ত্রাণশিবিরে প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শন ও সেখানে গিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন, তাতে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট ও জোরালোভাবে প্রকাশ পেয়েছে। তিনি বলেছেন, এই জনগোষ্ঠীর ওপর অত্যাচার, নির্যাতন বন্ধ ও তাদের নিজ দেশে ফিরে যাওয়ার পরিস্থিতি সৃষ্টিতে বাংলাদেশের পাশাপাশি বিশ্ব সম্প্রদায়েরও দায়িত্ব আছে। একই সঙ্গে বাংলাদেশে আশ্রয় নেওয়া শরণার্থীদের জন্য দরকারি সব করতে সরকার প্রস্তুত রয়েছে বলেও প্রধানমন্ত্রী জানান।
এর আগে জাতীয় সংসদে রোহিঙ্গা নির্যাতন বন্ধ, তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলে জোরালো কূটনৈতিক চাপ প্রয়োগের প্রস্তাব পাস হয়েছে। প্রধানমন্ত্রী সংসদে দেওয়া তাঁর ভাষণে মিয়ানমারে একটি নিরাপদ অঞ্চল তৈরি করে শরণার্থীদের সেখানে সুরক্ষা দেওয়ার প্রস্তাব রেখেছেন।
বাংলাদেশে আসা শরণার্থীদের যথাযথ নিবন্ধনের বিষয়টি আমরা শুরু থেকেই বলে আসছিলাম। প্রধানমন্ত্রীর বক্তব্যে বিষয়টি এসেছে। আমরা আশা করব, এবার রোহিঙ্গা শরণার্থীদের আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটি তালিকা তৈরি হবে। আন্তসীমান্ত সন্ত্রাস প্রসঙ্গে, বিশেষ করে জঙ্গিবাদ ও বাংলাদেশের ভূখণ্ড অন্য কোনো দেশের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের কাজে ব্যবহার করতে না দেওয়ার ব্যাপারে তিনি যে জোরালো বক্তব্য দিয়েছেন, তা আস্থার পরিস্থিতি তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
এটা মানতেই হবে যে হঠাৎ করে আসা তিন লাখ শরণার্থীর জন্য আশ্রয় ও খাবারের সংস্থান করার কাজটি সহজ হবে না। প্রধানমন্ত্রী যখন মিয়ানমারের শরণার্থীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন, তখন যথাযথ নিষ্ঠার সঙ্গে এই দায়িত্ব পালনের সব উদ্যোগ নিতে হবে। এর ব্যবস্থাপনার কাজটি আসলে কীভাবে পরিচালিত হবে এবং সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের কাজটি কীভাবে হবে, সে ব্যাপারে বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে হবে। রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে যাতে কোনো দালালচক্র ফায়দা লোটার চেষ্টা করতে না পারে, সে জন্য নজরদারি বাড়াতে হবে।
তবে মিয়ানমারে অত্যাচার-নির্যাতন ও গণহত্যার শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া শরণার্থীদের দেখভাল করার পাশাপাশি তাদের দেশে ফেরার বিষয়টি কত দ্রুত করা যায়, সে ব্যাপারে কার্যকর প্রয়াস চালাতে হবে। মিয়ানমারের অভ্যন্তরে নিরাপদ অঞ্চল হোক বা আনান কমিশনের প্রতিবেদনকে ভিত্তি ধরে হোক, রোহিঙ্গা সমস্যা সমাধানের পথ খুঁজতে কূটনৈতিক দৌড়ঝাঁপ বাড়ানোর বিকল্প নেই।