ট্রাম্পের যুক্তরাষ্ট্রই প্রথম নীতি এশিয়া-প্যাসিফিক অঞ্চলে কী রূপ নেবে, তা বিভ্রান্তির আড়ালে ঢাকা পড়ে গেছে। যা হোক, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরোনো মিত্র দুতার্তে ঘরানার অবক্ষয়ের দিকে এগিয়ে যাচ্ছে।
থাইল্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি আছে, তারা ‘কোবরা গোল্ড’ মহড়া আয়োজন করতে যাচ্ছে। এশিয়ায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ কেমন হবে, থাইল্যান্ড ছিল তার মডেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থাইল্যান্ড যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিটি গুরুত্বপূর্ণ লড়াইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। এমনকি তারা সন্ত্রাসবাদ ও আন্তদেশীয় অপরাধের মতো আধুনিক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় যূথবদ্ধ হয়েছে।
তা সত্ত্বেও দেশটিতে ২০১৪ সালে সামরিক অভ্যুত্থান হওয়ার পর যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা স্থগিত করেছে। এমনকি তারা উচ্চপর্যায়ের যোগাযোগও বন্ধ করে দিয়েছে। দেশটিতে পুনরায় গণতান্ত্রিক সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত তারা সেই সম্পর্ক পুনর্বহালও করতে চায় না। ফিলিপাইনের মতো চীন এ ক্ষেত্রেও শূন্যস্থান পূরণের সুযোগ পেয়ে খুশিই হয়েছে। ফলে তারা দেশটিকে সাহায্য-সহযোগিতা দিয়ে তাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন মৈত্রী থেকে বের করে এনেছে। এখন এই মৈত্রী ক্ষয় হওয়ার আগে যুক্তরাষ্ট্রের জন্য জরুরি হচ্ছে, থাইল্যান্ডের সঙ্গে নিরাপত্তাজনিত ও অর্থনৈতিক সম্পর্কের অগ্রাধিকারগুলো নির্ধারণ করা।
প্রতিবছর এই কোবরা গোল্ডের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র থাইল্যান্ডের সঙ্গে নিরাপত্তা সম্পর্ক ঝালিয়ে নিতে পারে। থাইল্যান্ডের আয়োজিত এই মহড়ায় ২৯টি দেশের অংশগ্রহণকারীরা সামরিক, উপকরণগত ও মানবিক সহায়তা কার্যক্রম সমন্বয়ের চেষ্টা করে থাকে। আরও গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, এই মহড়ার মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এশিয়া-প্যাসিফিক অঞ্চলের যেকোনো বিপর্যয় মোকাবিলার প্রস্তুতির জানান দেয়, তা সে মনুষ্যসৃষ্ট বা প্রাকৃতিক দুর্যোগ যা-ই হোক না কেন। তবে এই মহড়ায় অংশগ্রহণকারী মার্কিন সেনার সংখ্যা ধারাবাহিকভাবে তিন বছর ধরে কমছে। এককালে সর্বোচ্চ সাড়ে ৯ হাজার মার্কিন সেনা এতে অংশ নিয়েছিল, যে সংখ্যাটা সাড়ে ৩ হাজারে দাঁড়িয়েছে, অর্থাৎ এক-তৃতীয়াংশে নেমে এসেছে।
নিজেকে এভাবে গুটিয়ে নেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র তেমন কিছু অর্জন করছে না, আবার এর ইঙ্গিতের ব্যাপ্তি আরও ছোট। বরং এর মানে লোকে এটা বুঝবে এমন ঝুঁকি আছে যে এই অঞ্চলের মিত্রদের প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকার শর্তসাপেক্ষ। তবে এটা ভালো যে সেই অভ্যুত্থানের পর এবার একজন অ্যাডমিরাল পর্যায়ের মার্কিন নৌ-কর্মকর্তা মহড়ায় অংশ নিচ্ছেন। তবে যুক্তরাষ্ট্র যদি এই
মৈত্রী ধরে রাখতে চায় বা এশিয়া-প্যাসিফিক অঞ্চলে অধিক শক্তি দেখাতে চায়, তাহলে একজন অ্যাডমিরালের অংশগ্রহণের মধ্য দিয়ে যেন এটাশেষ না হয়। যুক্তরাষ্ট্রের উচিত, মহড়ায় অংশগ্রহণকারী সেনার সংখ্যা অভ্যুত্থান পূর্ববর্তী সময়ের পর্যায়ে নিয়ে যাওয়া।
