ত্রিদেশীয় পরমাণু চুক্তি, বাংলাদেশের প্রত্যাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ফাইল ছবি।
প্রথম আলো ফাইল ছবি।

স্বাধীনতার আগে বাঙালি বিজ্ঞানী, প্রকৌশলী ও রাজনীতিবিদদের প্রত্যাশা ছিল, অবহেলিত পূর্ব পাকিস্তান বিজ্ঞান ও প্রযুক্তিচর্চায় উন্নত হোক। শুধু পশ্চিম পাকিস্তানই কি পরমাণুবিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নত থাকবে? পূর্ব পাকিস্তানে বসবাসকারী বাঙালিদের মেধা-মনন তো পশ্চিম পাকিস্তানিদের চেয়ে কম নয়? শুধু রাজনৈতিক প্রতিহিংসায় বলি হয়ে জ্ঞান-বিজ্ঞানে পিছিয়ে থাকবে, তা কোনোক্রমেই বাঙালিরা মেনে নেয়নি। পূর্ব পাকিস্তানের রাজনীতিবিদ, বাঙালি বিজ্ঞানী ও প্রকৌশলীদের চাপে ১৯৬১ সালে তৎকালীন পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানে পাবনার রূপপুরে পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করে। সেদিন থেকে রূপপুর বিশ্বদরবারে পরিচিতি পায় পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণের স্থান হিসেবে। 
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে পাকিস্তান সরকার রূপপুরে পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে যায়। পরে ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠন করেন। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠন করার আগে ১৯৭২ সালে বঙ্গবন্ধু বেশ কয়েকজন মেধাবী বিজ্ঞানী ও প্রকৌশলীকে ভারতের ভাবা পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানে গবেষণা করতে পাঠিয়েছিলেন, উদ্দেশ্য ছিল সদ্য স্বাধীন বাংলাদেশে কীভাবে একটি খ্যাতিমান পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা যায়। আমাদের মেধা ও সম্পদ ব্যবহার করে পশ্চিম পাকিস্তানিরা কীভাবে পরমাণু গবেষণা থেকে পরমাণু চুল্লি নির্মাণ করেছে, তা বঙ্গবন্ধু ভুলে যাননি। তখন আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন এম ইন্নাস আলী। বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার উৎসাহে ও আগ্রহে এবং বঙ্গবন্ধুর ঐকান্তিক ইচ্ছায় সাভারে ২৬৫ একর জমি বরাদ্দ দেওয়া হয়। পরবর্তী সময়ে সেখানে দেশের বৃহত্তর পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। 
পরমাণু শক্তি কমিশন গঠিত হলেও পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর রূপপুর পরমাণু প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ বন্ধ হয়ে যায়। সৌভাগ্যক্রমে পরমাণুবিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়া বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে চাকরি করার সুবাদে রূপপুর পরমাণু প্রকল্প বাস্তবায়নের জন্য সরকারের কাছে দাবি জানাতেন। অপরদিকে তিনি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন করে প্রকল্প বাস্তবায়নের জন্য যা যা দরকার, যেমন জাতীয় জ্বালানি নীতিতে নিউক্লিয়ার পাওয়ারের ভূমিকা, নিউক্লিয়ার পাওয়ার পলিসি ও অ্যাকশন প্ল্যান, ভৌত অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়ন ইত্যাদি মৌলিক কার্যসমূহে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। একসময় তিনি প্রকল্প বাস্তবায়নের দায়িত্বও কাঁধে নিয়েছিলেন। 
দেশে ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা, তথা জ্বালানি–নিরাপত্তার কথা বিবেচনা করে জ্বালানি বহুমুখীকরণ নীতি অনুসরণ করে আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে রূপপুরে পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য সিদ্ধান্ত নেয়। