প্রণয়ন করা, যেখানে তাকে ইউরোপের একক বাজারের সামাজিক মাত্রা ও বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে ইউরোপীয় ভ্রাতৃত্বের গুরুত্ব স্বীকার করতে হবে। এই বাস্তবতা মেনে নিয়ে ব্রিটেন সহযোগিতার মাধ্যমে অধিকতর কিছু অর্জন করতে পারে, বিচ্ছিন্ন থাকার চেয়ে এটা ভালো। ২০১৭ সালের ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট নির্বাচনের সময় এটা বড় এজেন্ডা হয়ে উঠতে পারে, যার মাধ্যমে আন্তর্দেশীয় সহযোগিতার নতুন দিক উন্মোচিত হতে পারে।
ব্রিটেন এই নেতৃত্বের সুযোগে আন্তর্জাতিক উন্নয়ন ও দ্বন্দ্ব নিরসনে আরও সহযোগিতামূলক মনোভঙ্গি গ্রহণ করতে পারে, যার মধ্যে ইউরোপের নেতৃত্বে উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যবিষয়ক মহাপরিকল্পনা থাকতে পারে।
ব্রিটেন ইউরোপের উন্নয়নের পরবর্তী ধাপের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছে। উপনিবেশ-উত্তরকালের গত ৫০ বছরে ব্রিটেন তার লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভূমিকা গ্রহণের চেষ্টা করেছে। ইউরোপের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার মাধ্যমে আমরা দেখাতে পারি, ব্রিটেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশেষ কিছু সম্পর্ক, ন্যাটোর ২৮ সদস্যরাষ্ট্র এবং ক্রমবর্ধমান ইউরোপীয় ইউনিয়নের এক সদস্যরাষ্ট্রের চেয়েও বেশি কিছু। ২৩ জুন ব্রিটিশদের উচিত হবে এটা দেখানো যে ব্রিটেনের ভবিষ্যৎ ইউরোপ ছাড়ার মধ্যে নয়, ইউরোপের নেতৃত্ব দেওয়ার মধ্যেই নিহিত রয়েছে।
অনুবাদ: প্রতীক বর্ধন, স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট।
গর্ডন ব্রাউন: ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী।