
মার্চের শেষ ও এপ্রিলের শুরুতে হাওরাঞ্চলে অকাল-অতিবৃষ্টি ও প্রবল পাহাড়ি ঢলে যখন বোরো ফসলের প্রায় পুরোটাই নষ্ট হয়ে গেল, তখনই শঙ্কা জেগেছিল যে এ বছর খাদ্যের সংকট দেখা দিতে পারে। আর এখন, এই আমন লাগানোর মৌসুমে যখন অন্তত ২৭টা জেলা প্রবল বন্যায় একদম বিপর্যস্ত, তখন নিশ্চিত বোঝা যাচ্ছে, খাদ্যসংকট গত দুই দশকের মধ্যে সবচেয়ে শোচনীয় আকার ধারণ করতে চলেছে।
যদিও বন্যায় শুধু ফসলই নষ্ট হয় না, তবু প্রথমেই ফসলের ভাবনাই মনে আসে। কারণ, সবকিছুর আগে তো প্রাণরক্ষা, সে জন্য খাদ্য প্রয়োজন। খাদ্যের অভাব ঘটলে তো প্রাণটাই থাকে না। দুর্যোগ মোকাবিলার ব্যাপারে আমাদের জাতীয় দর্শনে দুর্গত মানুষকে মৃত্যুর হাত থেকে রক্ষা করাই মুখ্য বিষয় বলে আমার ধারণা। এই ধারণার যে ভিত্তি আছে, তার একটা প্রমাণ পেলাম সরকারের দুজন কর্মকর্তার সাম্প্রতিক বক্তব্যে। বন্যা পরিস্থিতি বিষয়ে গত শনিবার সচিবালয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় বৈঠকে প্রথম আলোর প্রতিবেদক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামালকে জিজ্ঞেস করেছিলেন, একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক ন্যূনতম যে পরিমাণ ক্যালরির খাবার খাওয়া প্রয়োজন, সরকারের ত্রাণ কর্মসূচিতে সেই চাহিদা পূরণ করা হচ্ছে কি না।
উত্তরে সচিব মহোদয় বলেন, ‘এটা আমি বলতে পারব না। এখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি আছেন, তিনি উত্তর দেবেন।’ প্রথম আলোর প্রতিবেদক স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিকে একই প্রশ্ন জিজ্ঞেস করলে তিনি উত্তরে বলেন, ‘আমরা মানুষের পেটে খাবার জোগানোর চেষ্টা করছি। ক্যালরি মেপে ত্রাণ দেওয়ার বিষয়টি বাংলাদেশে প্রচলিত নয়।’
স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি সোজাসাপটা নিরেট সত্য কথাই বলেছেন। বন্যার্ত মানুষের মুখে দুমুঠো অন্ন তুলে দিয়ে তাদের অন্তত অনাহারে মৃত্যুর হাত থেকে রক্ষা করাই যখন বিরাট সমস্যা, তখন ক্যালরি হিসাব করে খাদ্য বিতরণের কথা ভাবার অবকাশ কোথায়? তাই ত্রাণ সাহায্যের মধ্যে খাদ্য বলতে আছে শুধু চাল আর সামান্য পরিমাণে চিড়া, মুড়ি ও গুড়। অর্থাৎ, বন্যার্ত মানুষ খাদ্য বলতে যা পাচ্ছে, তা হলো শুধুই শর্করা।
কিন্তু তা-ও কি সব বন্যার্ত মানুষ ঠিকমতো পাচ্ছে? ১৯ আগস্ট অনুষ্ঠিত বন্যাবিষয়ক আন্তমন্ত্রণালয় বৈঠকের খবরে জানা গেল, দুই দিনে ত্রাণ সাহায্যের বরাদ্দ প্রায় তিন গুণ বাড়ানো হয়েছে। কিন্তু সেই ত্রাণের কতটা দুর্গত মানুষের কাছে পৌঁছেছে, তার কোনো হিসাব ওই বৈঠকে তুলে ধরা হয়নি। ত্রাণ সাহায্য বরাদ্দের হিসাব তুলে ধরা হলো এবং দেখা গেল, বরাদ্দের পরিমাণ আগের তুলনায় প্রায় তিন গুণ বেশি—এটা সরকারের জন্য প্রশংসনীয় বিষয়। সে কারণেই তা সংবাদের শিরোনাম হলো। কিন্তু বরাদ্দ ত্রাণ সাহায্যের কতটা বিতরণ করা হলো, কতটা দুর্গত পরিবার তা পেল, কত পরিবার পেল না—এই হিসাব তুলে না ধরার মাজেজা কী? হিসাবটা কি সরকারের কাছে নেই? আসলে ত্রাণ সাহায্য বরাদ্দ করার চেয়ে তা দুর্গতদের কাছে পৌঁছে দেওয়া কম গুরুত্বপূর্ণ কাজ নয়। বরং বলা চলে, সুষ্ঠুভাবে বিতরণের ফলেই বরাদ্দের উদ্দেশ্য পূরণ হয়।
বিভিন্ন দুর্গত অঞ্চল থেকে আমরা ত্রাণ বিতরণ সম্পর্কে যেসব খবর পাচ্ছি, তা মোটেও সন্তোষজনক নয়। অনেক প্রত্যন্ত এলাকার বন্যাদুর্গত মানুষ ত্রাণ সাহায্য পায়নি। যেমন বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়নের দুর্গত মানুষ ২১ আগস্ট পর্যন্ত কোনো ত্রাণ সাহায্যের মুখ দেখতে পায়নি। সারিয়াকান্দি তো অনেক দূরে, ঢাকার অদূরের দোহার-নবাবগঞ্জ এলাকার ৬৫ হাজার বন্যাদুর্গত মানুষের কাছে ১৯ আগস্ট পর্যন্ত কোনো ত্রাণ সাহায্য পৌঁছায়নি। এ প্রসঙ্গে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) নামের এক বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত গবেষণা পরিচালক মাহফুজ কবিরের বক্তব্য উল্লেখ করা যেতে পারে। প্রথম আলোকে তিনি বলেছেন, বিভিন্ন গবেষণায় দেখা যায়, সরকারের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ত্রাণ বিতরণের যে হিসাব দেওয়া হয়, তা সব সময় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা পায় না। সাম্প্রতিক সময়ে হাওরের ক্ষতিগ্রস্ত এলাকায় গবেষণা চালিয়ে দেখা গেছে, ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা প্রয়োজনের এক-তৃতীয়াংশ ত্রাণ পেয়েছে। তাই শুধু বরাদ্দ বাড়ালেই চলবে না, বন্যার্তরা তা পাচ্ছে কি না, তা-ও দেখতে হবে। বরাদ্দের সমপরিমাণ ত্রাণ মানুষ পাবে, তা নিশ্চিত করতে হবে।
দুর্গত মানুষের হিসাব নির্ধারণেও সমস্যা আছে। হিসাবে এমন অসংগতির দৃষ্টান্তও পাওয়া যাচ্ছে, যা অবাস্তব ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রতীয়মান হয়। যেমন বগুড়ার সারিয়াকান্দি উপজেলার প্রশাসন হিসাব দিয়েছে, ওই উপজেলায় মোট ২২ হাজার ৭৩২টি পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ধরা হয়েছে ৭৬ হাজার ৪০০। এই হিসাবে সারিয়াকান্দি উপজেলায় গড়ে প্রতি পরিবারের সদস্যসংখ্যা হয় ৩। এটা উদ্ভট রকমের অবাস্তব হিসাব। দেশের আরও কত বন্যাদুর্গত এলাকায় যে এমন অবাস্তব হিসাব করা হয়েছে, তা আমাদের পক্ষে বলা খুব কঠিন। আর এই ফর্মুলায় যদি গোটা দেশের বন্যাদুর্গত মানুষের সংখ্যা হিসাব করা হয়ে থাকে, তাহলে নিশ্চিত বলা যায়, সরকারের দেওয়া হিসাবে যে ৫৭ লাখের কথা বলা হচ্ছে, তা প্রকৃত সংখ্যা হতে পারে না। প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা আরও অনেক বেশি হওয়ার কথা।
আমরা দেখি, প্রাকৃতিক দুর্যোগে বা বড় ধরনের দুর্ঘটনায় মানুষের প্রাণহানি ঘটলে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষগুলোর পক্ষ থেকে রক্ষণশীলভাবে হিসাব দেওয়ার প্রবণতা কাজ করে। বেসরকারি হিসাবে নিহত বা ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা যত হয়, সরকারি হিসাবে তার চেয়ে কম দেখানো হয়। কিন্তু এই প্রবণতা সরকারের নিজের জন্যই সমস্যা সৃষ্টি করে। কারণ ক্ষতির হিসাব সঠিক না হলে ক্ষতিপূরণের পদক্ষেপগুলো সঠিক ও পর্যাপ্ত হয় না।
সুতরাং বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রকৃত সংখ্যা যথাসম্ভব সঠিকভাবে নির্ধারণ করা প্রথম কর্তব্য। তার ভিত্তিতেই প্রয়োজনীয় ত্রাণ সাহায্যের মোট পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখতে পাব, যে পরিমাণ ত্রাণ সাহায্য বরাদ্দ করা হয়েছে, তার দ্বারা মোট প্রয়োজনের কত ভাগ পূরণ হতে পারে। বরাদ্দের পরিমাণ তিন গুণ বাড়ানোর পর তা দাঁড়িয়েছে ২০ হাজার ৪০০ টন চাল ও ৬ কোটি ৫৬ লাখ টাকা। এ ছাড়া কিছু পরিমাণ শুকনো খাবার যথা চিড়া, মুড়ি, গুড়, চিনি ও লবণ বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ৫৭ লাখ মানুষের জন্য কি এই পরিমাণ ত্রাণ সাহায্য যথেষ্ট? তাদের প্রকৃত সংখ্যা আরও বেশি হয়ে থাকলে ত্রাণ সাহায্যের ঘাটতির পরিমাণ কত হতে পারে—এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ।
মানুষকে অনাহারে মৃত্যুর হাত থেকে রক্ষা করা অবশ্যই খুব জরুরি। সে জন্য ত্রাণ সাহায্যের বরাদ্দ আরও বাড়ানো প্রয়োজন এবং বরাদ্দ ত্রাণ সাহায্য বন্যাদুর্গত মানুষের কাছে শতভাগ পৌঁছানো নিশ্চিত করতে হবে। কিন্তু শুধু এটা করাই যথেষ্ট নয়। পুষ্টির বিষয়টিও খুব গুরুত্বপূর্ণ। বন্যায় যে দুটি বিভাগ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই রংপুর ও রাজশাহীর মানুষের মধ্যে এমনিতেই অপুষ্টির হার বেশি। প্রতি ১০টি শিশুর মধ্যে ৩টিই অপুষ্টির শিকার; তাদের উচ্চতা ও ওজন দুটোই স্বাভাবিকের তুলনায় কম। বন্যার কারণে তাদের অপুষ্টি আরও বাড়বে। দীর্ঘ সময় শুধু শর্করা খেয়ে জীবন রক্ষার চেষ্টা করতে হলে স্বল্প ও দীর্ঘ মেয়াদে গুরুতর অপুষ্টির শিকার হওয়ার আশঙ্কা রয়েছে। অন্তঃসত্ত্বা নারীদের পুষ্টির বিষয়টিও খুবই গুরুত্বপূর্ণ। সরকার যদি বিশেষ করে নারী ও শিশুদের পুষ্টির বিষয়টি বিবেচনায় না রাখে, তাহলে বন্যাদুর্গত এলাকাগুলোতে বন্যা শেষ হওয়ার পরও বিপুলসংখ্যক মানুষের স্বাস্থ্য সমস্যা থেকে যাবে। শিশুমৃত্যু ও মাতৃমৃত্যুর হার কমানোসহ নারী-শিশুর সার্বিক স্বাস্থ্যোন্নয়নের ক্ষেত্রে আমরা যে অগ্রগতি অর্জন করে চলেছি, তা ভীষণভাবে বাধাগ্রস্ত হবে।
তাই বন্যার্ত এলাকাগুলোর মানুষের পুষ্টিসংকট থেকে রক্ষা করতে চালের সঙ্গে অবশ্যই ডাল বিতরণ করা উচিত; ডাল থেকে তারা প্রোটিন পাবে। এ ছাড়া পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাওয়ার স্যালাইনের সঙ্গে আয়রন, ক্যালসিয়াম ও জিংক ট্যাবলেট বিতরণ করা উচিত। এই মাইক্রোনিউট্রিয়েন্টগুলো নারী ও শিশুদের প্রকট পুষ্টিহীনতা থেকে রক্ষা করতে সহায়ক হবে।
মশিউল আলম: সাহিত্যিক ও সাংবাদিক।