কৌশলগত গভীর অংশীদারির মতো গভীর অর্থনৈতিক বন্ধনও মূল্যবান। ছেঁড়া সম্পর্ককে জোড়া লাগাতে এটা কার্যকর ভূমিকা পালন করবে। থাইল্যান্ডের বেশ কিছু অর্থনৈতিক সম্ভাবনা অনাবিষ্কৃত রয়ে গেছে। মুক্ত বাণিজ্য চুক্তি না থাকলেও ২০১৫ সালে দুই দেশের মধ্যে ৩ হাজার ৭০০ কোটি ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য হয়েছে, যেখানে থাইল্যান্ডে মার্কিন বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ১০০ কোটি ডলার। ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপে থাইল্যান্ড যোগ দিতে চেয়েছিল, কিন্তু চুক্তিটির অপমৃত্যু হলো। কিন্তু দুই দেশের মধ্যে যে প্রণোদনা ও সম্পর্কের ভিত্তি আছে, তাতে দ্রুত একটি দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি করা সম্ভব। এটা দুই দেশের জন্যই লাভজনক হবে। কারণ, এতে যেমন ট্রাম্প দ্বিপক্ষীয় চুক্তি করার প্রতিশ্রুতি রাখতে পারবেন, তেমনি থাইল্যান্ডও অর্থনীতিকে চাঙা করতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অধিকতর প্রতিশ্রুতি পাবে। তবে থাইল্যান্ড অন্যের কাছ থেকে স্রেফ বদান্যতা নেয় না, যেমন চীন সম্প্রতি সেখানে ১০০ কোটি ডলার বিনিয়োগ করেছে। ফলে যুক্তরাষ্ট্র যদি থাইল্যান্ডকে যুক্ত করতে অপেক্ষা করে, তাহলে এমন ঝুঁকি আছে যে থাইল্যান্ড তার আঞ্চলিক সহযোগীদের ওপর নির্ভরশীল হয়ে পড়বে। অর্থাৎ তার হাতে বিকল্প আছে।
হ্যাঁ, এটা স্বীকার্য যে দুই দেশের মধ্যকার উত্তেজনার যে মূল কারণ, অর্থাৎ গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের প্রত্যাবর্তন, তার কিন্তু এখনো সমাধান হয়নি। ২০১৭ সালে থাইল্যান্ডে নির্বাচন হওয়ার কথা আছে। কিন্তু নির্বাচন অনুষ্ঠানে বিলম্বকে নিরুৎসাহিত করার ইতিহাস সামরিক জান্তার ওপর আস্থা সৃষ্টি করে না। তা ছাড়া যুক্তরাষ্ট্র অন্যদের ওপর শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বিভিন্ন দেশ থেকে যেভাবে নিজেদের প্রত্যাহার করে নিচ্ছে, তাতে কিন্তু কাজ হচ্ছে না। কারণ, যুক্তরাষ্ট্র যে শূন্যতা সৃষ্টি করছে, চীন খুব আনন্দের সঙ্গে তা পূরণ করছে। যুক্তরাষ্ট্রকে কৌশল পাল্টে থাইল্যান্ডের সঙ্গে আরও ভালোভাবে যুক্ত হতে হবে। উচিত হবে, ২০১৫ সালে তারা যেভাবে পাচার রোধে ২ হাজার ৬৪০ জন পুলিশ, আইনজীবী, বিচারক, শ্রম পরিদর্শক, সমাজকর্মী ও নৌ কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়েছিল, এবারও সেভাবে যুক্ত হওয়া। উল্লেখ্য, এই প্রশিক্ষণের ফলে থাইল্যান্ড মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানব পাচারবিষয়ক প্রতিবেদনের দ্বিতীয় সারি
থেকে বেরিয়ে আসতে পেরেছিল। কথা হচ্ছে, মুক্ত কূটনীতি থাইল্যান্ডকে গণতান্ত্রিক করবে না; বরং এটা যুক্তরাষ্ট্রেরই স্বার্থ যে থাইল্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে আইনের শাসন বজায় রাখা, পাছে ব্যাংকক অন্যের বন্ধু হয়ে যায়, কোনো অনৈতিক সহযোগীর পাল্লায় পড়ে।
থাইল্যান্ডকে যেমন মিত্র হিসেবে হারানোরও সুযোগ আছে, তেমনি তাকে জয় করারও সুযোগ আছে। কথা হচ্ছে, ফিলিপাইনকে হারানোর মানবিক ও কৌশলগত ক্ষতি দুশ্চিন্তায় পড়ার মতো। নিকট ভবিষ্যতে এই সম্পর্ক পুনরুদ্ধার হবে, তেমন সম্ভাবনাও নেই। সে কারণে এই ভুল থেকে শিক্ষা নেওয়াটা খুব জরুরি, যার আলোকে সময় থাকতে থাকতে যুক্তরাষ্ট্রের উচিত হবে থাইল্যান্ডের সঙ্গে সম্পর্কটা মেরামত করা। কিন্তু তারা যদি তেমন কিছু না করে, তাহলে তারা এশিয়া-প্যাসিফিকের সবচেয়ে পুরোনো বন্ধুকে হারাবে।
অনূদিত, দ্য ডিপ্লোম্যাট থেকে নেওয়া।
অ্যান্থনি উন চো: সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটির গবেষক।