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার রাশিয়ার সঙ্গে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের লক্ষ্যে বিভিন্ন ধরনের সমঝোতা চুক্তি স্বাক্ষর করে। ২ নভেম্বর ২০১১ সালে বাংলাদেশ সরকার রাশিয়ার সঙ্গে রূপপুরে ১ হাজার ২০০ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন দুটি পরমাণু চুল্লি স্থাপনের জন্য সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে। তারপর থেকে রাশিয়া বাংলাদেশ সরকারের সঙ্গে রূপপুরে পরমাণু বিদ্যুৎকেন্দ্র সফলভাবে বাস্তবায়নের জন্য বিভিন্ন বিষয়–সম্পর্কিত, যেমন প্রকল্প সাইট সমীক্ষা, অর্থসহায়তা, চুল্লি ডিজাইন, জনবল তৈরি, নিউক্লিয়ার ফুয়েল সরবরাহ, পরমাণু বর্জ্য ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে ১২টি চুক্তি স্বাক্ষর করে। যার ফলে ২০১৭ সালের ৩০ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম রিঅ্যাক্টর বিল্ডিংয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এর ফলে বাংলাদেশ বিশ্বের ৩২তম দেশ হিসেবে পরমাণু ক্লাবে প্রবেশ করল। সঠিক নিয়মনীতি, গুণগতমান, দক্ষতা, স্বচ্ছতা ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশিকা মেনে নির্মাণকাজ চললে আগামী পাঁচ-ছয় বছরের মধ্যে দেশ তৈরি করতে পারবে একটি পরিপূর্ণ পরমাণু চুল্লি। প্রায় সাড়ে সাত মাস পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ১৪ জুলাই উদ্বোধন করতে যাচ্ছেন দ্বিতীয় রিঅ্যাক্টর বিল্ডিংয়ের ভিত্তিপ্রস্তর। ফলে বাংলাদেশ পেতে যাচ্ছে আরও একটি পরমাণু চুল্লি। 
অপরদিকে ১৯৭৩ সালে বাংলাদেশ ও ভারতের সঙ্গে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের লক্ষ্যে দ্বিপক্ষীয় চুক্তি থাকলেও বঙ্গবন্ধুর মৃত্যুর কারণে তা আর বাস্তবে রূপ নেয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সাল থেকে সেই চুক্তি পুনরায় কার্যকর করার জন্য ভারত সরকারকে অনুরোধ করে আসছিলেন। ভারতের রয়েছে পরমাণু চুল্লি থেকে বিদ্যুৎ উৎপাদনের দীর্ঘ ৫০ বছরের অভিজ্ঞতা। বর্তমানে সেখানে ২২টি পরমাণু চুল্লি চালু রয়েছে, আর ৬টি নির্মাণাধীন। তাদের বিজ্ঞানী ও প্রকৌশলীরা উদ্ভাবন করছেন পরমাণু চুল্লি, পরমাণু জ্বালানি ও পরমাণু বর্জ্য ব্যবস্থাপনার কিছু আধুনিক প্রযুক্তি। ২০১৭ সালে প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, কারিগরি সহযোগিতা ও তথ্য আদান-প্রদান, জনবল প্রশিক্ষণ, নির্মাণাধীন রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রে নন-নিউক্লিয়ার বৈজ্ঞানিক যন্ত্রপাতি সরবরাহ ও ভবিষ্যতে নির্মিতব্য পরমাণু বিদ্যুৎকেন্দ্রের জন্য একই ধরনের সহযোগিতা প্রদানের লক্ষ্যে তিনটি সহযোগিতা চুক্তি সম্পাদিত হয়। 
২০১৮ সালের ১ মার্চ বাংলাদেশ, ভারত ও রাশিয়া মিলে ত্রিদেশীয় পরমাণু চুক্তি স্বাক্ষর করে। এই ত্রিদেশীয় পরমাণু চুক্তির মূল উদ্দেশ্য হচ্ছে, নির্মাণাধীন রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ভারত ও রাশিয়া মিলে জনবল প্রশিক্ষণ, প্রযুক্তি বিনিময় ও নন-নিউক্লিয়ার বৈজ্ঞানিক যন্ত্রপাতি তৈরি ও সরবরাহ করা। এই ত্রিদেশীয় পরমাণু চুক্তি সৃষ্টির মূলে কাজ করেছে রাশিয়া ও ভারতের সঙ্গে বিদ্যমান ২০১৪ সালের পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে সহযোগিতা জোরদারকরণের কৌশলগত লক্ষ্য। যদিও ১৯৮৮ সালে রাশিয়া ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় পরমাণু সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই ত্রিপক্ষীয় পরমাণু চুক্তির ফলে রাশিয়া-ভারতের সহযোগিতার মাধ্যমে রূপপুরে পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্দিষ্ট সময়ে ও সাশ্রয়ী মূল্যে নির্মাণ করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা যাচ্ছে। বিনিময়ে ভারত বিদেশের মাটিতে এই প্রথম পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণে তাদের দীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগানোর বিরাট সুযোগ পাবে। এই ত্রিদেশীয় পরমাণু চুক্তি বিশ্ববাসীর কাছে আরও একটি অনুকরণীয় মডেল হলো। কেননা, বিশ্বে প্রথম এ ধরনের চুক্তির সফল উদাহরণ হচ্ছে যুক্তরাজ্যে হিনেক্ল পয়েন্ট সি-তে নির্মাণাধীন পরমাণু বিদ্যুৎকেন্দ্র, যেখানে ফ্রান্স ও চীনের সরাসরি বিনিয়োগে কাজ চলছে। এ ত্রিদেশীয় পরমাণু চুক্তি পরমাণু শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন, শিক্ষা ও গবেষণায় কার্যকরী ভূমিকা রাখুক, এটাই আমাদের প্রত্যাশা।

ড. মো. শফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান
[email protected]